সরকারের মন্ত্রী-উপদেষ্টা-নেতা-সাংসদেরা জোর দিয়ে বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল ‘শান্তিপূর্ণ’। অতীতের জাতীয় ও স্থানীয় নির্বাচনে হতাহতের সংখ্যা উল্লেখ করে তাঁরা দেখানোর চেষ্টা করেছেন এ রকম শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আর হয়নি। এ নিয়ে নির্বাচন কমিশনও বেশ আহ্লাদিত। বিরোধী দলের অভিযোগ ও সংবাদমাধ্যমের সমালোচনাকেও তারা আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেনি। কিন্তু এই অভূতপূর্ব শান্তিপূর্ণ নির্বাচনের সঙ্গে নাশকতার ৪ হাজার মামলা, নাম উল্লেখ করে ৮৮ হাজার, বেনামাসহ পৌনে ৩ লাখ আসামি করার বিষয়টিকে কীভাবে মেলানো যেতে পারে? যদি নির্বাচনটি সত্যি সত্যি শান্তিপূর্ণ হয়ে থাকে, তাহলে স্বীকার করতে হবে অধিকাংশ মামলাই গায়েবি। যে ঘটনা ঘটেইনি, সেই ঘটনায় মামলা শুধু ন্যায়বিচারের পরিপন্থী নয়, মানবাধিকারেরও চরম অবজ্ঞা।
গতকাল ২৯ জানুয়ারি প্রথম আলোয় ‘হাইকোর্টের সামনে আরেক বাংলাদেশ’ শিরোনামে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক শ জামিনপ্রার্থীর বেদনা ও আর্তিই প্রকাশিত হয়েছে। এর আগে ডেইলি স্টার পত্রিকায় তারা মিয়া নামে এক প্রতিবন্ধীর ছবি প্রকাশিত হয়েছিল। তিনিও অনেকের মতো পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলার আসামি। প্রথম আলোর প্রতিবেদনে যাঁদের কথা উঠে এসেছে, তাঁরা প্রায় সবাই খেটে খাওয়া মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা যেসব অজুহাত খাড়া করেছেন, তা হাস্যকর। তাঁদের দাবি, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাধারণ মানুষকে নিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছেন।
এসব মামলার বিষয়বস্তু প্রায় অভিন্ন। বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে গিয়ে ভোটের বাক্স ছিনতাই করছিলেন। পুলিশ এই কাজে বাধা দিলে নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। কোনো কোনো মামলায় হামলা ও নাশকতার প্রস্তুতি ও ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। অনেক ভুক্তভোগী জানিয়েছেন, ঢাকায় এসে জামিন নিতে গিয়ে তাঁদের শেষ সম্বলটুকু হারাতে হয়েছে। জেলা আদালতও আগাম জামিন দিতে পারেন। সেখানে তাঁদের জামিন হলে দূরদূরান্ত থেকে এসব মূঢ় ম্লান মানুষকে অর্থ ও সময় খরচ করে ঢাকায় এসে উচ্চ আদালতে ধরনা দিতে হতো না। এর মাধ্যমে সরকারের কী উদ্দেশ্য চরিতার্থ হয়েছে তা বলা কঠিন, তবে একশ্রেণির পুলিশ সদস্যের যে পোয়াবারো তা হলফ করে বলা যায়। যাঁদের অর্থ আছে তাঁরা নাহয় থানা-পুলিশকে টাকা দিয়ে মামলা থেকে নাম কাটাতে পারেন, কিন্তু তারা মিয়ার মতো যাঁরা কপর্দকহীন কিংবা গোয়াইনঘাটের তজিমুল ইসলামের মতো কোয়ারি শ্রমিকের পক্ষে তো পুলিশের খাতা থেকে নাম কাটানো সম্ভব হয় না। তাঁদের সুপ্রিম কোর্টের চত্বরে এসে আহাজারি করতে হয়।
নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে গায়েবি মামলায় বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ হয়রানি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
অতএব, অবিলম্বে সব গায়েবি মামলা প্রত্যাহার করা হোক। সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেই কাজটি না করলে উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়েও এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। যেকোনো মূল্যে নিরীহ ও নিরপরাধ মানুষকে গায়েবি মামলার হাত থেকে রক্ষা করতে হবে।