প্রথম আলো: জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশের রাজনীতিতে এই ভিসা নীতি কেমন প্রভাব ফেলতে পারে?
মাহবুবউল্লাহ: আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে। আমাদের আশা ও আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশ একটি সত্যিকার ও ভালো গণতান্ত্রিক দেশ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের যেটি প্রাথমিক শর্ত—সুষ্ঠু নির্বাচন—সেটি আজ পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষ করে গত দুটি জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে, সেগুলোকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে এ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এখানে আমার বক্তব্য হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার।
দেশের বয়স ৫০ বছরের বেশি, মোটামুটি বড় একটা সময়, এর মধ্যেও একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারলাম না। এর জন্য এখন কথা বলতে হচ্ছে বহিঃশক্তিগুলোকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। আলাদাভাবে ভিসা নীতিও ঘোষণা করতে হচ্ছে তাদের। এখন এই ভিসা নীতি কতটা ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে, কতটা বিরোধী দলের বিরুদ্ধে যাচ্ছে, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। সব মিলিয়ে এই চাপের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, সেটি আমার কাছে মনে হয় না। বহিঃশক্তির চাপে কোনো কিছু এ দেশে হবে, সেটিও গ্রহণযোগ্য নয়। সবচেয়ে ভালো হতো, আমরা যদি নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারতাম।
আবার এ ধরনের পদক্ষেপের ফলে যে কিছু হয় না, তা-ও নয়। র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে কিছুটা কাজ হয়েছে বলে আমরা আন্দাজ-অনুমান করতে পারি, যেহেতু আগের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন আর হচ্ছে না। এখন বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের যা-ই স্বার্থ থাকুক না কেন, আমাদের কাছে সামনের নির্বাচনটাই মুখ্য বিষয়। সেটি যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে একই সঙ্গে দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলকেও আশ্বস্ত করতে হবে।
প্রথম আলো: বিএনপি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, সুষ্ঠু নির্বাচনে এই ভিসা নীতি বাংলাদেশের জনগণের দাবির প্রতিফলন। বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়েও দাবিতে অনড়। এই পরিপ্রেক্ষিতে ভিসা নীতি বিএনপিকে কেমন চাপে ফেলবে?
মাহবুবউল্লাহ: তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিএনপির চাপে পড়ার কিছু নেই। এ দাবি তো সুষ্ঠু নির্বাচনের জন্যই। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্রিয়াশীল ব্যবস্থা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। ফলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বললে মার্কিন ভিসা নীতির আওতায় পড়তে হবে, সেটি আমার কাছে সুদূরপরাহত মনে হয়। তবে তারপরও বিরোধী দলকে সতর্কতা অবলম্বন করতে হবে এ জন্য যে ভিসা নীতিতে বিরোধী দলের কথাও উল্লেখ করা হয়েছে। এখানে সুনির্দিষ্ট করে বিএনপির নাম বলা হয়নি, আওয়ামী লীগের নামও বলা হয়নি। তবে আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করেই এ ঘোষণা।
প্রথম আলো: আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে। গত দুটি নির্বাচন নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এই ভিসা নীতি আওয়ামী লীগকে কি বেশি চাপে ফেলবে?
মাহবুবউল্লাহ: এটি নির্ভর করবে আওয়ামী লীগের যাঁরা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছেন, তাঁরা এই ভিসা নীতির ফলে কতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তার ওপর। যুক্তরাষ্ট্রে তাঁদের অনেকের বাড়িঘর, সম্পদ বা বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য আছে। অনেকে টাকাপয়সা নিয়ে গেছেন, এমন আলোচনা আছে। সেখানে যদি তাঁরা যেতে না পারেন, তাহলে সেগুলো থাকা না-থাকা সমান হয়ে যাবে। সেদিক থেকে তাঁদের ওপর এটি বড় চাপ নিঃসন্দেহে।
প্রথম আলো: আওয়ামী লীগ মনে করছে, এখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি দুর্বল হয়ে গেল। এটিকে কীভাবে দেখছেন?
মাহবুবউল্লাহ: এ মুহূর্তে তো এসব নিয়ে কিছু বলা যায় না। আরও কিছুদিন বা মাসখানেক সময় যাক, এরপর কী ঘটছে, তা বোঝা যাবে। এখন এ নিয়ে মন্তব্য করাটা ইম্যাচিউরড হয়ে যাবে।
প্রথম আলো: গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটিই আমরা দেখলাম। সেখানে বিএনপির অংশগ্রহণ ছিল না। এই নির্বাচন কি সব মিলিয়ে বিএনপির নেতাদের ওপর চাপ তৈরি করবে?
মাহবুবউল্লাহ: অনেকে বলছেন, গাজীপুর সিটিতে একটি সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত তৈরি হয়েছে। এটি কিন্তু এভাবে বলা যায় না। দেখতে হবে, এ নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি। এখন যিনি বেশি ভোট পেয়েছেন এবং জিতেছেন, তাঁকে কি আসলে সাধারণ মানুষ ভোট দিয়েছেন নাকি আওয়ামী লীগের একাংশ ভোট দিয়েছে, বিএনপির ভোটও তিনি কেমন পেয়েছেন, এ সবই বিচার-বিশ্লেষণের দরকার আছে। আর এক-দুটি নির্বাচনের দৃষ্টান্ত দেখিয়ে আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, তা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই।
প্রথম আলো: গত কয়েক দিনে দেখা গেছে, বিএনপি পথে নেমে সরকারি দলের বাধার মুখে পড়েছে, সংঘর্ষও হয়েছে। এ ক্ষেত্রে বিএনপির কৌশল কী হতে পারে মনে করেন? সরকারি দলের এমন মারমুখী অবস্থানকে কী হিসেবে দেখছেন?
মাহবুবউল্লাহ: বিএনপি কী কৌশলে এগোবে, সেটি তাদের নেতৃত্বই নির্ধারণ করবে। তবে যে সংঘর্ষ হয়েছে, তা আদৌ কাম্য ছিল না। সরকারি দল যে এ ধরনের নজির সৃষ্টি করছে, এটি শুধু বিএনপির ক্ষতি করছে না, তাদের নিজেদেরও ক্ষতি করছে। আমাদের রাজনীতির সমস্যা হলো, আমরা অন্যের দোষত্রুটি খুঁজি, কিন্তু নিজেদের দোষ বুঝতে চাই না বা বিবেচনায় নিই না। বিএনপি তাদের বক্তব্যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে আসছে, তারা তাদের কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছে, যাতে কোনো সহিংসতা না হয়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি জনগণের সম্পৃক্ততা তৈরি করা। কাজেই এখানে যে ঘটনাগুলো ঘটছে, তা খুবই দুঃখজনক। এতে মনে হচ্ছে যে সামনের নির্বাচনটা বোধ হয় সুষ্ঠু হচ্ছে না।
প্রথম আলো: জাতীয় নির্বাচনের খুব দেরি নেই। এ পরিস্থিতিতে তাহলে পথটা কী?
মাহবুবউল্লাহ: এটি এখনই বলা সম্ভব হবে না। তবে এমন উদ্ভট দাবিও আমরা উঠতে দেখেছি, কোনো নির্বাচন না করেই এ সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নেওয়া, অন্তত দুই বছর হলেও। এগুলো সবই হচ্ছে গণতন্ত্রকে ব্যাহত বা পঙ্গু করার জন্য নানা রকম প্রেসক্রিপশন। যদি জনগণের ওপর আস্থা থাকে, বিশ্বাস থাকে, এ ধরনের সংঘাত-সংঘর্ষে জড়িয়ে তো কোনো লাভ নেই। জনগণের দরজায় যেতে হবে। পেছনের দরজা দিয়ে, মানে ভোট কারচুপি করে, ভোটদানে বাধা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মাহবুবউল্লাহ: আপনাকেও ধন্যবাদ।