আমাদের এ কথা বলতেই হবে যে নিরাপত্তা পরিষদের গত বৃহস্পতিবারের বৈঠকেও মিয়ানমারের গণহত্যা ও জাতিগত নিধন অভিযানের নিন্দায় সব সদস্যদেশ এক সুরে কথা বলতে পারেনি। পরিষদের মুক্ত অধিবেশনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রেওয়াজ না থাকলেও সদস্যদেশগুলো পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে ব্যর্থ হবে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।
মিয়ানমারে এক মাসের বেশি সময় ধরে সংঘটিত গণহত্যা ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষ কেবল সোচ্চার নন, তঁারা বাংলাদেশে আশ্রয়প্রার্থী পাঁচ লাখ রোহিঙ্গার প্রতি সহায়তা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাবলিকে মানবিকতার বা মানবাধিকারের দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন। এই দুঃস্বপ্ন কীভাবে কাটবে, সে বিষয়ে নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে সময়সীমা ঠিক করা প্রয়োজন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে পরিষদের বৈঠকে স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার প্রতিনিধিদের বক্তব্য মিয়ানমার সরকারের পোড়ামাটি নীতিকেই কার্যত উৎসাহিত করবে।
এ ছাড়া মিয়ানমারের প্রতিনিধি ৫ সেপ্টেম্বরের পর সে দেশে সামরিক অভিযান হচ্ছে না বলে যে বক্তব্য দিয়েছেন তা যে ডাহা অসত্য, আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর সচিত্র প্রতিবেদনই তার প্রমাণ। বাংলাদেশের প্রতিনিধি যথার্থই তাঁর বক্তব্যের জবাবে অবিলম্বে সব রোহিঙ্গাকে ফেরত নেওয়ার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই অনৈক্য আমাদের কিছুটা হতাশ করলেও বিশ্ববিবেক ও মানবতার কাছে আমরা আস্থা রাখতে চাই। পরিষদে কয়েকটি দেশের প্রতিনিধিরা জোরালো ভাষায় মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মানবতাবিরোধী অপরাধের দায়ে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং দোষী সেনা কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তাঁরা কূটনৈতিকভাবে সংকট উত্তরণের সুপরামর্শ দিয়েছেন। তাঁদের এই সুপরামর্শের সঙ্গে দ্বিমত না করেও যে কথাটি বলা প্রয়োজন তা হলো সবার আগে মিয়ানমারকে হত্যা-নির্যাতন বন্ধ করতে হবে। সেখানে যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী সমমর্যাদা ও সম–অধিকারের ভিত্তিতে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দিতে হবে। শত শত বছর ধরে যে জনগোষ্ঠী মিয়ানমারে বসবাস করছে, সেই জনগোষ্ঠীকে কলমের খোঁচায় কিংবা সঙিনের জোরে ‘নাই’ করে দেওয়া যায় না।
জাতির এই সংকটকালে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জাতীয় ঐকমত্যের বিকল্প নেই বলে আমরা মনে করি। বাংলাদেশকে শুধু শরণার্থীদের আশ্রয় ও ভরণপোষণের জন্য সহায়তা দিলেই বৃহৎ শক্তিগুলোর দায় শেষ হয়ে যায় না। এই নিষ্ঠুর জাতিগত নিধন ও বিতাড়নের অবসান এবং অপরাধের বিচারও নিশ্চিত করতে হবে।