দুই কূটনীতিকের দৃষ্টিতে প্রধানমন্ত্রীর ভারত সফর
ঋণ সহায়তার শর্ত যেন আগের মতো না হয় :মো. তৌহিদ হোসেন
>প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আবার তিস্তার মতো বহুপ্রতীক্ষিত চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করেছেন সাবেক দুই পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিন ও মো. তৌহিদ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া
প্রথম আলো *প্রধানমন্ত্রীর ভারত সফর এবং এর সামগ্রিক ফলাফলকে কীভাবে দেখছেন?
মো. তৌহিদ হোসেন *সফর ভালোই হয়েছে। প্রটোকলের দিক থেকে দেখলে তো খুবই ভালো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছেন। ভারতের প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী সাধারণত তা করেন না।
সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রটোকলের পাশাপাশি যদি বিষয়বস্তু ও পরিমাণগত দিক থেকে দেখেন, সেটাও যথেষ্ট ভালো। অনেক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে সাড়ে ৪০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিটের বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম আলো *ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সমঝোতা স্মারক ও চুক্তির নানা দিক নিয়ে অনেক আলোচনা ও তর্ক-বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত কয়েকটি স্বাক্ষরিত হয়েছে। এর ফলাফল কী? বিশেষ করে চীনের প্রতিক্রিয়া কী হতে পারে?
মো. তৌহিদ হোসেন *ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার ব্যাপারে চীনের কী প্রতিক্রিয়া হবে, তা এখনই বলা কঠিন। আমরা জানি যে চীন কখনোই এসব ব্যাপারে তড়িঘড়ি কোনো প্রতিক্রিয়া জানায় না।
সমঝোতা স্মারকের আওতায় ভারত থেকে যে ৫০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে, তা দিয়ে বাংলাদেশ সেখান থেকে অস্ত্র কিনবে। আমরা চীন থেকেও অস্ত্র কিনি, সেদিক থেকে দেখলে ভারত থেকেও কেনা যায়। এখন এই অস্ত্র কতটা মানসম্মত তা বলা কঠিন। যাঁরা এটা ব্যবহার করবেন, তাঁরা বলতে পারবেন।
ধারণা করি, হালকা ধরনের অস্ত্রই ভারত থেকে কেনা হবে। কারণ, ভারত নিজেই অস্ত্র আমদানি করে। আর প্রতিরক্ষা কলেজ নিয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো আমার কাছে খুব দরকারি মনে হয় না। কারণ, আমাদের এনডিসি ও স্টাফ কলেজের সঙ্গে ভারতের সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময় আগে থেকেই চলে আসছে। এ নিয়ে চুক্তি হওয়ার অর্থ হচ্ছে, বিষয়টির প্রতি সবার মনোযোগ আনা। এ ধরনের চুক্তি তাই আমার কাছে দরকারি মনে হয় না।
প্রথম আলো *ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তাকে কীভাবে দেখছেন?
মো. তৌহিদ হোসেন *এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর ফলাফল বুঝতে আমাদের সময় লাগবে। কী শর্তে আমরা এই ঋণ সহায়তা ব্যবহার করতে পারব, সেটা হলো আসল কথা। এ নিয়ে আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়।
আমাদের মনে আছে, আগের ঋণ সহায়তার ক্ষেত্রে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যা অযৌক্তিক।
বলা হয়েছিল, ঋণের অর্থের ৭০ ভাগ খরচ করতে হবে ভারত থেকে পণ্য কিনে। দেখা গেছে, এ ধরনের শর্ত কার্যকর করতে গেলে ইট-বালুও ভারত থেকে আমদানি করতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে এই অর্থ কোনো অনুদান নয়, ঋণ। ফলে এর শর্ত এমন হওয়া উচিত নয়, যা আমাদের জন্য মেনে চলা অসম্ভব।
আশা করছি, নতুন এই ঋণ সহায়তার ক্ষেত্রে আগের মতো অবাস্তব ও অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া হবে না।
প্রথম আলো *প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে আমাদের তরফে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া ছিল তিস্তার পানি। তিস্তা চুক্তি নিয়ে তো সুনির্দিষ্ট কোনো আশার কথা শোনা গেল না।
মো. তৌহিদ হোসেন *এই সফরে এটাই আমাদের সবচেয়ে বড় হতাশার কারণ। যদিও আমরা আগে থেকেই জানতাম যে এই সফরে চুক্তি হবে না, তবু কিছু আশা ছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তাঁদের ক্ষমতায় থাকার মেয়াদকালেই এই চুক্তি সই হবে। ফলে আগামী দু-এক বছরের মধ্যে চুক্তি হবে, এটা ধরে নেওয়া যেত। কিন্তু শেষ পর্যায়ে তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব এবং তিস্তায় পানি নেই বলে যে মন্তব্য করেছেন, তা হতাশাজনক। তিনি তোর্সা, জলঢাকা এসব নদীর কথা বলেছেন। আমি সেখানকার লোক, আমি জানি যে এগুলো সেই অর্থে কোনো নদী নয়।
সবচেয়ে বড় কথা, তিস্তায় পানি নেই বলে মমতা যে মন্তব্য করেছেন, তা ঠিক নয়। এটা ঠিক যে যা পানি আছে, তা হয়তো দুই দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়, কিন্তু এর তো ভাগাভাগি লাগবে। তিস্তার পানির ওপর তো বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে। দুঃখজনকভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চক্রে আটকা পড়েছে তিস্তা ইস্যু।
প্রথম আলো *জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিকে কীভাবে দেখছেন?
মো. তৌহিদ হোসেন *ভারত থেকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানিকে আমি ইতিবাচকভাবে দেখি। এই অঞ্চলে ভারতের বাড়তি ডিজেল রয়েছে। ভারতের জন্য বাংলাদেশে পাঠানো তাই খুবই সহজ। ফলে এটা দুই দেশের জন্যই লাভাজনক। একইভাবে বিদ্যুতের লেনদেন বেশি হওয়া উচিত। তবে ভারত বিদ্যুতের ক্ষেত্রে শুধু দ্বিপক্ষীয় চুক্তির যে বিধান করেছে, তা গ্রহণযোগ্য নয়।
আমাদের যদি সুবিধা হয়, তবে তা নিশ্চিত করতে ভারত ত্রিপক্ষীয় কিছু করতে বাধা হয়ে দাঁড়াবে কেন? পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা প্রসঙ্গে বলা যায়, এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম। রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি কী কী শর্তে হয়েছে, তা-ও আমরা জানি না। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ভারতের ভূমিকা কী হবে, সেটা এখনো পরিষ্কার নয়।
প্রথম আলো *ধন্যবাদ।
মো. তৌহিদ হোসেন *ধন্যবাদ।