কমনওয়েলথের ভিত্তি গণতন্ত্র ও সুশাসন : ব্যারনেস স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারনেস স্কটল্যান্ড
ব্যারনেস স্কটল্যান্ড
গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে ৫৩ জাতির জোট কমনওয়েলথ তার চার্টার নবায়ন করার পর সংস্থাটির নেতৃত্বের প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন একজন নারী। তিনি হলেন ব্যারনেস প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড। ক্যারিবীয় দ্বীপরাজ্য ডোমিনিকায় জন্মগ্রহণকারী ব্যারনেস স্কটল্যান্ড পরে যুক্তরাজ্যে অভিবাসী হন এবং আইন পেশায় নিয়োজিত হন। তিনি ব্রিটিশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী এবং পরে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের হারারে ঘোষণায় প্রথম সংস্থাটি গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ে একটি ঘোষণা অনুমোদন করে এবং ২০১৩ সালের শীর্ষ সম্মেলনের সময় ওই ঘোষণা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। কিন্তু অনেক সদস্যদেশেই গণতন্ত্র শক্তিশালী হয়নি, বরং মানবাধিকার ও আইনের শাসন দুর্বল হয়েছে। এই পটভূমিতে নবনিযুক্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণের অষ্টম দিনে (১৪ এপ্রিল) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে তাঁর মুখোমুখি হয় প্রথম আলো। : সাক্ষাৎকার নিয়েছেন কামাল আহমেদ

প্রথম আলো : কমনওয়েলথের অগ্রযাত্রাকে আপনি কীভাবে দেখছেন, বিশেষ করে যেখানে কিছু সদস্যরাষ্ট্রে নিশ্চিতভাবেই আইনের শাসন ও গণতান্ত্রিক সংস্কৃতিতে সমস্যা রয়েছে? কমনওয়েলথভুক্ত অনেকগুলো দেশ নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। কিন্তু এসব দেশে এমন অনেক বিষয় রয়েছে, যার সঙ্গে গণতন্ত্রের মিল নেই। এ ধরনের পরিস্থিতিকে আপনি কীভাবে সামলাবেন?

ব্যারনেস স্কটল্যান্ড : সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের আছে, সেটা হলো সব সদস্যদেশই হারারে নীতি ও কমনওয়েলথ চার্টার স্বাক্ষর করেছে। এখানে অবশ্যই অনেকগুলো প্রত্যাশা রয়েছে এবং আমাদের অনেক দেশই সেই গতিপথের (ট্রাজেক্টরি) কোথাও না কোথাও রয়েছে। আর এটা আসলেই গুরুত্বপূর্ণ যে—রানি মাল্টায় ভাষণ দেওয়ার সময় নিজেও তা বলেছেন—তাঁর আমলের শুরুতে কতগুলো গণতান্ত্রিক দেশ ছিল, ৬৪ বছর পর আজ কতটি দেশে তা রয়েছে। প্রতিটি দেশই এখন গণতান্ত্রিক।

সুতরাং, আমরা জানি যে পরিবর্তনটা সময়ের ব্যবধানে ঘটে এবং সব দেশের সামনেই সুযোগ রয়েছে একে অপরকে সাহায্য করার। যেমন কিছু চিহ্নিত সমস্যা থাকে সেগুলোতে যৌথভাবে সাড়া দেওয়া যায় কি না, তা আমি খুবই সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছি। অনেক দেশই আমাকে বলেছে, ‘আমরা এটা করতে চাই বা ওটা করতে চাই। কিন্তু আমাদের আইনটা পুরোনো এবং আইন প্রণয়নে আমাদের যথেষ্ট দক্ষ লোক নেই।বর্ধিত সক্ষমতার জন্য আমাদের যথেষ্ট আইনগত ও পার্লামেন্টারি লোকের অভাব রয়েছে। এ অবস্থায় আমরা খতিয়ে দেখছি, ‘কমনওয়েলথ গুড প্র্যাকটিস টেমপ্লেট লেজিস্লেশন’ (সেরা চর্চার আইনি কাঠামো) সৃষ্টি করা যায় কি না। সেটা এমন ভালো চর্চা হবে, যা আমরা আমাদের কর্মকর্তাদের মধ্যে শেয়ার করতে পারব।

আমাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। বেশ কয়েকটি দেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। কিন্তু বড় বিষয় হলো, আমরা একটি পরিবার। এখানে কয়েকটি বড় দেশও রয়েছে, যারা কিছু দক্ষতার অধিকারী। তাই আমি আশাবাদী যে, আমরা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্য থেকে কিছু আইনজ্ঞ ব্যক্তিকে বের করে এনে এক জায়গায় বসাতে পারব, যাঁরা সবচেয়ে ভালো একটা দিকনির্দেশনা তৈরি করতে পারবেন। তবে এটা কেবল আইন প্রণয়নের ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কী দরকার সেটা বোঝা এবং এসব ইস্যুর ব্যাপারে আমরা প্রকৃতপক্ষে কীভাবে ভূমিকা রাখি? আমরা এমন সব পদ্ধতি (টুলকিটস) তৈরি করতে চাই, যা প্রকৃতপক্ষেই লোকজনের ক্ষমতায়ন ঘটাবে। তারা এসব বিষয়ের কিছু বাস্তবায়নে সক্ষম হয়ে উঠবে। এ রকম অনেক কিছুই রয়েছে, যা আমরা একসঙ্গে করতে পারি।

প্রথম আলো : আপনি বলছেন, আইনি সক্ষমতা গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, এমন অনেক দেশই তো রয়েছে, যেখানে অনেক ভালো ভালো আইন বিদ্যমান। কিন্তু বাস্তবায়নের প্রশ্ন এলে, তা ক্ষেত্রবিশেষে প্রয়োগ করা হয়। এখানে ক্ষমতার অপব্যবহার রয়েছে; রয়েছে জবাবদিহি ও স্বচ্ছতার অভাব। এই অবস্থায় আপনি কী করতে পারেন?

ব্যারনেস স্কটল্যান্ড : এর বিপরীতে আমরা যা যা করতে পারি, তার একটি হলো ওই টুলকিটগুলো (পদ্ধতি) বাস্তবায়নের ব্যবস্থা করা। আপনাকে একটি উদাহরণ দিই, যেটা পারিবারিক সহিংসতার বিষয়ে। ২০০৩ সালে আমি ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার–বিষয়কমন্ত্রী ছিলাম এবং আমাদের দেশে ন্যায়বিচারের ব্যবস্থা ছিল। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে বিশ্বজুড়েই পারিবারিক সহিংসতা একটা বড় সমস্যা হয়ে ছিল। বিষয়টি মোকাবিলা করতে যেসব দক্ষতা থাকা দরকার, দ্রুততা ও পেশাদারির সঙ্গে পুলিশ বিষয়টি মোকাবিলায় সক্ষম কি না, তা নিয়ে আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। একজন চিকিৎসক কিংবা একটি স্কুল কীভাবে সাড়া দেবে? প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল, তবে যতটা ভালো করা উচিত বলে সবাই মনে করছিল ততটা ভালো হচ্ছিল না।

সুতরাং, আমরা বুঝতে পারলাম যে আমাদের আইন এবং দিকনির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে সবাইকে সংযুক্ত করে, একটি সম্মিলিত উপায়ে আমরা তা বাস্তবায়ন করছি না। সুতরাং, আমরা এমন একটি কর্মপদ্ধতি তৈরি করলাম, যাতে বহুমুখী ঝুঁকির ব্যাপারে একাধিক সংস্থা সাড়া দিতে সক্ষম হয়। এটি একটি বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রক্রিয়া, যা প্রত্যেকেই শেয়ার করতে পারেন।

প্রথম আলো : কিন্তু এটা তো যুক্তরাজ্যের অভিজ্ঞতা। বৃহত্তর ফোরামে এটাকে আপনি কীভাবে নেবেন?

ব্যারনেস স্কটল্যান্ড : ওটা থেকে আমি যা শিখলাম সেটা হলো, আমরা যা করলাম তার মূল উপাদানগুলো হুবহু একই, যা প্রত্যেক কমনওয়েলথ দেশকেই করতে হবে। আমরা যে পথে সেটা করলাম, সেই একই পথে এগোতে আমরা অন্য দেশগুলোকেও সাহায্য করতে পারি। প্রথমত, আমরা সংশ্লিষ্ট দেশের চাহিদার মূল্যায়ন ও তার একটা চিত্র তৈরি করতে পারি। এরপর আমরা খুঁজতে পারি অপূর্ণতাগুলো কী কী? এখন আমরা তার বিপরীতে সাড়া দিতে একটি কৌশলগত কর্মপরিকল্পনা একত্র করব। এর মাধ্যমে অপূর্ণতাগুলো দূর করব এবং একটা পরিবর্তন উপহার দেব।

আর কমনওয়েলথে আমাদের যে ভালো বিষয়টা রয়েছে বলে আমি মনে করি সেটা হলো, আমাদের এখানে সব সংস্কৃতি, সব জাতি, সব ধর্ম এবং বড়-ছোট, দ্বীপদেশ সব আকৃতির দেশই রয়েছে। সুতরাং আমাদের যেটা রয়েছে, সেটা হলো অন্য দেশগুলো ও তাদের কাজের দিকে তাকানোর সুযোগ। বাস্তবায়নের কথা বললে, যেসব দেশ পরিবর্তন সাধন করেছে, তাদের দিকে তাকান এবং অভিজ্ঞতা শেয়ার করুন। সিঙ্গাপুরের দিকে তাকান। দেশটি বিরাট পরিবর্তন সাধন করেছে। ৪০ বছর আগের সিঙ্গাপুর কী ছিল, আর আজকের সিঙ্গাপুর কেমন হয়েছে, তাকিয়ে দেখেন।

প্রথম আলো : কিন্তু সিঙ্গাপুরে মানবাধিকার, গণতন্ত্র, ভিন্নমত প্রকাশ—এসবের কোনোটির অবস্থাই তো ভালো নয়।

ব্যারনেস স্কটল্যান্ড : আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের সব দেশে যা ঘটছে, তার পুরো বিষয়ের ওপরে চোখ বোলানো। এ কারণেই আমি বলি, আমাদের প্রত্যেকের জন্যই এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখানে এমন কেউ নেই, যার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। কিন্তু একত্র হলে আমরা বাস্তবায়নের জন্য অধিকতর ভালো একটা মানদণ্ড তৈরি করতে সক্ষম হব। আমি জোর দেব, কীভাবে আমরা পরিবর্তন বাস্তবায়ন করতে পারি, তার ওপরে।

প্রথম আলো : আমরা (মালদ্বীপের) সাবেক প্রেসিডেন্ট (মোহাম্মদ) নাশিদকে বলতে শুনলাম, কিছু ধরনের গণতান্ত্রিক সংকট প্রশ্নে কমনওয়েলথ ব্যর্থ হচ্ছে। কোনো ধরনের সামরিক অভ্যুত্থান হলে, সে বিষয়টি কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপে (সিএমএজি) নেয়। কিন্তু মালদ্বীপে সামরিক অভ্যুত্থান না ঘটলেও সেখানে ‘অগণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল’ হয়েছে। এ ঘটনায় কমনওয়েলথ ব্যর্থ হয়েছে।

ব্যারনেস স্কটল্যান্ড : আমি মনে করি না যে কমনওয়েলথ ব্যর্থ হয়েছে। আপনি যেমনটা জানেন, মহাসচিব হিসেবে এটা আমার অষ্টম দিন। আর সিএমএজি এ মাসে শিগগিরই বৈঠক করতে যাচ্ছে। আমি জানি যে আমার উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল-রাজনৈতিক) সবে মালদ্বীপ সফর করে ফিরেছেন। তিনি সরকারের সবার সঙ্গে কথা বলেছেন, বিরোধী পক্ষের সবার সঙ্গেও কথা বলেছেন। পাশাপাশি তিনি দেশটির বিচারক ও সুশীল সমাজের সঙ্গে কথা বলেছেন। এসব বিষয়ে আজ সকালেই তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন। সিএমএজি এসব বিষয় খতিয়ে দেখছে। আর আমি জানি, সিএমএজির চেয়ারম্যান—যিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী—খুব শিগগির আসছেন। তিনি সিএমএজির পরবর্তী বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে সবাই আসবেন। সুতরাং সিএমএজি বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে এবং দেখবে। সিএমএজি কী করার সিদ্ধান্ত নিয়েছে, তা আপনি আগামী কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।

প্রথম আলো : সিজেএর (কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) উদ্বোধনী অনুষ্ঠানে আপনি আমাদের সহকর্মীদের বলতে শুনেছেন, কিছু কমনওয়েলথ দেশের নির্বাচনব্যবস্থা ত্রুটিপূর্ণ। অনেক দেশে নির্বাচনব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং তার প্রতি জনগণের আস্থা নেই। এসব দেশের নির্বাচন কেবল পর্যবেক্ষণ করার পরিবর্তে কমনওয়েলথের কিছু সক্রিয় ও কার্যকর ভূমিকা নেওয়া উচিত বলে মত এসেছে।

ব্যারনেস স্কটল্যান্ড : আমি মনে করি, কমনওয়েলথ যেসব কাজ উল্লেখযোগ্য হারে ভালোভাবে করতে সক্ষম তার একটি হলো, তারা নির্বাচন পর্যবেক্ষণ ও সহায়তার কাজে খুবই ভালো। আমি কেবল এটা বলতে পারি, কারণ আমি এ কাজে যাইনি এবং তার কৃতিত্ব নিতে পারি না। সক্ষমতা বৃদ্ধির জন্য আরও কী কী করা যেতে পারে, সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে।

প্রথম আলো : কিন্তু বাংলাদেশের কথাই ধরুন। কমনওয়েলথ বাংলাদেশের গত নির্বাচনে তার পর্যবেক্ষকদের পাঠায়নি। কারণ, পরিস্থিতি অনুকূল ছিল না। আর যুক্তরাজ্যসহ অনেক দেশই পরে বলেছে, সেখানে যে নির্বাচন হয়েছে তাকে নির্বাচন বলা যায় না।

ব্যারনেস স্কটল্যান্ড : বর্তমানে আমাদের যে সুযোগটা রয়েছে, সেটা হলো আমরা যেভাবে সাড়া দিচ্ছি, তা পর্যালোচনা করে দেখা। আমি আপনার বিশ্লেষণকে সঠিক বিশ্লেষণ হিসেবে গ্রহণ করছি না। কারণ, যা ঘটেছে এবং যা ঘটেনি এবং কমনওয়েলথ তখন যা করেছে বা করেনি তার ওপর বিতর্ক করার জন্য কোনো সুযোগ ছিল না। আমি এমনটি মনে করি না। কিন্তু আমি আপনাকে বলতে পারি, আমি এ বিষয়ে সংকল্পবদ্ধ থাকব যে আইনের শাসন তত দিন জয়ী হবে, আমি যত দিন তাকে সমর্থন দিতে পারব। কমনওয়েলথভুক্ত দেশ ও যেসব এলাকায় এই ভালো চর্চাগুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে, সেসব দেশ ও এলাকায় এই চর্চাগুলোকে উৎসাহিত করতে ও তাকে সক্ষম করে তুলতে আমি সাধ্যের ভেতরে সবকিছু করব। আমি যা যা প্রয়োজন, ৫৩টি সদস্যরাষ্ট্রকে তার বিষয়ে সমর্থন ও সহায়তা দিতে সত্যিকার অর্থেই প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে এটা পরিষ্কার করতে চাই যে হারারে নীতি ও কমনওয়েলথ চার্টারে যেসব প্রত্যাশার কথা বলা আছে, তা পূরণে আমরা সব সদস্যদেশকে সহায়তা দিতে যাচ্ছি। আমি আশা করি, বাংলাদেশসহ ৫৩টি সদস্যদেশই সেই প্রত্যাশা বাস্তবায়নে আমাকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ হবে।

প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।

ব্যারনেস স্কটল্যান্ড : আপনাকে​ও ধন্যবাদ।