আগে জানালেও পরিস্থিতি বদলাত না: আতিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ সম্মেলনে আতিউর রহমান
গতকাল সংবাদ সম্মেলনে আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গতকাল পদত্যাগ করার পর দুপুরে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন। এরপর প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে আলাদা কথা বলা হয়। সংক্ষিপ্ত ওই সাক্ষাৎকারে তিনি পদত্যাগের প্রেক্ষাপট এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন।
প্রথম আলো: রিজার্ভ চুরির ঘটনাটি কীভাবে হলো?
আতিউর রহমান: আমি আইটি বা তথ্যপ্রযুক্তির মানুষ না। আমি বুঝতে পারি নাই। তবে বিদেশ থেকে আনা আইটি বিশেষজ্ঞরা আমাকে যা বুঝিয়েছেন তা হলো, এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে এসেছে। ওয়েবের মাধ্যমে হতে পারে, ই-মেইলের মাধ্যমে হতে পারে, সুইফটের (আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক) যে আরটিজিএস (দেশের মধ্যে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা) লেনদেনের সংযোগ আছে, তার মাধ্যমে আসতে পারে। এভাবে একটা ম্যালওয়্যার ঢুকে পড়েছে। এটা এসেছে জানুয়ারি মাসে। এসে এখানে বসে ছিল। বসে থেকে যে অ্যাকাউন্টগুলোতে আমরা অর্থ পেমেন্ট করি, হুবহু ওরকম একটা ইনভয়েস তৈরি করেছে পাসওয়ার্ডসহ। এ রকম ৩৫টা ইনভয়েস তৈরি করা হয়। এগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়। ৫টি অর্ডার বাস্তবায়নের পর দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের সন্দেহ হয়। তখন তারা বাকি ৩০টার ক্ষেত্রে অর্থ পরিশোধ বন্ধ করে দেয়। তারপর তারা আমাদের রিকনফার্ম করার জন্য বার্তা পাঠায়। কারণ অর্থগুলো অন্য ব্যাংকে যাচ্ছিল। কিন্তু আমাদের অসুবিধা হয়েছে যে সেদিন ছিল ছুটির দিন। তাই আমরা উত্তর দিতে পারিনি। আবার সুইফটের যে প্রিন্টার, সেটাও ম্যালওয়্যার নষ্ট করে ফেলে। এতে উত্তর দিতে দেরি হয়ে যায়। কিন্তু তারা উত্তর না পেয়ে সঙ্গে সঙ্গে অর্থ স্থানান্তর করে দিয়েছে। আমরা যে পরের দিন জানালাম ওই পর্যন্ত তারা অপেক্ষা করতে পারত।

প্রথম আলো: কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের কেউ জড়িত আছে বলে মনে করেন?

আতিউর রহমান: যদি বাংলাদেশ ব্যাংকের ভেতরের কেউ থাকেন, সেটাও বের করা হবে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব তদন্ত করেছে। আমি তাদের প্রথম দিনই বলেছিলাম যাদেরই দায়ী পাওয়া যাবে তাদেরই যেন ধরা হয়। দেশে বা বিদেশে যে-ই হোক। তবে আমার মনে হয় এখন কীভাবে এটা হলো সেটা বের করা বেশি প্রয়োজন। কীভাবে ম্যালওয়্যার এসেছে তা-ও জানা দরকার। প্রতিরোধ করতে কী ধরনের সাইবার ফায়ারওয়াল লাগবে তা ঠিক করা দরকার। এমনকি লেনদেনের প্রক্রিয়াটিও ঠিক করা দরকার। আমরা যে আদেশ দিলাম, আর সঙ্গে সঙ্গে অর্থ পরিশোধ করা হয়ে গেলে, এটা বদলানো দরকার। আমরা এরই মধ্যে তা করেও ফেলেছি। আদেশ যাবে, তারপর ই-মেইলে আবার তা যাবে, সবশেষে ফ্যাক্সেও যাবে। সবগুলো মিললে তবেই অর্থ পরিশোধ করা হবে—এমন ব্যবস্থা করা হয়েছে।

প্রথম আলো: এ কাজে কেন্দ্রীয় ব্যাংকে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের কি কোনো অবহেলা ছিল?

আতিউর রহমান: হয়তো অবহেলা ছিল। এ কারণেই তো বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া হলো। তাঁদের তো ডিলিং রুমের ব্যাক অফিসে যাওয়া উচিত ছিল, দেখা উচিত ছিল কী হয় সেখানে।

প্রথম আলো: এখন আপনার পরামর্শ কী?

আতিউর রহমান: আমরা যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ এনেছি, তাঁকে দিয়ে পুরো ব্যাংকিং সিস্টেমটা পরীক্ষা করা দরকার। কী কী দুর্বলতা আছে সেগুলো দেখে তারপর করণীয় নিয়ে ব্যবস্থাপত্র দেবেন। সেটা আমি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অনুমোদন নিয়ে রেখেছি। আশা করি নতুন গভর্নর সেগুলো অব্যাহত রাখবেন। কেবল বাংলাদেশ ব্যাংকই নয়, প্রতিটি ব্যাংকের ক্ষেত্রেই এটি করা দরকার। প্রতিটি ব্যাংকে সাইবার দুর্গ গড়ে তুলতে হবে। অর্থাৎ পুরো ব্যাংকিং খাতে এটা করতে হবে। আমাদের আইটিতে এখন অনেক বেশি বিনিয়োগ করতে হবে। যাঁরা এ-সংক্রান্ত কাজগুলো করেন, তাঁদের দক্ষতা বাড়াতে হবে। প্রশিক্ষণ দিতে হবে। এসব কাজ দ্রুতগতিতে করা উচিত বলেই আমি মনে করি।

প্রথম আলো: একটি বড় অভিযোগ হচ্ছে, আপনি সময়মতো জানাননি। এটা কেন?

আতিউর রহমান: এমন একটি সাইবার অ্যাটাক এসেছিল তা ভূমিকম্পের মতো, অনেকটা সন্ত্রাসী আক্রমণের মতো। কোথা থেকে এল, কী করে এল, সেটা দেখা বা বোঝার জন্য সময় লেগেছে। যখনই বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে টাকাটা আদায় করার চেষ্টা করেছি। যেখানে গেছে, সেখানকার ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করার চেষ্টা করেছি। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সঙ্গে নিজে টেলিফোন করেছি, চিঠি লিখেছি। অর্থাৎ, সবকিছু নিয়ন্ত্রণে এনে তারপরই অর্থমন্ত্রীকে সব জানিয়ে চিঠি লিখেছি। অন্যদেরও জানিয়েছি। বাংলাদেশ ব্যাংক একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক। তার কিছু প্রটোকল আছে। সুতরাং সে তার নিয়মমতো কাজ করেছে। যদি সময়ের সামান্য ব্যত্যয় হয়ে থাকে, সে জন্য তো এত বড় অভিযোগ করাটা আমার মনে হয় ঠিক না। আগে জানানো হলেও এখনকার এই পরিস্থিতির কোনো অদলবদল হতো না। এখনকার পরিস্থিতিই থাকত। বরং আমার ভয় ছিল যে যদি জানাজানি হতো, তাহলে টাকাটা যে আটকালাম, সেটাও হয়তো পারতাম না। তবে বিচার-বিবেচনায় ভুল বা ‘এরর ইন জাজমেন্ট’ কারও কারও হতেই পারে। সেটার নৈতিক দায়িত্ব নিয়েই তো আমি বিদায় নিলাম।