বোরো ধান কেটে নেওয়ার পর কাটা গাছের গোড়া থেকে নতুন করে শিষ গজায়। নতুন করে ধান ফলে। এই ধানকে সাধারণত ‘মুড়িধান’ বলে। কোথাও কোথাও এর নাম ‘তোড়া ধান’। শিষের পরিমাণ খুব কম এবং আকার ছোট হয় বলে এই ধান নিয়ে কৃষক বা জমির মালিকের আগ্রহ থাকে না। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষ মাঠ থেকে সেই ধান কেটে আনে। এ জন্য সাধারণত জমির মালিকের অনুমতিও নিতে হয় না।
গ্রামাঞ্চলে বহুদিন ধরে চলে আসা এই অতিসাধারণ দৃশ্য পাল্টে দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের কৃষকেরা। তাঁরা কৃষি বিভাগের পরামর্শে চলতি মৌসুমে ১ হাজার ২০০ হেক্টর জমির এই মুড়িধান পরিচর্যা করে প্রায় বিনা খরচে একরপ্রতি ১২ থেকে ১৪ মণ ধান সংগ্রহ করেছেন। এ ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা না করে উপায় নেই।
উপজেলা কৃষি অফিস এই এলাকায় মুড়িধান উৎপাদনে উৎসাহিত করতে কৃষকদের মধ্যে ধান কাটার পরপরই প্রচারপত্র বিলি করেছে। কৃষি কর্মকর্তারা এই ধানের পরিচর্যা ও সংগ্রহের নানা দিক কৃষকদের বুঝিয়েছেন। তাঁরা তাঁদের বুঝিয়েছেন, বোরো কেটে ফেলার পর ওই জমিতে বিঘাপ্রতি পাঁচ কেজি করে ইউরিয়া ও পটাশ সার দেওয়া হলে মুড়িধানের ফলন অনেক বেড়ে যায়। তাঁদের পরামর্শ মেনে কৃষকেরা যে সাফল্য পেয়েছেন, তাতে তাঁরা নিজেরাই অভিভূত হয়েছেন। তাঁদের সাফল্যের গল্প অন্য এলাকার বোরোচাষিদের শোনানো দরকার। এই গল্প তাঁদের নিঃসন্দেহে উজ্জীবিত করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য বলছে, সারা দেশে এবার ৪৮ লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর অর্ধেক জমি থেকেও যদি নালিতাবাড়ীর আটটি ইউনিয়নের মতো মুড়িধান সংগ্রহ করা হতো, তাহলে আমাদের খাদ্যগুদামে কী বিশাল পরিমাণ ধান-চাল জমা হতো, তা সহজেই অনুমান করা যায়।
মুড়িধান ঘরে তুলতে বাড়তি খরচ নেই বললেই চলে। এর জন্য দরকার শুধু জনসচেতনতা। এটি আসলে চর্চার বিষয়। যেহেতু চর্চার বিষয়, সেহেতু হুট করেই দেশব্যাপী কৃষকেরা মুড়িধান সংগ্রহে নেমে যাবেন, তেমনটি আশা করা বাস্তবসম্মত নয়। তবে কৃষকদের সচেতন করতে জেলায় জেলায় কৃষি কর্মকর্তাদের সরকার যদি নির্দেশ দেয়, তাহলে সেটি চর্চার অবস্থায় যেতে সময় লাগবে না। একদিকে আমাদের ফসলি জমি দ্রুত কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ছে বলা যায় জ্যামিতিক প্রগতিতে। এ অবস্থায় খাদ্যঘাটতির আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কা কমাতে পারে খাদ্যশস্যের বাড়তি উৎপাদন। মুড়িধান সেখানে ব্যাপক ভূমিকা রাখবে।
হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ধান গত বছর ডুবে গিয়েছিল। চাল-সংকটের মুখে পড়েছিল দেশ। তার রেশ এখনো আছে। তবে এবারের ফলন আশাবহ। এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি নালিতাবাড়ীকে মডেল হিসেবে নিয়ে মুড়িধান সংগ্রহে কৃষকের মনোযোগ বাড়ানো দরকার।