>

মাইক রবসন লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নিয়ে ১৯৯৬ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) যোগ দেন। ২০১৩-২০১৬ সালে বাংলাদেশে সংস্থাটির আবাসিক প্রতিনিধি ছিলেন। এখন রোমে এফএওর উপমহাপরিচালকের বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন। ৭ জুলাই রোমে এফএওর সদর দপ্তরে তিনি প্রথম আলোকে এই সাক্ষাৎকার দেন।সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
প্রথম আলো : আপনার অভিজ্ঞতার আলোকে এখন সদর দপ্তরে বসে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের আশু চ্যালেঞ্জগুলো কীভাবে দেখেন?
মাইক রবসন : বাংলাদেশে ভূমি সম্পদের ওপর বিরাট চাপ পড়ছে। বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। খাদ্য উৎপাদনে কৃষকেরা অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন। তাঁরা দুটি, অনেক সময় তিনটি ফসল ফলাচ্ছেন। তবে ব্যাপকভিত্তিক শিল্প ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে আবাদি জমির পরিমাণ কমছে। এর ফলে সার্বিকভাবে খাদ্যব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের সামনে এমন অবস্থা আসতে পারে, যখন তার খাদ্য উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে। কিন্তু একই সঙ্গে তার আয় বেড়ে যেতে পারে। মানুষ খেয়ে–পরে ভালো থাকতে পারে। কম মানুষ কৃষিকাজে জড়িত হতে পারে। আপনাকে তখন ভূমি ব্যবহারে একটা সমন্বয় সাধন করতে হতে পারে। মোটকথা, আপনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, যখন খাদ্য আমদানি করতে হবে।
প্রথম আলো : বাংলাদেশে কৃষিক্ষেত্রে কী পরিবর্তন আপনার চোখে পড়েছে?
মাইক রবসন : আগে কৃষকেরা ছোট পরিসরে খণ্ড খণ্ড জমি চাষ করতেন, এখন ইজারা নিয়ে বড় পরিসরে চাষ করছেন। ধান ছাড়াও অন্যান্য খাদ্যশস্য ও ফলমূল চাষের দিকেও ঝুঁকেছেন। মানুষ যাতে বেশি লাভ হয় সেদিকে ঝুঁকবে। বাংলাদেশে সার্বিকভাবে কৃষিতে একটা গতিশীল অবস্থা বিরাজ করছে। খাদ্যাভ্যাস, পরিবেশগত টানাপোড়েন, বরেন্দ্রর মতো কিছু এলাকায় পানির অপ্রাপ্যতা, সাতক্ষীরা অঞ্চলের লবণাক্ততা ইত্যাদি কারণগুলো বাংলাদেশের কৃষিব্যবস্থায় পরিবর্তন বয়ে আনছে। কৃষকেরা যে কঠোর পরিশ্রম ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে নিজেদের ক্রমাগতভাবে সক্রিয় রাখছেন, তা আমাকে অভিভূত করে। সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুবই শক্তিশালী ও গঠনমূলক ভূমিকা রাখছে।
প্রথম আলো :অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের কৃষিব্যবস্থা আমূল বদলাবে।
মাইক রবসন : দুটো বিষয় গুরুত্বপূর্ণ। জনবসতির উচ্চ ঘনত্ব এবং জোরালো কৃষিকাজ অব্যাহত থাকা, এখন জলবায়ু পরিবর্তনের কারণে তাতে বিঘ্ন ঘটতে পারে। অধিক বৃষ্টিপাত, ঝড় বা খরা হতে পারে। তার ওপর আপনারা অত্যন্ত নিচু জমির দেশ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি একটি বড় শঙ্কার বিষয়। জমি আরও চাষাবাদের উপযোগী না–ও থাকতে পারে। তাই দেশটি নিশ্চয় বেশ ভঙ্গুর অবস্থায় পৌঁছাতে পারে। কৃষকেরা অবশ্য ইতিমধ্যেই বৈচিত্র্যকরণের দিকে ঝুঁকেছেন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্য কয়েকটি দেশের ওপর ইতিমধ্যে যেভাবে স্পষ্ট ছাপ ফেলেছে, সেভাবে কিন্তু বাংলাদেশের ওপর এখনো পড়েনি। অতিবৃষ্টি বা অতিখরার কবলে আপনারা শিগগির পড়তে যাচ্ছেন বলে প্রতীয়মান হয় না। আফ্রিকার কৃষকেরা যেভাবে চাপে পড়েছেন, সেই চাপ বাংলাদেশি কৃষকদের এখনো নেই।
প্রথম আলো : জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফরকালে হুঁশিয়ার করেছিলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের খুব খারাপ ভুক্তভোগীদের অন্যতম হতে পারে। আপনাদের মতো সংস্থাগুলো কি এ বিষয়ে কোনো সমীক্ষা করেছে?
মাইক রবসন : এফএও কোনো গবেষণা সংস্থা নয়। বাংলাদেশের বহু বিশেষজ্ঞ ও সংস্থা এ বিষয়ে কাজ করেছে। আমার মনে হয়, বান কি মুনের বিবৃতির তিনটি প্রধান ভিত্তি ছিল। বঙ্গোপসাগর অঞ্চলের ঐতিহাসিক ঘূর্ণিঝড়, নিচু ভূপ্রকৃতি ও উন্নয়নশীল দেশভুক্ত থাকা। তবে বাংলাদেশ ঝুঁকিতেই থাকবে এবং সেটা বিবেচনায় কৃষিতে বৈচিত্র্য আনার যে পদক্ষেপ নিয়েছে, তা সঠিকভাবেই নিয়েছে। বাংলাদেশ কৃষিতে সঠিক পথে রয়েছে।
প্রথম আলো : কিন্তু অগ্রগতি সত্ত্বেও খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিষয়ে উদ্বেগ আছে। আপনিও ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে পুষ্টির বিষয়ে যে চ্যালেঞ্জ রয়েছে, তার উল্লেখ করেছিলেন।
মাইক রবসন : বাংলাদেশ কৃষির বৈচিত্র্যকরণের মধ্যে রয়েছে। ভাত কমিয়ে মাছ, মাংস, ডিম, শাকসবজি, ফলমূল ইত্যাদির দিকে ঝুঁকছে। তবে আমরা কিন্তু এটা বলি না যে, বাংলাদেশের সবাই এসব উৎপাদন করে ভোগ করবে। এটা বাজারের বিষয়। গত ২৫-৩০ বছরে কৃষিব্যবস্থার বদল ঘটেছে। বাণিজ্যিকীকরণ হয়েছে। মানুষের কাছে টাকা থাকতে পারে। কিন্তু তাকে জানতে হবে কী করে ভারসাম্যপূর্ণ খাদ্য কিনতে হয়। তার পুষ্টি শিক্ষা দরকার। কোনটির পুষ্টিমান ভালো, কোনটির মন্দ তা চিহ্নিত করতে হবে। দীর্ঘ মেয়াদে খারাপ পুষ্টিমান গ্রহণের পরিণতি হলো বামন আকৃতির মানুষের সংখ্যাধিক্য। এটা সুখবর যে বাংলাদেশের পুষ্টিমানের উন্নতির লক্ষণ হলো এ ধরনের খর্বাকৃতি মানুষের সংখ্যা কমে যাওয়া। আমি ২০১৩ সালে যখন এফএওর আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিই, তখন এটা ছিল ৪২ শতাংশ আর তিন বছর পরে যখন ফিরে আসি, তখন এর হার ছিল ৩৬ শতাংশ। ২৫ বছর আগে আপনাদের এই হার হয়তো ৭০ শতাংশ ছিল। ইউনিসেফ, ব্র্যাক, বিবিএস সবাই মিলে এই হার বের করেছে। এটা বিশ্বাসযোগ্য। তবে ৩৬ শতাংশও উদ্বেগজনক।
প্রথম আলো : জিএম খাদ্য নিয়ে বিতর্ক আছে। যদিও বাংলাদেশ সেটা গ্রহণ করেছে। বর্তমান বিশ্বে এর অবস্থাটা কী? এফএও এ বিষয়ে কোনো অবস্থান নিয়েছে কি না?
মাইক রবসন : লাতিন আমেরিকা, ভারত, চীনসহ অনেকেই এটা ব্যবহার করছে। এ বিষয়ে এফএওর কোনো অবস্থান নেই। এটা সংশ্লিষ্ট দেশের ওপর নির্ভর করছে, তারা এটা নেবে কি নেবে না। আমরা বলি সিদ্ধান্ত নিতে হবে বৈজ্ঞানিক ভিত্তিতে।
প্রথম আলো : আপনার ব্যক্তিগত মত কী? ইতালি কী করেছে?
মাইক রবসন : আমি এর সমর্থক। কারণ, বৈজ্ঞানিক গবেষণায় এটা পরীক্ষিত হয়েছে। গোটা ইউরোপীয় ইউনিয়ন এখনো এটা মানছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে এটা নিয়ে ইইউর বিরাট তর্ক চলছে। ইইউ বলছে, এ বিষয়ে বিজ্ঞান এখনো পরিষ্কার নয়।
প্রথম আলো lইতালির প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ইতালীয় তরুণেরা এই প্রথমবারের মতো কৃষিতে ঝুঁকছে। এর কারণ কী?
মাইক রবসন : এটা ইতালীয় অর্থনীতিতে সমস্যার ইঙ্গিতবহ। কর্মসংস্থানের অভাব আছে। আবার এটা কিছুটা নষ্টালজিকও বটে। তারা ভাবছে, অতীত হয়তো খুব ভালো ছিল। আবার তারা অর্গানিক নির্ভরতাকে নিরাপদ ভাবছে। সার বা কীটনাশক ছাড়াই তারা যে ভালো টিকতে পারে, সেই বোধে তারা উজ্জীবিত।
প্রথম আলো : ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, তরুণ চাষিরা নিজ নিজ গ্রামের ঐতিহ্য রক্ষা করছেন।
মাইক রবসন lসেটা খুবই একটা মজার বিষয়। ইতালির প্রায় প্রতিটি গ্রামের আলাদা ঐতিহ্য আছে। তারা সেটা বজায় রাখতে চাইছে। বার্ষিক উৎসবে গ্রামবাসী নিজেদের খাবারের ডালি সাজিয়ে বসে। আর খাবারের বৈচিত্র্য বাংলাদেশের থেকে বেশি। খাদ্যশস্য উৎপাদনে ইতালির ভূমি উর্বর ও আবহাওয়াও অত্যন্ত অনুকূল।
প্রথম আলো : বাংলাদেশের তরুণদের মধ্যে এমন প্রবণতা কি দেখেছেন?
মাইক রবসন : সেটাই বাংলাদেশের জন্য বৃহত্তম চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো কৃষক পরিবারের সন্তানের অভিভাবক ও স্বজনদের যদি প্রশ্ন রাখা হয়, আপনার ছেলে বা মেয়ে বড় হয়ে কী হবে? তখন উত্তর আসে: ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। কোনো কৃষক পরিবারের কর্তা গর্বভরে বলেন না যে, তাঁদের সন্তানেরা বড় হয়ে কৃষক হবে। বাংলাদেশিদের দুটি বড় গন্তব্য: ঢাকার মতো শহরে বা উপসাগরীয় দেশগুলোতে অভিবাসী হওয়া। তরুণেরা ফেসবুক, ইন্টারনেটে ঝুঁকছে, এখন এটা তাদের কর্মসংস্থানের মধ্যে যুক্ত করে দিতে হবে। তরুণেরা কৃষিতে না হলেও খাদ্য প্রক্রিয়াজাতকরণে স্মার্টফোন, অ্যাপসের ব্যবহারে উৎসাহিত হতে পারে। বাংলাদেশের জন্য আরেকটি বড় কাজ নিরাপদ খাদ্য উৎপাদন করা। কারণ, খাদ্য হলেই তা পুষ্টিকর ও রপ্তানিযোগ্য হবে না। নিরাপদ খাদ্য হতে হবে। ১০ বছর আগেও বাংলাদেশ চিংড়িতে নিষেধাজ্ঞা দেখেছে।
প্রথম আলো : কিন্তু শুধু আইনের শাসন ছাড়া আপনি এসব রোধ করতে পারেন না।
মাইক রবসন : আইনের শাসন গুরুত্বপূর্ণ কিন্তু এফএওর সনদের বাইরের বিষয় হওয়ার কারণে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সরকারের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন একটি ভালো পদক্ষেপ। আশা করব, এ–সংক্রান্ত আইন-কানুন যথাযথভাবে কার্যকারিতা লাভ করবে।
প্রথম আলো : খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ দিন।
মাইক রবসন : প্রথমত, কৃষি গবেষণায় ব্যাপক বিনিয়োগ অব্যাহত রাখা। পানি সহনশীল খাদ্যশস্য উৎপাদনে যেতে হবে। দ্বিতীয়ত, বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা। বিনিয়োগ বাড়াতে হবে। খাদ্য সরবরাহ চক্রে যাতে কোনো অপচয় না ঘটে। খামার ও বাজারের মধ্যে কখনো খাদ্য হারাতে পারে। তৃতীয়ত, কৃষকদের প্রশিক্ষণ। আর পুষ্টির বিষয়ে শিক্ষার কথা তো আগেই বলেছি।
প্রথম আলো : একটা সম্ভাব্য উদ্বেগ নিয়ে আপনার বক্তব্য জানতে এসেছিলাম, এফএওর কোনো উদ্বেগ আছে কি না? সেটা মনে হলো নেই।
মাইক রবসন : দেখুন, উদ্বেগ তো থাকেই। আমি বলব না কোনো উদ্বেগ নেই। উন্নতি সত্ত্বেও কুড়িগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা অনেক চর এলাকার মতো অনেক ‘পকেটে’ দরিদ্র মানুষকে অাঘাত সইতে হতে পারে। আসলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সর্বদাই একটা উদ্বেগ থাকতে পারে। ১৬ কোটি লোকসংখ্যার যেকোনো দেশে একটা ঝুঁকি থাকতে পারে। সাংবাদিকেরা সমালোচনা করতে পারেন। কিন্তু এটা মোকাবিলা করা একটা টাফ জব। খারাপ আবহাওয়ার কারণে ফসল মার খেতে পারে। পোশাক শিল্পসহ নানা ক্ষেত্রের প্রসার সত্ত্বেও ৫০ শতাংশের বেশি শ্রমিক এখনো কৃষিতে। যদিও জিডিপিতে কৃষির হিস্যা কমছে। তবু অর্থনীতির ১৭ বা ১৮ শতাংশজুড়ে কৃষিই রয়ে গেছে। এ জন্য সরকার খাদ্যগুদাম তৈরি ও মজুতে মনোযোগ দিয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত তত খারাপ কিছু ছিল না। এর পরেরটা বলতে পারব না। ঢাকার অফিস বলতে পারবে।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
মাইক রবসন : ধন্যবাদ।