‘যৌক্তিক দাবির পূর্ণ স্বীকৃতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই একবাক্যে স্বীকার করছেন, জাতির ভাগ্যাকাশে আজ মহাদুর্যোগের ঘনঘটা। সংকট বা মহাসংকট আগেও হয়েছে—স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা কখনো মসৃণ বা কুসুমাস্তীর্ণ পথে হয়নি। তবে অভ্যুদয় থেকে বর্তমান এই ৪২ বছরের ইতিহাসে বিদ্বেষ, সন্দেহ ও শত্রুতা কখনো জাতিকে এমনতর বহুধাবিভক্ত করেনি। সর্বোপরি, পারস্পরিক ঘৃণা বা অবিশ্বাসের বিষবাষ্প জাতিকে করেছে আচ্ছাদিত। পরিতাপের বিষয়, এ পরিস্থিতি মোটেই অপরিহার্য ছিল না। এটা সৃষ্টি করেছে ক্ষমতালোভী রাজনৈতিক নেতৃত্ব। এবং তা মূলত একটি প্রশ্ন ঘিরেই—আগামী সাধারণ নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে, না অধুনা বিলুপ্ত কিন্তু সর্বসম্মতিক্রমে প্রবর্তিত সাংবিধানিক নির্দলীয় স্বল্পকালীন কেয়ারটেকার সরকারের অধীনে। বস্তুত এই প্রশ্নটির যৌক্তিক সমাধান, যা প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করবে, নিমেষেই সব রাজনৈতিক অস্থিরতা ও সাংঘর্ষিক পরিস্থিতি দূরীভূত করে দেশে অবাধ, শান্তিপূর্ণ সার্থক নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। অর্থনৈতিক মন্দাভাব অনেকটা কেটে যাবে। এর সঙ্গে বিএনপির রাজনৈতিক নেতাদের মুক্তি দিলে বিএনপির উদ্যোগ প্রসূত অথবা সমর্থিত কোনো হরতালেরও অবকাশ থাকবে না। তা ছাড়া এই নির্বাচনকেন্দ্রিক এ-জাতীয় সিদ্ধান্ত বা সমঝোতা জাতিকে কয়েকটি জাতীয় সমস্যাসংক্রান্ত বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠা সম্ভবপর করে তুলতে পারে। যেমন—যুদ্ধাপরাধীদের এবং মানবতাবিরোধী অপরাধীদের স্বচ্ছ বিচার, ধর্মান্ধতা ও সন্ত্রাস দমন এবং সর্বপ্রকার সাম্প্রদায়িক কর্মকাণ্ড, যা হিংসাত্মক বা ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করে।ইতিহাস থেকে আমরা কেন যে শিক্ষা গ্রহণ করি না, তা বাস্তবিকই দুঃখদায়ক ও হতাশাব্যঞ্জক। আমরা ভেবেছিলাম, এক-এগারো রাজনৈতিক নেতৃত্বকে অন্তত এই শিক্ষা দিয়েছে যে রাজনৈতিক দলগুলোর স্বার্থসংশ্লিষ্ট পারস্পরিক সংঘর্ষ যে পরিণতি ডেকে আনে, তা মোটেই সুখপ্রদ বা অভিপ্রেত নয়। বাস্তবে কিন্তু তা হলো না। রক্তক্ষয়ী সংগ্রাম ও বহু হরতালের মাধ্যমে আওয়ামী লীগ-জামায়াতের দাবি ও বিএনপির সম্মতি এবং পরিশেষে সবার সহযোগিতায় সাধারণ নির্বাচনের জন্য যে কেয়ারটেকার পদ্ধতির উদ্ভাবন ও প্রচলন হয়েছিল, বর্তমান আওয়ামী লীগ সরকার পরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে সর্বগ্রহণযোগ্য বা আলোচনা মারফত কোনো সম্ভাব্য পদ্ধতি উদ্ভাবন না করেই কোনো এক অজুহাতে তা নাকচ করে দিল। এবং তাতেই সৃষ্টি হলো বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির।আজ যত যুক্তি-তর্ক, আদালতের রায় বা অন্য কোনো দেশে প্রচলিত পদ্ধতির নজির দেখানো হোক না কেন, পঁচাত্তর-উত্তর বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে আওয়ামী লীগ সব সময়ই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রবক্তা বা সমর্থক ছিল। ১৯৯১ সালের নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা ছিল। মরণপণ সংগ্রাম করে আওয়ামী-জামায়াত প্রতিষ্ঠা করেছিল ১৯৯৬ সালে কেয়ারটেকার সরকারপদ্ধতি—যা পরবর্তী সময়ে বিএনপি শুধু সমর্থন নয়, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে এসে তা সম্ভব করে তুলেছিল। ২০০৭ সালের আর্মি-সমর্থিত কেয়ারটেকার সরকারকে আওয়ামী লীগ শুধু স্বাগতই জানায়নি—দলটির ‘সংগ্রামের ফসল’ হিসেবে একে আখ্যায়িত করেছিল। জাতীয় পার্টি যদিও ঐতিহাসিক কারণেই (১৯৯১ সালের অভিজ্ঞতা) এর বিরোধিতা করেছিল, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত বছর তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতিতে তাঁর অনাপত্তির কথা জানিয়েছিলেন। ১৬ মার্চের দিবাগত রাতে ‘একুশের রাত’ অনুষ্ঠানে শুনলাম এরশাদ বললেন, ‘আমি দুই নেত্রীকে আহ্বান জানাচ্ছি, কেয়ারটেকার সরকারপদ্ধতির বিরুদ্ধাচার না করেই) বসে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’ এমনকি বর্তমান সরকারের আমলে ২০১০ সালে সংসদীয় কমিটির সঙ্গে সংলাপেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সংস্কার সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত জানিয়েছিল। উচ্চতম আদালত কর্তৃক নিয়োজিত পরামর্শক-কৌঁসুলিদেরও (অ্যামিকাস কিউরি) মতামত এই ছিল। এমনকি, যে আদালতের রায়ের কথা আজ আওয়ামী লীগ বলছে এবং যে অনুসারে পরবর্তী সময়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংযোজিত হলো—সে রায়ের সংক্ষিপ্ত আদেশ দেওয়ার সময় ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যে ১৯৯৬ সালের সম্পাদিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আওতায় আগামী দুটি নির্বাচন করা যেতে পারে। অবশ্য প্রায় ১৬ মাস পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে অভাবনীয় বিচ্যুতি ঘটিয়ে বলা হলো যে কেবল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে। তদানুসারে তড়িঘড়ি করে করা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী। যাতে বিধান করা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচনের। কিন্তু প্রশ্ন এই—এটা দেশ ও জাতি ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে একযোগে প্রত্যাখ্যান করেছে অগ্রহণযোগ্য বলে। অভিজ্ঞতার আলোকে প্রয়োজনের তাগিদে, সর্বদলগ্রাহ্য গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা বিধানের জন্যই তো চালু হয়েছিল বাংলাদেশের নির্বাচনকালীন নির্দলীয় অন্তর্বর্তী সরকারপদ্ধতি এবং যা হয়ে দাঁড়াল পরীক্ষিতভাবে গ্রহণযোগ্য।ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, এমনকি ভারত এবং অন্য কয়েকটি সংসদীয় গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি চালু আছে তা হচ্ছে—পার্লামেন্ট বা সংসদের মেয়াদ উত্তীর্ণ হলে বা সাধারণ নির্বাচন অনুষ্ঠান অপরিহার্য হয়ে পড়লে নির্বাচিত পার্লামেন্ট বহাল থাকছে না। সুতরাং মন্ত্রিসভার সদস্যরাসহ কোনো পার্লামেন্ট সদস্য আর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টের মেম্বার বা সাংসদ থাকছেন না। তাঁরা সব ‘ভূতপূর্ব’ বা ‘সাবেক’ হয়ে যাচ্ছেন তাঁদের পূর্বসূরিদের মতো। তখন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ প্রেসিডেন্ট বা রাজা-রানি সদ্য বিলুপ্ত পার্লামেন্টের সাবেক সদস্য সমন্বিত বিদায়ী কেবিনেটকে নির্বাচনকালীন রুটিন কাজ ‘কেয়ারটেকার’-এর মতো চালিয়ে যেতে অনুরোধ জানাবেন এবং তদানুসারে তারা পার্লামেন্টের খালি আসনগুলোতে নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে তাদের স্বল্পকালীন দায়িত্ব সম্পাদন করবেন। যা সাধারণত হয় রুটিন প্রকৃতির।এখানে উল্লেখ্য যে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তাঁরা কিন্তু জনগণের নির্বাচিত সদস্য থাকছেন না। তাঁদের পূর্বসূরি অন্যান্য বিগত পার্লামেন্ট সদস্যের মতো তাঁরাও হয়ে যাচ্ছেন প্রাক্তন বা সাবেক। অর্থাৎ এঁরা প্রত্যেকেই এই সময় অনির্বাচিত। সুতরাং আইনগতভাবে অন্যান্য ‘অনির্বাচিত’ কেয়ারটেকার সরকারের সদস্যদের সঙ্গে তাঁদের তফাত থাকল কোথায়?বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে যে সমস্যা-বিপত্তির সৃষ্টি হয়েছে তাতে দেখা যাচ্ছে মন্ত্রিসভা এবং পার্লামেন্ট পর্দানশিন থাকাকালীনই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ একজন এমপি যখন তাঁর নির্বাচনী এলাকায় নির্বাচনী তৎপরতা চালাবেন, তখন তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে বিচরণ করে তাঁর প্রতিদ্বন্দ্বীদের বরাবর অবিশ্বাস্য আনুকূল্য লাভ করছেন। এ তো কোনো নির্বাচনী সমতল হলো না। কেবিনেট চালিয়ে যাবে তাদের চিরাচরিত দাপটের শাসন। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণকৃত। গণতন্ত্রের নামে পৃথিবীর কোনো দেশে এ ধরনের প্রথা বা রীতি চালু আছে বলে জানা নেই। তা ছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাসমূহ, এমনকি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি বিভিন্ন কারণে তাদের কাঙ্ক্ষিত নিরপেক্ষ ইমেজ হারিয়েছে। এবং এর জন্য দায়ী রাজনৈতিক সরকার। এই রাজনৈতিক সরকারের উপস্থিতিতে তাদের কর্মকাণ্ড যে সরকারি দলের অনুকূলে থাকবে, তা প্রশ্নাতীত। আলোচিত অন্যান্য দেশে কিন্তু এই অবস্থা বিরাজমান নয়। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান ইত্যাদি দেশে স্থায়ী প্রশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা—এদের কোনো নির্দিষ্ট দল বা সরকারি দলের অনুগামী বলে ধরা হয় না। বাংলাদেশে শুধু যে প্রশাসনের পরম দলীয়করণ হয়েছে তা নয়—সব পেশাজীবী সম্প্রদায়ও দ্বিধাবিভক্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র, আইনজ্ঞ, কৃষিবিদ, শিল্পী, লেখক গোষ্ঠী—সবাই বিভক্ত। এ ধরনের বিভক্ত সমাজ সম্ভবত পৃথিবীতে কোথাও নেই। তার ওপর রয়েছে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা।এমতাবস্থায় ক্ষমতাসীন দলের অধীনে পঞ্চদশ সংশোধনী মোতাবেক একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চিন্তাও একটি অবাস্তব বাতুলতা।সংঘর্ষ অতি তাড়াতাড়িই ভয়াবহ রূপ ধারণ করছে। সব মূল্যবোধ, সদাচরণ, সদালাপ প্রায় অনুপস্থিত হয়ে গেছে বলা যায়। হচ্ছে নৃশংসভাবে খুন, গুম, অত্যাচার, নিগ্রহ, জ্বালাও, পোড়াও। জ্বলছে প্রতিশোধ ও প্রতিহিংসার লেলিহান অগ্নিশিখা। চলছে নির্দ্বিধায় নির্বিচার হত্যা, অবাধ দুর্নীতি। শেয়ার মার্কেট, হল-মার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে—লাগামহীন লুটপাট। টেন্ডারবাজি, গুন্ডামি, আজকের কাগজেই দেখলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আইভী প্রত্যক্ষভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও তাঁর পরিবারকে প্রতিহিংসাবশত এক নিরপরাধ কিশোরকে হত্যার জন্য প্রকাশ্যে দায়ী করেছেন। প্রতি উত্তরে সেই ক্ষমতাবান নেতা শামীম ওসমান কর্মীদের বৈঠকে বলেছেন—‘আমি যদি আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীদের কাছে বিচার চাই, তাহলে ১৫ মিনিট পরে খবর পাব, সিটি করপোরেশনে কোনো চেয়ার-টেবিল নেই।’ পারস্পরিক সম্বোধন ও বাক্য বিনিময় অশ্লীলতার পর্যায়ে নেমে এসেছে। আর ঘৃণা—সে তো হচ্ছে সর্বগ্রাসী।সব দল বা প্রধান রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণে নিরপেক্ষ-নির্দলীয় নির্বাচন ছাড়া আর কোনো গত্যন্তর নেই। সমস্যা নিরসনে উদ্যোগ তো নিতে হবে সরকারি দলেরই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আলোচনার দরজা খোলা। খালেদা জিয়া প্রস্তুত থাকলে সরকার আলোচনার জন্য প্রস্তুত। তবে শর্ত নিয়ে আলোচনা হয় না।’ আবার তিনিই শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ‘আগের আমলের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সুযোগ নেই। এখন নতুন কোনো ব্যবস্থাপনা করতে হলে নির্বাচিত ব্যক্তিদেরই নিয়ে করতে হবে।’ এর মানে যদি এই-ই হয় যে তাঁরা নিজেরা সাংসদ থেকেই নিজেদের আসনে (যে আসন আবার খালি হয়নি) নির্বাচন পরিচালনা করবেন, এটা কি যুক্তিসম্মত, এমনকি আইনসম্মত হবে? আর যদি পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তো কেউই আর নির্বাচিত থাকলেন না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারি দল থেকে আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব এলে বিএনপির উচ্চতম নীতিনির্ধারণী ফোরাম তা বিবেচনা করবে।’ এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘সংসদে একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বা উপনির্বাচনের মাধ্যমে নির্দলীয় একজন ব্যক্তিকে নির্বাচিত করে এনে তাঁকে প্রধানমন্ত্রী বানিয়ে সংবিধান ও রায়ের আলোকে একটি সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়। তবে সে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ সর্বদলীয় হলে সরকারে তীব্র অনৈক্যের আশঙ্কা রয়েছে। ১৯৯৫ সালের রাজনৈতিক সংকটের সময় এ ধরনের কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছিল। বিদেশি মধ্যস্থতাকারী ছাড়াও সুশীল সমাজ কর্তৃক গঠিত জি-৫ নামীয় একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা চার-পাঁচবার বৈঠক করে সমাধানের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের প্রস্তাব সুবিন্যস্ত ছিল। তবে দ্বিপক্ষীয় সন্দেহ এবং অবিশ্বাস সমাধানে পৌঁছানোর পথে দুর্লঙ্ঘ বাধা হয়ে দেখা দিল।বিশেষ করে বর্তমান অবস্থায় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া যেকোনো প্রকারের দলীয় (এমনকি আ.লীগের প্রধানমন্ত্রিত্বে সর্বদলীয় অন্তর্বর্তীকালীনও) সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে এ ধরনের নির্বাচনে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কোনো অবস্থাসই এবং সংগত কারণেই যোগদান করবে না। তবে সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অপরিহার্যতার কথা স্বীকার করে নিলেই সরকারের কাঠামো এবং গঠন নিয়ে আলোচনা করে নিশ্চয়ই একটি সমাধানে পৌঁছানো যায়। অত্যন্ত অশান্ত পরিবেশে পাকিস্তান ও নেপালেও তা সম্ভব হয়েছে।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ১৯৯৫-৯৬ সালে আলোচনার জন্য দাওয়াতনামা তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দলের নেত্রীর কাছে একাধিকবার পাঠিয়েছিলেন। আশা করি, বর্তমানের প্রায় একই রকম পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রীও সেই দায়িত্ব সম্পাদন করবেন। তা সৌজন্য ও রীতিসম্মতও বটে।অধ্যাপক রেহমান সোবহান লিখিত প্রবন্ধ—Mediling Political Conflict in a confrontational Environment—এ লিখেছিলেন—‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ছিল বিএনপির জন্য নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সপক্ষে আওয়ামী লীগের যৌক্তিক দাবির (validity of the demand) পূর্ণ স্বীকৃতি।’ কায়মনোবাক্যে আশা করি, ভবিষ্যতে কোনো প্রাবন্ধিক এ সম্পর্কে লিখতে গিয়ে একই কথা বলবেন, তবে করবেন তিনটি শব্দগুচ্ছের পরিবর্তন: ‘ত্রয়োদশ সংশোধনী’র পরিবর্তে ‘ষষ্ঠদশ সংশোধনী’। বিএনপির স্থলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্থলে বিএনপি।বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতি এড়িয়ে আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুশৃঙ্খল ও প্রশান্ত পরিবেশে গণতান্ত্রিক পথে সমৃদ্ধি ও উন্নয়নের উচ্চতর সোপানে নিয়ে যাওয়ার এটাই একমাত্র উপায়। এটাই হবে একটি সভ্য জাতির কাঙ্ক্ষিত আচরণ।বিশ্বাস করি, আমরা তার যোগ্য।ইনাম আহমদ চৌধুরী: উন্নয়ন বিশেষজ্ঞ; বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।