আম্রবিলাসিতায় গ্রীষ্মযাপন বাঙালির অন্যতম ঋতুভিত্তিক ঐতিহ্য। উৎপাদন বেশি হলে দাম কমতে বাধ্য। তাই যে বছর আমের বাম্পার ফলন হয়, সে বছর জ্যৈষ্ঠ মাসেও আমজনতার ‘পৌষ মাস’ চলে। আর ঠিকমতো বাজারজাত করতে না পারলে, বিশেষ করে পরিবহন খরচ বেশি পড়ে গেলে ভালো ফলন হওয়ার পরও পোষায় না। তাতে চাষি আর বাগান ‘জমা নেওয়া’ ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়ে।
তাঁদের চিন্তাক্লিষ্ট কপাল মসৃণ করতে সরকার আম বহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে প্রথমবারের মতো চালু করেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ সার্ভিস। এই বিশেষ ট্রেনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম-লিচুসহ মৌসুমি ফল কম খরচে ঢাকায় আসতে শুরু করেছে। আমচাষিদের জন্য তো বটেই, আমবিলাসী রাজধানীবাসীর জন্যও এটি ভালো খবর। উৎপাদনকারীরা যাতে ভালো দাম পান এবং ঢাকাবাসী যাতে ভালো আম খেতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।
আম ছাড়াও সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিজাত পণ্য ঢাকায় স্বল্প খরচে যাতে কৃষকেরা নিয়ে যেতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে এই ট্রেনে। রেল বিভাগ বলছে, এই ট্রেনের চাহিদা বজায় থাকলে আম মৌসুম ছাড়াও স্থায়ীভাবে তা চলাচল করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, বিশেষ এই ট্রেন চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলের কৃষক, ব্যবসায়ীদের সব ধরনের কৃষিপণ্য স্বল্প মূল্যে পরিবহনের সুযোগ হলো।
এখন চিন্তার কথা হলো এত বড় খুশির খবরেও আমচাষিরা ততটা উৎফুল্ল হতে পারেননি। চাষিরা বলছেন, ট্রেনে খরচ কম হলেও ট্রাকের বদলে ট্রেনে আমের মতো মাল পরিবহনে ‘হ্যাপা’ বেশি। স্টেশনে আম নেওয়া, ট্রেনে ওঠানো-নামানো, স্টেশনে কুলি সিন্ডিকেটের দৌরাত্ম্য সামলানো, সময়মতো মাল ভোক্তার গন্তব্যে পৌঁছানোর ঝক্কি—এসব বেশি পীড়া দেয়। সবচেয়ে বড় কথা হলো বারবার ওঠানো–নামানো হলে আমের গুণগত মান পড়ে যাবে। টানাহেঁচড়ায় আম নষ্ট হবে। ট্রাকে আম না এনে ট্রেনে আনলে যে খরচ বাঁচবে, বারবার ওঠানো–নামানোর কারণে আমের মান নষ্ট হলে সেই সাশ্রয় আর ফলদায়ক হবে না। এ ছাড়া কুলিদের দৌরাত্ম্য বড় সমস্যা।
আধুনিক পদ্ধতি অনুসরণ করে ট্রেনে আম ওঠানো এবং ট্রেন থেকে তা নামানোর ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীদের জন্য তা কাজে লাগবে। এ ছাড়া কুলিরা যাতে সিন্ডিকেট করে কোনো ঝামেলা করতে না পারেন, সেদিকে সরকারের নজরদারি বাড়ানো দরকার। যেহেতু সঠিক সময়ে বাজার ধরতে পারাটা কৃষকদের কাছে সবচেয়ে জরুরি বিষয়, সুতরাং সে বিষয়টিকেই রেল কর্তৃপক্ষের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পণ্য পরিবহন নিশ্চিত করতে হবে।