বিশেষ সাক্ষাৎকার: মনজুর আহমেদ চৌধুরী

ভারত গঙ্গার পানিকে ভূরাজনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবেও দেখছে

ড. মনজুর আহমেদ চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান। পেশাগতভাবে তিনি একজন প্রাণিবিদ, কীটতত্ত্ববিদ ও ইকোলজিস্ট। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের করণীয়, বিদ্যমান চুক্তির সীমাবদ্ধতা, ভারতের সঙ্গে পানি কূটনীতি এবং নদী ব্যবস্থাপনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।

সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো:

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে। সময় খুব বেশি বাকি নেই। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, সেটাকে কীভাবে দেখছেন?

মনজুর আহমেদ চৌধুরী: হাতে প্রায় চার সপ্তাহ সময় আছে। একেবারেই অসম্ভব বলব না। তবে এর মধ্যে সম্পূর্ণ নতুন একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তবে শেষ মুহূর্তে বিদ্যমান চুক্তিটি নবায়ন করা সম্ভব হতে পারে। এ ধরনের সিদ্ধান্তে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সম্মতি প্রয়োজন। শুধু কারিগরি আলোচনায় সবকিছু হয় না। আমার বিবেচনায়, বর্তমান পরিস্থিতিতে চুক্তিটি তিন থেকে পাঁচ বছরের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নবায়ন করা যেতে পারে। এই সময়ের মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, এ রকম একটি নতুন চুক্তির প্রস্তুতি নিতে হবে।

বিদ্যমান চুক্তিতে অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রয়োজন পুরোপুরি সুরক্ষিত হয়নি। কিন্তু দুর্বল চুক্তির চেয়েও চুক্তিহীন অবস্থা খারাপ। অতীতে চুক্তিহীন সময়ে আমাদের দুর্ভোগ হয়েছে। তাই একটি ব্যবস্থা বহাল রেখেই ভালো চুক্তির দিকে এগোতে হবে। পুরো অববাহিকা ধরে আলোচনায় যাওয়ার জন্যও সময় ও প্রস্তুতি দরকার।

আরও পড়ুন
প্রথম আলো:

গত ৩০ বছরে এই চুক্তি থেকে বাংলাদেশ কী পেয়েছে, আর কোথায় প্রত্যাশা পূরণ হয়নি?

মনজুর আহমেদ চৌধুরী: গত ৩০ বছরে অন্তত একটি চুক্তি ও পানি ভাগাভাগির কাঠামো ছিল। সেই কাঠামোর মধ্যে আমরা পানি পেয়েছি। কিন্তু প্রাপ্য পানি পাওয়া এবং আমাদের প্রয়োজন মেটা এক বিষয় নয়। চুক্তি অনুযায়ী পাওয়ার কথা ছিল, এমন পানিও সব সময় পাওয়া যায়নি। বড় সীমাবদ্ধতা হলো, ফারাক্কায় যতটুকু পানি আসে, সেটিই ভাগ করা হয়। অথচ তার অনেক আগে উজান থেকে বিভিন্ন কৌশলে পানি তুলে নেওয়া হচ্ছে। ফলে ফারাক্কায় পৌঁছানো পানিই যদি কমে যায়, শুধু সেই পানি ভাগ করে সমস্যার সমাধান হবে না।

আরেকটি বিষয়, পানিবণ্টনের মূল সূচি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। কিন্তু নদী তো সারা বছরের। বর্ষার প্রবাহ, বন্যা, পলি ও শুষ্ক মৌসুমে পানির সংকট—সব একসঙ্গে দেখতে হবে। বর্ষার পানি কীভাবে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমের প্রবাহ বাড়ানো যায়, সে বিষয়েও যথেষ্ট অগ্রগতি হয়নি।

প্রথম আলো:

নতুন আলোচনায় বাংলাদেশের পানির দাবি কীভাবে নির্ধারণ করা উচিত?

মনজুর আহমেদ চৌধুরী: শুধু একটি সংখ্যা কিংবা কত কিউসেক পানি পাওয়া যাবে, তা নিয়ে দর-কষাকষির মধ্যে আমাদের আটকে থাকা উচিত নয়। আগে দেখতে হবে পুরো অববাহিকায় কত পানি আসে, কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কারা কী সুবিধা পাচ্ছে।
পানির চাহিদা ও প্রবাহ স্থির নয়; সময়ের সঙ্গে বদলায়। জলবায়ু পরিবর্তনও বিবেচনায় নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নদীর নিজেরও পানির প্রয়োজন আছে। দুই দেশ পুরো পানি ভাগ করে নিলে নদী বাঁচবে কীভাবে? নদীর প্রবাহ, জীববৈচিত্র্য এবং তার ওপর নির্ভরশীল মানুষের জীবন সচল রাখতে প্রয়োজনীয় পানি রাখতে হবে।

কোন অংশে কতটা প্রবাহ দরকার, তা রাজনৈতিক দর-কষাকষিতে ঠিক করার বিষয় নয়, গবেষণা করে বের করতে হবে। গড়াইসহ শাখানদী, সুন্দরবন, কৃষি, মাছ ও মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশের দাবি তৈরি করা উচিত। নদী থেকে শুধু পানি নেওয়ার হিসাব করলে নদী এবং মানুষ—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন
প্রথম আলো:

আপনি অববাহিকাভিত্তিক চুক্তির কথা বলছেন। এতে বর্তমান ব্যবস্থার তুলনায় কী পরিবর্তন আসবে?

মনজুর আহমেদ চৌধুরী: সবচেয়ে বড় পরিবর্তন হবে, তখন একটি নির্দিষ্ট জায়গায় অবশিষ্ট পানি ভাগ করার বদলে পুরো নদী ও তার শাখানদীগুলোকে একসঙ্গে দেখা হবে। উজানে পানি প্রত্যাহার, সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন, সেচ এবং ভাটির প্রয়োজন—সব আলোচনায় আসবে। গঙ্গার শুষ্ক মৌসুমের প্রবাহে নেপাল থেকে আসা শাখানদীগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই নেপালকে যুক্ত করার চেষ্টা করতে হবে। একইভাবে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে ভাবতে হবে।

আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হওয়া উচিত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা—এই তিন অববাহিকার জন্য সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা। একসঙ্গে সব করা সম্ভব না হলে অন্তত একটি অববাহিকা দিয়ে শুরু করা যায়। পাঁচ বছর প্রস্তুতি নিয়ে একটি অববাহিকাভিত্তিক চুক্তি করা গেলে সেটি দেশের জন্য বড় ও দীর্ঘস্থায়ী ইতিবাচক ভূমিকা রাখবে। বিদ্যুৎ উৎপাদনসহ নদী থেকে পাওয়া বিভিন্ন সুবিধা ভাগ করার চিন্তাও দরকার। শুধু কত কিউসেক পানি পেলাম, তার মধ্যে আলোচনা সীমিত রাখলে সহযোগিতার অনেক সুযোগ বাদ পড়ে যায়।

প্রথম আলো:

নতুন চুক্তির মেয়াদ ও মূল শর্তগুলো কেমন হওয়া উচিত?

মনজুর আহমেদ চৌধুরী: আমার প্রস্তাব হলো, চুক্তির মৌলিক নীতিগুলো দীর্ঘস্থায়ী হবে। যেমন উজানের কার্যক্রমে ভাটির বড় ক্ষতি করা যাবে না, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে এবং ন্যায্যভাবে সুবিধা ভাগ করতে হবে। কিন্তু কত পানি থাকবে, কোন মৌসুমে কী ব্যবস্থা হবে—এসব নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করতে হবে। ১০ বা ১৫ বছর পর পরিস্থিতি বদলে যেতে পারে। নদীর গতিপথও বদলাতে পারে। তাই নীতিগুলো স্থায়ী রেখে বাস্তব ব্যবস্থায় প্রয়োজনমতো পরিবর্তনের সুযোগ থাকতে হবে।

পানিপ্রাপ্তির কার্যকর নিশ্চয়তা এবং বিরোধ মেটানোর সালিসি ব্যবস্থা দরকার। শুধু আরেকটি দীর্ঘ মেয়াদ নির্ধারণ করে পুরোনো সীমাবদ্ধতা রেখে চুক্তি করলে চলবে না। আমার আপত্তি এখানেই—বর্তমান চুক্তি অপরিবর্তিতভাবে আরও ৩০ বছরের জন্য নবায়ন করলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন
প্রথম আলো:

সরকার পানিপ্রাপ্তির নিশ্চয়তা দিতে আরও শক্ত ‘গ্যারান্টি ক্লজ’ চাইছে। সেটি কতটা জরুরি?

মনজুর আহমেদ চৌধুরী: ‘গ্যারান্টি ক্লজ’ জরুরি। শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানি পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। পানি কমে গেলে ঘাটতি কীভাবে ভাগ হবে, সেটিও পরিষ্কার করতে হবে। তবে শুধু একটি ধারা যুক্ত করলেই হবে না; ফারাক্কায় প্রবাহ কমে যাওয়ার কারণও মোকাবিলা করতে হবে।

বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে প্রবাহ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। ভাগীরথী-হুগলিতে যুক্ত হওয়া উপনদীগুলোর পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেখানকার চাহিদার কতটা মেটানো সম্ভব, তা নিয়ে গবেষণা হতে পারে। এতে ফারাক্কা থেকে পানি সরানোর চাপ কমানো যায় কি না, দেখতে হবে। কলকাতা বন্দরের জন্য কত পানি প্রয়োজন, সেটিও যাচাই করা দরকার। একটি বন্দরের প্রয়োজন আর ভাটির মানুষের জীবন-জীবিকার প্রয়োজন—দুটির তুলনামূলক গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলতে হবে।

প্রথম আলো:

বাংলাদেশের বর্তমান প্রস্তুতি ও সরকারের উদ্যোগকে যথেষ্ট মনে করছেন?

মনজুর আহমেদ চৌধুরী: প্রচলিত কাঠামোর মধ্যে বাংলাদেশের যা করার, সরকার তা করার চেষ্টা করছে। তারা কিছুই করছে না, এমন বলব না। কিন্তু আমার পর্যবেক্ষণে ভারতের দিক থেকে প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে। যৌথ নদী কমিশন ও কারিগরি আলোচনার কথা বলা হচ্ছে, অথচ সময় প্রায় শেষ। যৌথ নদী কমিশন তো শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান নয়; ভারতও এর অংশ। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কমিশন একা চুক্তি করতে পারবে না। দুই দেশের শীতল সম্পর্কও আলোচনার পরিবেশে প্রভাব ফেলছে।

আমাদের একটি স্থায়ী, বহু বিষয়ের বিশেষজ্ঞ দল দরকার। সেখানে পানিবিশেষজ্ঞ, কূটনীতিক, পরিবেশবিদ, সমাজবিজ্ঞানী ও আন্তর্জাতিক নদী আইন বোঝেন—এমন ব্যক্তিরা থাকবেন। তাঁদের বাজেট ও ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। শুধু চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় প্রস্তুতি নিলে হবে না।

প্রথম আলো:

প্রাপ্য পানি না পেলে দ্রুত প্রতিকার এবং পানির তথ্যের স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়?

মনজুর আহমেদ চৌধুরী: চুক্তিতে কার্যকর সালিসি ব্যবস্থা থাকতে হবে। বিদ্যমান ব্যবস্থায় আলোচনা করেও সমাধান না হলে কী হবে, সেই দুর্বলতা কাটাতে হবে। পানির তথ্য জনগণের জন্য উন্মুক্ত করাও জরুরি। ফারাক্কায় কত পানি আসছে, কতটা সরানো হচ্ছে এবং বাংলাদেশ কত পাচ্ছে—এসব তথ্য যতটা সম্ভব তাৎক্ষণিকভাবে প্রকাশ করা দরকার। এখন প্রযুক্তির মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রকাশ করা সম্ভব। পরিমাপের পদ্ধতি বৈজ্ঞানিক ও দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তথ্যে গরমিল হলে তা দ্রুত শনাক্ত ও ব্যাখ্যা করার ব্যবস্থা লাগবে। মানুষকে শুধু বলা হলো পানি পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না—এটুকু যথেষ্ট নয়। তথ্য দেখেই যেন বোঝা যায় বাস্তবে কী ঘটছে।

প্রথম আলো:

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই কি পানির সমস্যার সমাধান হবে?

মনজুর আহমেদ চৌধুরী: অভিজ্ঞতা তা বলে না। শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরও তিস্তা চুক্তি হয়নি। অন্য অভিন্ন নদীর আলোচনায়ও প্রত্যাশিত অগ্রগতি আসেনি। পানির ক্ষেত্রে ভারত অবিশ্বস্ত বন্ধু। আমার মূল্যায়নে, ভারত পানিকে ভূরাজনৈতিক প্রভাবের একটি হাতিয়ার হিসেবেও দেখে। ফলে শুধু বন্ধুত্বের ওপর নির্ভর করলে হবে না। বাংলাদেশের প্রয়োজন ও স্বার্থ নিয়ে শক্তভাবে আলোচনা করতে হবে।

ভারতকে ট্রানজিট বা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিরোধী আমি নই। সহযোগিতা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশেরও তো চাহিদা আছে। নৌপথ ও অন্যান্য সহযোগিতার আলোচনায় আমাদের পানির প্রয়োজন তুলে ধরতে হবে। নৌপথ সচল রাখতে পানি প্রয়োজন—এই বাস্তবতাও আলোচনার শক্ত যুক্তি হতে পারে। বাংলাদেশকে সব সময় দুর্বল পক্ষ হিসেবে ভাবার কারণ নেই।

প্রথম আলো:

বাংলাদেশের সঙ্গে নদী ও পানির বিষয়ে ভারতের কেন্দ্র-রাজ্য রাজনীতির টানাপোড়েনের কোনো প্রভাব রয়েছে কি?

মনজুর আহমেদ চৌধুরী: ভারতের কোনো একটি রাজ্য বা একজন মুখ্যমন্ত্রীর আপত্তি দিয়ে সমস্যার পুরোটা ব্যাখ্যা করা যায় না। এর আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই সময় তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কথা শোনা গিয়েছিল। এখন তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায়, অর্থাৎ এখন কেন্দ্রে এবং রাজ্যে একই দল ক্ষমতায় রয়েছে। তাহলে কি এখন তিস্তা চুক্তি হবে? কিন্তু এখনকার মুখ্যমন্ত্রী তো এ বিষয়ে নেতিবাচক কথাবার্তা বলছেন। মূল বিষয় হলো, ভারত রাষ্ট্র কী সিদ্ধান্ত নিচ্ছে এবং তার রাজনৈতিক সদিচ্ছা কতটা।

প্রথম আলো:

ফারাক্কার কারণে ভারতেরও কিছু অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে তাঁদের সঙ্গে বাংলাদেশের কি কোনো সংহতি হতে পারে?

মনজুর আহমেদ চৌধুরী: ভারতের ভেতরেও নদীভাঙন, পলি জমা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আছেন। মালদহ বা অন্য এলাকার মানুষ বারবার ঘরবাড়ি হারাচ্ছেন। পদ্মার তীরে আমাদের যাঁরা ভাঙনে ক্ষতিগ্রস্ত হন, তাঁদের সঙ্গে এই মানুষের অভিজ্ঞতার মিল আছে। একই নদী, একই ধরনের দুর্ভোগ।

ভারতের নদী-গবেষক, পরিবেশকর্মী ও ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত। তাঁদের বাংলাদেশে এনে দেখানো যেতে পারে, পানি কম আসায় কী ঘটছে। নদীর স্বাভাবিক প্রবাহ এবং দুই পাড়ের মানুষের জীবন-জীবিকা-বাসস্থান-নিরাপত্তা নিয়ে অভিন্ন অবস্থান গড়ার সুযোগ আছে। সরকারি পর্যায়ের আলোচনার পাশাপাশি এই যোগাযোগও প্রয়োজন।

প্রথম আলো:

সরকার পদ্মা ব্যারাজের পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে। এই পরিকল্পনা নিয়ে আপনার মতামত কী?

মনজুর আহমেদ চৌধুরী: পদ্মা ব্যারাজের মাধ্যমে পানি ধরে শাখানদী ও সেচব্যবস্থায় দেওয়ার ধারণাকে আমি সমর্থন করি। তবে এটি ব্যয়বহুল এবং বাস্তবায়নে সময় লাগবে। পাশাপাশি অন্য সুযোগগুলোও কাজে লাগাতে হবে। বর্ষায় যেসব খাল ও নদী পানিতে ভরে যায়, শুষ্ক মৌসুমে সেগুলোর অনেকটি শুকিয়ে যায়। জায়গাভেদে খনন ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে পানি ধরে রাখার সুযোগ পরীক্ষা করা উচিত। সেই পানি সেচ, মাছ চাষ ও অন্যান্য কাজে ব্যবহৃত হতে পারে। শুধু একটি বড় স্থাপনার ওপর নির্ভর না করে বিভিন্ন জায়গায় পানি সংরক্ষণের ব্যবস্থা দরকার। প্লাবনভূমির সঙ্গে নদীর যোগাযোগও গুরুত্বপূর্ণ। তবে যেকোনো ব্যবস্থায় নদীর ভাটির প্রবাহ ও পরিবেশ বিবেচনায় নিতে হবে।

প্রথম আলো:

বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সবার জানা। সম্প্রতি এ প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রেরও কিছু আগ্রহ দৃশ্যমান হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের ভিত্তি কী হওয়া উচিত?

মনজুর আহমেদ চৌধুরী: তিস্তাকে ঘিরে ভূরাজনৈতিক হিসাব আছে। শিলিগুড়ি করিডরের কাছে অবস্থানের কারণে সেখানে চীনের উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। বাংলাদেশ নিজের ভূখণ্ডে নিজেদের মতোই সিদ্ধান্ত নেবে, কিন্তু বাস্তবসম্মত কূটনীতিও প্রয়োজন।

আমার প্রশ্ন হলো, নিজেদের অর্থে ও নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করার সুযোগ আমরা কেন আগে বিবেচনা করছি না? যে দেশের সঙ্গেই চুক্তি বা সমঝোতা হোক—বাংলাদেশের পানিবিশেষজ্ঞ, পরিবেশবিদ ও প্রকৌশলীদের নিয়ে নকশা করতে হবে। নদী বাঁচিয়ে পানি সংরক্ষণ এবং ব্যবহার—এটিই লক্ষ্য হওয়া উচিত। তারপর আন্তর্জাতিক দরপত্র দেওয়া যেতে পারে। যে প্রতিষ্ঠান উপযুক্ত দামে ভালো কাজ করতে পারবে, তারা করবে। অর্থদাতা কোনো দেশের পরিকল্পনাই আমাদের পরিকল্পনা হয়ে যাবে কেন? প্রকল্পের নিয়ন্ত্রণ ও অগ্রাধিকার বাংলাদেশের হাতে থাকতে হবে।

প্রথম আলো:

গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের আশু এবং দীর্ঘ মেয়াদে করণীয়গুলো কী?

মনজুর আহমেদ চৌধুরী: চুক্তিহীন অবস্থায় যাওয়া ঠেকাতে এখনই অন্তর্বর্তী মেয়াদে চুক্তি নবায়নের চেষ্টা করতে হবে। মেয়াদ শেষ হওয়ার পরের দিনের জন্য অপেক্ষা করা উচিত নয়। তিন থেকে পাঁচ বছরের সময় পেলে সেটিকে নতুন চুক্তির প্রস্তুতিতে কাজে লাগাতে হবে। শুধু চুক্তি করে থেমে গেলে হয় না, পরের কাজগুলোও করতে হয়। তথ্য সংগ্রহ, গবেষণা, প্রয়োজন নির্ধারণ এবং আলোচনার দল গঠন—সব একসঙ্গে এগিয়ে নিতে হবে। নেপালসহ সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্ত করে অববাহিকাভিত্তিক ব্যবস্থার দিকে যেতে হবে। একটি অববাহিকা দিয়ে শুরু করে অভিজ্ঞতা নিয়ে অন্যগুলোয় এগোনো যায়।

সবচেয়ে বেশি প্রয়োজন পানি কূটনীতির সক্ষমতা বাড়ানো। আমাদের কূটনীতিকদের নদী ও পানিবিজ্ঞান বুঝতে হবে, আর পানিবিশেষজ্ঞদের কূটনীতি বুঝতে হবে। দেশের মানুষ, অর্থনীতি ও পরিবেশের দীর্ঘমেয়াদি স্বার্থ মাথায় রেখে সামনের দিনগুলোয় এগোতে হবে।

প্রথম আলো:

সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

মনজুর আহমেদ চৌধুরী: আপনাকেও ধন্যবাদ।