অংশীদারিভিত্তিক সম্পর্কের যুগ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাৎসুশিরো হোরিগুচি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ছিলেন। কূটনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি অধ্যাপনা শুরু করেন। বর্তমানে নিহন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশের ইতিহাস নিয়ে তাঁর লিখিত বই প্রশংসিত হয়েছে। জাপানের নাগরিক সমাজের নানা ধারার প্রতিনিধিত্বকারী নতুন সংগঠন ‘দ্য জাপান-বাংলাদেশ সোসাইটি’র প্রথম সভাপতি তিনি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসন্ন বাংলাদেশ সফরের প্রাক্কালে তিনি কথা বলেছেন জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর।

সাক্ষাৎকার নিয়েছেন মঞ্জুরুল হক

মাৎসুশিরো হোরিগুচি
মাৎসুশিরো হোরিগুচি

প্রথম আলো: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এই বাংলাদেশ সফর থেকে কোন ফলাফল জাপানি পক্ষ প্রত্যাশা করছে?
মাৎসুশিরো হোরিগুচি: দুই দেশের নেতারা এর আগে মে মাসের শেষ দিকে টোকিওতে বৈঠক করার মাত্র তিন মাস পর আবারও তাঁদের এই শীর্ষ বৈঠকে মিলিত হওয়া আসলেই যুগান্তকারী ঘটনা। আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো, ১৪ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রীর ঢাকা সফর। জাপানের প্রধানমন্ত্রীর সর্বশেষ ঢাকা সফর ছিল ২০০০ সালে। এর পেছনে জাপানের অভ্যন্তরীণ রাজনীতির কিছু জটিলতা কাজ করেছে। জাপান যে বাংলাদেশের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে, বর্তমান সফরের মাধ্যমে সেটাও পরিষ্কার হবে।
প্রথম আলো: গত ৫ জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, তা দেশটির প্রধান বিরোধী দল বর্জন করেছে। ফলে এই নির্বাচনের বৈধতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় জাপানের প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ সরকার ৫ জানুয়ারির নির্বাচনের প্রতি জাপানের অনুমোদন হিসেবে প্রচার করতে পারে। এই বাস্তবতায় জাপানি প্রধানমন্ত্রীর সফরকে আপনি কীভাবে দেখছেন?
মাৎসুশিরো হোরিগুচি: প্রধানমন্ত্রী আবে তাঁর অনেক ভাষণেই গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের গুরুত্বের কথা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি, তাঁর এই অবস্থান অনেকের কাছেই পরিচিত এবং বাংলাদেশও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়।
প্রথম আলো: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের সমর্থন চায় টোকিও। বাংলাদেশ এখনো প্রার্থিতা প্রত্যাহার না করায় ঢাকা এই ক্ষেত্রে টোকিওর প্রতিদ্বন্দ্বী, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে জাপান সফরের সময় এ বিষয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাস্তবায়িত হওয়ার সময় তাঁর প্রতিপক্ষকে তিনি হয়তো কিছু একটা সুখবর দিতে পারবেন। এ ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
মাৎসুশিরো হোরিগুচি: আপনার এই প্রশ্নের উত্তরে আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যে আকাঙ্ক্ষা জাপানের রয়েছে, তার প্রতি সমর্থন প্রদানের অঙ্গীকার থেকে বাংলাদেশ কিন্তু কখনোই সরে আসেনি।
প্রথম আলো: এ বছরের মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দুই দেশ সার্বিক অংশীদারি সম্পর্কের সূচনার অঙ্গীকার ব্যক্ত করে যৌথ একটি ঘোষণা প্রচার করেছে। এই সার্বিক অংশীদারি সম্পর্কের কাঠামোর মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে?
মাৎসুশিরো হোরিগুচি: গত মে মাসের শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ সার্বিক অংশীদারি সম্পর্কের সূচনা করেন এবং সেই অংশীদারির বিস্তারিত বিষয়াবলি ও ধরন যত দ্রুত সম্ভব ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। শীর্ষ বৈঠকের পর প্রচারিত যৌথ বিবৃতিতে সুনির্দিষ্ট তিনটি ক্ষেত্রে বেশ কিছু ধারণা ও কর্মসূচির নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথমটি হলো, বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহযোগিতা; দ্বিতীয়টি হলো, পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্যে সহযোগিতা এবং তৃতীয়টি, সাংস্কৃতিক ও নাগরিক পর্যায়ের আদান-প্রদান এগিয়ে নেওয়া। এসব ধারণার ওপর ভিত্তি করে অংশীদারির ধরন ঠিক করে নেওয়া হবে।
প্রথম আলো: শেখ হাসিনার টোকিও সফরের সময় উল্লেখযোগ্য পরিমাণের অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার জাপান করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে নিতে হলে জাপানের সেই আর্থিক সহায়তা কোন খাতগুলোর দিকে প্রবাহিত হওয়া দরকার বলে আপনি মনে করেন?
মাৎসুশিরো হোরিগুচি: আমার মতে, ২০২১ সালের রূপকল্প বাংলাদেশকে বাস্তবায়িত করতে হলে শিল্প খাতের বৈচিত্র্যকরণের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার বাংলাদেশের দেওয়া প্রয়োজন। বাংলাদেশের এই রূপকল্পের লক্ষ্য হচ্ছে, সেই বছরের মধ্যে দেশকে মধ্য আয়ের একটি রাষ্ট্রে পরিণত করা। চীনের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের অভিজ্ঞতার আলোকে বলা যায়, বাংলাদেশের শিল্প খাতের বৈচিত্র্যকরণের জন্য বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। শিল্পের বিকাশের জন্য অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য উন্নত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার কথা যৌথ ঘোষণায় ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ফলে সেই দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম আলো:পূর্ব এশিয়ার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় বিভিন্ন দেশের সমর্থন লাভের চেষ্টা চালাচ্ছে জাপান। এর অংশ হিসেবেই কি জাপান এই বিশাল আর্থিক সহায়তা দিচ্ছে? এর বিনিময়ে জাপান কি কোনো ধরনের রাজনৈতিক সমর্থন প্রত্যাশা করছে?
মাৎসুশিরো হোরিগুচি: পূর্ব এশিয়ার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার বেশ কয়েক দশক আগে থেকেই বাংলাদেশের বেলায় জাপান সবচেয়ে বড় দাতা দেশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। জাপান-বাংলাদেশ সম্পর্ক এখন সার্বিক অংশীদারির পর্যায়ে উন্নীত হওয়ায় বিশাল অঙ্কের এই সাহায্যের প্রতিশ্রুতি জাপান দিয়েছে।
প্রথম আলো:একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রী আবের সঙ্গে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে এবং জাপানি বিনিয়োগকারীরা কেন বাংলাদেশে বিনিয়োগ করায় মিয়ানমারের মতো একই রকম উৎসাহ দেখাচ্ছে না?
মাৎসুশিরো হোরিগুচি:যে একটি কারণ সম্পর্কে আমি অবগত তা হলো, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা অনেক বছর থেকেই বহুমুখী বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর করে নেওয়ার অনুরোধ বাংলাদেশ সরকারের প্রতি জানিয়ে আসছে। তবে সে রকম প্রতিবন্ধকতা অপসারণের প্রক্রিয়া এখন পর্যন্ত খুব ধীর হওয়ায় বিনিয়োগকারীরা সম্ভবত উন্নতির সম্ভাবনার বিষয়ে নেতিবাচক বার্তাই কেবল এর মধ্য দিয়ে পাচ্ছে। অন্যদিকে, মিয়ানমারের বিদেশি বিনিয়োগ পরিবেশ বিষয়ে বিনিয়োগকারীরা আগামী বছরগুলোয় সম্ভাব্য উন্নতি সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করছে, যদিও বর্তমান পর্যায়ে প্রতিবন্ধকতার মাত্রা সেখানে হয়তো বাংলাদেশে আমরা যেমন দেখছি, তার প্রায় সমমাত্রার কিংবা এর চেয়েও খারাপ।
প্রথম আলো:বাংলাদেশ একই সঙ্গে মানবসম্পদের বড় এক সরবরাহকারী দেশ হিসেবে যথেষ্ট পরিচিত। অন্যদিকে জনসংখ্যা
হ্রাস পাওয়ায় জাপান এখন মানবসম্পদের মারাত্মক ঘাটতির মুখে পড়েছে। জাপানের শ্রমের বাজারে বাংলাদেশের শ্রমশক্তি প্রবেশের সম্ভাবনা কতটুকু?
মাৎসুশিরো হোরিগুচি:হ্যঁা, সেই সুযোগ অবশ্যই আছে। বিশ্বায়নের চলমান প্রক্রিয়ার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টায় জাপানের অনেক কোম্পানি এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছে। তবে সমস্যা হলো, অদক্ষ শ্রমিকদের জাপানের শ্রমের বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়ার বেলায় জাপানের সেই খাতের শ্রমিকের মজুরির ওপর নেতিবাচক প্রভাব এটা রাখতে পারে বলে আশঙ্কা দেখা দেওয়ায় কোনো রকম মতৈক্য এই প্রশ্নে এখনো প্রতিষ্ঠিত হয়নি। তবে আমি বিশ্বাস করি, জাপান ভবিষ্যতে বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরশীল হতে বাধ্য হবে।
প্রথম আলো: জাপানের কোনো প্রধানমন্ত্রী সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন আজ থেকে ১৪ বছর আগে। এ সময়ে দুই দেশেই তাৎপর্যপূর্ণ বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই সফরকে কীভাবে দেখছেন?
মাৎসুশিরো হোরিগুচি: জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে ১৪ বছরের ব্যবধান এ কারণে দেখা দেয় যে জাপানকে সেই সময়ে রাজনৈতিক বিভ্রান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল। আপনার প্রথম প্রশ্নের উত্তরে যা আমি আগেই উল্লেখ করেছি। জাপানকে এখন পর্যন্ত বেশ কিছু সমস্যা সামাল দিতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী আবের নেতৃত্বে অনেক দিক থেকেই জাপান এখন পুনরুদ্ধার লাভ করতে শুরু করেছে। বিশ্বায়নের প্রক্রিয়া জোরদার হওয়ার ফল হচ্ছে জাপান ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ার কারণ এর মধ্য দিয়ে দুই দেশ এখন একে অন্যের আরও বেশি কাছে চলে আসছে।
প্রথম আলো: বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর এবং জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্যবর্তী সময়ে বিভিন্ন নাগরিক গোষ্ঠীর অংশগ্রহণে নতুন একটি শক্তিশালী বেসরকারি সংগঠন জাপানে গঠিত হয়েছে। আপনি ‘দ্য জাপান-বাংলাদেশ সোসাইটি’ নামের সেই সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন। এই সংগঠনের মধ্য দিয়ে কোন লক্ষ্য আপনারা অর্জন করতে চাইছেন এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নত করে নেওয়ার জন্য কোনো বার্তা জাপানের নীতিনির্ধারকদের কাছে আপনারা পৌঁছে দিতে চাইছেন?
মাৎসুশিরো হোরিগুচি:পারস্পরিক প্রচেষ্টার মধ্য দিয়ে কয়েক দশক ধরে জাপান-বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং দুই দেশের সম্পর্ক এখন সার্বিক অংশীদারির পর্যায়ে উন্নীত হওয়ায় দ্বিপক্ষীয়
সম্পর্ক নানা দিক থেকেই বৈচিত্র্যময় হয়ে উঠছে। নতুন অংশীদারির সম্পর্কের ধরন উভয় পক্ষ আগামী দিনগুলোয় ঠিক করে নেবে। সে
রকম বিস্তৃত ধারণা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প সামাল দিতে জাপান-বাংলাদেশ সোসাইটির মতো বেসরকারি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আমাদের দুই দেশের সম্পর্ক যে এখন মূলত সাহায্যনির্ভর সম্পর্ক থেকে ঘনিষ্ঠ পারস্পরিক নির্ভরশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কে রূপান্তরিত হওয়ার সন্ধিক্ষণে অবস্থান করছে, সে রকম বোধগম্যতার আলোকে পারস্পরিক সমঝোতা আরও গভীর করে
তুলতে পারার মতো প্রকল্প সমিতি হাতে নেবে। জাপানের সংবাদমাধ্যমে দ্রুত অগ্রগতির পথে যাত্রা করা বাংলাদেশের বাস্তব অবস্থার সত্যিকার প্রতিফলন ঘটানোর কাজেও এই সমিতি সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী।