ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ, তা তো দেখাই যাচ্ছে। এ ভয়াবহতা আর কত দিন দেখতে হবে বা সামনের দিনগুলোতে পরিস্থিতি কেমন হতে পারে?
কবিরুল বাশার: আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি ফোরকাস্টিং মডেল তৈরি করি। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়েই ছিল এ ফোরকাস্টিং মডেল। মাল্টি ভেরিয়েন্ট অ্যানালাইসিস করে কম্পিউটার সিমুলেশন মডেলটির মাধ্যমেই ছিল এ ফোরকাস্টিং। সেখানে আমরা দেখতে পাচ্ছি, ডেঙ্গু–পরিস্থিতি খুব শিগগির ভালো হবে বলে মনে হচ্ছে না। গত জুলাইয়ের মতো আগস্ট মাসেও এমন পরিস্থিতি থাকতে পারে বা আরও খারাপ হতে পারে। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যার দিক দিয়ে অতীতের সব ইতিহাস ছাড়িয়ে যেতে পারে।
ডেঙ্গু মোকাবিলায় সরকারের অবহেলা কি স্পষ্ট হচ্ছে না?
কবিরুল বাশার: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে না পারায় অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানগুলোর দায় আছে। এখানে নগরবাসীরও কিছু দায় আছে। কারণ, এডিস মশা মানুষের বাসাবাড়ি, বাসাবাড়ির ছাদ বা আঙিনায় হয়, বাইরেও হয়, অফিস-আদালতেও হয়। ফলে মানুষের বাসাবাড়িতে এডিস মশার যাতে প্রজনন না ঘটে, সেদিকেই বেশি লক্ষ্য রাখতে হবে।
আর সিটি করপোরেশনের দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট, উন্মুক্ত স্থান, সরকারি-বেসরকারি স্থাপনায় এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা। হটস্পটগুলোতে ব্যবস্থা নেওয়া। এ ব্যাপারে নগরবাসীকেও সচেতন হতে হবে, যেহেতু তাদের বাসাবাড়িতেও এডিস মশার প্রজনন হয়।
এ মুহূর্তে সরকার বা কর্তৃপক্ষ থেকে এ কার্যক্রম একদমই পরিচালনা যে করা হয়নি, তেমনটি নয়। তবে তা পর্যাপ্ত ছিল না; আরও জোরদার করা যেত বা করার সুযোগ ছিল।
কিন্তু সিটি করপোরেশনগুলো তো উল্টো ডেঙ্গু কার্যক্রমে সফলতার কথাই শোনাচ্ছে আমাদের। এটি কি ভুক্তভোগী নাগরিকদের সঙ্গে একপ্রকার মশকরা নয়?
কবিরুল বাশার: আসলে প্রতিটি প্রতিষ্ঠানই তাদের কার্যক্রমের সম্পর্কে সফলতার কথাই বলবে। দেশে এমনটিই হয়ে আসছে বা এটিই স্বাভাবিক। তবে সিটি করপোরেশনের প্রতিটি কার্যক্রমই মনিটর বা মূল্যায়ন হওয়া দরকার। সেটি করা না গেলে তাদের কার্যক্রম কতটা ভালো ফল দিচ্ছে তা বোঝা যায় না। যেহেতু তাদের কার্যক্রমে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বা মশার ঘনত্ব কমছে না, ফলে এখানে মনিটর ও মূল্যায়নটি করা জরুরি। সে অনুযায়ী তাদের অংশীদার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কার্যক্রমে পরিবর্তন আনতে হবে। ভবিষ্যতে বা আগামী বছরগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে। এর জন্য আমাদের আরও সতর্ক অবস্থান থেকে একটি জাতীয় মহাপরিকল্পনা করা দরকার। কীভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে ডেঙ্গু থেকে দেশবাসীকে রক্ষা করা যায়—জাতীয় মহাপরিকল্পনা তৈরির মধ্য দিয়েই সেই জরুরি পদক্ষেপ নিতে হবে।
ঢাকায় ডেঙ্গু মোকাবিলা করা যায়নি বলে কি এটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে?
কবিরুল বাশার: বিষয়টি একেবারেই ঠিক। যদি কোনো শহরে এডিস মশা বা ডেঙ্গু বেড়ে যায় এবং সে শহর থেকে অন্যান্য শহরে মানুষের বেশি যাতায়াত হয়, তাহলে সেসব শহরেও এ রোগ ছড়িয়ে পড়ে। ডেঙ্গু ছড়িয়ে পড়ার এটি একটি সাধারণ প্রক্রিয়া। অন্যান্য শহরেও মশার ঘনত্ব বেড়ে যাওয়া, সতর্কতা অবলম্বন না করা বা প্রস্তুতি গ্রহণ না করার বিষয়গুলোও এখানে যুক্ত হয়। ঢাকা ও অন্যান্য শহরে এখন আমরা এমন পরিস্থিতিই দেখতে পাচ্ছি।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকেরা নানা সময়ে সরকারকে ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ ও সতর্ক করেছে। তাদের সেই পরামর্শ ও সতর্কতা আমলে নেওয়া হচ্ছে না কেন?
কবিরুল বাশার: বিশেষজ্ঞরা আগেও সরকারকে সতর্ক করেছেন, এখনো করে যাচ্ছেন। আমিও নানা সময় নানাভাবে, পত্রিকা ও টেলিভিশন প্রতিটি মাধ্যমে সতর্কবার্তা দিয়েছি। তারা সেসব সতর্কবার্তা কেন আমলে নেয়নি এবং নিচ্ছে না, তা আমার বোধগম্য নয়। আমি মনে করি, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য যে মহাপরিকল্পনা প্রণয়নের কথা আমি বলছি, আরও অনেকে বলছেন, বিশেষজ্ঞদের সতর্কতা বা পরামর্শ আমলে নিয়েই তা করতে হবে।
আগেও ডেঙ্গুর খারাপ পরিস্থিতি আমরা দেখেছি। এমনকি করোনার মতো একটি বড় মহামারি পার করার পরেও আমাদের স্বাস্থ্যকাঠামো ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারল না কেন?
কবিরুল বাশার: স্বাস্থ্যকাঠামোতে আমূল পরিবর্তন আনা দরকার। সেটি করতে গেলে প্রয়োজনীয়সংখ্যক জনবল, লজিস্টিক সাপোর্ট লাগবে। নয়তো ডেঙ্গু মোকাবিলা দুরূহ হয়ে উঠবে, যেহেতু সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তবে আমি একটি কথা বলতে পারি, আমাদের চিকিৎসকেরা ডেঙ্গু চিকিৎসায় বেশ অভিজ্ঞ ও সফল। একজন রোগী যদি সঠিক সময়ে হাসপাতালে আসেন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করা যায়, তাহলে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি সেরে ওঠেন, সহজে মারা যান না। এখন যেহেতু চারিদিকে ডেঙ্গু হচ্ছে, জ্বর এলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করে একজন চিকিৎসাবিশেষজ্ঞের পরামর্শ অনুসারে পদক্ষেপ নিলে মৃত্যুঝুঁকি থাকবে না। আমি মনে করি, এ সচেতনতাটি আমাদের সবার থাকা দরকার।
সংবাদমাধ্যমে ডেঙ্গু নিয়ে এত প্রতিবেদন বা প্রচার প্রচারণা চলছে। বিশেষজ্ঞ হিসেবেও আপনারা বারবার বলে যাচ্ছেন। কিন্তু চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনমনেও কি গুরুত্বহীনতা দেখা যাচ্ছে না?
কবিরুল বাশার: আমি একটি গবেষণা করেছিলাম। সেখানে দেখা যায়, ঢাকাসহ দেশের প্রতিটি শহরের মানুষই এখন জানেন, এডিস মশা কোথায় এবং তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবাই এডিস মশা ও ডেঙ্গু নিয়ে অবগত হলেও তা নিয়ন্ত্রণে নিজেকে পুরোপুরিভাবে সম্পৃক্ত করছে না। এডিস মশা সম্পর্কে জানা সত্ত্বেও অনেকের বাসাবাড়িতে গিয়ে আমরা এ মশার অস্তিত্ব পেয়েছি।
ডেঙ্গু এখন একটি কমিউনিটি ডিজিজ হিসেবে রূপান্তরিত হয়েছে। কমিউনিটি যদি এই মুহূর্তে এখানে নিজেকে সম্পৃক্ত না করে ডেঙ্গুকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। কারও বাড়িতে এডিস মশার প্রজনন হলে, প্রথমে তার বাড়ির সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত হবে, এরপর সেটি প্রতিবেশী ও পাড়া-মহল্লাবাসীর মধ্যে ছড়িয়ে যাবে। ফলে এ ব্যাপারে প্রতিটি মানুষের সতর্ক হতে হবে, তাদের উদ্যোগী হতে হবে।
ঘরে ঘরে এ রোগে মানুষ ভুগছেন, অনেকে মারাও যাচ্ছেন, কিন্তু সামাজিক পরিসর বা সামাজিক যোগাযোগমাধ্যমে কেন এটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারল না? দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কি বিষয়টি ঢাকা পড়ে যাচ্ছে?
কবিরুল বাশার: সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ হাসি, ঠাট্টা, তামাশা এবং রাজনৈতিক বিষয়ের কনটেন্টগুলো বেশি শেয়ার করতে পছন্দ করে। কিন্তু সচেতনতামূলক বা দায়িত্ববোধের জায়গা থেকে মানুষকে সতর্ক করার আলোচনা এখানে কম মানুষই করেন।
আমি আমার ফেসবুকে প্রতিনিয়ত মানুষকে ডেঙ্গু নিয়ে সতর্ক করে যাচ্ছি। আমি ডেঙ্গু নিয়ে পত্রিকায় লিখছি, টিভি চ্যানেলে বলছি, এমনকি ইউটিউব চ্যানেলেও কথা বলছি। অন্যরাও যদি বিষয়টি নিয়ে এভাবে ভাবতেন বা সামাজিক পরিসরে আলোচনার মধ্যে রাখতে পারতেন তাহলে ডেঙ্গু মোকাবিলা একটি সামাজিক আন্দোলনে পরিণত হতো। এতে এ রোগটি নিয়ন্ত্রণ সহজ হতো।
এ সময় রাজনীতি নিয়ে যেভাবে চারদিকে আলোচনা হচ্ছে, একইভাবে ডেঙ্গু নিয়েও আমাদের সরব হওয়া দরকার। এ মুহূর্তে সবাইকে সম্পৃক্ত হতে হবে, সরকার বা সিটি করপোরেশনকে দোষারোপ করে কিছু হবে না, এখন নিজেদের বাঁচানোর সময়, নিজেদের পরিবারকে বাঁচানোর সময়।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে চিকিৎসক-রোগীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?
কবিরুল বাশার: সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ এখন অনেক বেশি। বিশেষ করে রাজধানীর মুগদা হাসপাতালের কথা আমি বলতে পারি। সেখানে রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসকেরা দিশেহারা হয়ে যাচ্ছেন।
আসলে অনেক সময় ধৈর্য রাখাও কঠিন। সেটি রোগী ও তাদের স্বজনদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আবার চিকিৎসক-নার্সদের ক্ষেত্রেও বিষয়টি একই। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত। সব সরকারি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খুলতে হবে। ইতিমধ্যে কিছু হাসপাতালে তা খোলাও হয়েছে। চিকিৎসক-নার্সদেরও প্রশিক্ষণ বাড়ানো উচিত। কারণ, সামনে রোগী আরও বাড়বে। ডেঙ্গু যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনদের সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ
কবিরুল বাশার: আপনাকেও ধন্যবাদ।