হজযাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ১৪৪ জন চিকিৎসক, ৯৭ জন নার্স ও ব্রাদার, ৪৩ জন ফার্মাসিস্ট এবং ১২ জন টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত এক চিকিৎসক দল সে দেশে যাবে। চিকিৎসক ও নার্স-ব্রাদারদের প্রয়োজনীয়তাটা বোঝা গেল, কিন্তু ৪৩ জন ফার্মাসিস্টের সেখানে কী কাজ হবে আর ১২ জন টেকনিশিয়ানই বা সেখানে কী করবেন, তা বোঝা গেল না।
শুধু তাই নয়, এই চিকিৎসক দলকে ‘সহায়তা’ করার জন্য ধর্ম মন্ত্রণালয় গঠন করেছে ১৭১ সদস্যবিশিষ্ট এক ‘হজ সহায়ক টিম’, যাঁদের পদমর্যাদাভেদে প্রতি জনের পেছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে ৮ থেকে ১০ লাখ টাকা। এই টিমে নেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ২৫ জন গাড়িচালককে, যাঁরা সৌদি আরবে গিয়ে গাড়ি চালাবেন না। কেউ জানে না তাঁরা কী উপায়ে চিকিৎসক দলকে ‘সহায়তা’ করবেন। মন্ত্রীর নিরাপত্তাকর্মী, ব্যক্তিগত কর্মকর্তা, এমনকি টাইপিস্টও আছেন এই সহায়ক দলে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব, কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গ্রেইনার কিংবা টিবি হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আরও যেসব কর্মকর্তা-কর্মচারীকে এই সহায়তা দলের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের কারও সঙ্গে চিকিৎসক দলকে সহায়তা করার কোনো সম্পর্ক নেই।
প্রশ্ন হচ্ছে হজযাত্রীদের চিকিৎসক দলকে সহায়তা করার জন্য আলাদা একটা ‘সহায়ক টিম’ সৌদি আরবে পাঠানোর আদৌ কোনো প্রয়োজন আছে কি না। চিকিৎসকদের সহায়তা করতে পারেন নার্স ও ব্রাদাররা, তাঁদের সঙ্গে থাকতে পারেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। এভাবে চিকিৎসক, নার্স-ব্রাদার, পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি দল পাঠানোই যথেষ্ট; তাঁদের সহায়তার নামে আলাদা একটা টিম গঠন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মন্ত্রীর পছন্দের লোকজনকে সেই টিমের অন্তর্ভুক্ত করে জনগণের করের টাকায় সৌদি আরবে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া একেবারেই উচিত নয়।
যারপরনাই লজ্জাজনক বিষয় হলো এই সহায়ক টিমে শুধু ময়মনসিংহ এলাকা থেকেই নেওয়া হয়েছে ৩৫ ব্যক্তিকে, যা ধর্মমন্ত্রী মতিউর রহমানের নিজের নির্বাচনী এলাকা। এটি ধর্মমন্ত্রীর ভবিষ্যৎ নির্বাচনে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা কি না, সেই প্রশ্নটিও এখানে তোলা যায়। ১৩ থেকে ১৭ কোটি টাকা ব্যয় করা হবে এই নিষ্প্রয়োজনীয় হজ সহায়ক টিমের পেছনে। প্রতিবছর হজ মৌসুমে জনগণের টাকায় এই মচ্ছব চলে। এটা এ বছর থেকেই বন্ধ করা উচিত।