প্রশ্ন :
বৃষ্টি হলেই কুষ্টিয়া শহরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আপনি কী মনে করছেন?
মুসতানজিদ: কুষ্টিয়া একটা প্রাচীন শহর ও প্রথম শ্রেণির পৌরসভা। আমরা গত কয়েক বছর লক্ষ করছি পৌরসভা সাজানোর পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে। বিশেষ করে, সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে দোকান তৈরি করা এবং ময়লা–আবর্জনার অব্যবস্থাপনা আছে। এটা প্রথম শ্রেণির পৌরসভার মানদণ্ডে পড়ছে না। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হয়নি। কোথাও কোথাও দেখা গেছে, সড়কের তুলনায় নালা উঁচু। এতে সড়কের পানি নালাতে যেতে পারে না। নালা ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা অনেক পিছিয়ে। এতে গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে থাকছে।
প্রশ্ন :
আর কোনো সমস্যা আছে?
মুসতানজিদ: নগরের বসবাস ঘিঞ্জি হয়ে যাচ্ছে। যত্রতত্র বহুতল ভবন নির্মাণ হচ্ছে। আপনি দেখবেন, শহরের কলেজমোড়ে একাধিক বহুতল ভবন হয়ে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিকল্পনা ছাড়াই সবকিছু চলছে।
প্রশ্ন :
তাহলে কী পৌর কর্তৃপক্ষ উদাসীন?
মুসতানজিদ: একা একা কোনো কাজ না করে নগরের সুধীজনদের নিয়ে কী করলে ভালো হয়, সেই পরিকল্পনা পৌর কর্তৃপক্ষের করা উচিত। আমি দীর্ঘদিন ধরে এই শহরে বাস করছি। আমার কাছে মনে হয়েছে এটা তারা করে না।
প্রশ্ন :
পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় বলে থাকে, পৌরসভার বাসিন্দারা তাদের ময়লা আবর্জনা নালায় ফেলে। এতে নালা আটকে যায়। পানি বের হতে পারে না। এ ব্যাপারে কী বললেন?
মুসতানজিদ: জনগণ কিছু ময়লা নালায় ফেলে, এটা ঠিক। কিন্তু পৌর কর্তৃপক্ষ কি বাসিন্দাদের সচেতন করে? ময়লা ফেলার বিষয়ে কি সচেতনতামূলক কোনো সুধী সমাবেশ হয়েছে? কীভাবে কী করতে হবে, সে বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে সরাসরি দোষ চাপানো ঠিক নয়।
প্রশ্ন :
জলাবদ্ধতায় তো সড়কের ক্ষতি হচ্ছে?
মুসতানজিদ: এটা সত্য। আপনি ঠিক ধরেছেন। পানিতে জলাবদ্ধতা হচ্ছে, সড়কের ক্ষতি হচ্ছে। অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ছোট ছোট সড়কে যে সংষ্কার হচ্ছে, সেগুলো খুবই দুর্বল হচ্ছে।
প্রশ্ন :
এই মুহূর্তে আপনার কী চাওয়া? কী করলে ভালো হয়?
মুসতানজিদ: নগরের গুরুত্বপূর্ণ লোকজনদের নিয়ে বসে পরিকল্পনা করে চলতে হবে। এটা নগরপিতাসহ পৌরসভার সবারই ভাবা উচিত। এর বাইরে শুধু ঠান্ডা ঘরের ভেতরে বসে বসে কাগজে–কলমে কাজ করলে সেটা হয় না। সুবিধাভোগীদের কথা শুনে যদি পরিকল্পনা করা হয়, তবে সেই পরিকল্পনাটা সঠিক হবে।