ইতিহাসের প্রথম বাছাই কমিটির মাধ্যমে নির্বাচিত নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, ‘যথাশীঘ্রসম্ভব’ কথাটির অর্থ কী? আইনে আছে, নির্বাচনের পর কমিশন ‘যথাশীঘ্রসম্ভব’ গেজেটে ফল প্রকাশ করবে। অথচ তারা তা করছে না। এতে বলা আছে, ‘মেয়র এবং কাউন্সিলর হিসেবে নির্বাচিত সকল ব্যক্তির নাম নির্বাচনের পর, নির্বাচন কমিশন, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রকাশ করিবে।’আমি গতকাল তিন কৃতী শিক্ষাবিদের সঙ্গে ‘যথাশীঘ্রসম্ভব’ কথাটি অনুধাবনে কথা বলি। অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এই তিনজনই একমত যে এর অর্থ হলো, যত তাড়াতাড়ি পারা যায়। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এটা শীঘ্রর চেয়েও দ্রুত। এর ইংরেজি হচ্ছে অ্যাজ আরলি অ্যাজ পসিবল।’ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এর ইংরেজি তরজমা ‘এক্সপেডিসিয়াচলি’ করেছেন। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম তাঁকে সমর্থন করেছেন। বাংলা একাডেমীর অভিধানে এর অর্থ ‘দ্রুত কার্যকর।’ অধ্যাপক চৌধুরী বলেন, ‘কোনো রকম দেরি করা যাবে না।’ অধ্যাপক মনজুরুল বলেন, সারা বিশ্বে এটা স্বীকৃত যে অ্যাজ আরলি অ্যাজ পসিবল সংক্ষেপে ‘এএসএপি’ একটি প্রশাসনিক পরিভাষা। এটা রেড ফ্ল্যাগ লাগানো নথি। তাঁর কথায় এটা সামাজিক যোগাযোগের চুক্তিও। পারলে এখনই করুন। ফেলে রাখবেন না। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জেলা জজ ছিলেন। ২৯ বছর জজিয়তি করেছেন। ১৯ জুন তাঁর বরাতে প্রথম আলোতে ছাপা হয়েছে, ‘আইনে যা বলা আছে, কমিশন সে অনুযায়ী কাজ করবে। এরপর যা যা করণীয় তা স্থানীয় সরকার বিভাগকে করতে হবে।’ কিন্তু আজকের কাজ কালের জন্য ফেলে রাখায় আইনের ব্যত্যয় তো ঘটল। ওই খবরে তাঁর বরাতে আরও ছাপা হয়েছিল, ‘আইনে আরও বলা আছে, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। তাই নবনির্বাচিতদের গেজেট বর্তমান সময়ের মেয়াদ শেষ হওয়ার আগ মূহূর্তে প্রকাশ করা হবে।’ রাজশাহী ও খুলনার মেয়াদ শেষ হবে যথাক্রমে আগামী ১৮ ও ২৫ সেপ্টেম্বর। বরিশাল ও সিলেটের মেয়াদ শেষ হবে ৮ অক্টোবর।গতকাল মো. শাহনেওয়াজ আমাকে বলেন, ‘মেয়াদ শেষের আগ মুহূর্তে গেজেট প্রকাশ’সংক্রান্ত ভাষ্যটি তাঁর নয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, তাঁরা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা নেবেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে ব্যাখ্যার কিছু নেই। একটা উপযুক্ত সংশোধনী আনতে হবে। নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে এর সুরাহা হতে পারে। কমিশন গেজেট দিল অথচ সরকার জেদ ধরল, তারা সংশোধন করবে না। তখন বিপদ বাড়বে। কমিশনের ভাবমূর্তি ঠিক কিন্তু থাকবে না। তাই কমিশনের উচিত হবে সরকারকে বাধ্য করা। সরকারের দুরভিসন্ধি থাকলে গেজেট হলেও তারা কাজে লাগাতে চাইবে। এমনকি আইন না শোধরালে নতুন মেয়ররা দায়িত্ব নিয়ে মামলায় জড়াতে পারেন। এই নির্বাচনের ফলাফল প্রকাশে ‘আইনের সাংঘর্ষিক’ অবস্থা আগাম চিহ্নিত করতে অপারগ থেকে নির্বাচন কমিশন নিজেদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করাল। একজন কমিশনার বলেছেন, সরকারের ইঙ্গিতে নয়, তাঁরা নিজেদের বোঝাপড়ায় তারিখ নির্দিষ্ট করেছিলেন। সেটাই যদি হবে, তাহলে তাঁরা আইন না পড়ে নির্বাচনী তফসিল ঘোষণা করতে গেলেন, তা মানা কঠিন। আইন করেছে সরকার ও সংসদ ঠিকই, কিন্তু জাতির সামনে যথাসময়ে সত্য প্রকাশে কমিশনের তো হাত-পা সংবিধান বেঁধে দেয়নি। তাদের উচিত ছিল আইন সংশোধনে আগেই সুপারিশ করা। তবে এটা বিরোধী দলের জন্যও একটি উচিত শিক্ষা। সংসদে না গিয়ে কী আইন পাস হলো আর না হলো, সেদিকে মাথা না ঘামানোর মাশুল তো তাদেরই প্রাপ্য। এই নির্বাচন থেকে বাম্পার ফসল তোলার আগে বিএনপি আইনের ‘হাতাকাটা’ দিকটি ঠাহর করতে চায়নি। আইনটিতে জটিলতা নেই, আছে আহাম্মকি। এই আইনের খসড়া তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে। যদি কেউ বলেন, এতে কোনো দুরভিসন্ধি ছিল না, তাহলে আইনের মুসাবিদা তৈরিতে অমার্জনীয় অদক্ষতার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের মানতে হবে। এটা মানা খুব সহজ নয় যে খসড়া তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আইনসভা ক্রমাগতভাবে প্রতিবন্ধী হয়ে উঠছে। এর বৈকল্য এতটাই পরিষ্কার যে কোনো বিলই তারা যেন আর ত্রুটিমুক্তভাবে পাস করতে পারছে না। সংবিধান বিল করতেও তারা বৈকল্য দেখিয়েছে। সন্ত্রাস দমন আইন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে বৈকল্য ও দুরভিসন্ধি দুটোই স্পষ্ট। যদি কেউ বলেন, তারা সরল বিশ্বাসে করেছে, তাদের সাদা দিলে কাদা ছিল না, তাহলে বলব, কানার হাতে কুড়াল পড়েছে। এখন নির্বাচন কমিশন যদি অবিলম্বে গেজেট প্রকাশ না করে, তাহলে তাকে গুরুতর অসদাচরণের দায়ে আমরা অভিযুক্ত করব। ইত্তেফাক, সমকাল, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা কয়েক দিন ধরে এ বিষয়ে প্রতিবেদন ছেপেছে। অথচ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেনি, বরং মনে হয়েছে, আইনি জটিলতার তত্ত্বে তারা বাতাস দিয়েছে। তারা পাঁচ বছরের মেয়াদ পুরা করার ওপরই জোর দিয়েছে। এই লেখা প্রকাশের পরও তাদের প্রতিক্রিয়াটা দেখব। জনস্বার্থে রিটকারীদের বলব, নির্বাচন কমিশন ও শাসক দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মন্ত্রণালয়ের দিকে নজর রাখুন। আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো আরেকটি বালখিল্য আচরণ। সচিবের মন্তব্য আরও দুষ্ট অভিপ্রায় কিংবা মুখরক্ষার চেষ্টা বলে প্রতীয়মান হয়। এটা বুঝতে যদি মতামত পাঠাতে হয়, তাহলেই প্রমাণ মেলে দক্ষতার কী আকাল পড়েছে। আইন বলেছে, ‘মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও সাবেক নির্বাচিতরা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে।’ এর অর্থ দাঁড়াচ্ছে, পাঁচ বছর পরও আগের নির্বাচিত ব্যক্তিরা দায়িত্ব চালিয়েই যাবেন, যত দিন না নতুনেরা প্রথম সভাটি করেন। আর সরকার না চাইলে ওই সভাটি হবে না। পাঁচ বছরের পরও ক্ষমতা হস্তান্তর হবে না। নিন্দুকেরা হয়তো বলবেন, এটা মন্ত্রিসভার ক্ষমতা হস্তান্তরের একটা পরীক্ষামূলক মহড়া কি না। এসব বিধিবিধান কেবলই অজ্ঞতাপ্রসূত? আইনি বুজরুকি দেখুন। আইন বলেছে শপথ নিতে হবে কার্যভার গ্রহণের আগে। এই শপথ হতে হবে ‘সরকার মনোনীত ব্যক্তির সামনে’। আর সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে সরকার শপথ পাঠের ব্যবস্থা নেবে। আবার ২৩ ধারা বলেছে, ‘নির্বাচনের পর প্যানেল মেয়রগণ সরকারের মনোনীত ব্যক্তির সামনে করপোরেশনের সম্পদ, টাকাপয়সা ও নথিপত্র বুঝিয়ে দেবেন।’ ২৪ ধারা বলেছে, ‘প্যানেল মেয়ররা নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে তাঁরা অনূর্ধ্ব ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।’ এখন এই জরিমানা কে কাকে দেবেন? কারণ, ৩৪(২) ধারা ওই বিধানগুলোকে নাকচ করে বলেছে, ‘নতুন নির্বাচিতরা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করতে পারবেন না।’ এরপর কি আমরা দেখব শপথ হবে, কার্যভার গ্রহণ হবে না? বিয়ে হবে বাসর হবে না।সে কারণেই এই আইন সংশোধন ছাড়া গত্যন্তর নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বলেছেন, আইনে জটিলতা আছে ঠিকই। কিন্তু শপথ হতে বাধা নেই। কিন্তু তাঁর এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। অজুহাত দিয়েছেন আইন সংশোধনের সময় তিনি বিদেশে ছিলেন। থাকলে কী করতেন? এটাই করতেন। তবে নির্বাচন কমিশনকে ছাড়া যাবে না। তারা যথাসময়ে ভুল না শুধরে নির্বাচনী অপরাধ করেছে। গেজেট প্রকাশে সরকার ও নির্বাচন কমিশনের দোদুল্যমানতা পরিষ্কার। এর প্রমাণ, গতকাল পর্যন্ত নির্বাচন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেনি। ১৯ জুন চিঠি জোগাড় করে চিঠি দিয়েছে গেজেট করতে। আইন বলেছে, এই ট্রাইব্যুনাল ছাড়া সরকার বা অন্য কোনো আদালতে প্রতিকার চাওয়া যাবে না। আর গেজেটে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে যেতে পারবে। আমি একজন নীতিনির্ধারককে বললাম, আপনারা গেজেট প্রকাশে বিলম্ব করলে নির্বাচনী বিরোধ মেটানোর প্রক্রিয়াটাও নষ্ট করে ফেলবেন। তিনি বললেন, সেটা কী করে? বললাম, ৯০ দিন পরে গেজেট করলে সবাইকে ৯০ দিন পরে মামলা করতে হবে। উচিত ছিল নির্বাচন সম্পন্নের আগেই ট্রাইব্যুনাল গঠন করা। কারণ ‘নির্বাচনী দরখাস্ত’ করার নিয়মও ট্রাইব্যুনাল বিধি দিয়ে ঠিক করবেন। এটা কেন করা হয়নি, কমিশনের কাছে সদুত্তর চাই।পাদটীকা: গতকাল বাসসের খবরে বলা হয়, সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ এক প্রশ্নের জবাবে বলেছেন, গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনের ‘গেজেট প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। অতি শিগগির তা প্রকাশ করা হবে।’ মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]