
অনির্বাণ চট্টোপাধ্যায় ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সম্পাদক। রবিবাসরীয়সহ বিভিন্ন ক্রোড়পত্র ও বিশেষ সংখ্যারও দায়িত্ব পালন করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ১৯৮৩ সালে আনন্দবাজার–এ কর্মজীবন শুরু করেন। তঁার নিয়মিত কলামের বিষয় অর্থনৈতিক উন্নয়ন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও মিজানুর রহমান খান
প্রথম আলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যোগাযোগ ও মেলবন্ধনটা কীভাবে বাড়ানো যায়?
অনির্বাণ চট্টোপাধ্যায় সকালে উঠে খবরের কাগজ বা টিভি থেকে আমি জানতে পারি কৃষ্ণনগর বা বহরমপুরে কী হয়েছে। তাহলে রোজ আমি কেন জানতে পারব না খুলনা, বরিশাল কিংবা চট্টগ্রামে কী হয়েছে? আমি ঢাকায় এসে দুটি আলোচনা শুনলাম। একটিতে অভিনেত্রী সারা যাকের ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে দেখলাম। যখন কলকাতায় টিভিতে বাংলাদেশের অনুষ্ঠান দেখা যেত, তখন এই উভয়ের অভিনীত নাটক প্রচুর দেখতাম। অন্যটি ছিল যুদ্ধাপরাধের বিচার নিয়ে। কথা হচ্ছে কলকাতায় ঘরে বসে কেন আমি এই আলোচনা শুনতে পাব না? এ রকম দৈনন্দিন খবরাখবরের মধ্য দিয়ে দুই বাংলার মানুষের মধ্যে যে যোগাযোগ, সেটা নিশ্চিত করা খুব জরুরি মনে করি।
প্রথম আলো আপনি কি মনে করেন দুই দেশের মধ্যে পত্রপত্রিকার চলাচল ভবিষ্যতে অবাধ হবে। বাংলাদেশের টিভি চ্যানেল কলকাতায় দেখানোর যে বাধানিষেধ, তা উঠে যাবে?
অনির্বাণ চট্টোপাধ্যায় বয়স যখন কম ছিল তখন এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করতাম। এখন মনে হয় না আশাবাদ দিয়ে কাজ হবে। যেসব কারণে এটা ঘটছে না, সেই কারণগুলো সাধারণ মানুষের হাতে নেই। সেগুলো রাজনীতির হাতে এবং সেই রাজনীতিটা সংকীর্ণতার বাতাবরণে বন্দী হয়ে আছে।
প্রথম আলো কিন্তু সাম্প্রতিক কালে দুই দেশের সম্পর্কের একটা গুণগত পরিবর্তন তো ঘটেছে?
অনির্বাণ চট্টোপাধ্যায় অবশ্যই ঘটেছে। ৩০ বছর সাংবাদিকতা করি। বারবার মনে হয়েছে এই বাংলা আমার নিজেরই দেশ। মাঝখানে একটি সীমান্ত তৈরি হয়েছে। ইউরোপে বাস্তবে কতগুলো দেশ রয়েছে। তাদের মধ্যে তো যোগাযোগের সমস্যা নেই। তাহলে আমাদের মধ্যে কেন থাকবে। কলকাতায় বসে প্রতিদিন আমি যদি বাংলাদেশের নাটক-সিনেমা দেখি, যদি মুদ্রিত পত্রিকা পড়ি, তাহলে কারও ক্ষতি হওয়ার কথা নয়। উভয় দেশের প্রচুর লাভ। ক্ষতি হতে পারে যারা সংকীর্ণ সমাজবোধে আক্রান্ত, তাদের।
প্রথম আলো বর্ধমান বিস্ফোরণ সম্পর্কে আপনার মূল্যায়ন কী? হঠাৎ ছড়িয়ে পড়ল?
অনির্বাণ চট্টোপাধ্যায় খবরের কাগজে প্রকাশিত বিবরণের বাইরে তেমন জানা নেই। এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির যোগসূত্র আছে কি না, সেই প্রশ্ন উঠেছে। যেকোনো সন্ত্রাসের একটা প্রস্তুতি থাকে। সন্দেহ নেই যে এ ঘটনাগুলোর পেছনে দীর্ঘদিনের পরিপ্রেক্ষিত আছে। এ ধরনের প্রস্তুতি যখন চলে, তখন প্রশাসন যতটা সতর্কতার সঙ্গে থাকা উচিত ততটা থাকে না। সতর্ক থাকলে এ রকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। ঘটনাটি উদ্বেগজনক। এ প্রসঙ্গেও ওই সংকীর্ণতার কথা বলব। তিনি যে দলেরই হোন, তাঁরা যখন সংকীর্ণতাকেই নিজেদের ক্ষমতার হাতিয়ার বলে মনে করেন, তাঁরা এ ধরনের ঘটনাকে নিজের দলের স্বার্থে ব্যবহার করেন। ষড়যন্ত্র তত্ত্ব আনেন। আমরা এবং ওরা তৈরি হয়; যাকে আমরা রাজনৈতিক মেরুকরণ বলছি। ইসলামি সন্ত্রাস বা হিন্দুত্ববাদী সন্ত্রাস, এভাবে দেখার প্রবণতা উদ্বেগজনক। ধর্মভিত্তিক মেরুকরণ সমাজে রয়েছে। এখন যদি তা রাজনীতিতে ব্যবহার করে আরও বাড়িয়ে তোলা হয়, তাহলে পরিণাম ভয়ংকর। সেটা কেবল পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের পক্ষে নয়, সেটা গোটা উপমহাদেশের জন্য ভয়ংকর।
প্রথম আলো এ ঘটনা কী করে বাংলাদেশ-ভারতের এবং পশ্চিমবঙ্গ-কেন্দ্রের সম্পর্কে প্রভাব ফেলতে পারে? অনেকের আশঙ্কা, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে এ রকম একটা অজুহাত খোঁজা হচ্ছে?
অনির্বাণ চট্টোপাধ্যায় সংকীর্ণ ও ক্ষুদ্র রাজনীতি কী করবে বা করবে না, সেটা জানি না, সেটা অনেক দূর অবধি খারাপ দিকে ঠেলতে পারে। একটা ভরসা আছে, সেটা হলো গণতন্ত্রের ওপরে। বাংলাদেশ ও ভারতবর্ষের একটা সমৃদ্ধ গণতন্ত্র আছে। সেখানে জনসমাজের একটি বড় অংশের শুভবুদ্ধি আছে। তাই ভরসা করি গণতান্ত্রিক শক্তি শেষ পর্যন্ত ওটা প্রতিরোধ করবে। এমনকি যারা সংকীর্ণ রাজনীতি করতে চায়, তারাও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের সংশোধন করে নিতে বাধ্য হবে। এটা আমার ভরসার কথা।
প্রথম আলো তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের চিন্তাভাবনা কী?
অনির্বাণ চট্টোপাধ্যায় এর দুটো দিক ছিল। তিস্তা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার বাধা সৃষ্টি করল। একটি হলো বাস্তবতা, অন্যটি ব্যবস্থাপনাগত। পশ্চিমবঙ্গের সরকার, রাজনীতিক ও জনগণের একটি অংশ মনে করেছে, এই চুক্তি হলে পশ্চিমবঙ্গের ক্ষতি হবে। বহু দেশের মধ্যেই নদীর জলবণ্টন বিরোধ আছে। কোনো দেশের ক্ষতির কারণ না ঘটিয়ে সবচেয়ে অনুকূল একটি সমাধান খোঁজাই শ্রেয়। তিস্তা নিয়েও সে রকম একটি সমাধানে পৌঁছা সম্ভব ছিল। কেন পৌঁছালো না, সেটা প্রথমত বাস্তবতা। দ্বিতীয়ত, সেই বাস্তবতার রাজনৈতিক ব্যবস্থাপনা করতে না পারার অপারগতা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে যেভাবে দেখা উচিত ছিল, সেভাবে দেখা হয়নি। তারা বিষয়টিকে একটা আশু সুবিধার জায়গা থেকে দেখেছে। আমার জল আমি ছাড়ব না, এ রকম সীমিত জায়গা থেকে। আবার তিস্তা চুক্তির বিরোধিতা করলে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে সুবিধা হবে, সে জায়গা থেকেও বিরোধিতা করা হয়েছে। গণতন্ত্রের কাজ হচ্ছে বিষয়টিকে এগিয়ে নেওয়া, অাটকে দেওয়া নয়। তবে এর সঙ্গে তৃতীয় একটি বিষয় যুক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনে করেছে, এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যথাযথ আলোচনা করেনি। পশ্চিমবঙ্গ সরকারের সে অবস্থানকে নীতিগত ও নৈতিকভাবে সঠিক মনে হয়েছে। আনন্দবাজার-এর সম্পাদকীয় অবস্থান হলো প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা।
প্রথম আলো বর্তমান অবস্থা?
অনির্বাণ চট্টোপাধ্যায় এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সম্পর্ক চলছে, তাতে তিস্তা চুক্তি আশা করা খুব কঠিন। কেন্দ্রীয় সরকারে যেমন একটি স্থিতি এসেছে, তেমনি পশ্চিমবঙ্গ সরকারে একটা অস্থিরতা চলছে। আর অস্থিরতা চলতে থাকলে সেখানে কোনো ইতিবাচক অগ্রগতি আশা করা খুব কঠিন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বাংলাদেশ-সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে, তাতে বিরাট কোনো অগ্রগতি অদূর ভবিষ্যতে ঘটার সম্ভাবনা দেখি না।
প্রথম আলো কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান কী?
অনির্বাণ চট্টোপাধ্যায় অনেকে ধর্মের ভিত্তিতে দেখছেন। যারা ধর্মের দিক থেকে দেখতে চান না তারাও খুব বিভ্রান্ত। এর মানে একে কীভাবে মোকাবিলা করা উচিত, তা নিয়ে বিভ্রান্তি আছে। বামপন্থীদের পক্ষে যতটা জোর দিয়ে একে ধর্ম থেকে আলাদা করার কথা, সেটা তারা করছে না। এটা রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা, তাও তারা বলছে না। এর একটাই সমাধান, তা হলো দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো। ভারত উপমহাদেশ ও ইউরোপ এক নয়। কিন্তু শেষ পর্যন্ত আমাদের একধরনের ইইউ মডেলে যেতে হবে। কিন্তু সেটা তো এই ক্ষুদ্র রাজনীতি দিয়ে হবে না। বাংলাদেশ থেকে কেউ কাজে গেলে তাকে ওয়ার্ক পারমিট দিতে হবে। পুরো বিষয়টিকে একটি আইনগত ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ
অনির্বাণ চট্টোপাধ্যায় ধন্যবাদ।
আগামীকাল প্রকাশিত হবে পাকিস্তানের জিয়ো টিভির প্রধান নির্বাহী হামিদ মির ও আসামের টাইমস নাউ টিভির পরামর্শক সম্পাদক ওয়াজবীর হোসাইনের সাক্ষাৎকার।