ঈদে দুর্ভোগ কমাতে ২৫১টি কোচ (বগি) মেরামত করা হয়েছে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যে খবরটি জানিয়েছেন, তা যাত্রীসাধারণের জন্য স্বস্তিদায়ক হতে পারে, যদি সেই বগি চালানোর মতো ইঞ্জিন, চালক ও রেলওয়ে—সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু বাংলাদেশ রেলওয়ের অবস্থাটি দাঁড়িয়েছে লাইন আছে তো বগি নেই, বগি আছে তো সেই বগি চালানোর ইঞ্জিন নেই। ঈদে বা অন্য যেকোনো পার্বণে নিরাপদ ও সাশ্রয়ী বাহন হিসেবে মানুষ ট্রেনে যাতায়াত করতে আগ্রহী। কিন্তু সীমিত ইঞ্জিন ও বগি দিয়ে বাংলাদেশ রেলওয়ে যাত্রীর চাহিদা মেটাতে অপারগ। এ অবস্থায় সড়কপথই প্রধান ভরসা। কিন্তু সেই সড়কের যে কী বেহালদশা, তা যোগাযোগমন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট। শুক্রবার খুলনা-ঢাকা মহাসড়কের যশোর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের উদ্দেশ করে বলেছেন, ‘ঈদের আগে খুলনা-ঢাকা মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী না হলে খবর আছে।’ গত বছর ঈদের আগে সারা দেশে মহাসড়কগুলোর বেহালদশার কারণে কী পরিস্থিতি হয়েছিল তা কম-বেশি সবাই অবহিত। তখন বর্তমান মন্ত্রী দায়িত্বে না থাকলেও সওজের কর্মকর্তা-প্রকৌশলীরা তো ছিলেন। তাঁরা সময়মতো কেন সড়ক-মহাসড়কগুলো মেরামত করলেন না? এবার সেই পরিস্থিতি যাতে না হয়, মন্ত্রী মহোদয় সম্ভবত সওজের প্রকৌশলীদের সে জন্যই সতর্ক করে দিয়েছেন। তবে তিনি এই সতর্কবাণী বর্ষার আগে দিলে ভালো করতেন। সড়ক-মহাসড়ক মেরামতের জন্য বর্ষাকাল বেছে নেওয়ার কারণ এই সময়ে জনগণের টাকা নয়ছয় করার সুযোগ বেশি। মাটি-বালু বর্ষার পানিতে ভেসে গেছে—এই অজুহাতে বড় দাও মারা যায়। যেসব কর্মকর্তা এ ধরনের মানসিকতা পোষণ করেন, সদুপদেশ বা মৃদু সতর্কবাণীতে তাঁদের চৈতন্যোদয় হবে না। যে জনগণের অর্থে সওজের কর্মকর্তা ও প্রকৌশলীদের বেতন-ভাতা হয়, সেই জনগণের ভোগান্তি বাড়ানোর পরিণতি কখনোই ভালো হবে না। আমরা আশা করব, মন্ত্রীর ভাষায় খবর হওয়ার আগেই তাঁরা জরুরি ভিত্তিতে বেহাল সড়কগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করবেন।