নব্বইয়ের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিক সমাজও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সেই আন্দোলনের প্রাপ্তি–অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন দুই সাংবাদিক নেতা, দ্য ডেইলি অবজারভার–এর সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন কামাল আহমেদ

প্রথম আলো : নব্বইয়ে সাংবাদিকদের আন্দোলন গণতন্ত্রের সংগ্রামে যুক্ত হলো কীভাবে?
ইকবাল সোবহান চৌধুরী : সামরিক শাসন জারি করার অনেক আগেই কিন্তু এরশাদ সাহেব ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিলেন। অনেক সংবাদপত্র বা সাংবাদিকের সঙ্গেও এরশাদের যোগসাজশ ছিল। সাংবাদিক হিসেবে আমরা দুটো বিষয়ে আন্দোলন করতাম। একটা হচ্ছে ওয়েজ বোর্ড, যার জন্য আমরা ২৩ দিন পর্যন্ত সংবাদপত্র বন্ধ রেখেছিলাম এবং সরকার বাধ্য হয়েছিল ওয়েজ বোর্ড গঠন করতে। অন্যটি বন্ধ পত্রিকা দৈনিক দেশ, অবজারভার, বাংলার বাণী—এগুলো যখন বন্ধ হলো তখন। তখন সাংবাদিক ইউনিয়ন অভিন্ন ও শক্তিশালী ছিল। নব্বইয়ের নভেম্বরে সর্বদলীয় ছাত্র পরিষদ গঠিত হলো। ২৭ নভেম্বর ডাক্তার মিলনকে হত্যা করা হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল। তখন তিন জোট আন্দোলন করছিল। সরকারের পক্ষ থেকে সেন্সরশিপ দেওয়া হলো। আমরা বললাম, সেন্সরশিপ নিয়ে কাগজ বের করব না।
প্রথম আলো : আপনারা যখন ২৭ তারিখে কাগজ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন তখন কি সব মালিক রাজি ছিলেন? তাঁদের পক্ষ থেকে কি কাগজ বের করার চেষ্টা হয়নি?
ইকবাল সোবহান চৌধুরী : চেষ্টা তো সব সময় মালিকেরা করে থাকেন। কিন্তু সে সময় ইউনিয়ন এত শক্তিশালী ছিল যে একবার সিদ্ধান্ত নিলে তা সবাই মানতে বাধ্য হতো। আর সেটিই ছিল সাংবাদিকদের শক্তি। তখন আরেকটা বড় শক্তি ছিল প্রেস শ্রমিক ইউনিয়ন। তারা যদি কাজ বন্ধ করে দিত, তাহলে সাংবাদিকেরা কাজ করলেও লাভ হতো না। মালিকেরাও শ্রমিকদের বিপক্ষে যাওয়ার সাহস দেখাতেন না।
প্রথম আলো : ধর্মঘটে মূলত কী কী দাবি ছিল?
ইকবাল সোবহান চৌধুরী : ২৭ নভেম্বর থেকেই এটি শুরু হয়েছিল। সাংবাদিক ইউনিয়ন ছিল সামরিক সরকারের বিপক্ষে। হয়তো সরাসরি আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি নিইনি। কিন্তু ডাক্তার মিলনের মৃত্যুর পর আমরা পেশাজীবীরা সবাই আন্দোলনে সম্পৃক্ত হই।
প্রথম আলো : কাগজ বের করার জন্য সরকারের পক্ষ থেকে কি কোনো চাপ দেওয়া হচ্ছিল?
ইকবাল সোবহান চৌধুরী : সরকারের পক্ষ থেকে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারা ইউনিয়নকে ডেকেছিল। তখন তথ্যমন্ত্রী ছিলেন এ বি এম গোলাম মোস্তফা। কিন্তু আমাদের ঐক্যের সামনে তারা দাঁড়াতে পারেনি। যখন জোয়ার আসে, তখন সেটিকে ঠেকিয়ে রাখা খুব কঠিন।
প্রথম আলো : ইউনিয়নের মধ্য থেকে নতুন নতুন কিছু বিষয়ও তো উঠে এসেছিল?
ইকবাল সোবহান চৌধুরী : আমাদের দাবিগুলোর মধ্যে ছিল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল। যার মধ্যে আমাদের অর্থাৎ সংবাদপত্র নিষিদ্ধ করার ক্ষমতার বিষয়টি ছিল। নির্বাহী আদেশের মাধ্যমে সরকার পত্রিকা বন্ধ করতে পারত এবং পত্রিকা প্রকাশের জন্য অনুমতি নিতে হতো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ রাষ্ট্রপতির কাছ থেকে। আমরা ’৭৪-এর পত্রিকা আইন বাতিল চেয়েছিলাম। এরশাদ সরকারের পতনের পর বিচারপতি সাহাবুদ্দীন সেটি বাতিল করেছিলেন। এর পেছনে মুখ্য ভূমিকা ছিল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের। এখন কোনো সরকার ইচ্ছা করলেই কোনো পত্রিকার প্রকাশনা বন্ধ করতে পারবে না। এই দুটিই আমাদের বড় পাওয়া; তবে পাশাপাশি একটি ক্ষতিও হয়ে গেছে। স্বৈরাচারের আমলে ইউনিয়ন এক থাকলেও পরে বিভক্ত হয়ে গেল। আমরা প্রস্তাব রেখেছিলাম, পত্রিকার মালিক চেয়ারম্যান হতে পারবেন। তবে সম্পাদক হবেন পেশাদার সাংবাদিক। এবং তাতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইনটি এখন থাকলেও বিভিন্ন কৌশলে অভিজ্ঞতার সনদ নিয়ে মালিকেরাই সম্পাদক হয়ে যাচ্ছেন।
প্রথম আলো : নব্বইয়ে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম বা করেছি, সেটিও যে ধরে রাখা গেল না, এটার জন্য দায়ী কে? শুধু রাজনীতিবিদেরাই, নাকি আমাদের মতো সাংবাদিকেরাও?
ইকবাল সোবহান চৌধুরী : আমি এটা দুভাবে বলব। একটি হচ্ছে যখন দেশে গণতন্ত্র থাকবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, তখন সাংবাদিকেরা বা মিডিয়া একটি গণতান্ত্রিক পরিবেশে তাদের ভূমিকা পালন করবে। কিন্তু রাজনীতি যদি সার্বিকভাবে ভালো না থাকে, তাহলে সেটির প্রভাব কিছু না কিছু গণমাধ্যমের ওপর পড়বেই। যেমন আমরা ’৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারাটি বাতিল করতে পেরেছি, কিন্তু এখন গণমাধ্যমের মালিক হয়ে যাচ্ছেন অনেক কালোটাকার মালিক। সেটি কিন্তু আমরা বন্ধ করতে পারিনি। যিনি রাজনীতি করেন বা কালোটাকার মালিক, তিনি পত্রিকা খুললে এবং সেখানে চাকরি করতে গেলে অবশ্যই তাঁদের হয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এক পত্রিকা অন্য পত্রিকার মালিকের বিরুদ্ধে লিখছে এবং সেটা কিন্তু আমরাই লিখছি মালিকের হয়ে। আরেকটা বিষয় হচ্ছে, সেই সময় আমাদের বেতন-ভাতা কম হলেও নৈতিক দৃঢ়তা ছিল। তখন মালিক চাপ দিলে আমরা বলতাম, আপনার চাকরি করব না। কিন্তু এখন মালিক কোনো কিছু করতে বললে প্রত্যাখ্যান করা অনেকের পক্ষেই কঠিন। সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন ঘটেছে, কিন্তু পেশার উন্নয়ন ঘটেনি। সাংবাদিকতার মধ্যে যদি সাহসী ও প্রতিবাদী শক্তি না থাকে, তাহলে সাংবাদিকতা হবে না। নানা কারণে আমরা দুর্বল হয়ে গেছি। আগে সম্পাদকেরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়ার ব্যাপারে তেমন আগ্রহী হতেন না। আর এখন আমরা সাংবাদিকেরাই চেষ্টা করি পরের সফরটিতে আমার নামটা যেন থাকে।
প্রথম আলো : একসময় সরকার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করত বিজ্ঞাপনের কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে। যেটা এরশাদের আমলে আন্দোলনের মাধ্যমে বিলুপ্ত হয়েছে। কিন্তু যারা সুবিধা নিতে ইচ্ছুক এ রকম সাংবাদিকদের সুবিধা দেওয়ার মাধ্যমেই কি সেই নিয়ন্ত্রণের জায়গাটা এসেছে?
ইকবাল সোবহান চৌধুরী : আগে সরাসরি টেলিফোন আসত পত্রিকা অফিসে। অনেক সেন্সর করা হতো। কিন্তু এখন টেলিফোন সেভাবে আসে না। আগে রিপোর্টার স্পটে যেত, রিপোর্ট করত। এখন সেটি হয়ে গেছে সিন্ডিকেটের মাধ্যমে। একজন রিপোর্ট করল আর সেটি সবাইকে দিয়ে দিল। তখন পেশাগত প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন তা নেই।
প্রথম আলো : এখন স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎটা তাহলে কী? এখানে বাধাগুলো কী?
ইকবাল সোবহান চৌধুরী : প্রথমত, নীতি-নৈতিকতার প্রশ্নে আমরা এখন অনেক বেশি নমনীয় বা যাকে আপসও বলা যায়। দুই, আগেও আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এমন ছিলেন, কিন্তু তাঁরা কোণঠাসা থাকতেন। এখন কিন্তু চিত্রটা ঠিক উল্টো। আরেকটা বড় বিষয়, এখন মালিক রিপোর্টারদের ব্যবহার করেন, যাঁরা অর্থনীতির নিউজ করেন, তাঁদের বলা হলো আমার বিষয়টা একটু দেখেন। আবার ক্রাইমে যাঁরা আছেন, তাঁদের বলা হচ্ছে আমার বিষয়টা একটু দেখেন। এভাবেই মালিকেরা এখন সাংবাদিকদের ব্যবহার করছেন। আগে কিন্তু মানিক মিয়া, আহমদুল কবির বা খায়রুল কবির, আহমেদ হুমায়ন সাহেবরা এমনটা করতেন না। আমি যদি দুর্নীতিপরায়ণ না হই, তাহলে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে। তবে আমি যদি সেটি না হতে চাই, তাহলে আমাকে তো কেউ জোর করে দুর্নীতিবাজ বানাতে পারবে না। সমস্যা উত্তরণের বিষয়টি আসতে হবে মাথা থেকে, আর মাথা হচ্ছে দেশ। আপনি যদি দেশের রাজনীতি সুস্থ করতে না পারেন, তাহলে সুস্থ সাংবাদিকতা হবে না। আর ইউনিয়নের বিভক্তিই আমাদের বড় ক্ষতি।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
ইকবাল সোবহান চৌধুরী : আপনাকেও ধন্যবাদ।
আরও পড়ুন: