নদী রক্ষা কমিশন: মুখোমুখি সাবেক ও বর্তমান চেয়ারম্যান
চেয়ারম্যান দখলদারদের বাঁচাতে তালিকা সংশোধন করছেন
দেশের নদী দখলদারদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কমিশনের বর্তমান চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দখলদারদের তালিকা, তাঁদের রক্ষাসহ গুরুতর নানা অভিযোগ তুলেছেন সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। দুজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।
প্রশ্ন :
প্রথম আলো: জাতীয় নদী রক্ষা কমিশনের বর্তমান চেয়ারম্যান দখলদারদের সর্বশেষ তালিকাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বলছেন। তাই সংশোধনের পর তা প্রকাশ করবেন বলছেন।
মুজিবুর রহমান হাওলাদার: দখলদারদের তৈরি করা তালিকায় সমস্যা আছে, এটা সংশোধন করতে হবে—এসব যুক্তি দখলদারদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যাতে নানা অসিলায় তাঁদের নাম বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হয়। আমি চেয়ারম্যান থাকাকালেও দখলদারেরা অনেক চেষ্টা করেছেন। বর্তমান কমিশনের চেয়ারম্যান তাঁদের সেসব যুক্তি এখন নিজ থেকে বলছেন। তাঁর কাজ ছিল তালিকা প্রকাশ করে দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া। তিনি সেটা না করে কারিগরি ত্রুটির যুক্তি তুলে তালিকা সংশোধনের মাধ্যমে দখলদারদের রক্ষা করতে চাচ্ছেন।
প্রশ্ন :
প্রথম আলো: বর্তমান চেয়ারম্যানের দাবি, প্রশাসন যন্ত্রে কাজের সুবাদে দেশের ভূমি ও নদী আইন সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা আছে। পারিবারিকভাবে জমিদার হওয়ায় তিনি জমির বিষয়ে ভালো জানেন। কী বলবেন?
মুজিবুর রহমান হাওলাদার: ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। এখনো কারও জমিদারি থাকার কথা নয়। আমি উপজেলা পর্যায়ে ভূমি কর্মকর্তা থেকে শুরু করে ঢাকার জেলা প্রশাসক (রাজস্ব), ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সচিবসহ অনেক দায়িত্ব পালন করেছি। দেশে ভূমি আইনে দক্ষতার বিচারে তালিকা করলে আমার নাম সবার আগে আসবে। আমি নিজে সব আইন পর্যালোচনা করে দখলদারদের তালিকা করেছি। প্রতিটি জেলার ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তাদের সহায়তায় ওই তালিকা করা হয়েছে। এতে ভুল হওয়ার সুযোগ নেই। প্রভাবশালী দখলদারদের রক্ষা করাই এই তালিকা সংশোধনের একমাত্র উদ্দেশ্য হতে পারে।
প্রশ্ন :
প্রথম আলো: দখলদারদের তালিকা তৈরির পর তা নিবন্ধিত কোনো অ্যাপসে রাখা হয়নি। ফলে তা হ্যাক হওয়ার সম্ভাবনা ছিল। তালিকাকে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান কমিশন থেকে এসব অভিযোগ তুলে তা সংশোধনের চেষ্টার কথা বলা হচ্ছে।
মুজিবুর রহমান হাওলাদার: তাঁরা সৎ উদ্দেশ্যে তালিকা সংশোধনের চেষ্টা করলে আমার কোনো আপত্তি ছিল না। আমরা আগে যে ৬৮ হাজার দখলদারের তালিকা করেছিলাম, তা নিয়েও অনেকে আপত্তি তুলেছিলেন। তবে আমরা মুখে মুখে আপত্তি করলেই তো আর হলো না। তাঁদের প্রমাণ দিতে হবে, তাঁরা দখলদার না। বর্তমান চেয়ারম্যান দখলদারদের দাবি মেনে নিয়ে, তাঁদের নাম বাদ দিতে তালিকা সংশোধন করছেন বলে আমার কাছে অনেকে অভিযোগ করেছেন। আমি তার বেশ কিছু প্রমাণও পেয়েছি। তাই আমরা বিষয়টি সবার মধ্যে আলোচনার জন্য তুলেছি।
প্রশ্ন :
প্রথম আলো: বর্তমান কমিশন থেকে বলা হচ্ছে, দেশের নদ-নদী নিয়মিত গতি পরিবর্তন করছে। ফলে এখন যাঁদের দখলদার বলা হচ্ছে, গতি বদলালে তাঁরা দখলদার না-ও থাকতে পারেন। আবার এখন যাঁদের দখলদার বলা হচ্ছে না, তাঁদের জমি নদীর মধ্যে চলে যেতে পারে।
মুজিবুর রহমান হাওলাদার: এসব কথা যাঁরা বলছেন, তাঁরা দেশের ভূমি ও নদী আইন সম্পর্ক জানেন না। কারণ, নদীর গতিপথ বদলালে সেখানে শিকস্তি ও পয়স্তি নিয়মে জরিপ করতে হয়। জমির মালিকানার ধরনেও বদল আসে। এগুলো বুঝতে ভূমি আইনের প্রাথমিক বিষয় জানাই যথেষ্ট। যাঁরা এসব কথা বলেন, তাঁরা হয় না বুঝে বলেন, অথবা কাউকে বাঁচাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন।
প্রশ্ন :
প্রথম আলো: বর্তমান কমিশনকে বিতর্কিত করতে এবং এনজিওদের স্বার্থে আপনি নানা অভিযোগ তুলছেন—কমিশনের এমন অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কী?
মুজিবর রহমান হাওলাদার: আমি জীবনে কখনো কোনো বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি জড়িত ছিলাম—তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। তবে কেউ এই কমিশনের চেয়ারম্যান হয়ে অন্য কোনো বেসরকারি উন্নয়ন বা অন্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমন নিয়ম রয়েছে। বর্তমান চেয়ারম্যান একটি বেসরকারি উন্নয়ন সংস্থারও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নদী কমিশনে যোগ দিয়েও তিনি সেখান থেকে দায়িত্ব ছাড়েননি। সুতরাং এনজিওদের স্বার্থে আমার কাজ করার অভিযোগ অমূলক।