কাউন্সিল বৈধভাবে অনুষ্ঠিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নাজমুল হক প্রধান
নাজমুল হক প্রধান
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিভক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি। একদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরীন আখতার। অন্যদিকে মঈন উদ্দীন খান বাদল, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান। দুই পক্ষের দুই নেতা শিরীন আখতার ও নাজমুল হক প্রধান–এর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মিজানুর রহমান খান

প্রথম আলো : মশাল নিয়ে জিতে দল থেকে বহিষ্কার বা অপর অংশকে বহিষ্কার করতে হলে ৭০ অনুচ্ছেদ জাসদকে ছাড়বেন না, পদ হারাবেন!

নাজমুল হক প্রধান : আমরা জাসদের দুজন মশাল ও চারজন নৌকা নিয়ে জয়ী হয়েছি। এর মধ্যে দুজন (ইনু-শিরীন) একদিকে, আমিসহ চারজন অন্যদিকে। যেহেতু কাউন্সিল বৈধভাবে হয়নি, তাই বৈধভাবে আমাদের বহিষ্কার করা যাবে না। তা ছাড়া যে কাউন্সিল করা হয়েছে, সেখানে আমাকেও রাখা হয়েছে।
প্রথম আলো : মতাদর্শগত, নাকি ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের বহিঃপ্রকাশ?
নাজমুল হক প্রধান : দলে অভ্যন্তরীণ গণতন্ত্রায়ণ নিয়ে বিরোধ পুরোনো। দল চালাতে আমরা ভারসাম্য চেয়েছিলাম। কারণ, দলকে তিনি কুক্ষিগত করতে চেয়েছেন। তাই ছয় বছর আগেই তিনি শিরীন আখতারকে চেয়েছেন। ২০১০ সালে এর আগের সম্মেলনেই আম্বিয়া সাধারণ সম্পাদক হতেন। কিন্তু তিনি ভোট করালেন এই ভেবে যে, আম্বিয়া শিরীনের কাছে হারবেন। কিন্তু শিরীন ৪৩ ভোটে হেরে যান। তখন প্রায় সাড়ে ৮০০ ভোট পড়েছিল। এর আগে ইনু-সিরাজের সময় ভোট হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু ভোট হয়নি। এবারেই প্রথম ভোট হয়। আম্বিয়া নির্বাচিত হলেও তিনি শিরীনকে দিয়ে দল চালিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি করতেই সাত মাস সময় লাগান। কাউন্সিলের পরে নতুন পদ সৃষ্টি করা যায় না, তা-ও করা হয়েছিল, আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছিলাম। কমিটির পরে দেখা গেল, আম্বিয়াকে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এ নিয়ে পার্টি অফিসে মুখ কালাকালি, ধাক্কাধাক্কি হয়েছে। এমন পরিবেশ জিইয়ে রেখে সম্মেলন হতে ছয় বছর সময় লাগল। সুতরাং লড়াইয়ের একটা ধারাবাহিকতা ছিলই।
প্রথম আলো : বৈধতার প্রশ্নটি আরও পরিষ্কার করুন।
নাজমুল হক প্রধান : শিরীন আখতারকে কণ্ঠভোটে পাস করানোর চেষ্টা হয়েছিল। তখন আমি উঠে দাঁড়ালাম। কারণ, গঠনতন্ত্রে কণ্ঠভোট নয়, গোপন ব্যালটে ভোটের কথা আছে।
প্রথম আলো : তাহলে শিরীন অবৈধভাবে সাধারণ সম্পাদক হয়েছেন? জাসদের প্রথম নির্বাচিত নারীর নির্বাচন বৈধ, না অবৈধ?
নাজমুল হক প্রধান : দেখুন, কণ্ঠভোটে পাস করতে চাইলে আমিসহ শ পাঁচেক কাউন্সিলর বেরিয়ে আসি। পরে কথা ওঠে, তাহলে এটা আদালতে গড়াতে পারে। তখন তারা একটা ভোট করেছে। শিরীনকে ৬০৩ ভোটে পাস দেখিয়েছে। আমাকে দিয়েছে ১৪৭ ভোট। একজনে ১০–১২টাও ভোট দিয়েছেন। কে কে ভোট দেবেন, ডাকাডাকি হয়েছে।
প্রথম আলো : তাহলে বলছেন, একটা ভোট ডাকাতি হয়েছে। আদালতে চ্যালেঞ্জ করবেন?
নাজমুল হক প্রধান : হ্যাঁ, হয়েছে। কিন্তু চ্যালেঞ্জে যাওয়ার কথা এখন ভাবছি না।
প্রথম আলো : আপনাদের দাবি, কাউন্সিল বাতিল করতে হবে। কারণ, তা বৈধ নয়। তাহলে এই কাউন্সিলের আগে গঠনতন্ত্রে ছিল, সভাপতি একাদিক্রমে দুই মেয়াদে হতে পারবেন না।
নাজমুল হক প্রধান : ওই সংশোধনী অগণতান্ত্রিক, তদুপরি সেটা এবং ইনুর সভাপতি পুনর্নির্বাচিত হওয়া মানি।
প্রথম আলো : তার মানে কাউন্সিল অবৈধ, গঠনতন্ত্র সংশোধন বৈধ, সভাপতি বৈধ, আবার তার সাধারণ সম্পাদক অবৈধ?
নাজমুল হক প্রধান : এতটা বলতে পারব না। তাঁরা তো রানিংমেট নন, একত্রে নির্বাচিত হননি। আমরা বয়কট-পরবর্তী কার্যক্রমকে অবৈধ মনে করি।