অন্যায় করে পার পাওয়া যায়, এই বিশ্বাস ভাঙতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রিয়াজুল হক
কাজী রিয়াজুল হক
কাজী রিয়াজুল হক ১৯৭৩ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ২০১০ সালের জুনে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নিযুক্ত হন। ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। গত বছরের আগস্টে তিনি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

প্রথম আলো: ড. মিজানুর রহমানের সাবেক মানবাধিকার কমিশন আইন অধিকার দেয়নি বলে নিজেরা একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত করেনি। আপনার কমিশন কী করছে?

কাজী রিয়াজুল হক: আমি দায়িত্ব নেওয়ার পরে এরূপ যত অভিযোগ আমরা পেয়েছি, তার তদন্ত প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি।

প্রথম আলো: জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সভায় আইনমন্ত্রী বলেছেন, বিএনপির আমলে ২৬১টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল। ২০১৪-১৫তে সেটা কমে ২৫-এ নেমেছে। জেনেভায় আপনি কী বলেছিলেন? 

রিয়াজুল হক: রাষ্ট্র তার অগ্রগতি বলেছে। আমরা বলেছি, যেসব কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, তাতে আমরা উদ্বিগ্ন, এটা যাতে বন্ধ হয়। নিয়ম হলো পৃথকভাবে রাষ্ট্র, মানবাধিকার কমিশন ও এনজিওগুলো বক্তব্য দেয়। সেখানে পাল্টাপাল্টি বা ভিন্নমত প্রকাশের সুযোগ থাকে না। আর রাষ্ট্রপক্ষকে শুধু জাতিসংঘ কমিটির সদস্যরাই প্রশ্ন করতে পারেন।

প্রথম আলো: আইনমন্ত্রীর উপস্থিতিতে আইসিসিপিআর (জাতিসংঘের রাজনৈতিক অধিকারসংক্রান্ত চুক্তি) নিয়ে সেখানে কী কথা হয়েছে?

রিয়াজুল হক: কমিটির সদস্যরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন। কয়েক দিন আগে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটি তাদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে। এতে তারা এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি মানবাধিকার কমিশনকে তার জনবল বৃদ্ধিসহ শক্তিশালী করতে বলেছে। এবং পুলিশের বিরুদ্ধে সরাসরি তদন্ত করার ক্ষমতা কমিশনকে দিতে সুপারিশ করেছে।

প্রথম আলো: বিচারবহির্ভূত খুন, গুম ক্রমশ কমছে কি?

রিয়াজুল হক: মিডিয়ায় যেভাবে আসছে তা অস্বীকার করা যাবে না। আমরা ১২টি খবরের কাগজ থেকে সংখ্যার হিসাব রাখছি। প্রতি মাসে গড়ে ২০ টি কথিত বন্দুকযুদ্ধ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আটটি নিখোঁজ/গুমের তথ্য মিলছে।এখন ওয়েবসাইট থেকেও নেব। ভুক্তভোগী পরিবার খোঁজ নিচ্ছে। আজও (মঙ্গলবার) ড. ইকবাল, যাকে বাস থেকে নামার পরে কথিত পুলিশের গাড়ি তুলে নিয়েছিল, তার বিষয়ে তার পরিবার জানতে চেয়েছে।

প্রথম আলো: পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাতে আইন কি কমিশনকে বাধা দিচ্ছে?

রিয়াজুল হক: আইন বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমরা সরকারের কাছে রিপোর্ট চাইতে পারব। রিপোর্টে সন্তুষ্ট হলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না। না হলে অসন্তুষ্টির কথা সরকারকে জানাব। এখানে আইনের সংশোধন দরকার। এত দিন আমরা কোনো তদন্ত করিনি। আমরা বলেছি, আইনি বাধার কারণে পুলিশের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারব না। তবে এখন আমরা একটা নতুন ব্যাখ্যা দিয়েছি। পুলিশি ‘সম্পৃক্ততা’ থাকলে তার তদন্ত করতে পারব না, তা নির্দিষ্টভাবে বলা নেই। দেওয়ানি আদালতের ক্ষমতা আমাদের রয়েছে। শ্রীপুরে হজরত আলীর মেয়েকে নিয়ে আত্মহত্যার খবর জেনে তদন্ত শুরু করেছি। সরেজমিনে তদন্ত এটাই প্রথম। বনানীর ধর্ষণের ঘটনা যেদিন নজরে এসেছে, সেদিনই তদন্ত কমিটি গঠন করেছি। আমরা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করব। কমিটির সামনে তাদের হাজির হতে সমন দেব। তারা না এলে তাদের অনুপস্থিতিতে তদন্ত হবে। উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে কমিশনের সব সদস্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এবং নিয়মিত শুনানির স্বার্থে দুটি অতিরিক্ত বেঞ্চ করা হয়েছে।

প্রথম আলো: সিডওর (জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ) বিষয়ে বিএনপি সরকারের সাবেক অবস্থানের (তালাকে নারীর অধিকার না থাকাটাই বহাল থাকবে) সঙ্গে আওয়ামী লীগ ও আপনার কমিশনের তফাত কী?

রিয়াজুল হক: পূর্বের সরকারের আমলে অবস্থান ছিল দুটি বিষয়ে বাংলাদেশের কঠোর আপত্তি। বর্তমান সরকার একটু নমনীয় হয়ে বলেছে, সমাজ এটা নিতে এখনো প্রস্তুত নয়। গত নভেম্বরে জেনেভায় আমি বলেছি, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে অগ্রগতি হয়েছে, অতএব আপত্তি তুলে নেওয়ার এখনই উপযুক্ত সময়। অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া কোনো আপত্তি ছাড়াই সিডও অনুস্বাক্ষর করেছে।

প্রথম আলো: তাহলে দেখা যায়, ব্যক্তির বদলে আইনের ব্যাখ্যাও বদলায়। আর কী পরিবর্তন আনবেন?

রিয়াজুল হক: আইনে বলা আছে, ন্যূনতম দুই মাসে একটি সভা হবে। তাই দুই মাসে একটি সভা হতো। এখন প্রতিমাসেই সভা হচ্ছে।

প্রথম আলো: কিন্তু মানবাধিকার কমিশনের মতো সংস্থার স্বাধীনতায় সরকার কতটা বিশ্বাস করে, তার বড় সূচক হলো তার বাজেট কত?

রিয়াজুল হক: বর্তমান অর্থবছরে ৪ কোটি ২০ লাখ টাকা বাজেট ছিল। কিন্তু সংশোধিত বাজেটের বরাদ্দ আমরা সাত কোটিতে নিতে পেরেছি।

প্রথম আলো: এটা শুনে ড. মিজানুর রহমান বলবেন, এই রাষ্ট্র শিক্ষাবিদের চেয়ে সাবেক সচিবকে বেশি পছন্দ করে।

রিয়াজুল হক: না, তা নয়। ভারত, নেপালসহ বিভিন্ন দেশের মানবাধিকার কমিশনের বাজেট কত এবং আইন প্রদত্ত দায়িত্বগুলো কী, তা সরকারকে বোঝাতে পেরেছি। পিয়ন, ড্রাইভারসহ মাত্র ৪৮ জন (১৮ জন কর্মকর্তা) দিয়ে কমিশন এ পর্যন্ত চলেছে। জনবল ১৪০ জনে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি অনুমোদন দিয়েছে। আগে ছিল ৩হাজার, এখন ১৮ হাজার বর্গফুটের অফিস। এখন আমরা বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোকেও আমাদের কার্যালয়ে তাদের সভা করার সুযোগ দিতে পারব।

প্রথম আলো: আসক ও অধিকারের মতো সংস্থাগুলোর কার্যক্রম মানবাধিকার উন্নয়নে কতটা সহায়ক? অনেকের প্রতি সরকারের অসূয়াপ্রসূত মনোভাব অস্পষ্ট নয়। আপনি কীভাবে দেখেন?

রিয়াজুল হক: আমার দুই ধরনের বক্তব্য রয়েছে; তাদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট। তবে তাদের দু-একটি প্রতিবেদন ও তথ্যের ব্যাপারে আমাদের অবস্থানের সঙ্গে মেলে না। যেমন হেফাজতের সমাবেশের মৃত্যুর বিষয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল তা মেলেনি।

প্রথম আলো: হেফাজতের সেই মতিঝিল সমাবেশে সত্যি কী ঘটেছিল, তা আজও রহস্যাবৃত রয়ে গেছে। আপনারাও কিন্তু নীরব থাকলেন।

রিয়াজুল হক: গত রাতেই আমি এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছি। আমি মনে করি, মানবাধিকার কমিশনের দিক থেকে এ বিষয়ে একটি ব্যাপকভিত্তিক তদন্ত হওয়া উচিত। সেদিন আসলে কতজন মানুষ মারা গিয়েছিল? আদৌ কি কারও মৃত্যু হয়েছিল? পুলিশের ভূমিকা কি আগ্রাসী ছিল? নাকি আইনশৃঙ্খলা রক্ষায় তারা বাধ্য হয়েছিল? এর একটা ডকুমেন্টেশন থাকা উচিত।

প্রথম আলো: জনমনে বিশেষ করে মাদ্রাসা অঙ্গনে একটা গভীর সন্দেহ-সংশয় রয়ে গেছে বলে প্রতীয়মান হয়। এর একটা সুরাহা আপনারাই দিতে পারেন।

রিয়াজুল হক: জনমনে একটা ধারণা যেকোনো কারণে তৈরি হয়ে গেলে তার একটা সুষ্ঠু অপনোদন যুক্তিসংগত। আমরা এ বিষয়ে একটা স্টাডি করব। আমি আমার সহকর্মীদের সঙ্গে এ নিয়ে দ্রুত কথা বলব।

প্রথম আলো: ভারতে প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশনের শাখা আছে। আপনারা জেলায় জেলায় যেতে চান না?

রিয়াজুল হক: পরীক্ষামূলকভাবে গত অক্টোবর থেকে আমরা রাঙামাটি ও খুলনায় শাখা খুলেছি। স্বল্পতম সময়ে আমরা সব বিভাগে একটি করে দপ্তর খুলব।

প্রথম আলো: গত সাত মাসে রাঙামাটিতে কী করেছেন?

রিয়াজুল হক: সেখানে শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনীর সঙ্গে পাহাড়ি জনসাধারণের ছোটখাটো ঘটনা ঘটে থাকে। গত ৬ এপ্রিল নানিয়ারচর থেকে ইউনিফর্ম পরিহিত লোকজন কলেজছাত্র রোমেলকে তুলে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা এর ঘটনার তদন্ত করছি।

প্রথম আলো: পার্বত্য চট্টগ্রামের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আপনার কী মূল্যায়ন?

রিয়াজুল হক: সেখানকার মানবাধিকার পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয়।

প্রথম আলো: কেন নেই? কারা এ জন্য দায়ী? হুমকিটা কোথায়? শান্তিচুক্তি বিশেষ করে ভূমির অধিকার ফিরে না পাওয়া সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন বলে আপনি মনে করেন কি না?

রিয়াজুল হক: এই যে প্রত্যাশা অনুযায়ী নেই, তার প্রমাণ রোমেলকে ধরে নিয়ে যাওয়া। শান্তিচুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়াকে আমি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি। যদিও শান্তিচুক্তির অনেক ধারা বাস্তবায়িত হয়েছে। অনেক যুগান্তকারী অগ্রগতি হয়েছে। কিন্তু ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ  যে ভূমির অধিকার, সেটা তারা বুঝে পায়নি।

প্রথম আলো: বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ভূমি কমিশন আইন সংশোধনের পরেও কাজ করতে পারছে না কেন?

রিয়াজুল হক: সম্প্রতি তাঁর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তাঁর জ্ঞান ও সুনাম সুবিদিত। তিনি বলেছেন, তিনি এ বিষয়ে চেষ্টা করছেন। কিন্তু তাঁর একটা সহযোগিতা পাওয়ার বিষয় রয়েছে। যারা এ বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে দুই ধরনের মতামত রয়েছে। সেটা তিনি এখনো হয়তো এক করে উঠতে পারেননি। সেটা পারলে তাঁর নেতৃত্বে আমরা হয়তো একটা ইতিবাচক ফল আশা করতে পারব। শুধু ভূমি অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।

প্রথম আলো: দেখা যাচ্ছে, যেখানে সংখ্যালঘুর অধিকার সেখানেই বিপর্যয়। অর্পিত সম্পত্তি নিয়ে আইন করার পরেও সব স্থবির হয়ে আছে কেন?

রিয়াজুল হক: আমি ব্যক্তিগতভাবে এটা পরীক্ষা করেছি। আমি সদস্য থাকতে কমিশনে একদিন রানা দাশগুপ্ত এসেছিলেন। বললেন, খ তফসিলে মানুষের সম্পত্তি এখনো ঢুকছে। আমরা হিন্দুরা মনে হয় এ দেশে থাকতে পারব না। আমি তৎকালীন আইনমন্ত্রীকে বলেছিলাম, যদি প্রতিদিনই অর্পিত সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে, তাহলে দেশের মানুষ থাকবে কী করে? তিনি বললেন, আমার নিজের সম্পত্তিও ‘অর্পিত’ হয়ে গেছে। এরপর আইন মন্ত্রণালয় কয়েকজন মন্ত্রীকে নিয়ে বড় সভা হলো। সিদ্ধান্ত হলো, খ তফসিল রাখারই দরকার নেই। কারণ, এতে যেসব সম্পত্তি অর্পিত হিসেবে দেখানো হয়েছে, তা ন্যায্যভাবে করা হয়নি। আমি খুব খুশি হলাম। আর কোনো সম্পত্তি অর্পিত হবে না; বরং যা ঢুকেছে তারও বিলুপ্তি ঘটবে। জানা যায়, প্রধানমন্ত্রী খ তফসিল বাতিল করেছিলাম। হিন্দুরা আশার আলো দেখেছিলেন। কিন্তু কোনো এক সার্কুলারের জন্য তারা সুফল পাচ্ছে না। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। এটা কালো আইন। এ-সংক্রান্ত বইটার রংও ছিল কাল।

প্রথম আলো: ভারতে কিছু জায়গায় অবৈধ বাংলাদেশি হিন্দু অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার উদ্যোগকে কীভাবে দেখেন?

রিয়াজুল হক: আমি আগপিছু জানি না। তাই কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে ১৯৬৫ সাল থেকে হিন্দুরা দেশত্যাগের যে যাত্রা শুরু করেছিল, সেই ধারা পুরোপুরি বন্ধ করতে হবে। ভারতের বর্তমান সরকারের নীতি কী, তা ঠিক জানি না। তবে আমাদের উচিত হবে, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, যাতে অন্য ধর্মের লোকেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় বাংলাদেশ ছেড়ে চলে না যায়।

প্রথম আলো: দেশে ধর্ষণের ঘটনা এতটা বেড়ে গেছে কেন?

রিয়াজুল হক: অন্যায় করে পার পাওয়া যায়—এই মানসিকতায় অনেককেই পেয়ে বসেছে। একশ্রেণির উচ্ছৃঙ্খল অসৎ মানুষের মনের মধ্যে এটা তৈরি হয়েছে, সে কারণেই এটা ঘটছে। তাদের এই বিশ্বাস ভেঙে দিতে হবে। যত দিন পর্যন্ত অন্যায় করলে তাকে আইনে কাঠগড়ায় দাঁড় করাতে না পারব, তার বিচার ও শাস্তি দিতে না পারব, তত দিন এ প্রবণতা বাড়তেই থাকবে। হঠাৎ করে এটা বৃদ্ধি পাবার কারণ, যারা এটা দমনের দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারার কারণে এ প্রবণতা বাড়ছে। গ্রাম ও শহর উভয় থানা এলাকায় এটা ঘটছে। যত দিন পুলিশের তদারককারী ঊর্ধ্বতনেরা দায়ী পুলিশকে শাস্তির আওতায় আনতে না পারবেন, তত দিন এটা বাড়তেই থাকবে। একসময় এটা এতটা ব্যাপক হারে হয়ে যাবে, তখন যেকোনো মানুষই রাস্তায় চলতে-ফিরতে ভীত থাকবে।

প্রথম আলো: কারাগারের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আপনার কী মন্তব্য? একটি কারা সংস্কার কমিশন গঠন দরকার কি না?

রিয়াজুল হক: একটি কমিশন হওয়া উচিত। তবে আমরা আইজি প্রিজনকে চিঠি দিয়েছিলাম, তিন বছরের বেশি এবং ষাট বছরের বয়সের ঊর্ধ্বে কত হাজতি রয়েছেন? তাঁরা এর উত্তর দিয়েছেন। গত কয়েক মাসে আমি কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা ও কক্সবাজার জেল পরিদর্শন করেছি। এখন আমরা গুরুত্ব দিয়ে দীর্ঘদিন বিনা বিচারে যাঁরা কারাগারে আছেন, সেটা দেখছি। কক্সবাজার জেলের ধারণক্ষমতা হলো প্রায় ৬০০। কিন্তু সেখানে গত ফেব্রুয়ারিতে লক্ষ করি, ২ হাজার ৮০০ বন্দী আছেন। এর মধ্যে প্রায় ২৩০ জন দণ্ডিত। বাকি ২ হাজার ৫০০ বিচারের অপেক্ষায় আছেন। বিচারে দণ্ডিত হওয়ার হার হচ্ছে ১০ ভাগ। যদিও এ নিয়ে কখনো কোনো সমীক্ষা হয়েছে বলে আমার জানা নেই। তার মানে যে ২ হাজার ৫০০ কক্সবাজারে পড়ে আছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ১০ ভাগের মতো হয়তো শাস্তি হতে পারে। বাকিরা নিরপরাধ। তদন্তে দীর্ঘসূত্রতা বিচার বিলম্বিত হওয়ার অন্যতম কারণ। যেসব মামলা আন্তর্জাতিকভাবে চাঞ্চল্যকর, তেমন অনেক মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।

প্রথম আলো: এ রকম দু-একটি মামলার নাম বলুন।

রিয়াজুল হক: (হেসে) সেটা আপনি ভালো জানেন। যেমন ত্বকী হত্যা মামলা এখনো ঝুলে আছে। চার বছরেও তদন্ত হয়নি। কেন হয়নি সেটাই আমাদের জিজ্ঞাসা।

প্রথম আলো: ইলিয়াস আলীকে ভুলে গেছেন?

রিয়াজুল হক: না, ভুলে যাইনি। তাঁরটা গুমের মামলা। আমি বলছি, যাঁরা নিহত হয়েছেন। সিলেটের খাদিজা হত্যাচেষ্টার পরে বদরুল ধরা পড়ল। আমি বললাম, এর অভিযোগপত্র ১৫ দিনেই সম্ভব।

প্রথম আলো: ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কীভাবে দেখছেন? মীর্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ডজন ডজন মামলার তদন্ত হবে না, কিন্তু ঝুলতে থাকবে। এসব দেখার এখতিয়ার আপনাদের নেই? এ নিয়ে কথা বলতে বেশি সীমাবদ্ধতা অনুভব করেন কি? 

রিয়াজুল হক: কথা বলব না কেন? তবে এই সংস্কৃতি এক দিনে গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে চলছে। এই কালচার বন্ধ করা উচিত। এই কালচারের মধ্যে একটা প্রতিহিংসার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা ধরে, যখন থাকে না, তখন তাদেরকে ধরে। তবে রাষ্ট্রীয় সম্পত্তি ও সার্বভৌমত্ব যেটা, আমরা হেফাজতের কথাই বলছিলাম, পুরো দেশটাকেই বন্ধ করে দেবে। এটা তো কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। 

 প্রথম আলো: মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা কীভাবে দেখেন?

রিয়াজুল হক: তাদের ভূমিকা অপরিসীম। মানবাধিকার-সংক্রান্ত মামলায় তাদের ভালো ভূমিকা দেখি। গোবিন্দগঞ্জের সাঁওতাল এবং নাসিরনগরের ঘটনায় টিএনও এবং ওসির ত্রুটির কথা বলেছি। আদালতও শক্ত রায় দিয়েছেন। বিনা বিচারে আটকের ক্ষেত্রে কিছু যুগান্তকারী রায় এসেছে।

প্রথম আলো: রাজনৈতিক বা গোষ্ঠীগত দ্বন্দ্বের প্রতিপক্ষ কিছু ক্ষেত্রে সন্দেহভাজন জঙ্গি বা জঙ্গিবিরোধী অভিযানে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ আছে। সরকারের সমালোচকদের জঙ্গি নামকরণের একটা প্রবণতার কথাও বলা হয়। এর পরিণামে একটা নীরব সেলফ সেন্সরশিপ চলছে। আপনার কী মন্তব্য?

রিয়াজুল হক: প্রথমত আমার বক্তব্য হলো, জঙ্গিরা যা করছে সেটা সমাজ ও রাষ্ট্রের জন্য বিরাট হুমকি। তাই তা দমনে আমাদের সবার একটা সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। কিন্তু জঙ্গি অভিযানের নামে নিরীহ লোকেরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তাদের মানবাধিকার লঙ্ঘিত না হয়। সে জন্য কতটা সতর্কতা নিয়ে চলতে হবে, সেটাই পুলিশের দক্ষতা। দ্বিতীয়ত, আমরা জঙ্গি দমন করব। কিন্তু জঙ্গি বলে হত্যা করব না। সর্বোচ্চ চেষ্টা থাকবে জঙ্গিকে ধরে এনে বিচারের স্বার্থে, তথ্য বের করার স্বার্থে আইনের কাছে সোপর্দ করতে হবে। কিন্তু সেটা না করে আমরা দেখতে পাচ্ছি, তারা ধরা পড়ার পরে প্রতিটি ক্ষেত্রে যেন তারা মৃত্যুবরণ করছে। এতে জঙ্গি দমনে সাময়িক অগ্রগতি হতে পারে। কিন্তু তাতে মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। যেখানে উপায় থাকবে না, যেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে কিংবা একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে, সেখানে কখনো উপায় থাকে না। পুলিশকে দক্ষ ও সতর্ক হতে হবে। জীবিত ধরতে ও বিচার করতে হবে। কথায় কথায় গুলি করে মেরে ফেললে চলবে না। জঙ্গি নিধনের নামে কোনো লোককে চট করে ধরে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে। এ জন্য সুপ্রিম কোর্ট ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত যে গাইডলাইনটি দিয়েছেন, তা অনুসরণ করলে ব্যাপক গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন অনেকটাই বন্ধ হয়ে যাবে।

প্রথম আলো: সুপ্রিম কোর্টের ওই গাইডলাইন অনুসরণে সরকারকে বিশ্বস্ত মনে হয় না। এ ঘটনাকে আপনি একটি পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন মনে করেন কি না?

রিয়াজুল হক: গ্রেপ্তারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবাধিকার লঙ্ঘনের শামিল। পুলিশের উচিত সতর্কতার সঙ্গে এটা মেনে চলা।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

রিয়াজুল হক: ধন্যবাদ।