
প্রথম আলো : দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্য, শিক্ষা—এসব খাতে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে। দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতিও ঘুচেছে। এসব পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্র্যাকের কাজ ও কর্মসূচির ক্ষেত্রে সামনে কোনো পরিবর্তন আসছে কি?
মুহাম্মাদ মুসা : সরকারি–বেসরকারি নানা উদ্যোগে বাংলাদেশ সত্যিই বদলে গেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমরা ভালো করেছি। এখন এসডিজি বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো বিবেচনায় নিয়ে এগোতে হবে। বর্তমান উন্নয়নকে মাথায় রেখে সামনে কী কী ক্ষেত্রে নজর দেওয়া উচিত, সেটাই এখন আমাদের বড় বিবেচনা। সামনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও সে অনুযায়ী কর্মসূচি নেওয়ার কাজটিই আমরা করছি। আমরা ২০২০ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে কর্মসূচিগুলো ঠিক করেছি। অর্থনৈতিকভাবে আমাদের পরিবর্তন হচ্ছে, আগামী দিনে ৬ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধির এই সুফল সবাই পাবে কি? উন্নয়নের সুফল যাতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটা বিবেচনায় নিয়েই আমরা কর্মসূচিগুলো নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি।
প্রথম আলো : কোন কোন বিষয় আপনারা বিবেচনায় নিচ্ছেন?
মুহাম্মাদ মুসা : আমরা জানি যে জনসংখ্যার পরিবর্তন হবে। জনসংখ্যা বাড়বে। জনগোষ্ঠীর প্রায় ৫০ ভাগ সামনে শহরবাসী হবে। অন্যদিকে ২৫ থেকে ৪০ বছর বয়সী জনগোষ্ঠীও হবে জনসংখ্যার প্রায় অর্ধেক। এই জনগোষ্ঠীকে কর্মক্ষম করা ও তাদের কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে জলবায়ু পরিবর্তন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর ওপর। স্বাস্থ্য ক্ষেত্রেও দেখা দেবে নতুন চ্যালেঞ্জ। টিবি বা ম্যালেরিয়ার মতো সংক্রামক ব্যাধির বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু ডায়াবেটিস বা দুর্ঘটনার মতো অসংক্রামক রোগ বা সমস্যাগুলোর দিকে কীভাবে নজর দিতে হবে, সেটাও এক গুরুত্বপূর্ণ বিবেচনা। অন্যদিকে আজ বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে সম্মানজনক অবস্থায় এসে পৌঁছেছে, এর সুফল সব জনগোষ্ঠীর মধ্যে পৌঁছাতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ ও যুক্ততা বাড়াতে হবে। মোবাইল ফোনে টাকা লেনদেনের ব্যবস্থা, যাকে অনেকে ডিজিটাল মানি বলে থাকেন। সেটাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসলে সামনে যেসব চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, তা মোকাবিলায় আমরা কতটুকু প্রস্তুত বা ব্র্যাক এ ক্ষেত্রে কী কী করতে পারে, সেটা বিবেচনায় নিয়েই আমরা পরিবর্তনগুলো আনার চেষ্টা করছি।
প্রথম আলো : দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কর্মসূচিতে কোনো পরিবর্তন?
মুহাম্মাদ মুসা : এমডিজিতে অর্জিত ফলাফলের ওপর ভিত্তি করে বাংলাদেশকে চরম দারিদ্র্যমুক্ত করার কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। আমাদের কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ১৬ লাখ লোককে চরম দারিদ্র্য অবস্থা থেকে উত্তরণ ঘটানো গেছে। নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে অতিদরিদ্রদের অবস্থানের উন্নয়ন ঘটানোর উদ্যোগ অব্যাহত থাকবে। মূলধন ও ঋণসহায়তা এবং বিমার মতো কর্মসূচি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। মূল কথা হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে দরিদ্র জনগণের অংশগ্রহণ বাড়ানো।
প্রথম আলো : আপনি জনসংখ্যা বৃদ্ধির কথা বলেছেন। শহরবাসীর সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেক হয়ে যাবে। এ ক্ষেত্রে ব্র্যাক কী ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে?
মুহাম্মাদ মুসা : নগরের দরিদ্র জনগোষ্ঠী যাতে সঠিকভাবে জীবনযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে, সে ধরনের কর্মসূচি নেওয়া হবে। তারা যাতে স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃসুবিধা, বিদ্যুৎ, পানি পায়, সেদিকে নজর দেওয়া হবে। শহরের এই জনগোষ্ঠীর কণ্ঠস্বর যাতে সরকারের কাছে পৌঁছানো যায়, তাদের সুবিধা-অসুবিধার কথা যাতে সরকার জানতে পারে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। একই সঙ্গে মানুষের এই শহরমুখী যাত্রা যাতে কমানো যায়, সে জন্যও আমাদের কর্মসূচি থাকবে।
প্রথম আলো : কর্মদক্ষতা ও কর্মসংস্থানের চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন। কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্র্যাক কী করতে যাচ্ছে?
মুহাম্মাদ মুসা : আগামী পাঁচ বছরে এক কোটিরও বেশি লোক শ্রমবাজারে প্রবেশ করবে। এটা একটা বিশাল সংখ্যা। এই জনগোষ্ঠীর অন্তত ১০ শতাংশকে প্রয়োজনীয় কর্মদক্ষ করে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। এই কাজটি আমরা একা পারব না। সরকার ও বিভিন্ন অংশীদারদের সঙ্গে মিলেই কাজটি করতে হবে। আমরা দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের শ্রমশক্তির চাহিদা বিবেচনায় নিয়ে লোকজনকে কর্মদক্ষ ও কর্মসংস্থানের উদ্যোগ নেব। একই ভাবে দেশের বাইরেও পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রথম আলো : অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি নারী-পুরুষের বৈষম্য বাংলাদেশের বড় সমস্যা। নতুন পরিকল্পনায় ব্র্যাক এই বৈষম্য দূর করার ক্ষেত্রে কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করবে কি?
মুহাম্মাদ মুসা : জেন্ডার-বৈষম্য দূর করার ক্ষেত্রে ব্র্যাক শুরু থেকেই কাজ করে আসছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সকল পর্যায়ে এই বৈষম্য দূর করার জন্য কর্মসূচি থাকছে। শ্রমক্ষেত্রে নারী-পুরুষের বেতনের সমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর ভূমিকা বাড়ানো, পুষ্টিক্ষেত্রে সমতা—এগুলো সবই আমাদের স্বাস্থ্য, শিক্ষাসহ সব কর্মসূচির মাধ্যমে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
প্রথম আলো : জলবায়ু পরিবর্তনের মূল শিকার বা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হবে দরিদ্র জনগোষ্ঠী। ব্র্যাকের নতুন কর্মসূচির মধ্যে বিষয়টি রয়েছে। কীভাবে এই জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে?
মুহাম্মাদ মুসা : জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু। এই পরিবর্তন ও এর বিপদ ঠেকানোর ক্ষমতা আমাদের হাতে নেই। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দরিদ্র জনগোষ্ঠী যাতে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে, সে ধরনের কর্মসূচি নেওয়াই আমাদের লক্ষ্য। লবণাক্ততা বা বন্যা-সহনীয় ধান উৎপাদনে সহায়তা করা বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে জীবন-জীবিকা টিকিয়ে রাখা ও এ ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হবে। বিভিন্ন অংশীদারের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আমরা কাজ করব।
প্রথম আলো : ব্র্যাকের শিক্ষা কর্মসূচি বহুল আলোচিত। এ ক্ষেত্রে কোনো গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কি?
মুহাম্মাদ মুসা : ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের চেষ্টা হবে মান বাড়ানো। শিক্ষার মান বাড়ানো গেলে আমরা একটি যোগ্য আগামী প্রজন্ম নিশ্চিত করতে পারব। আমরা চাই মানসম্মত শিক্ষার মধ্য দিয়ে নেতৃত্বের গুণ, দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতার অধিকারী ও একটি মানবিক গুণাবলিসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে উঠুক। বলা যায় শিক্ষাক্ষেত্রে আমরা এখন গুণগত মানের দিকে নজর দেব।
প্রথম আলো : পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্র্যাক তার কর্মসূচিতে পরিবর্তন আনছে। প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকে কোনো ধরনের পরিবর্তন আসছে কি?
মুহাম্মাদ মুসা : কর্মসূচির ক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি সংগঠন হিসেবে ব্র্যাকেও পরিবর্তন আনা হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বৈদেশিক সাহায্যনির্ভরতা থেকে বের হয়ে আসা। জাতিগতভাবে আমরা নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের নিজেদের সক্ষমতা বেড়েছে। ফলে এখন আমাদের সাহায্যনির্ভরতা কাটিয়ে ওঠার সময় হয়েছে।
প্রথম আলো : সে ক্ষেত্রে ব্র্যাক তার কর্মকাণ্ড পরিচালনায় তহবিল বা আর্থিক সংকটে পড়বে না?
মুহাম্মাদ মুসা : দেখুন, অনেক ক্ষেত্রে আমরা আগে ফ্রি সার্ভিস দিয়ে এসেছি। সেখান থেকে পর্যায়ক্রমে সরে আমরা সামাজিক বিপণনের দিকে যাব। সমাজের মধ্যে এখন আর্থিক সক্ষমতা বেড়েছে, ফি দেওয়ার সামর্থ্য বেড়েছে। আমরা সার্ভিস বা সেবার মান উন্নত করে কোয়ালিটি সার্ভিস দেব এবং এর বিনিময়ে ফি নেব। সমাজের মধ্যে যাদের সামর্থ্য নেই তাদের এই অর্থ থেকে ভর্তুকি দেওয়া হবে। এসব সাংগঠনিক পরিবর্তনের জন্য নেতৃত্বের গুণগত মানেও আমরা পরিবর্তন আনার চেষ্টা করব। ভিন্নভাবে ভাবা, উপস্থাপন ও পরিবর্তনের সক্ষম নেতৃত্বের বিকাশ ঘটানোর উদ্যোগ থাকবে। সকল পর্যায়ে দক্ষতা বাড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের খরচ কমিয়ে আনা ও অল্প খরচে বেশি মানুষের উপকার নিশ্চিত করার সক্ষমতা অর্জন করতে হবে।
প্রথম আলো : সাংগঠনিক ক্ষেত্রে অন্য কোনো পরিবর্তন?
মুহাম্মাদ মুসা : আমরা মাঠপর্যায়ে যে অপারেশনাল কাজ করতাম, তা কমিয়ে আনা হবে। আমাদের সহযোগী ও অংশীদারি সংগঠনগুলো দিয়ে তা বাস্তবায়ন করা হবে। সামনের দিনগুলোতে ব্র্যাককে আমরা একটি নলেজ সংগঠনে পরিণত করতে চাই। আমরা দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করে যে জ্ঞান অর্জন করেছি, তা বিভিন্ন পর্যায়ে ভাগাভাগি করতে চাই। আমাদের উদ্ভাবিত বিভিন্ন মডেল নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ সংগঠনের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চাই। আমাদের অতিদারিদ্র্য বিমোচন কর্মসূচির মডেল নিয়ে এমআইটি ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের মতো প্রতিষ্ঠান কাজ করেছে। আমাদের জ্ঞান ও মডেল অন্য দেশে কাজ করছে, এটা আমাদের জন্য গর্বের। ব্র্যাক এখন বিশ্বের ১১টি দেশে কাজ করছে। বাংলাদেশের জ্ঞান যেমন সেখানে কাজে লাগছে তেমনি সেখানকার জ্ঞানও আমাদের কাজে লাগছে। এর মধ্য দিয়ে বলা যায়, গ্লোবাল নলেজ তৈরি হচ্ছে।
প্রথম আলো : ব্র্যাকের কর্মীরা এসব বিষয়ে কতটুকু উদ্বুদ্ধ?
মুহাম্মাদ মুসা : ব্র্যাকের বিশাল কর্মী বাহিনী রয়েছে। এটা শুধু চাকরি হিসেবে দেখার বিষয় নয়। সমাজ, দেশ এমনকি বৈশ্বিক পর্যায়ে পরিবর্তন আনার আকাঙ্ক্ষা তাঁদের মধ্যে রয়েছে। ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এই পরিবর্তন ও নতুন উদ্যোগে দিকনির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন।
প্রথম আলো : আপনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। অনেক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা। কোনো নির্দিষ্ট লক্ষ্য, স্বপ্ন বা পরিবর্তন আনার আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পদে যোগ দিয়েছেন কি?
মুহাম্মাদ মুসা : চিকিৎসক হিসেবে আমি কর্মজীবন শুরু করেছিলাম। কিন্তু পরে মানব ও সামাজিক উন্নয়নকে আমি আমার পেশা হিসেবে নিয়েছি। বিভিন্ন দেশে কাজ করেছি ও দায়িত্ব পালন করেছি। আমার মনে আছে, কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে যে উপহাস করেছিলেন, সেটা আমার মনে দাগ কেটেছিল। আমার সব সময়ই মনে ছিল বাংলাদেশকে কীভাবে ও কোন ক্ষেত্রে আমরা একটি সম্মানজনক স্থানে ও নেতৃত্বের পর্যায়ে নিয়ে যেতে পারি। ক্যারিয়ারের এই পর্যায়ে আমার মনে হয়েছে যে ব্র্যাক এমন একটি সংগঠন, যার মধ্য দিয়ে বাংলাদেশকে সত্যিই এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। চাকরি অনেক করে ফেলেছি, আমি ব্র্যাকের কাজের অংশীদার হতে এর সঙ্গে যুক্ত হয়েছি।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
মুহাম্মাদ মুসা : ধন্যবাদ।