ইসি গঠন-প্রক্রিয়ায় সব দলকে সম্পৃক্ত করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মোহাম্মদ আবু হেনা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ১৯৯৬ সালের ১২ জুন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে মোহাম্মদ আবু হেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন। মুন্সিগঞ্জের এসডিও হিসেবে সরকারি চাকরি শুরু করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯১-৯৩ সালে তিনি জাপান ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০০৮-১০ মেয়াদে বেসরকারি সংস্থা ব্র্যাকের ন্যায়পাল হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই সরকারি কর্মকর্তা। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো : নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। কিন্তু তারা তো সেটি করতে পারছে না।

মোহাম্মদ আবু হেনা : নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা হলো, দেশে যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, তাহলে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন পরিচালনা করবে ইসি। আমাদের সংবিধানেও সে রকম বলা আছে। মানুষ তো গণতন্ত্র চায়। আর সেই গণতন্ত্রের অপরিহার্য উপাদান হচ্ছে নির্বাচন। নির্বাচন হলো বহুজনের মধ্যে বাছাই করার সুযোগ। নাগরিকদের সেই সুযোগ নিশ্চিত করে ইসি।

মোহাম্মদ আবু হেনা
মোহাম্মদ আবু হেনা

প্রথম আলো : বর্তমানে সেই সুযোগ আছে কি?
মোহাম্মদ আবু হেনা : মুশকিল হচ্ছে, ইসি গঠনে যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, ততটা গুরুত্ব দেওয়া হয় না। ইসি গঠনেই যদি গলদ থেকে যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। আর নির্বাচন সুষ্ঠু না হলে গণতান্ত্রিক ব্যবস্থাও সংহত হয় না। জনগণ তাদের প্রতিনিধি বাছাইয়ের অধিকার থেকে বঞ্চিত হয়।
প্রথম আলো : বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। নতুন ইসি গঠনের প্রক্রিয়া কেমন হওয়া উচিত?
মোহাম্মদ আবু হেনা : নির্বাচন কমিশন গঠন–প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে। আর সবকিছুর
মূ​লে থাকে মানুষ। মানুষ যদি যোগ্য ও সাহসী হন, তাহলে তিনি বা তাঁরা দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। তাই আমাদের প্রথমেই যোগ্য মানুষ খুঁজে বের করতে হবে। কেবল যোগ্য হলেই হবে না, যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ধারণাটিও বিবেচনায় আনতে হবে। এখানে জরুরি প্রশ্ন হলো, ইসি তাদের ওপর অর্পিত দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারবে কি না। সরকারি ও সাংবিধানিক দায়িত্বের মাধ্যমে পার্থক্য আছে। প্রতিটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, সেগুলো সরকারি কর্মকর্তারা বাস্তবায়ন করে থাকেন। আবার সরকার বদলের পর সেটি বাতিলও হতে পারে। কিন্তু ইসির দায়বদ্ধতা সরকারের প্রতি নয়; সংবিধানের প্রতি। তারা সুষ্ঠু নির্বাচন করবে বলে যে শপথ নিয়েছে, তা ভঙ্গ করতে পারে না।

প্রথম আলো : আপনি একটি ক্রান্তিকালে সিইসির দায়িত্ব পালন করেছেন। আপনার প্রধান চ্যালেঞ্জ কী ছিল?

মোহাম্মদ আবু হেনা : আমি কিন্তু মাত্র দুই মাস সময় পেয়েছিলাম। এপ্রিলে নিয়োগ পাই, আর নির্বাচনটি হয় ১২ জুন। প্রথম চ্যালেঞ্জ ছিল সব পক্ষের আস্থা অর্জন। আমি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সব দলের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন দলের নেতারা কমিশনে এসেছেন, সমস্যার কথা বলেছেন। আমরা শুনেছি; প্রতিকারের চেষ্টা করেছি।

প্রথম আলো : আপনার নিয়োগে কি সব পক্ষের অনুমোদন ছিল?

মোহাম্মদ আবু হেনা : আমার নিয়োগ হয়েছে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের সুপারিশে। তবে আমি শুনেছি, তিনি রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি। তাদের বলেছি, আপনাদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন। অব্যাহত সংলাপ করাই ছিল আমার নীতি। দ্বিতীয়ত, আমি আমার কাজে স্বচ্ছতা রক্ষার চেষ্টা করেছি। এ ব্যাপারে গণমাধ্যমেরও সহায়তা পেয়েছি। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর ছিল। আমরা চিহ্নিত সন্ত্রাসী ও মাস্তানদের গ্রেপ্তার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। এ ক্ষেত্রে কে কোন দলের, সেটি দেখা হয়নি। কমিশনে আমরা যে তিনজন ছিলাম, ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। প্রতিদিনই বসেছি। আমরা সব দলের সঙ্গে কথা বলে একটি আচরণবিধি তৈরি করে সেটি আইনের অন্তর্ভুক্ত করেছি। আমি জেলা প্রশাসক ও এসপিদের সঙ্গে সরাসরি কথা বলেছি, তাঁদের জানিয়েছি—ইসির কথা আপনাদের শুনতে হবে।

প্রথম আলো : নতুন ইসি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর গঠন-প্রক্রিয়া কী হওয়া উচিত?

মোহাম্মদ আবু হেনা : বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নেই। সংবিধান পরিবর্তন না হলে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনটি যাঁরা পরিচালনা করবেন, তাঁরা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হন, সে জন্য একটি উপায় বের করতে হবে। সে ক্ষেত্রে সার্চ কমিটির বিকল্প নেই। তবে সেই কমিটিও হওয়া উচিত আলোচনার ভিত্তিতে বিচক্ষণ ও প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে। নির্বাচন হয় আইন দ্বারা; কিন্তু সেই আইন প্রয়োগ করে মানুষ; সেই মানুষ বাছাইয়ে ভুল হলে সবকিছুই ভুল হতে পারে।

প্রথম আলো : ইসি গঠন–প্রক্রিয়ায় যদি আগের মতো সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে পরামর্শ করে করা হয়, তাহলে তো বিএনপিসহ অনেক দল বাদ পড়ে যাবে।

মোহাম্মদ আবু হেনা : ইসি বা নির্বাচনকালীন সরকার গঠনের উদ্দেশ্য সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করা। কিন্তু দেশের একটি প্রধান দলকে সেই গঠন–প্রক্রিয়া থেকে বাইরে রেখে তা সম্ভব নয়। ইসি গঠন–প্রক্রিয়​ায় সব দলকে সম্পৃক্ত করা উচিত​।

প্রথম আলো : বর্তমান ইসি নির্বাচনী ব্যবস্থাকে যেভাবে সংকটে ফেলেছে, তা থেকে উত্তরণের উপায় কী?

মোহাম্মদ আবু হেনা : উত্তরণের উপায় হলো আস্থা পুনরুদ্ধার। তাদের আরও সাহসের সঙ্গে কাজ করা দরকার ছিল। মুখের কথায় কাজ হবে না। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

প্রথম আলো : খুব যোগ্য ও বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে ইসি গঠিত হলেও যদি তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পান, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন করবেন?

মোহাম্মদ আবু হেনা : সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য তাঁদের কথা শুনবেন না, তাঁদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। সেই ক্ষমতা তাদের আছে। এমনকি তারা নির্বাচন বন্ধ করেও দিতে পারে। সংবিধানের উদ্দেশ্য হলো, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছা অনুযায়ী একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। কমিশন সেই কাজ করতে না পারলে তাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। ইসি তো শপথ ভঙ্গ করতে পারে না।

নির্বাহী বিভাগ যদি ইসির আদেশ অমান্য করে, তারা আইনের আশ্রয় নিতে পারে। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বী সব পক্ষের জন্য সমতল মাঠ তৈরি করা না যায়, তাহলে নির্বাচনই হবে না। একদলীয় নির্বাচন তো নির্বাচন নয়। ইসি​র জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করা এবং সেটি যে তারা করছে, জনগণকেও তা উপলব্ধি করাতে হবে।

প্রথম আলো : সরকারের সব অঙ্গ যদি পক্ষপাতমূলক আচরণ করে তখন ইসির কী করার থাকে?

মোহাম্মদ আবু হেনা : ইসির নিজস্ব জনবল আছে। সেটি হয়তো যথেষ্ট নয়। কিন্তু সেই জনবল যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে জনপ্রশাসনের কর্মকর্তারাও সজাগ হবেন। দ্বিতীয়ত, সংবিধান অনুযায়ী নির্বাচনের কাজে সম্পৃক্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসির হুকুম মানতে বাধ্য। যখনই তাঁরা নির্বাচনী কাজে যুক্ত হলেন, তখন আর তাঁরা সরকারের লোক থাকছেন না।

প্রথম আলো : আপনারা জাতীয় নির্বাচন করছিলেন একটি নির্দলীয় সরকারের অধীনে। এরপর উপনির্বাচনগুলো হয়েছে দলীয় সরকারের অধীনে। তখন কীভাবে সামাল দিয়েছেন?

মোহাম্মদ আবু হেনা : আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। টাঙ্গাইল উপনির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। আমি সেটি আমলে নিয়েছি এবং আমার দায়িত্বে থাকা অবস্থায় গেজেট হয়নি।

প্রথম আলো : কিন্তু যত ভালো নির্বাচনই হোক না কেন, পরাজিত পক্ষ কারচুপির অভিযোগ আনবেই।

মোহাম্মদ আবু হেনা : সেটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু নির্বাচন সুষ্ঠু হলে তাকে বিতর্কিত করা যায় না। বিএনপি ১৯৯৬ সালের নির্বাচনের ফল প্রথমে না মানলেও পরে মেনে নিয়েছে। ভালো নির্বাচন হওয়ার কথাও স্বীকার করেছে।

প্রথম আলো : বর্তমান ইসির কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

মোহাম্মদ আবু হেনা : বর্তমান ইসি সম্পর্কে মন্তব্য করব না। তবে আমি মনে করি, তারা আরও সাহসী ভূমিকা রাখতে পারত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাং​িবধানিক এই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারত। তারা তো রেফারি হিসেবে কাজ করে। কোনো দলের প্রতি পক্ষপাত দেখাতে পারে না।

প্রথম আলো : অনেক সময় ইসিকে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গেছে।

মোহাম্মদ আবু হেনা : নৈতিক জোর থাকলে তো সেটি হওয়ার কথা নয়। তার পক্ষে তো সংবিধান আছে।

প্রথম আলো : ২০০৮ সালের নির্বাচনী সংস্কারগুলোর উদ্দেশ্য ছিল নির্বাচনকে আরও সুষ্ঠু ও স্বচ্ছ করা। কিন্তু বাস্তবে আমরা তার উল্টোটাই দেখছি।

মোহাম্মদ আবু হেনা : এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। দলে​র নিবন্ধন ও তৃণমূল থেকে প্রার্থী মনোনয়ন খুবই ভালো উদ্যোগ। এতে জবাবদিহি বাড়বে।

প্রথম আলো : কিন্তু আমরা দেখছি ৩০০ আসনে যাঁরা জয়ী হন বা প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রায় সবাই ঢাকার বাসিন্দা।

মোহাম্মদ আবু হেনা : এটি পরিবর্তন হওয়া দরকার। এলাকার স্থায়ী বাসিন্দা যাঁরা, তাঁদেরই মনোনয়ন পাওয়​া উচিত।

প্রথম আলো : গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে, ভোটের সংখ্যানুপাতিক ব্যবধান স্বল্প হলেও কোনো দল অনেক বেশি আসন পায়, কোনো দল অনেক কম। এ জন্য অনেকে দলের আনুপাতিক আসনের কথা বলেছেন। আপনার মতামত কী?

মোহাম্মদ আবু হেনা : আমি বর্তমান পদ্ধতিরই পক্ষপাতী। আনুপাতিক প্রতিনিধিত্বের সমস্যা হলো ভোটাররা প্রার্থীকে ভোট দিচ্ছেন না, দলকে দিচ্ছেন। দল ইচ্ছা করলে যে নির্বাচনী এলাকার লোক নন, তাঁকেও সেই এলাকার প্রতিনিধি করতে পারে।

প্রথম আলো : স্থানীয় সরকার সংস্থার নির্বাচন আগে নির্দলীয় ছিল। এখন দলীয় ভিত্তিতে হচ্ছে; হাঙ্গামাও বাড়ছে।

মোহাম্মদ আবু হেনা : আমি বলব, এটি বাস্তবতা। অাগে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন নির্দলীয় থাকলেও রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই অংশ নিতেন। ফলে বাস্তবতা মেনে নেওয়াই ভালো। যদি এই উপলব্ধি আসে যে প্রার্থী যে দলেরই হোন না কেন, নির্বাচিত হওয়ার পর সবার জন্য কাজ করবেন, তাহলে সমস্যা হয় না।

প্রথম আলো : আপনি কি নিশ্চিত যে আগামী জাতীয় নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা হবে না?

মোহাম্মদ আবু হেনা : আমি মনে করি, সেই নির্বাচন সব দলের অংশগ্রহণেই হবে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী পক্ষ সবাইকে একটা সমঝোতায় আসতে হবে।

প্রথম আলো : নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়েও বিতর্ক আছে। এক পক্ষ চায়, আরেক পক্ষ চায় না।

মোহাম্মদ আবু হেনা : আমাদের সময় বেসামরিক বাহিনীতে সহায়তার জন্য তাদের মোতায়েন করা হতো। এখন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার কাজও করে থাকে। সাধারণ নির্বাচনে এর দরকার অাছে। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ৩০০ আসন সামাল দেওয়া কঠিন।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

মোহাম্মদ আবু হেনা : আপনাকেও ধন্যবাদ।