বিএনপি নেতার সাক্ষাৎকার
সিলেটে পুলিশের বাধার মুখে পড়ছি, চাপের সম্মুখীন হচ্ছি
সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ২০ সেপ্টেম্বর পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। এর আগে ১৪ সেপ্টেম্বর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে পুরোনো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক বিষয়ে প্রথম আলো কথা বলেছে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে।
প্রশ্ন :
মাঠের রাজনীতিতে সিলেট জেলা বিএনপি এখন অনেকটাই সক্রিয়। এসব কর্মসূচি পালনকালে পুলিশ কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধা পাচ্ছেন কি?
আবদুল কাইয়ুম চৌধুরী: প্রতিনিয়ত চাপের সম্মুখীন হচ্ছি। অনেক উপজেলায় আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনে পুলিশ বাধা দিচ্ছে। বিয়ানীবাজার উপজেলায় ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচি পুলিশের বাধায় বিএনপি করতে পারেনি। গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির নেতাদের নিয়ে আমাদের একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় নেতারা বারবার যোগাযোগ করলেও সভার অনুমতি মিলছে না। এ ছাড়া ২০ সেপ্টেম্বর বালাগঞ্জে স্থানীয় নেতাদের মিছিল, সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও আমাদের পুলিশি প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।
গত ১৩ জুন কানাইঘাট উপজেলায় বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা করে সভা পণ্ড করে দেয়। ওই দিন আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামানকে মারাত্মকভাবে আহত করা হয়। দলীয় কার্যালয় ভাঙচুর করে আসবাব জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি এ ঘটনায় আমাদের অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলাও দেওয়া হয়। এ মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অনেককে জেলেও যেতে হয়েছে। এভাবেই আমরা নির্যাতিত হচ্ছি।
প্রশ্ন :
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর জেলা যুবদলের সম্মেলন শেষে কাউন্সিলে ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছে...
আবদুল কাইয়ুম চৌধুরী: মকসুদ একজন উদীয়মান নেতা। তিনি সব কটি রাজনৈতিক মামলায় জামিনে আছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বিনা পরোয়ানায় ঘরের দরজা ভেঙে তাঁকে উঠিয়ে নেওয়া হলো। চার বছরের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হলো।
প্রশ্ন :
আগামী ২ নভেম্বর সিলেটের একটি পৌরসভা, একটি উপজেলা ও চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কি নির্বাচনে যাবে?
আবদুল কাইয়ুম চৌধুরী: এই নির্বাচন কমিশনের অধীন আমরা কোনো নির্বাচনে যাব না। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত।
প্রশ্ন :
গত ২৯ মার্চ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলররা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করেছেন। প্রায় ছয় মাস কেটে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি...
আবদুল কাইয়ুম চৌধুরী: ভয়াবহ বন্যার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে একটু দেরি হয়েছে। আশা করছি, তাড়াতাড়ি সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।