কুষ্টিয়ার একটি সরকারি প্রকল্পে যে বালু ব্যবহার করা হচ্ছে, তা অবৈধভাবে তোলা। বালু তোলার কাজটি লুকিয়ে করা যায় না, ফলে প্রকাশ্যেই এই অবৈধ কাজ হয়েছে। বিষয়টি যাঁদের দেখার কথা, তাঁরা দেখেননি। এমনকি এই অনিয়মের বিষয়টি নজরে আনার পরও কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হচ্ছে না। কারণ, যাঁরা এই বালু তুলছেন এবং ঠিকাদার হিসেবে সরবরাহের কাজটি করছেন, তাঁরা ‘রাঘববোয়াল’।
কুষ্টিয়ায় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ২২ একর জমিতে ২০০টি প্লট করে গত বছর লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। নিচু এই জমি ভরাট, রাস্তা ও নালা তৈরির জন্য সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ দেওয়া এই অর্থের মূল অংশই খরচ হবে বালু ভরাটের কাজে। এই কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন ট্রেডিং এজেন্সি। তারা গড়াই নদে খননযন্ত্র বসিয়ে সেখান থেকে পাইপ দিয়ে বালু নিয়ে প্রকল্প এলাকার ভরাটকাজটি প্রায় সেরে ফেলেছে। অথচ এভাবে বালু তোলা অবৈধ। এর দায় এখন কে নেবে?
কুষ্টিয়া জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ বলছে, নদ-নদী থেকে বালু তোলার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। আর পাইপ বসিয়ে বালু তোলার কোনো সুযোগই নেই। অথচ দিনের পর দিন এই অবৈধ কাজটি হয়েছে। কুষ্টিয়া হাউজিং এস্টেট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হচ্ছে, ঠিকাদার বালু চুরি করে আনবেন না হেলিকপ্টারে করে আনবেন, সেটা নাকি ঠিকাদারের বিষয়, তিনি শুধু বালু ভরাটের কাজ বুঝে নেবেন। কিন্তু তাঁর এটা বোঝা উচিত যে অবৈধভাবে তোলা বালু অবৈধ এবং অবৈধ কিছু যাঁর জিম্মায় থাকে, তাঁকেও এর দায় নিতে হয়।
আর জেলা প্রশাসন কোনো রাখঢাক না করেই নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেছেন, ‘রাঘববোয়ালেরা এই প্রকল্পের পেছনে আছে, আমাদের কিছুই করার নেই।’ দেশে যদি আইনের শাসন কার্যকর থেকে থাকে, তবে কোনো ‘রাঘববোয়াল’ ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে না। আর জেলা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মুখেও এমন অসহায়ত্ব শোনার কথা নয়। সরকারের শীর্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির দিকে একটু নজর দেবে কি?