‘সময় থেমে থাকে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময় কারোর জন্য থেমে থাকে না’ প্রবাদ বাক্যটা জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি অভিজ্ঞতায় আমরা সবাই অনুধাবন করি। কিন্তু কিছু কিছু ঘটনা ও সময় থেমে থাকে, থেমে আছে ব্যক্তিবিশেষের জন্য। আজও স্পষ্ট মনে পড়ে ২৫ ফেব্রুয়ারির সকাল, নাশতার পর দরবার হলে দরবারের জন্য সঙ্গীকে বিদায় জানানো। হাসতে হাসতে বিদায় নেওয়া জীবন্ত মানুষটি কয়েক ঘণ্টার ব্যবধানে লাশ হয়ে যাবে যদি জানতাম, হয়তো আরও একটু বেশি যত্নসহকারে বিদায় জানাতাম। বিডিআর সপ্তাহ, চারদিকে সাজ সাজ রব, কতই না আনন্দ। গত কয়েক বছর বিডিআর সপ্তাহ পালিত হয়নি। কাজেই আমরা খুব উৎসুক ছিলাম এই অনুষ্ঠানের জন্য, নতুন এক অভিজ্ঞতার আশায় সপ্তাহ শুরু করেছিলাম প্যারেড দিয়ে। কিন্তু যে অভিজ্ঞতা হল, জীবন ভরেও তা ভোলা যাবে না। প্রতিদিনের ব্যস্ততায় ও প্রয়োজনে আমরা সবাই (শহীদ পরিবার) সময়ের সঙ্গে বয়ে যাচ্ছি। আমার খুব কাছ থেকে দেখা শহীদ পরিবারের সবাই যেন এক অবয়ব ধারণ করে জীবনের অভিনয়ে নেমে পড়েছি। হাসছি, স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিনিয়ত অংশ নিচ্ছি। সাজসজ্জার আড়ালে আমরা কষ্টগুলো লুকানোর চেষ্টায় নিয়োজিত আছি। তাই আর দশজনের মতো কাছের মানুষও মনে করছে, আমরা সবকিছু ভুলে সবাই ভালোই তো আছি। সবার কাছে আমার প্রশ্ন, সত্যি কি আমরা ভালো আছি? কেউ কি কখনো ভেবে দেখেছে, আমাদের সকাল কীভাবে শুরু হয়, আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত সেই দুঃস্বপ্নগুলো আমাদের ঠিকমতো ঘুমাতে দেয় কি না? ভুলতে কি পেরেছি সেই ২৫ ফেব্রুয়ারির সকাল? ভুলতে কি পেরেছি প্রিয় মানুষটির গলিত দেহের গন্ধ? ভোলা কি যায় সেই অপমান ও লাঞ্ছনাময় ৩২ ঘণ্টা? তিনটি বছর পেরিয়ে গেছে। আজও কফিন ঢাকা পতাকা থেকে যে কর্পূরের গন্ধ পাই, মনে হয় মানুষটি তার ইউনিফর্মের অপমান, তার সারা জীবনের অর্জিত সম্মান ক্ষুন্ন হওয়া এমন মৃত্যুর অভিযোগ জানাচ্ছে। আজও জানলাম না, কেন এমন বর্বর ঘটনা ঘটল? কবে হবে এর সুবিচার?আমাদের সেনা পরিবারের জীবন বৈচিত্র্যময়। আমি স্মৃতিচারণা যখন করি, মনে পড়ে প্রথম জীবনের শুরু—পার্বত্য চট্টগ্রাম। আমার স্বামীর চাকরির কারণে দেশের বিভিন্ন জায়গায় বসবাস এবং চমৎকার মানুষের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে। আর তাই এই সংগ্রহে আছে ভালো কাজের অভিজ্ঞতা ও বড় মনের মানুষ হওয়ার আকাঙ্ক্ষা। বিধাতার কাছে শুকরিয়া, আমি আজও অনেক ভালো বন্ধু এবং ভালো মানুষ দ্বারা বেষ্টিত, যারা আমায় প্রতিদিন নিঃশ্বাস নিতে সাহায্য করে।যখন জীবনের হিসাব নিয়ে বসি, যখন স্মৃতির পাল্লায় ভালো স্মৃতি এবং এই নির্মম অভিজ্ঞতা মাপি, নির্মম স্মৃতির পাল্লাটা ভীষণ ভারী দেখায়। আমি যখন স্মৃতিচারণা করি শাকিল ভাই ও শিপুর আতিথেয়তা ও বন্ধুবাৎসল আচরণ, মানতে পারি না এই মানুষগুলো আর নেই, যারা সবার প্রয়োজনে ছুটে যেত সাহায্যের হাত বাড়িয়ে। যখন স্মৃতিচারণা করি মেজর হাসান ভাই (মুজিবের জি টু ছিলেন), মিষ্টি হাসি হেসে সব সমস্যার সমাধানকারী, চাইলেই আর আসবেন না শুভাকাঙ্ক্ষা-ভরা ফুলের ঝুড়ি নিয়ে।যখনই কোনো প্রতিনিধি দল আসত, সব দায়িত্ব শিপু আমাকে দিতে ভালোবাসত। তার ধারণা ছিল, আমি সবকিছু ঠিকমতো সামাল দিতে পারব। তার এই আত্মবিশ্বাস কতটা রাখতে পেরেছি, জানি না। তবে বন্ধুটি যেতে যেতে আমার নিজের প্রতি একরাশ আত্মবিশ্বাস তৈরি করার শক্তি দিয়ে গেছে। আজ সেই শক্তির কারণে আমি এই পর্যন্ত জীবনসংগ্রাম চালিয়ে যেতে পারছি, ভবিষ্যতেও পারব, ইনশাআল্লাহ। নেহেরীন মুজিব: শহীদ কর্নেল মুজিবের স্ত্রী।