রাষ্ট্রপতি অবশ্যই লাভজনক পদ নয়

খুরশীদ আলম খান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, এ প্রশ্নে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুরশীদ আলম খান

প্রশ্ন :

প্রথম আলো: দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিয়ে কিছু সাংবিধানিক ও আইনি প্রশ্ন তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৯ ধারায় বলা হয়েছে, ‘কর্মাবসানের পর কোন কমিশনার প্রজাতন্ত্রের কার্যে কোন লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।’ মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে কি আইনের ব্যত্যয় ঘটল? আপনি কী মনে করেন?

খুরশীদ আলম খান: যাঁরা বলছেন দুর্নীতি দমন কমিশন আইনের ৯ ধারার ব্যত্যয় ঘটছে, আমি তাঁদের সঙ্গে একমত নই। কারণ, মো. সাহাবুদ্দিন কোনো লাভজনক পদে নয়, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে অবসর গ্রহণের পর তিনি যদি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেতেন, তাহলে প্রশ্ন উঠতে পারত। কিন্তু সে রকম কিছু হয়নি। মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সংবিধানের অধীনে। এ ক্ষেত্রে দেখতে হবে সংবিধানের কোনো ম্যান্ডেটরি প্রভিশন লঙ্ঘিত হয়েছে কি না। যদিও ধরেও নিই দুর্নীতি দমন কমিশনের ৯ ধারা অনুযায়ী তিনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের যোগ্য নন, কিন্তু সংবিধান অনুযায়ী তঁার এই নিয়োগে কোনো বাধা নেই। কারণ, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যখন অন্য কোনো আইনের সঙ্গে সংবিধানের কোনো কিছু সাংঘর্ষিক হয়, সংবিধানই প্রাধান্য পাবে।

প্রশ্ন :

প্রথম আলো: কেউ বলছেন রাষ্ট্রপতির পদ একটি লাভজনক পদ, আবার কেউ বলছেন রাষ্ট্রপতি পদ লাভজনক নয় অলাভজনক, সে ব্যাপারে সংবিধান আসলে কী বলে?

খুরশীদ আলম খান: সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদে নিয়োগের যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এগুলো মেনেই রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির পদ যে লাভজনক—সংবিধানের কোথাও এমনটা বলা হয়নি। এ কারণে এটাকে লাভজনক পদ বলার কোনো সুযোগ নেই। তা ছাড়া রাষ্ট্রপতি পদটি একটি আলংকারিক পদ, তিনি রাষ্ট্রের প্রধান। অন্য কোনো পদ বা অবস্থানের সঙ্গে তার তুলনা চলে না। রাষ্ট্রপতি অবশ্যই লাভজনক পদ নয়, এটাকে অলাভজনক পদ হিসেবেই বিবেচনা করতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক সংবিধানের ৬৬ অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (২) (চ) এবং (৩)-এর বরাত দিয়ে বলেছেন, সংবিধানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্য যে পদগুলোকে লাভজনক নয় বলা হয়েছে, তা শুধু সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। তাঁর এই ব্যাখ্যা নিয়ে আপনার মন্তব্য কী?

খুরশীদ আলম খান: যথাযথ সম্মান জানিয়ে আমি তাঁর সঙ্গে এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করছি। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা ওনার নিজের ব্যাখ্যা। উনি যে লেখাটা লিখেছেন, সেই লেখায় কিছু কনফিউজিং বিষয় আছে। তাঁর বোঝাপড়ায় ভুলভ্রান্তি থাকতে পারে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। আমার কাছে মনে হয়েছে, তিনি তঁার নিজের ব্যাখ্যা বা বক্তব্য নিয়ে কনফিউজড। আমি মনে করি, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (২) (চ) এবং (৩) অনুসারে রাষ্ট্রপতি পদকে কোনোভাবেই লাভজনক বলা যায় না।

প্রশ্ন :

প্রথম আলো: ‘কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি’ শিরোনামে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে রাষ্ট্রপতিসহ ১১টি সাংবিধানিক পদের উল্লেখ আছে। কেউ কেউ বলছেন, এই অনুচ্ছেদের মূল কথা হলো রাষ্ট্রপতিসহ উল্লিখিত ১১টি পদ লাভজনক পদ। আপনি কী মনে করেন?

খুরশীদ আলম খান: সংবিধানের এই ধারা উল্লেখ করে যঁারা রাষ্ট্রপতির পদকে লাভজনক বলছেন, আমি তঁাদের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি। আমার ব্যাখ্যাটা অন্য রকম। রাষ্ট্রপতি যেহেতু একটি আলংকারিক পদ, তাই তঁাকে কোনো বেতন বা পারিশ্রমিক দেওয়া হয় না। তঁাকে যেটা দেওয়া হয়, তা হলো অনারিয়াম বা সম্মানী। তাঁকে কীভাবে সম্মানী দেওয়া হবে, তা সংসদ আইনের মাধ্যমে ঠিক করে। এভাবে তঁাকে সম্মান দেখানো হয়। এ কারণেই রাষ্ট্রপতি পদকে কোনোভাবেই লাভজনক বলা যাবে না। মনে রাখতে হবে, তিনি কোনো প্রজাতন্ত্রের কর্মচারী নন, তিনি প্রজাতন্ত্রের প্রধান।

প্রশ্ন :

প্রথম আলো: রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, তা নিয়ে উচ্চ আদালতের রায়, নির্দেশনা বা পর্যবেক্ষণ কী?

খুরশীদ আলম খান: প্রধান নির্বাচন কমিশনার কিংবা এ রকম আরও কিছু পদ লাভজনক কি না, তা নিয়ে হাইকোর্টে একাধিক রিট হয়েছিল। তবে রাষ্ট্রপতি পদ নিয়ে আমার জানামতে হাইকোর্টে একটি রিট মামলার রায় দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া দেওয়া হয়। তখনো এখনকার মতো একই রকম একটি প্রশ্ন উঠেছিল। হাইকোর্টে একটি রিট মামলা হয়। সঠিক দিন-তারিখ মনে নেই, কিন্তু সেই মামলার রায়ে বলা হয়েছিল, রাষ্ট্রপতি পদটি কোনো লাভজনক পদ নয়। সেই রায় এখনো অ্যালাইভ আছে। সেই রায় এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। সুতরাং উচ্চ আদালতের ব্যাখ্যা অনুসারেও রাষ্ট্রপতির পদটি লাভজনক নয়।

প্রশ্ন :

প্রথম আলো: রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে কাউকে মনোনয়নের আগে আমাদের দেশে সাংবিধানিক ও আইনগতভাবে সেটা পর্যালোচনা করার রীতি বা পদ্ধতি আছে কি? যদি কোনো পদে কাউকে নিয়োগের পর দেখা যায়, সেটা সংবিধানসম্মত বা আইনসংগত হয়নি, তাহলে কী করণীয়?

খুরশীদ আলম খান: ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েই সাধারণত রাষ্ট্রপতি নির্বাচিত হন। কীভাবে এই মনোনয়ন দেওয়া হয়, তা দলের অভ্যন্তরীণ বিষয়। তবে প্রধানমন্ত্রীসহ অন্যান্য আইনপ্রণেতারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন। তঁারা যেহেতু আইন প্রণয়ন করেন, আমরা ধরে নিতে পারি, এ ধরনের নিয়োগের সময় তঁারা সেগুলো যাচাই-বাছাই করেই মনোনয়ন দেন। সংবিধান, আইন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ—এগুলো দেখেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে আমি মনে করি। যদি রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন ওঠে, সে ক্ষেত্রে উচ্চ আদালত রয়েছে। উচ্চ আদালত ব্যাখ্যা দেবেন। কিন্তু এ রকম কোনো প্রশ্ন উঠেছে বলে আমার মনে হয় না।

প্রশ্ন :

প্রথম আলো: দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নিয়োগ পাওয়ার পর এই যে প্রশ্নগুলো উঠেছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

খুরশীদ আলম খান: আমাদের দেশে যখন সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হয়, তখনই নানা রকম বিতর্ক শুরু হয়। কেউ বলেন সংবিধান লঙ্ঘন হয়েছে, কেউ বলেন হয়নি। আমি এ ধরনের প্রশ্ন ও বিতর্ককে ইতিবাচকভাবেই দেখি। কারণ, এর মাধ্যমে মানুষ সাংবিধানিক ও আইনি অনেক বিষয় সম্পর্কে জানতে পারেন। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের বিতর্ক হওয়া ও প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

খুরশীদ আলম খান: আপনাকেও ধন্যবাদ।