অর্থনীতিতে কিছুটা স্থবিরতা এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী তসলিম
মোহাম্মদ আলী তসলিম

প্রথম আলো: বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি আসলে কেমন?
মোহাম্মদ আলী তসলিম: বিনিয়োগ নিয়ে আলোচনায় আমাদের ব্যবসায়ী গোষ্ঠী কত বড় সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের একটি বড় অংশ বাদ পড়ে গেছে। তাঁরা হয় জেলে গেছেন অথবা পালিয়ে গেছেন বা দেশে থাকলেও ব্যবসা করতে পারেননি। অর্থাৎ, ব্যবসায়ী সম্প্রদায়টিই তখন সংকুচিত হয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু ব্যবসায়ীরা সবাই উঠে আসেননি।
এরপর এই সরকার আসার পর প্রথম দিকে না হলেও দু-তিন বছর পরে দেখা গেল, যেসব ব্যবসায়ী সরকারি দল সমর্থন করেন না, তাঁরা সহজে ব্যবসা করতে পারছেন না। এর একটা অংশ দেশ ছেড়ে চলে গেছেন। যাঁরা আছেন, তাঁরাও নানা শঙ্কায়। যাঁরা এই অবস্থায় থাকেন, আপনি তো আশা করতে পারেন না যে তাঁরা বিনিয়োগ করবেন। সুতরাং যে ব্যবসায়ী শ্রেণিটা বিনিয়োগ করতে পারত, সেই শ্রেণিটা কমে গেছে। অন্যদিকে যাঁরা সরকারি দল সমর্থন করেন, তাঁরা অনেকেই নতুন, নব্য ব্যবসায়ী। তাঁরা হঠাৎ করে ব্যবসায় এসেছেন। আমার মনে হয় না তাঁরা ব্যবসায় দক্ষ হতে পেরেছেন। এ কারণে তাঁরাও কিন্তু বড় অঙ্কের বিনিয়োগ করার মতো পরিস্থিতিতে নেই। আরেকটা কারণে এঁরা বিনিয়োগ করবেন না। কারণ তাঁরা তো নিশ্চিত না যে কত দিন টিকে থাকবেন। কারণ তাঁরা জানেন সরকার বদলে গেলে তাঁদের ব্যবসার ওপর আঘাত আসতে পারে। সুতরাং তাঁরা একধরনের নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন। এ কারণেই শুনছি যে ব্যবসায়ীদের একটি অংশ কানাডা বা অন্য কোনো দেশে বসবাস করার ব্যবস্থা করে নিয়েছেন। এর মাধ্যমে কিন্তু দেশ থেকে বিপুল পরিমাণ অর্থও চলে যাচ্ছে। এসব কারণেই ব্যবসায়ীদের পুঁজি আবার বিনিয়োগ হচ্ছে না।

প্রথম আলো: বিনিয়োগ হচ্ছে না কেন? দুর্বলতা কোথায়?

আলী তসলিম: বিনিয়োগ না হওয়ার পেছনে কারণ হিসেবে ব্যবসায়ীরাই তো বলেন অবকাঠামোর সমস্যার কথা। বিশেষ করে গ্যাসের সংকট একটি বড় সমস্যা। দাম তো আছেই, তার চেয়ে বড় কথা সময়মতো পাওয়া যাচ্ছে কি না। বিনিয়োগ বাড়াতে হলে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান করতেই হবে। বিনিয়োগের আরেকটি সমস্যা হিসেবে ব্যবসায়ীরা বলেন জমির স্বল্পতা ও দামের কথা। এ কারণে তাঁরা বড় শিল্প গড়তে পারছেন না। যে দামে এখন জমি বিক্রি হয়, সেই দামে কিনে শিল্প গড়লে সেই ব্যবসা সহজে সফল হবে না। অন্যান্য দেশে সরকার শিল্প পার্ক করে উদ্যোক্তাদের জমি দেয়। সেটা আমাদের দেশে এখনো নেই।

তবে আমি সবচেয়ে বড় সমস্যা মনে করি দক্ষতার অভাবকে। শিক্ষা খাতে সরকারের তেমন নজরই নেই। আমলাদেরও বিদেশে উচ্চতর লেখাপড়া করানোর জন্য বিদেশে পাঠানো হয়, বৃত্তিরও ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ রকম কিছু নেই। একসময় কমনওয়েলথ বৃত্তি ছিল। এখন তা-ও প্রায় নেই। যেখান থেকে মানব সম্পদ বের হবে, সেখানেই অর্থ ব্যয়ের কোনো আগ্রহ নেই।

সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, এই সরকার আসার পর মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ এক-তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমরা তো আসলে সামাজিক অবকাঠামো গড়তে পারছি না। বরং এই খাতে ব্যয় দারুণভাবে কমিয়ে দেওয়ায় এখানে নতুন কোনো উদ্ভাবনী কাজ হচ্ছে না।

প্রথম আলো: ব্যবসায়ীরা তো আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অনিশ্চয়তার কথাও বলেন...

আলী তসলিম: আইনশৃঙ্খলার সমস্যাও কিন্তু একটি বড় সমস্যা। এই সমস্যা কিন্তু বড় ব্যবসায়ীদের জন্য নয়। ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই এ ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাঁদের ব্যবসা চালাতে অনেককে চাঁদা দিতে হয়। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, এমনকি যুক্তরাষ্ট্রেও বড় ব্যবসায়ীরা হয়তো ৫০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করেন। বাকিটা ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। এই ছোটরাই একসময় বড় ব্যবসায়ী হবেন। এখন শুরু থেকেই যদি তাঁদের দেখভাল না করি, তাহলে তো তাঁরা টিকে থাকতে পারবেন না। অথচ আমরা তাঁদের ধ্বংস করে দিচ্ছি। তাঁদের যদি এখন পদে পদে চাঁদা দিতে হয়, তাহলে তো টিকে থাকতে পারবেন না। চাঁদা দিতে হয় বলে তাঁর হাতে তেমন উদ্বৃত্ত অর্থ থাকে না। আর উদ্বৃত্ত না থাকলে বিনিয়োগ কীভাবে বাড়াবে?

প্রথম আলো: বিশ্ব অর্থনীতির মন্দা আমাদের দেশে কতখানি প্রভাব ফেলছে?

আলী তসলিম: বিশ্ব অর্থনীতিতে একধরনের মন্দা চলছে। বিশেষ করে ইউরোপে অনেক দিন ধরে মন্দা। মন্দার কারণে চাহিদায় এর প্রভাব আছে। রপ্তানিও কমেছে। রপ্তানিতে এবার যে প্রবৃদ্ধি আমরা চাইছি, তা হবে বলে মনে হয় না। আরও উদ্বেগজনক তথ্য হচ্ছে, আমাদের আমদানিও কমে যাচ্ছে। আমদানির প্রায় ৯০ শতাংশ হচ্ছে কাঁচামাল, মধ্যবর্তী পণ্য ও পুঁজি যন্ত্রপাতি। উৎপাদনের সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে। এটাকে আমার অশনিসংকেত মনে হচ্ছে। তেলের দামের কারণে যদি আমদানি কমে, তাহলে ভিন্ন কথা। কিন্তু সামগ্রিক স্থবিরতার কারণে কমলে সেটি একটি খারাপ খবর।

উৎপাদন সূচক পাই আমরা দেরিতে। জিডিপি প্রবৃদ্ধির হিসাব পাব এক বছর পর। সুতরাং সুনির্দিষ্ট করে অনেক কিছুই বলা সম্ভব নয়। কিন্তু আমার কাছে যে পরিসংখ্যান আছে, তা হচ্ছে ব্যাংকঋণ। আমরা অনেক সময় ব্যবসার ভালো-মন্দ অবস্থা বুঝতে পারি ঋণপ্রবাহ দেখে। সেই ঋণপ্রবাহ কিন্তু ভালোমতোই কমে গেছে। এ থেকে মনে হচ্ছে, অর্থনীতিতে খুব সম্ভব কিছুটা স্থবিরতা চলে এসেছে। বিনিয়োগ হচ্ছে না। আমরা যদি অর্থনীতির প্রবৃদ্ধি ৮-এ নিয়ে যেতে চাই, তাহলে বিনিয়োগকে জিডিপির ৩০ শতাংশের ওপরে নিয়ে যেতে হবে। আমাদের বিনিয়োগযোগ্য তহবিল আছে। ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল সঞ্চয় থাকে কম, ফলে বিনিয়োগযোগ্য তহবিলও থাকে কম। কিন্তু এখন দেখছি উল্টো। বাংলাদেশে বিনিয়োগের চেয়ে সঞ্চয় বেশি। অর্থাৎ তহবিল আছে, কিন্তু বিনিয়োগ করা হচ্ছে না।

প্রথম আলো: তারপরও তো আমরা এগোচ্ছি

আলী তসলিম: ’৬০ এমনকি ’৭০-এও বাংলাদেশের মাথাপিছু আয় ছিল চীন ও ভারতের তুলনায় বেশি। ১৯৮০ সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল আমাদের তুলনায় এক-তৃতীয়াংশ কম। আর এখন ওই সব দেশ কোথায় আর আমরা কোথায়? লাওস কিছুদিন আগেও আমাদের তুলনায় অনেক গরিব দেশ ছিল। এখন আমাদের ছাড়িয়ে গেছে। কম্বোডিয়া অনেক পেছনে ছিল, ওরাও আমাদের ছাড়িয়ে যাবে। সুতরাং আমাদের নিচে কে আছে? আফগানিস্তান আর নেপাল। এশিয়ার এই দেশগুলো কিন্তু যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগসহ নানা সংকটে নিমজ্জিত। আর অন্য মহাদেশ ধরলে সা সাহারা আফ্রিকার দেশগুলোই আমাদের সমকক্ষ। আর তাই বাংলাদেশ নিয়ে এত আলোচনার পরেও কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের পরিচয় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। আমরা এখনো এলডিসি বা স্বল্পোন্নত দেশ। আগামী সাত-আট বছর তা-ই থাকতে হবে। আর আমরা যখন এলডিসি থেকে বের হব, দেখা যাবে আরও অনেকেই বেরিয়ে গেছে। তখন হয়তো এলডিসির তালিকায় খুব বেশি দেশ থাকবে না।

প্রথম আলো: তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী?

আলী তসলিম: প্রতিটি দেশেরই একটা অভ্যন্তরীণ গতিময়তা (ইন্টারনাল ডায়নামিজম) থাকে। এটা ইয়েমেনেও তৈরি হচ্ছে, আফগানিস্তানেও আছে। এত বোমাবাজির মধ্যেও তারা আটকে নেই। কারণ মানুষ হিসেবে সবাই টিকে থাকার চেষ্টা করে। যত বাধাই আসুক, একজন মানুষ ঠিকই তার কাজটি করার চেষ্টা করে। আমাদের স্বাধীনতার একটি বড় অর্জন হচ্ছে একটি ভালো উদ্যোক্তা শ্রেণি তৈরি হয়ে গেছে, যা আগে ছিল না। একসময় বাংলাকে বলা হতো সুজলা সুফলা। তখনো কিন্তু দেশীয় ব্যবসায়ী গ্রুপ ছিল না। এই যে বিরাট একটি উদ্যোক্তা শ্রেণি গড়ে উঠেছে, ওরা তো টিকে থাকবে। ওরা ওদের কাজ ঠিকই করে যাবে। ফলে একটা বড় ধরনের অভ্যন্তরীণ গতিময়তা থাকবে, যা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, এ ধরনের গতিময়তা দিয়ে হয়তো আমরা ৫ বা ৬ শতাংশ প্রবৃদ্ধি করতে পারব। এর বেশি যেতে হলে একটা ধাক্কা লাগবে। সেই ধাক্কার জন্য সরকারকে সঠিক কাজটি করতে হবে। একটি জিনিস খেয়াল করলে দেখা যাবে, আমরা কিন্তু ৬ শতাংশ প্রবৃদ্ধিতে সেই ১২ বছর ধরে আটকে আছি। অর্থাৎ ওই ধাক্কাটা আমরা এখনো দিতে পারিনি। এর জন্য দরকার ছিল আমাদের শিক্ষাব্যবস্থাকে ঠিক করা, সুযোগগুলো কাজে লাগানো, আইনগুলো ঠিক করা।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

আলী তসলিম: আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাৎকার নিয়েছেন: শওকত হোসেন

আরও পড়ুন: