হারুন-অর-রশিদের জন্ম টাঙ্গাইলে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই ১৭তম স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে ওআইসির বৃত্তি পেয়ে মালয়েশিয়ায় পড়াশোনা করতে যান। মালয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও ভাষাতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স করেন। বর্তমানে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে সক্রিয় বেসরকারি সংস্থা কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক। ‘ভালোবাসি বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন মালয়েশিয়ায়। তিনি সম্প্রতি ঢাকায় এলে প্রথম আলোর পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়

প্রথম আলো : আপনি অভিবাসীদের বিষয়ে কেন ও কীভাবে কাজ করতে আগ্রহী হলেন?
হারুন-অর-রশিদ : ১৯৯৬ সালে আমি ওআইসির বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যাই। ২০০১ সাল পর্যন্ত লেখাপড়াকালে ছুটির দিনগুলোতে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মেলামেশা করতাম। তখন দেখি, অনেক বাংলাদেশি শ্রমিক অবৈধ হয়ে গেছেন, অনেকে ডিটেনশন ক্যাম্পে আটক। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সঙ্গে আমার দেখা হতো। আমি তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনতাম, তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করতাম। চাঁদা তুলে ডিটেনশন ক্যাম্পে আটক শ্রমিকদের দেশে পাঠানো, আইনি সহায়তা দেওয়াসহ নানা কাজে যুক্ত হই। দেখলাম, অনেক শ্রমিক ঠিকভাবে বেতন পান না। ২০০১ সালে আমার পড়াশোনা শেষ হলে কুয়ালালামপুরের বেসরকারি সংস্থা ‘তেনাগানিতা’র প্রধান আইরিন ফার্নান্দেজ আমাকে সেই সংস্থায় যোগ দিয়ে বাংলাদেশি শ্রমিকদের আইনি সহায়তা দেওয়ার কাজ শুরু করতে বলেন। এভাবে যুক্ত হই সেখানে। আমি তেনাগানিতায় শ্রমিকদের অধিকার বিষয়ে কেস ম্যানেজার ছিলাম।
প্রথম আলো : আপনি বলছেন, বাংলাদেশি শ্রমিকেরা তাঁদের অধিকারের বিষয়ে সচেতন নন। কী কী বিষয়ে সচেতন নন?
হারুন-অর-রশিদ : বেশির ভাগ শ্রমিকই জানেন না তাঁরা কী কাজে আসছেন, বেতন কত, কত দিনের চুক্তি। তাঁরা মাস শেষে বেতন পেলেই খুশি। বেতন না পেলে অনেকে আমাদের কাছে আসতেন। তখন দেখতাম তাঁদের পাসপোর্ট তাঁদের কাছে নেই। কোনো ধরনের কাগজপত্রই নেই। ওয়ার্ক পারমিট করার কথা বলে দালাল টাকা নিয়ে চলে গেছে, কোনো রসিদ দেয়নি। ফলে আইনি সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়ত। আর বাংলাদেশ সরকারও তার প্রবাসী শ্রমিকের অধিকারের বিষয়ে সচেতন নয়। প্রত্যেক মানুষের যে মর্যাদা ও আত্মসম্মানবোধ আছে, তা বাংলাদেশ সরকার ভুলে যায়।
প্রথম আলো : এটি কি শুধু বাংলাদেশেরই সমস্যা, নাকি সব প্রবাসী শ্রমিকের?
হারুন-অর-রশিদ : বাংলাদেশিদের এই সমস্যা সবচেয়ে বেশি। একটা রাষ্ট্র আপনাকে তখনই সম্মান দেবে, যখন আপনার দেশ আপনাকে যথাযথ সম্মান দেবে। একটা উদাহরণ দিতে পারি। ২০০৪ সালের ঘটনা। বীণা সিক্রি তখন মালয়েশিয়ায় ভারতীয় হাইকমিশনার। একটি ক্যাম্পে মালয়েশিয়ার পুলিশ কয়েকজন ভারতীয় অভিবাসী শ্রমিকের পাসপোর্ট ছুড়ে ফেলে। খবর পেয়ে আমি সেখানে যাই। বীণা সিক্রি আমাদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের শ্রমিকদের অপমানের এ বিষয়টি ভারত সরকারকে জানান। এরপর বিষয়টি নিয়ে ভারত সরকার ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে মালয়েশিয়া সরকার ভারতের কাছে দুঃখ প্রকাশ করে। এখন আর ভারতীয়দের সঙ্গে কেউ অপমানজনক কোনো আচরণ করে না। কিন্তু বাংলাদেশি শ্রমিকেরা নানাভাবে নির্যাতনের শিকার হন। বাংলাদেশ সরকার তার নাগরিকদের মর্যাদা দিতে পারে না। না দেশে, না বিদেশে। বিমানবন্দর থেকে শুরু করে দূতাবাস—সর্বত্রই আমাদের শ্রমিকেরা ভোগান্তির শিকার।
প্রথম আলো : অতীতে দেখা গেছে, মালয়েশিয়ায় যখনই শ্রমিক নেওয়া শুরু হয়, বাংলাদেশিরা নানাভাবে প্রতারণার শিকার হন। কেন এমন হয়?
হারুন-অর-রশিদ : অতীতে লোক নেওয়ার নামে অনেক অনিয়ম হয়েছে। সাধারণ লোককে জিম্মি করে ব্যবসা করেছে কিছু লোক। তাদের অনেকে রাজনৈতিকভাবে শক্তিশালী। একজন দুই থেকে তিন লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান। কিন্তু যে বেতন পান, তাতে খরচ ওঠে না। ফলে নির্ধারিত সময়ের বেশি থাকেন এবং একপর্যায়ে অবৈধ হয়ে যান। তারপর, একজন শ্রমিক জীবনের একটা বড় সময় বিদেশে কাটিয়ে দেশে ফিরে কিছু করতে পারেন না। এ বিষয়ে কারও কোনো চিন্তা নেই। আমি ২০০৪ সালে বাংলাদেশে এসে সিরাজগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও কুমিল্লায় এমন চার হাজার শ্রমিকের সাক্ষাৎকার নিই। দেখেছি, কেবল একজন আগের চেয়ে ভালো আছেন। বাকি সবার আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে।
প্রথম আলো : ফেরত আসা প্রবাসীদের জন্য কী ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে?
হারুন-অর-রশিদ : একজন শ্রমিক ১৫ থেকে ২০ বছর প্রবাসে কাটিয়ে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করেন। কিন্তু দেশে ফিরে তিনি ওই দক্ষতা কাজে লাগানোর সুযোগ পান না। বিদেশ যাওয়ার আগে যে কাজ করতেন, সেটা হয়তো ছিল কৃষিকাজ বা অন্য কোনো ছোটখাটো কাজ। বিদেশ থেকে ফিরে এসে তিনি সেই কাজ করতে লজ্জা পান। অথচ তাঁর যে দক্ষতা, তা কাজে লাগানো যেত। এ ক্ষেত্রে বড় উদাহরণ দক্ষিণ কোরিয়া। তাদের শ্রমিকেরা একসময় মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন। দেশে ফেরার পর কোরিয়া এই শ্রমিকদের কাজে লাগিয়েছে। আমাদের সরকারের চিন্তা কেবল বিদেশে শ্রমিক পাঠানো আর রেমিট্যান্স আনা। কিন্তু একজন অভিবাসী শ্রমিক ১০ বছর পর দেশে ফিরলে তাঁর দক্ষতা কীভাবে কাজে লাগানো হবে, এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। অথচ এই যে দেশের প্রায় এক কোটি লোক বিদেশে আছেন, তাঁরা নানা কাজে অভিজ্ঞ। সরকার যদি চিন্তা করে এই দক্ষতা দেশের কাজে লাগাবে, তাহলে অনেক কিছুই করা যায়। তাঁর এই দক্ষতা এখানে কাজে লাগালে বাকি যাঁরা এখনো বিদেশ যাননি, তাঁরাও এখানে দক্ষতা অর্জন করতেন এবং দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যেতে পারতেন। কিন্তু এসব নিয়ে আমাদের সরকারের দীর্ঘ মেয়াদে কোনো কৌশল নেই। আমরা শুধু শ্রমিকের দেশের মর্যাদা নিয়েই বেঁচে আছি। এখান থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করছি না। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছে। অথচ তার নাগরিকেরা কাজের সন্ধানে সাগরপথে দেশ ছাড়ছে।
প্রথম আলো : মানুষ কেন এত বিদেশমুখী হচ্ছে?
হারুন-অর-রশিদ : একটা বড় কারণ দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। সুশাসন নেই, আইনের শাসন অত্যন্ত দুর্বল। সামাজিক নিরাপত্তা নেই। তাই অনেক শিক্ষিত ব্যক্তিও স্বস্তির আশায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু এটা কোনো সমাধান নয়। এভাবে বছরের পর বছর চলতে পারে না। আমরা আর কত দিন এভাবে বিদেশে শ্রমিক পাঠাব? এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা। প্রবাসীদেরও এ বিষয়ে ভাবার সময় এসেছে।
প্রথম আলো : আপনি ‘ভালোবাসি বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন দাঁড় করাচ্ছেন, সেটা কী?
হারুন-অর-রশিদ : আমি যখন যে দেশে গেছি, বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছি। একজন মানুষ যখন স্বদেশ ছেড়ে বিদেশে যায়, তখন দেশের প্রতি তার ভালোবাসা আরও তীব্র হয়। সশরীরে বিদেশে থাকলেও মন পড়ে থাকে স্বদেশে। নানাজনের সঙ্গে কথা বলতে বলতে ‘ভালোবাসি বাংলাদেশ’ গঠনের সিদ্ধান্ত হয়। এখন মালয়েশিয়ায় কাজ করছি। সেখানে কারাগারে ও বন্দিশিবিরে অনেক বাংলাদেশি আছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েন। আমরা চেষ্টা করি টাকা তুলে তাঁদের দেশে পাঠাতে। সামাজিক নানা কাজ করি। বাংলাদেশে কাজ শুরু করছি। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন, সুশাসন ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হোক। এ নিয়ে আমরা কাজ করতে চাই।
প্রথম আলো : সেটা কীভাবে?
হারুন-অর-রশিদ : আমরা এক কোটি প্রবাসী, তাঁদের পরিবারের সদস্যদের একটা প্ল্যাটফর্মে, একটা নেটওয়ার্কে আনতে চাইছি। প্রবাসীদের একটা ডেটাবেইস তৈরির উদ্যোগ নিচ্ছি। ওয়েবসাইটের মাধ্যমে এ কাজটা করব। একজনের পাঁচজন করে আত্মীয়স্বজন ধরলে প্রায় এক কোটি প্রবাসী দেশের প্রায় পাঁচ কোটি লোকের সঙ্গে সম্পর্কিত। আমরা, এই বিপুলসংখ্যক প্রবাসী, আমাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশে একটা কিছু করতে পারব। অনেক সামাজিক সমস্যার সমাধান করতে পারব। প্রবাসীরা চান দেশে তাঁর স্বজনেরা ভালো থাকুক। দেশে আইনের শাসন আসুক, সুশাসন আসুক। এটা রাষ্ট্রকে করতে হবে। আমরা এ কাজে সহযোগিতা করতে পারি। প্রবাসীদের মধ্যে অনেক মেধাবী মানুষ আছেন, অনেক পণ্ডিত ব্যক্তি আছেন। তাঁরা স্ট্র্যাটেজি নির্ধারণে সহযোগিতা দিতে পারেন। আমরা রাজনীতিবিদদের প্রতি আহ্বান, আপনারা দেশটাকে সঠিক পথে নিয়ে যান। আজ বাংলাদেশি শ্রমিকেরাই চোখের সামনে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াকে নতুনভাবে গড়ে উঠতে দেখেছেন। আমাদের বাংলাদেশও সেই পথে যেতে পারে।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
হারুন-অর-রশিদ : আপনাকেও ধন্যবাদ।