বিশেষ সাক্ষাৎকার রেজাউর রহমান লেনিন

সুরক্ষার বদলে তথ্য কুক্ষিগত করাতেই তাদের আগ্রহ বেশি

রেজাউর রহমান লেনিন একজন সার্বক্ষণিক অধিকারকর্মী ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল-তে স্নাতকোত্তর পাস করেন। সুইডেনের লান্ড ইউনিভার্সিটি থেকে টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, ইউনিভার্সিটি অব সিডনি থেকে হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেটাইজেশন এবং দক্ষিণ কোরিয়ার সাংকোংহো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার এশিয়া এনজিও স্টাডিজেও স্নাতকোত্তর করেছেন। সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান থেকে পাঁচ কোটি তথ্য উন্মুক্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

সাক্ষাৎকার নিয়েছেন শেখ সাবিহা আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউর রহমান লেনিন
প্রশ্ন:

সাইবার ও ডিজিটাল নিরাপত্তা কি একই?

রেজাউর রহমান লেনিন: ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রটি কিছুটা সুনির্দিষ্ট। ব্যবহারকারীদের অধিকারের সঙ্গে সম্পৃক্ত। তবে সাইবার নিরাপত্তার পরিসর ব্যাপক এবং সুদূরপ্রসারী পদক্ষেপের একটি বিস্তৃত পরিসর হিসেবে গ্রহণ করা হয়। মানুষ ভার্চ্যুয়াল জগতের বাইরে যেসব অধিকার ভোগ করে, সেই অধিকারগুলো ভার্চুয়াল জগতে নিশ্চিত করা ডিজিটাল নিরাপত্তার লক্ষ্য। আর সাইবার স্পেসের নিরাপত্তার মধ্যে ভার্চ্যুয়াল জগৎ পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ভৌত অবকাঠামো এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত সবকিছু যেমন ফোন বা টিভির নিরাপত্তাও অন্তর্ভুক্ত। সাইবার নিরাপত্তা বিঘ্নিত হলে মানুষের ডিজিটাল নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিঘ্নিত হতে পারে মৌলিক মানবাধিকারও। তবে আমরা সাইবার নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তাকে সাধারণত সমার্থক হিসেবে ব্যবহার করে থাকি এবং দুঃখজনক হলেও সত্য, মানবাধিকার নীতিবিরোধী আলাপ-আলোচনা হয়ে থাকে।

প্রশ্ন:

এই যে আমাদের সাইবার নিরাপত্তা বিঘ্নিত হয়ে তথ্য উন্মুক্ত হয়ে পড়ল। এ থেকে কীভাবে আমাদের ডিজিটাল নিরাপত্তা ভঙ্গ হচ্ছে?

রেজাউর রহমান লেনিন:আসলে আমাদের সাইবার নিরাপত্তা ছিলই না। আরও সহজভাবে বলতে গেলে আমাদের তথ্যের কোনো বেষ্টনী ছিল না। আমরা জানতে পারছি যে আমাদের নাম, ঠিকানা, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর—সব উন্মুক্ত হয়ে গেছে। তার মানে, ব্যক্তির সব গোপনীয় তথ্যই এখন কম্প্রোমাইজড (বিপন্ন)। দুষ্ট লোকেরা এসব তথ্যের নাগাল পেলে নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে লাগাবেন। আরেকটু পরিষ্কার করে বলি। ধরুন, আপনার পরিচয়পত্রে সব তথ্য ঠিক রেখে ছবিটা বদলে দেওয়া হলো। এই পরিচয়পত্র ব্যবহার করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, কর পরিশোধ করেছেন, জমিজমা কিনেছেন। এখন আপনার পক্ষে প্রাথমিকভাবে প্রমাণ করাই কঠিন হবে যে কার্ডের ছবি বদলানো হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট, জমিজমার মালিক আসলে আপনি। আপনি প্রতারণার শিকার হয়েছেন।

যাঁরা মানবাধিকারকর্মী বা হুইসল ব্লোয়ার, তাঁরাও কিন্তু বিপদে পড়তে পারেন। যেমন আপনি হয়তো নাম-পরিচয় গোপন রেখে কাউকে কোনো তথ্য দিতে চাইছেন। তিনি আপনার কাছ থেকে আপনার এনআইডি নম্বর চাইতে পারেন। যাঁকে তথ্য দিতে চাইছেন, তাঁর উদ্দেশ্য অসৎ হলে আপনাকে খুঁজে পাওয়া তাঁর জন্য কঠিন হবে না। অনেকেই উদ্ভাবনমূলক কাজ করে থাকেন। তাঁদের উদ্ভাবন অন্য কেউ দাবি করে বসতে পারেন পরিচয় গোপন কিংবা পরিবর্তন করে। কারণ সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ব্যক্তি হিসেবে আপনার পরিচয়টাই তো ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

প্রশ্ন:

আমরা ২০০৮ সাল থেকে ‘ডিজিটাল বাংলাদেশ’ কথাটি শুনে আসছি। ১৪ বছর পর আসলে সাইবার ও ডিজিটাল নিরাপত্তার দিকে থেকে কতটুকু এগোতে পারলাম আমরা?

রেজাউর রহমান লেনিন: ২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা শুনে আসছি, তবে ২০১৮ সাল থেকে এটা একটা আনুষ্ঠানিক চেহারা পায়। ওই বছরের ১২ ডিসেম্বর থেকে আমরা একটা দিবস পালন করছি। তবে আমি বলব, সাইবার নিরাপত্তা নিয়ে প্রাথমিক ও সামান্য ধ্যানধারণাও আমাদের আছে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ, ডিজিটাল বাংলাদেশ করতে যে ভৌত অবকাঠামো দর্শন, ভৌত অবকাঠামো বা মানবসম্পদ উন্নয়নের দরকার ছিল, সেদিকে আমরা মনোযোগ দিইনি। তিন দফায় সাইবার খাতে সরকার যে ব্যয় করেছে, তার বড় অংশই ঋণ, অনুদান এবং করদাতা সাধারণ মানুষের টাকা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার বলা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের হাই-টেক সিটিকে। সেটি করছে চীনা একটি প্রতিষ্ঠান। দুঃখের কথা হলো, যন্ত্রপাতি থেকে শুরু করে দক্ষ জনবল পর্যন্ত সবই বিদেশিদের ওপর নির্ভরশীল। আত্মনির্ভরশীলতা বাড়াতে না পারলে এই খাতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন।

প্রশ্ন:

বাইরের দেশগুলো সাইবার নিরাপত্তা নিশ্চিতে কী করছে?

রেজাউর রহমান লেনিন: সাইবার খাতে নিরাপত্তা ও অপরাধ নির্ণয়ের ক্ষেত্র নির্দিষ্ট মাত্রায় নিশ্চিত করছে ২০০১ সালের বুদাপেস্ট কনভেনশন। এই কনভেনশনের আওতায় সাইবার অপরাধ প্রতিরোধের একটা রূপরেখা তৈরি হয়, যদিও অনেক ইস্যুই এই কনভেনশনে বিবেচনায় নেওয়া হয়নি। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কার কথাও আলোচিত হয়েছিল সে সময়। ইউরোপের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনকে (জিডিপিআর) ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় সবচেয়ে কঠোর ও কার্যকর বিধিমালা বলে ধরে নেওয়া হয়।

এই বিধিমালার আওতায় ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে যেকোনো প্ল্যাটফর্মে ইউরোপের নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, আইনি পরিকাঠামোর মধ্যে থেকে তার দিকে লক্ষ্য রাখে। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) সাইবার স্পেসে প্রত্যেকের আইনগত অধিকার রক্ষিত হচ্ছে কি না, তার দেখাশোনা করে। ইউরোপীয় দেশ এস্তোনিয়ায় সাইবার হামলার পর থেকে মূলত ইউরোপের আদালত এই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় এগিয়ে আসে।

প্রশ্ন:

ইউরোপের দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান কী?

রেজাউর রহমান লেনিন: আমি আসলে বাংলাদেশকে কোনো তুলনার মধ্যেই আনতে চাই না। আমরা সাইবার স্পেসের কনটেন্ট, ডিজিটাল রাইটস কনটেন্ট এবং সাইবার অপরাধের কনটেন্ট—এই তিন ধরনের কনটেন্ট নিয়ে পরিষ্কার ধারণা রাখি না। কোনটা অধিকার আর কোনটা অপরাধ, সে সম্পর্কেই আমাদের স্পষ্ট ধারণা নেই। ধরুন, আমাদের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার কথা বলা আছে। কিন্তু এটার বিস্তারিত কোনো ব্যাখ্যা আমরা পাইনি। বাংলাদেশে উচ্চ আদালত চাইলে স্বপ্রণোদিত হয়ে এই অনুচ্ছেদের ব্যাখ্যা দিতে পারতেন এবং বিভিন্ন সময় সেই সুযোগ যে পাননি, তা তো নয়। অন্যান্য আইনে কীভাবে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষা করা যায়, সেটাও খুঁজে দেখার অবকাশ ছিল।

২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৩০ ধারার চ উপধারায় বলা আছে, এই অধিকার রক্ষার দায়িত্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। কিন্তু কখনো রাষ্ট্রের বড় ধরনের অপরাধমূলক ঘটনায় আমরা বিটিআরসিকে তার সেই দায়িত্ব প্রয়োজনীয় ও যথাযথভাবে উপযোগিতার ধারণা মনে রেখে পালন করতে দেখিনি।

সরকার এখন উপাত্ত সুরক্ষা আইন করতে চাইছে। উপাত্ত সুরক্ষার বদলে যাদের তথ্য সরকারের প্রয়োজন, সেগুলো কুক্ষিগত করাতেই তাদের আগ্রহ বেশি বলে মনে হয়। আইনের খসড়া তারা ওয়েবসাইটে প্রকাশ করেছে। একটা ই-মেইল অ্যাড্রেস দিয়ে মতামত দিতে বলেছে। ওই অ্যাড্রেসে মতামত দিচ্ছে অল্প কিছু সংগঠন ও ব্যক্তি, যাদের আবার বাংলাদেশের সাধারণ মানুষের নিকট গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো আইন তৈরিতে আরও অনেকের অংশগ্রহণের সুযোগ থাকার দরকার ছিল। সেটা নেই।

নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় ডিজিটাল মাধ্যমে প্রতারিত হলে প্রতিকার পাওয়ার একটা সুযোগ আছে। আদালতের ওপর আস্থা রেখে প্রতারিত মানুষেরা মামলা করছে কি না, করলেও কোনো প্রতিকার পেয়েছে কি না, সে সম্পর্কে আমাদের জানা নেই।

প্রশ্ন:

ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার সুরক্ষায় সরকার কতটা আন্তরিক?

রেজাউর রহমান লেনিন: সরকার যখন আন্তর্জাতিক ফোরামগুলোয় কথা বলে, তখন এক রকম, আর দেশীয় বাস্তবতায় আরেক রকম। বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রাখতে যেকোনো দেশকেই নানা শর্ত মানতে হয়। এর মধ্যে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার সুরক্ষা একটা বড় বিষয়। জীবনের অধিকার, মতপ্রকাশ, ধর্মপালন, সভা-সমাবেশের অধিকার তো আছেই। তো আন্তর্জাতিক ফোরামে যখন আমলারা কথা বলেন, তাঁরা এসব অধিকারের প্রতিশ্রুতি দেন।

কিন্তু সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার নামে দেশে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার করেন। এর প্রধান শিকার মূলত যুবসমাজ। যুবসমাজকে সম্পৃক্ত করে যেখানে সাইবার পরিসরকে সুরক্ষিত করা ও ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকারগুলোর সুরক্ষা নিশ্চিত করার সুযোগ ছিল, সেখানে তাদের মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়ে অপরাধী প্রমাণের জোর চেষ্টা চলে। প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অবৈধ কিন্তু আইনি নজরদারি ব্যবস্থার অস্ত্র হিসেবে, যা তরুণদের নতুন ধারার চিন্তাভাবনা ও ধারণা প্রকাশের জন্য অন্তরায়, অন্তরায় ডিজিটাল বাংলাদেশ গঠনেরও।

প্রশ্ন:

এখন যে আমাদের প্রায় পাঁচ কোটি তথ্য প্রকাশ পেয়ে গেল, এটা কি বৈদেশিক বাণিজ্যেও ক্ষতিকর প্রভাব ফেলবে?

রেজাউর রহমান লেনিন: আমার আশঙ্কা ফেলবে। তথ্যভান্ডারের সুরক্ষা দিতে না পারাটা যেকোনো বিবেচনায় এই যুগে একটি দেশের জন্য বড় ব্যর্থতা, যা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশের আবদারের জন্য অকার্যকর এবং অসম্মানজনক। একই সঙ্গে নির্দেশ করে ‘ডিজিটাল অধিকার’ এবং ‘ডিজিটাল অধিকার নিশ্চিতকল্পে ব্যবস্থাপনা’ শব্দ দুটিকে নিয়ে বাংলাদেশের ঐকমত্য সংজ্ঞা ও ধারণার অভাব রয়েছে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
রেজাউর রহমান লেনিন: আপনাকেও।