ই-টিকিটিং হলে সুন্দরবন ভ্রমণের জন্য বন বিভাগে যোগাযোগ করতে হবে না

সুন্দরবন ভ্রমণে পর্যটকদের জন্য চালু হচ্ছে ই-টিকিটিং ব্যবস্থা। ফলে একজন পর্যটক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজে সুন্দরবন ভ্রমণের তথ্য জানতে ও টিকিট কাটতে পারবেন। সুন্দরবন ভ্রমণে ই-টিকিটিং ব্যবস্থা চালুর বিস্তারিত নিয়ে প্রথম আলো কথা বলেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও ওই প্রকল্পের ফোকাল পারসন আবু নাসের মোহসিন হোসেনের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু নাসের মোহসিন হোসেন

প্রশ্ন :

সুন্দরবন ভ্রমণে ই-টিকিটিং ব্যবস্থা কী?

আবু নাসের মোহসিন হোসেন: ই-টিকিটিং ব্যবস্থা হলো অনলাইনে ওয়েবসাইট-ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা। ওই ওয়েবসাইট ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণের টিকিট কাটা যাবে।

প্রশ্ন :

ই-টিকিটিং ব্যবস্থা চালুর প্রকল্প কেন নেওয়া হয়েছে?

আবু নাসের মোহসিন হোসেন: প্রধানমন্ত্রী দপ্তরের এ টু আই প্রকল্পের আওতায় বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা সহজ করার ক্ষেত্রে ডিজিটাল সেবা পদ্ধতি চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সুন্দরবন ভ্রমণে নাগরিক সেবা সহজ করতে ওই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন। এ জন্য তাঁদের নৌযানভাড়া, ভ্রমণের অনুমতি, স্থান নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রমের জন্য বন বিভাগের দপ্তরে আসতে হয়। ই-টিকিটিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের আর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে না। তখন তাঁরা ঘরে বসেই সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারবেন। মুঠোফোন অ্যাপসের মাধ্যমেও ওই সেবা পাবেন পর্যটকেরা।

প্রশ্ন :

কবে নাগাদ ওই পদ্ধতি চালু হবে?

আবু নাসের মোহসিন হোসেন: গত বছরের নভেম্বর থেকে ওয়েবসাইট তৈরির কাজ শুরু করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেকনোভিস্তা লিমিটেড। বন বিভাগ ও সুন্দরবন ভ্রমণে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ইতিমধ্যে দুই দফা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কী কী তথ্য ওই ওয়েবসাইটে থাকবে, তা জানানো হয়েছে। বর্তমানে ওয়েবসাইট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১ এপ্রিল থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ওই পদ্ধতি চালু করা হবে। আশা করা যায়, আগামী ভ্রমণ মৌসুম থেকে পর্যটকেরা পুরোপুরি ওই সেবার আওতায় আসবেন।

প্রশ্ন :

ওই ওয়েবসাইটের মাধ্যমে পর্যটকেরা কী কী সেবা পাবেন?

আবু নাসের মোহসিন হোসেন: ওয়েবসাইটে সুন্দরবনের পর্যটন এলাকাগুলো উল্লেখ করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোর পরিচিতি ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। একজন পর্যটক কোথায় কতটুকু সময় অবস্থান করতে পারবেন এবং সেখানে দেখার মতো বিষয়গুলো আগে থেকেই জেনে নিতে পারবেন। প্রাথমিকভাবে এক দিনে ভ্রমণ করার জন্য পূর্ব বন বিভাগের করমজল ও হাড়বাড়িয়া এবং পশ্চিম বিভাগের গলাগাছিয়া ও দোবেকি ভ্রমণস্থানের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে খুলনা রেঞ্জের আওতাধীন নতুন চালু হতে যাওয়া কালাবগী ও শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রের তথ্য সেখানে থাকবে। স্থানগুলোতে পর্যটকেরা কখন প্রবেশ ও বের হবেন, সে সম্পর্কেও সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রাতে অবস্থান বা দু-তিন দিনের ট্যুরের জন্য নির্দেশনা এবং সুন্দরবন বিভাগের নিবন্ধনকৃত ট্যুর অপারেটরদের পরিচিতি উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটে ঢুকে পর্যটকেরা পছন্দমতো ট্যুর অপারেটরদের প্যাকেজ ঠিক করতে পারবেন।

প্রশ্ন :

সুন্দরবনে পর্যটক নিয়ন্ত্রণের প্রয়োজন কেন?

আবু নাসের মোহসিন হোসেন: সুন্দরবন হলো জীববৈচিত্র্যের আধার। ভ্রমণস্থানগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক প্রবেশ করলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এ কারণে দিনের সময় ভাগ করে পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে একদিকে যেমন একসঙ্গে অধিক পর্যটকের সমাবেশ কমানো সম্ভব হবে, অন্যদিকে জীববৈচিত্র্যও রক্ষা করা যাবে।

প্রশ্ন :

সুন্দরবন থেকে অন্যান্য রাজস্ব আহরণের ক্ষেত্রে ওই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পরিকল্পনা আছে?

আবু নাসের মোহসিন হোসেন: সুন্দরবনের ওপর নির্ভরশীল বন বিভাগের আওতায় ১২ হাজারের বেশি নৌকা ও ট্রলারকে অনুমোদন দেওয়া আছে। ওই অনুমোদনের আওতায় সারা বছর কয়েক লাখ জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করেন। এই জেলে-বাওয়ালিদের ডেটাবেইস তৈরির কাজ চলছে। সুন্দরবনের মধ্যে বন বিভাগের ১৬টি স্টেশন ও ১টি জেলেপল্লি (দুবলার চর) আছে। ওই ১৭টি স্থান থেকে বনজীবীরা যেন সহজে রাজস্ব দিয়ে বনে প্রবেশ করতে পারেন, সে ব্যাপারে পরিকল্পনা আছে। তবে প্রাথমিকভাবে আমরা পর্যটনকে ঘিরে এগোতে চাই।