
প্রথম আলো: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে আপনারা নাসিরনগরে গিয়েছিলেন। আপনাদের অভিজ্ঞতা কী?
রানা দাশগুপ্ত: আমরা দেখলাম, সেখানকার মুসলমান সম্প্রদায়ের সাধারণ মানুষ হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা করেননি। বরং হামলা প্রতিরোধ করতে গিয়ে কয়েকজন আহতও হয়েছেন। এই ঘটনা আমাদের মনে আশা জাগায়। কিন্তু প্রশাসনের কর্মকাণ্ডে আমরা আশা বা আস্থা কোনোটাই রাখতে পারছি না।
আমরা মনে করি, এই হামলার পেছনে সেই অপশক্তিই কলকাঠি নেড়েছে, যারা বাংলাদেশকে সংখ্যালঘু-মুক্ত করতে চায়। নাসিরনগরে যে সমাবেশ থেকে হামলা হয়েছে, সেই সমাবেশের আয়োজক ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত ও হেফাজতে ইসলাম। আর আওয়ামী লীগেরও একাংশ তাদের সঙ্গে যোগ দিয়েছে। জেলা আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার প্রমাণ করে যে ঘটনায় তাঁদের সম্পৃক্ততা ছিল।
প্রথম আলো: স্থানীয় সাংসদ ও মন্ত্রী ছায়েদুল হকের সংবাদ সম্মেলনে কি আশ্বস্ত হয়েছেন?
রানা দাশগুপ্ত: না, তিনি আশ্বস্ত হওয়ার মতো কোনো কথা বলেননি। যেই প্রশাসন হামলাকারীদের প্রশ্রয় দিয়েছে, মন্ত্রী মহোদয় সেই প্রশাসনকে আগলে রেখেছিলেন। সরকার ইউএনও ও ওসিকে প্রত্যাহার করেছে। কিন্তু প্রত্যাহার তো শাস্তি নয়।
প্রথম আলো: মন্ত্রী চ্যালেঞ্জ করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ করে তিনি কোনো আপত্তিকর মন্তব্য করেননি। এটি প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন।
রানা দাশগুপ্ত: আমি মনে করি, মন্ত্রী যেহেতু তাঁর নিজের নির্বাচনী এলাকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেই কারণে তাঁর পদত্যাগ করা উচিত।
প্রথম আলো: মন্ত্রী অভিযোগ করেছেন, ঐক্য পরিষদের নেতারা সেখানে গেলেও তাঁর সঙ্গে দেখা করেননি।
রানা দাশগুপ্ত: তাঁর নির্বাচনী এলাকায় হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা হলো, সে ক্ষেত্রে তো ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে তাঁরই এসে দেখা করা কর্তব্য ছিল। আর জনপ্রতিনিধিত্বের কথা বললে তিনি একটি নির্বাচনী এলাকার প্রতিনিধি। আর আমি বাংলাদেশের আড়াই কোটি সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করি।
প্রথম আলো: নাসিরনগরের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বলছে, অপরাধীরা কেউ পার পাবে না।
রানা দাশগুপ্ত: সরকার তাদের গ্রেপ্তার করেছে ২৯৫-এর ক ধারায়। এতে সুষ্ঠু বিচার পাওয়া যাবে না। গ্রেপ্তার হওয়ার পর তারা জামিন নিয়ে বেরিয়ে আসবে। এ কারণেই আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি করছি এবং সেই আইন না হওয়া পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের দাবি জানাই।
প্রথম আলো: ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সংখ্যাগুরু সম্প্রদায়ের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ আসছে কি?
রানা দাশগুপ্ত: সচেতন নাগরিকদের একটি ছোট্ট অংশ প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু জোরালো প্রতিবাদ দেখছি না।