স্কুলে ছোটখাটো বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা হয়। এ ধরনের প্রতিযোগিতার একটি বিষয় ‘অর্থই সকল অনর্থের মূল’। হয়তো বা এখনো স্কুলে এ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকে। অর্থই সব অনর্থের মূল কি না, বিষয়টি বিতর্কিতই থাকবে। আর তা হলেও অর্থমন্ত্রীরা কিন্তু অনর্থের কারণ হতে পারেন না। এটা ঠিক, খুব কম ক্ষেত্রেই অর্থমন্ত্রীরা সরকারের ভেতরে ও বাইরে জনপ্রিয় থাকেন। তাঁরা কোনো দেশেই সবার চাহিদামতো টাকার জোগান দিতে পারেন না। পারেন না সবার আবদারমাফিক কর হ্রাস করে সরকারি অর্থ ব্যবস্থাপনা করতে। তবে নিজের বক্তব্যের দ্বারা একের পর এক অনর্থ সৃষ্টি করেছেন, এমন অর্থমন্ত্রীর কথা খুব জানা যায় না। এ ক্ষেত্রে সম্ভবত আমাদের বর্তমান অর্থমন্ত্রী বিরল ‘কৃতিত্বের’ দাবিদার। অর্থমন্ত্রী প্রায় সময়ই বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য দিয়ে অনর্থ সৃষ্টি করে চলছেন। তাঁর এসব বক্তব্যের মধ্যে প্রায় ক্ষেত্রেই ‘রাবিশ’ ও ‘বোগাস’ এ শব্দ দুটো চয়ন করে থাকেন। এটা অনেকেরই জানা যে রাবিশ ও বোগাস শব্দের অর্থ যথাক্রমে আবর্জনা ও অসত্য। হল-মার্ক নামক একটি প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি থেকে প্রতারণামূলকভাবে প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে অনেক কথাবার্তা লেখালেখি আর হইচই হয়েছে। অর্থমন্ত্রী শুরুতে একে সামান্য টাকা বলে বিপাকে পড়ে কথাটি প্রত্যাহার করেন। দুর্নীতি দমন কমিশন আপাতত কিছু ব্যবস্থাও নিয়েছে। তবে আত্মসাৎ করা অর্থ আদায়ের কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটা জানা যায়নি। পক্ষান্তরে জানা গেছে, সরকারের একটি অংশ এ আত্মসাৎ করা অর্থকে ঋণে রূপান্তর করে আরও টাকা বিনিয়োগ করে এ প্রতিষ্ঠানের আওতাধীন শিল্প ইউনিটগুলোকে চালু করতে সোনালী ব্যাংককে পরামর্শ দিচ্ছে। এ বিষয়টি জানা গেলে বিরূপ প্রতিক্রিয়া জানায় দেশের ব্যাংকিং বিষয়ের অভিজ্ঞ মহল, বৃহৎ ব্যবসায়ীসহ অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, এটা করা হলে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হবে। আর প্রতিষ্ঠানটি যে টাকা নিয়েছে, তা ঋণ নয়। জালিয়াতি ও প্রতারণামূলক আত্মসাৎ। এর শাস্তি না হয়ে পুনর্বাসন হলে অর্থনীতির জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিলেটে একটি অনুষ্ঠানে সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন, ‘বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হইচই শুরু করেছেন। ওনাদের চরিত্রই হইচই করা। যারা এ চিৎকার-চেঁচামেচি করছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।’ তাঁদের মতামতকে তিনি রাবিশ ও বোগাস বলে মন্তব্য করেছেন। অবশ্য কয়েক দিন পর হল-মার্ককে আবার অর্থায়নের বিষয়ে তাঁর আগের বক্তব্য থেকে তিনি সরে এসেছেন।কোনো শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বিনিয়োগের পরও তার নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে বড় ধরনের লোকসানের শিকার হতে পারে। তখন ব্যাংক মূলত তার বিনিয়োগ উঠিয়ে আনার উদ্দেশ্যেই আরও ঋণ দিয়ে সে প্রতিষ্ঠানটিকে চালু ও লাভজনক করার নজির ব্যাংকজগতে রয়েছে। এতে ঋণ গ্রহণকারী ও ব্যাংক উভয়ের স্বার্থই রক্ষিত হয়। ঠিক তেমনি একই বিবেচনায় হল-মার্ক গ্রুপভুক্ত কিছু ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানকে ব্যাংক থেকে আবার ঋণ দেওয়ার সরকারের অভ্যন্তরে একটি লবি সক্রিয় রয়েছে বলে জানা যায়। আর দুর্ভাগ্যজনকভাবে এ লবির প্রচেষ্টা ক্রমান্বয়ে জোরদার হতে আমরা লক্ষ করছি। কিন্তু এখানে একটি বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। হল-মার্ক গ্রুপ তাদের বরাবরে ব্যাংক থেকে নেওয়া টাকার অতি অল্প পরিমাণই শিল্প বা ব্যবসা খাতের জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণ নিয়েছিল। যারা জালিয়াতি করে বাংলাদেশের ব্যাংকজগতে স্মরণকালের সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেছে, তাদের কি স্বাভাবিক ঋণ গ্রহণকারী ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক কাতার বন্দী করে বিবেচনা করা চলে? বরং যেকোনো সমাজসচেতন ব্যক্তি মনে করবেন, এ জালিয়াতি ও আত্মসাৎ প্রক্রিয়ায় যারা জড়িত, তাদের সবার দৃষ্টান্তমূলক সাজা হলে ভবিষ্যতে এর প্রবণতা হ্রাস পেতে পারে। তাই দেশের সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠনের নেতা, অর্থনীতিবিদ এবং সাবেক ব্যাংকাররা সংগত কারণেই এ প্রতিষ্ঠানটির আবার অর্থায়নের বিপরীতে অবস্থান নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই অর্থমন্ত্রী সিলেটে ওই বক্তব্য দিয়েছেন।তাহলে দেখার থাকে, দেশের মঙ্গল কিসে হয়। হল-মার্কের মতো জালিয়াতি করে ব্যাংকের টাকা আত্মসাৎ করলে নিশ্চয়ই দেশের মঙ্গল হয় না। এমনটা তো কেউ বলেন না। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেছেন, পৃথিবীর সব দেশেই ব্যাংক সেক্টরে এ ধরনের জালিয়াতি হয়। এটা কোনো অভিনব বিষয় নয়। তবে তিনি যেটা বলেননি, তা হচ্ছে পৃথিবীর প্রায় সব দেশেই ধরা পড়লে এ ধরনের জালিয়াতিকে অর্থনৈতিক সন্ত্রাস বলে গণ্য করে কঠোর সাজা দেওয়া হয়। আর আমাদের দেশে তা হয় না। শুধু হল-মার্ক বলে নয়, এত টাকা না হলেও এ ধরনের জালিয়াতিপূর্ণ আত্মসাৎ আমাদের ব্যাংকিংজগতে ঘটেছে ও ঘটে চলছে। তাদের কারও কিছু হয়েছে এমনটা জানা যায় না। আইনের শাসনের অনুপস্থিতি এ সংস্কৃতির সৃষ্টি করেছে। তবে হল-মার্কের ঘটনার পর মোটামুটি গোটা সমাজজীবনে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতীয় সংসদেও দাবি করা হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোও এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জোর পরামর্শ দিচ্ছে। সে ক্ষেত্রে আশা করা সংগত ছিল যে দেশের ব্যাংকিংজগতে স্মরণকালের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনার উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সাম্প্রতিক তৎপরতা দৃশ্যে এ বিপরীতটাই ভাবনায় চলে আসে। মনে হচ্ছে, কারও কিছু হবে না। বরং ব্যাংকের আরও টাকা দিয়ে হল-মার্কের বেআইনি কার্যক্রমগুলো একরূপ বৈধতাই দেওয়া হবে।একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী দাবি করেছেন, দেশের অর্থনীতি বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছে। কিসের ভিত্তিতে তিনি এ কথা বললেন, তা-ও বোধগম্য হচ্ছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তো সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পর্যায়ে আছে, এমনটাও বলা যাবে না। তদুপরি গত নভেম্বর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি অর্থনীতির ওপর বিরূপ প্রভাবই ফেলার কথা। এ জন্য বরং শঙ্কিত হওয়ার কথা অর্থমন্ত্রীর। অথচ তিনি কিসে সন্তুষ্ট হয়ে এ জাতীয় উক্তি করছেন, তা দুর্বোধ্য। দেশের অর্থনীতির একটি নির্দেশক এর পুঁজিবাজার। এতে চলায়মান ধস কোন গহিন অতলে নিয়ে যাচ্ছে, তা বিনিয়োগকারী কেন, কেউই বুঝতে পারছেন বলে মনে হয় না। পারছেন না এর প্রধান অভিভাবক অর্থমন্ত্রীও। অথচ এ পুঁজিবাজার সম্পর্কেও তিনি বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তাঁর কোনো কোনো মন্তব্য এ ধসে অবদান রেখেছে, এমনটাও কেউ কেউ অভিযোগ করেন। অন্তত এটা বলা চলে, তাঁর নিয়ন্ত্রণাধীন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক ধস ঠেকাতে সময়োচিত ব্যবস্থা নেয়নি, বরং তাদের অবস্থান ছিল তাদের প্রতিকূলে। সুতরাং এ ক্ষেত্রে নৈতিক দায়িত্ব অর্থমন্ত্রীর ওপরই বর্তায়। তদুপরি পুঁজিবাজার ধসের একপর্যায়ে বর্তমান সরকার নিয়োজিত একটি কমিশনের রিপোর্ট অনুসারে ব্যবস্থা না নিয়ে অর্থমন্ত্রীর কথিত ‘দুষ্টু লোকদের‘ প্রশ্রয়ই দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়ন্ত্রণও মূলত অর্থমন্ত্রীর ওপর অর্পিত। এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অনেকটা গৌণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি এ ব্যাংকগুলোর বেহাল অবস্থা সম্পর্কে হতাশা ব্যক্ত করেছে। ঢাকার একটি ইংরেজি দৈনিকে এ-সম্পর্কিত তথ্যসংবলিত একটি প্রতিবেদন সম্প্রতি এসেছে। ডিসেম্বর ২০১২ সালে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে মোট এক হাজার ৯৮২ কোটি টাকা। ঠিক ছয় মাস আগে এ ব্যাংকগুলোরই অতিরিক্ত মূলধন ছিল এক হাজার ১৭২ কোটি টাকা। সোনালী ব্যাংক বিগত বছরে লোকসান দিয়েছে অনুমিত হিসাবে এক হাজার ২৭৮ কোটি টাকা। এটাও চূড়ান্ত হিসাবে দুই হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার দুই শর অধিক শাখাসম্পন্ন এ সর্ববৃহৎ ও মর্যাদাসম্পন্ন ব্যাংকটি কিছুদিন আগেও কলমানি বাজারে নিয়মিত অন্য ব্যাংকে অর্থ ধার দিত। আর এখন ধার নিয়েই কাটছে তার দিনকাল। রাজনৈতিক প্রভাবে নির্বিচারে ঋণ দিয়ে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোকে নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। অথচ বছর চারেক আগেও এগুলো ক্রমান্বয়ে স্বাবলম্বী ও লাভজনক হয়ে উঠছিল। তাহলে অর্থমন্ত্রী এখন দেশের অর্থনীতির সবচেয়ে ভালো সময় কোথায় দেখেন? অর্থমন্ত্রীর মেধা ও ব্যক্তিগত সততা সম্পর্কে কেউ প্রশ্ন করে না। তবে তিনি তাঁর মেধাকে অর্থনৈতিক সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যবহার করছেন বলে মনে হয় না। সে ক্ষেত্রে তাঁর সে মেধা জাতির কাছে অর্থহীন। সে সততার কোনো মূল্যও আছে বলে মনে হয় না। দুর্বলকে রক্ষা ও দুর্জনকে আঘাত হানার দায়িত্ব পালনে তাঁর ব্যর্থতা আমাদের হতাশ করছে। বরং যারা দুর্জনদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদের বক্তব্যকে উপেক্ষা করে নিজের অবস্থানকেই খাটো করছেন। তাঁর এ ধরনের বক্তব্য একের পর এক অনর্থ সৃষ্টি করে চলছে। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]