ক্ষমতার আশ্রয়ে ধর্ষকেরা বেশি বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুচিরা তাবাসসুম নভেদ্ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। দুই দশক ধরে নারীর প্রতি যৌন ও অন্যান্য সহিংসতা বিষয়ে গবেষণা করে চলেছেন। পুরুষদের মনোভাব এবং চর্চাও খতিয়ে দেখেছেন। ধর্ষণ-সহিংসতার এই সময় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কুররাতুল-আইন-তাহমিনা।
রুচিরা তাবাস্‌সুম নভেদ্

প্রশ্ন :

প্রথম আলো: নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা সম্পর্কে আপনি এক কথায় কী বলবেন?

রুচিরা তাবাসসুম নভেদ: এমন ঘটনার ধাক্কাটা এত বেশি, প্রথমেই হতভম্ব লাগে। তারপর মনে হয়, সরকারের দায়িত্ব কিছু একটা করা। তারপর ভাবি, নাগরিকেরাই তো সরকারকে এনেছি। নিজেদের দায়িত্ব এড়ানোরও তো উপায় নেই। জেন্ডার আর স্বাস্থ্য আমার গবেষণার বিষয়। সবচেয়ে বেশি কাজ করছি নারীর প্রতি সহিংসতা নিয়ে। কাজটার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। কিন্তু সব সময় একটা ভীষণ হতাশা থাকে।গবেষণা করে লাভটা কী হলো? আসলেই কি কিছু পাল্টাচ্ছে? কোনো কিছু কি হচ্ছে আদৌ? কী করছি আমরা!

প্রশ্ন :

দেশে ধর্ষণ, যৌন নির্যাতন আর যৌন সহিংসতার ঘটনা কি বাড়ছে?

রুচিরা: সত্যি বলতে কি, সে রকম কোনো ধারাবাহিক গবেষণা নেই। তাই এটা বলা যায় না। বললে সেটা হবে ধারণা থেকে বলা। ধারণা থেকে সিদ্ধান্ত টানা যায় না। ঘটনা বাড়ছে, নাকি ঘটনার জানাজানি বাড়ছে, তা নিয়ে বিভ্রান্তির সুযোগ আছে। সুতরাং আপাত তুলনা করলে ভুল হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১১ আর ২০১৫ সালে জরিপ করে বলেছিল, চার বছরে নারীর প্রতি সার্বিক সহিংসতার হার ৭৯ শতাংশ থেকে কমে ৭৩ শতাংশ হয়েছে। যৌন সহিংসতা ৩৭ শতাংশ থেকে কমে ২৭ শতাংশে নেমেছে।

তবে দুটি জরিপে পদ্ধতিগত পার্থক্য ছিল। পার্থক্যগুলো সমন্বয় করলে দেখা যাবে, ইতরবিশেষ হয়নি। বরং সহিংসতার কিছু ধরন সামান্য বেড়েছে। খুবই সামান্য।
বিবিএসের হিসাবটা কিন্তু স্বামীর হাতে সহিংসতার। এই সহিংসতাই সবচেয়ে বেশি ঘটে, ধর্ষণসহ। আমাদের এখনকার আলাপ অবশ্য বাইরের মানুষের হাতে যৌন সহিংসতা নিয়ে।

প্রশ্ন :

নারীর প্রতি যৌন সহিংসতার ধরন কিছু পাল্টেছে কি?

রুচিরা: পাল্টেছে তো বটেই। ইন্টারনেটের যুগে সাইবার বুলিং, ছবি তুলে ব্ল্যাকমেল করা—এগুলো অনেক বেড়েছে এখন। সেদিক থেকে আগের সঙ্গে তফাৎ আছে। কিন্তু যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ—এগুলো আগেও ছিল, এখনো আছে।
তবে জাতীয়ভাবে প্রচার হওয়া, সাড়া জাগা, এটা আগে এত ঘন ঘন হয়নি। ধামাচাপা দেওয়ার চেষ্টাটা নিশ্চয় আগে বেশি ছিল। এখন আলাদা আইন আছে, মানুষজন জানে। প্রতিকার চায়। সাংবাদিকতার মনোযোগও বেড়েছে। ভেতরের খবর, প্রত্যন্ত এলাকার খবর আসছে। কিন্তু তারপরও মনে হয়, একটু যেন বেশি বেশি শুনছি।

প্রশ্ন :

বেগমগঞ্জের ঘটনা, সম্প্রতি সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনাসহ গত দু-তিন বছরে যৌন সহিংসতার ঘটনাগুলো কী প্রবণতার কথা বলে? বেপরোয়া ভাব? নৃশংসতা? নিষ্ঠুরতা?

রুচিরা: অপরাধীরা ক্রমেই আরও বেপরোয়া হচ্ছে। ক্ষমতায় যারা থাকে, তারা আরও বেপরোয়া। অন্য সহিংসতাও কিন্তু তীব্র হচ্ছে। এটা বৈশ্বিক প্রবণতা। মানুষের মধ্যে অস্থিরতা, অনিশ্চয়তা, পৃথিবীজুড়ে চরম দক্ষিণপন্থী রক্ষণশীলতার দাপাদাপি। মানুষ সুস্থ নয়।

অন্যদিকে আগেও কিন্তু ধর্ষণের ঘটনা খুব একটা কম নিষ্ঠুর ছিল না। আমার মনে হয়, পার্থক্যটা হচ্ছে প্রকাশ্যে এসব ঘটানোর বিষয়টা। এবং মানুষের নির্বিকার হয়ে পড়াটা।

আগে গ্রামে একটা সামাজিক যুক্ততা ছিল। এখন কিন্তু ক্ষমতাধর ব্যক্তির ছেলে যখন রাস্তায় মেয়েদের জ্বালাবে, গ্রামেও মানুষ না তাকিয়ে পাশ দিয়ে হেঁটে চলে যাবে। আগে সবাই মিলে হয়তো প্রতিরোধ করতে পারত। কিন্তু এখন ক্ষমতার ফারাকটা এত বেশি হয়েছে, সাধারণ লোক কিছু করতে সাহস পায় না।

এ জন্যই ওরা প্রকাশ্যে এসব অপরাধ করতে সাহসী হয়। ওরা জানে, ওদের থামানোর কেউ নেই। বাধা দেওয়ার কেউ নেই। পুরুষত্বের ক্ষমতা প্রদর্শনও এটা—আমি কত কী পারি।

প্রশ্ন :

এমন কেন হচ্ছে? কারণগুলো কী?

রুচিরা: সহিংসতার মূলে তো সব সময় আছে ক্ষমতার ভারসাম্যহীনতা। সারা পৃথিবীতেই নারী-পুরুষের মধ্যে এই বৈষম্য আছে। আমাদের দেশে বৈষম্যটা আরও অনেক বেশি। এ দেশকে বলে ধ্রুপদি পুরুষতন্ত্রের (ক্ল্যাসিক প্যাট্রিয়ার্কি) উদাহরণ।
পৃথিবীতে নারীর প্রতি সহিংসতা যে কটা দেশে সবচেয়ে বেশি, বাংলাদেশ তার একটি। এই সহিংসতার সহগামী কিছু বিষয় আছে। সমাজে অপরাধের মাত্রা, অস্থিরতা, মানুষের হতাশা এবং এখন কোভিডকালীন অনিশ্চয়তা এই সহিংসতাকে উসকে দিচ্ছে।

প্রশ্ন :

রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ আর যৌন সহিংসতার সাম্প্রতিক প্রবণতাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে?

রুচিরা: অবশ্যই। দুর্নীতি, অপরাধের মাত্রা, সবকিছুর সঙ্গে যে রকম যোগসূত্র আছে, তেমনি রাজনৈতিক কৃষ্টির সঙ্গেও আছে। আমাদের রাজনৈতিক দলগুলো যদি মাস্তানদের ওপর নির্ভর করে, তাদের পোষে, তারা তো এগুলো করবেই।

এই ছেলেগুলোই কিন্তু যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন বিএনপির হয়ে যাবে এবং একই কাজ করতে থাকবে। কারণ সব সময় রাষ্ট্রের ছত্রচ্ছায়ায় তারা এগুলো করতে পারে। তাদের পোক্ত সুরক্ষা আছে।

যেকোনো বিচারহীনতা সব ধরনের অপরাধ ও সহিংসতা বাড়ায়। দুর্নীতির শাস্তি না হলে সেটা বেপরোয়া ধর্ষণকেও সাহস জোগায়।

প্রশ্ন :

রাষ্ট্র বা রাষ্ট্রের কর্তাব্যক্তি-কর্ণধারেরা কি আসলেই যৌন সহিংসতার ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছেন?

রুচিরা: একেবারেই না। কোথাও আমরা দেখাতে পাইনি। মামলা যদি হয়, শেষ পর্যন্ত কত শতাংশ আসলে দণ্ড পায়? ১০০ জনে করবে আর ৩ জনের শাস্তি হবে। ও রকম হলে কার কী আসবে-যাবে বলুন?

প্রশ্ন :

নারীর প্রতি অন্য সহিংসতা আর যৌন সহিংসতার মধ্যে কোথাও কি মিল আছে? প্রবণতায়, ধরনে অথবা গোড়ার কারণে?

রুচিরা: মিল আছে এবং একটা অন্যটার সঙ্গে জড়িয়েও থাকে খুব। গোড়ার কারণ সেই অসম ক্ষমতা। এই ভারসাম্যহীনতা সব সময় মেয়েদের সহিংসতার কথা লুকাতে বলে। এটা প্রকাশ করলে তাদেরই দোষী সাব্যস্ত করা হয়। অনেক উপমা দিয়ে সুন্দর করে কিন্তু ছেলেরা বলে, মেয়ে হচ্ছে আগুন, আর ওরা হচ্ছে মোম। আগুনের কাছে এলে মোম তো গলে যাবেই।

প্রশ্ন :

২০১০ সালে জাতিসংঘ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশে পুরুষদের মধ্যে এক জরিপ করেছিল। বাংলাদেশের জরিপটি পরিচালনা করেছিলেন আপনি। নির্যাতক পুরুষের মানসিকতা কী?

রুচিরা: উত্তরদাতা পুরুষদের বয়স ছিল ১৮ থেকে ৫৯ বছর। শহরের ১০ শতাংশ আর গ্রামের ১৪ শতাংশ পুরুষ বলেছিলেন, তাঁরা জীবনে কখনো না কখনো ঘরে বা বাইরে মেয়েদের ধর্ষণ করেছেন অথবা যৌন সহিংসতার চর্চা করেছেন।

শহর-গ্রাম ভেদে আত্মস্বীকৃত নির্যাতকদের ৭৭ থেকে ৮১ ভাগই বলেছেন, যৌন সম্ভোগ পুরুষের অধিকার (সেক্সুয়াল এনটাইটেলমেন্ট), ধর্ষণ তাঁরা করতেই পারেন। ৫৭ থেকে ৬৭ ভাগ বলেছেন, তাঁরা মজা নিতে চেয়েছিলেন।

প্রায় অর্ধেক পুরুষ বলেছেন, তাঁরা ১৯ বছরের কম বয়সে প্রথম এ কাজ করেছেন। আবার এক-তৃতীয়াংশের মতো পুরুষ বলেছেন, তাঁরা রাগের শোধ তুলতে বা শাস্তি দিতে যৌন সহিংস হয়েছেন।

যিনি ক্ষমতাধর, তাঁর মধ্যে সেক্সুয়াল এনটাইটেলমেন্টের ধারণা তো আরও বেশি থাকবে। পুরুষের মধ্যে সেই অধিকারবোধ তৈরি হচ্ছে তাদের সামাজিকীকরণের মাধ্যমে। রীতি-নীতি, লোকাচার, বিশ্বাস-প্রথা এসবের মাধ্যমে। ক্ষমতা থাকলে মজা নেওয়ার ধারণাটি তো ভয়াবহ।

প্রশ্ন :

ধর্ষণ বা যৌন সহিংসতা যে ঘটেই চলেছে, তা সমাজের মানসিকতা সম্পর্কে কিছু বলে কি?

রুচিরা: এগুলো তো সমাজে নানাভাবে অনুমোদিত হয়। স্বামী-স্ত্রীর ক্ষেত্রে তো এটা স্বামীর অধিকার। আর বলে না, পুরুষ তো পুরুষই হবে? এই ধারণাগুলো নারী-পুরুষনির্বিশেষে সবাই মান্য করে। সুতরাং নির্যাতন খুব সোজা এই সমাজে।

প্রতিবাদ-প্রতিরোধ যে পরিমাণে হওয়া দরকার, হয় না। যেগুলো হয়, সেগুলো মূলত টোকেনের মতো। আজ মানববন্ধন করছে, কালকে করবে না। শেষ! তো ওটা দিয়ে কার কী আসবে-যাবে?

এটা দিয়ে হবে না। আন্দোলন লাগবে। লাগবে ভেতর থেকে মানুষের জাগরণ। সেই ঢেউটার ধাক্কা এলে তবে না সমাজ নড়বে!

প্রশ্ন :

ধর্ষণ বা যৌন সহিংসতা নিয়ন্ত্রণের জন্য এখনই কাকে কী করতে হবে?

রুচিরা: নারীর বিরুদ্ধে সহিংসতা সারানোর কোনো জাদুর গুলি নেই। ‍খুব সমন্বিত, ভালোভাবে সংগতিপূর্ণ পদক্ষেপ লাগবে। চাইলে হয়তো ঘটনার প্রতিকারমূলক কিছু কিছু ভালো কাজ করা যাবে। কিন্তু ওভাবে প্রতিরোধ হবে না।

ঘটনার পরের খানিকটা কাজ হতো, যদি সরকার জাগত, নড়ত। আইন করা, আইনের প্রয়োগ, সুষ্ঠু বিচার, সাইবার অপরাধের নিয়ন্ত্রণ—এসবই সরকারের কাজ। বিচার হলে গণহারে ধর্ষণ-সহিংসতা হয়তো কিছুটা কমত।

সর্বোপরি সরকারের ছত্রচ্ছায়ায় রাজনৈতিক প্রশ্রয় বিরাট সমস্যা। প্রথমত, সরকারকে নিজের কাজ ঠিকমতো করতে হবে। সরকার ঠিক থাকলে বাকি কাজগুলো ঠিকমতো হওয়ার সুযোগ তৈরি হবে।

প্রশ্ন :

দীর্ঘ মেয়াদে কোন কোন ক্ষেত্রে কাকে কী কাজ করতে হবে?

রুচিরা: দীর্ঘ মেয়াদে সমাজের মূল্যবোধ-প্রথা-আদর্শ, যাকে বলে নর্ম, সেটা বদলানোটাই বড় কাজ। প্রথমত, নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, মনের মধ্যে যে বৈষম্য, সেটাকে পাল্টাতে নানামুখী কাজ লাগবে। প্রতিরোধমূলক কাজ।

সেটা হাজার হাজার বছরের উত্তরাধিকার, চট করে ধুয়ে ফেলা যাবে না। সোশ্যাল নর্ম বদলের কিছু কিছু তত্ত্ব এখন এসেছে। কিছু কিছু জায়গায় পাল্টানো শুরু হয়েছে। বিশ্বে নারীর প্রতি সহিংসতা নিয়েও কিছু সফল কর্মসূচি হয়েছে।

সেগুলো আমাদের জানতে হবে। আমাদের প্রেক্ষাপটে কোনটা কাজ করে, তা দেখতে হবে। সমাজের চিন্তাচেতনা বদলানোর কাজটা কিন্তু নাগরিক সমাজের। সরকার সেটা পারবে না।

একটা কথা কিন্তু প্রতিষ্ঠিত। অনেক পুরুষই সহিংস হন না। দিন বদলের কাজে তাঁদের সম্পৃক্ত করতে হবে। তবে বৈষম্যের মূল্যবোধগুলো মোটামুটি সর্বজনীন।

২০১৭ সালে যুক্তরাজ্যভিত্তিক ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের সঙ্গে একটি গবেষণা করতে গিয়ে দেখেছি, আমাদের দেশের পুরুষেরা খুব ক্ষিপ্ত। নারীদের সমান স্বাধীনতা বা অধিকারের প্রশ্নে তাঁদের রাগ হয়।

এনজিওরা খালি মেয়েদের নিয়ে কাজ করে, পোশাক খাতে মেয়েরা অগ্রাধিকার পায়—এসব পুরুষের মনে বঞ্চনার অনুভূতি তৈরি করে। রাগ থেকে সহিংসতা বেশি হয়।
শিক্ষা বাড়ানো দরকার, পাঠ্যসূচি পাল্টানো দরকার। মানুষের ধারণা-মূল্যবোধগুলো গড়ে ওঠে অনেক ছোটবেলায়। শিশুদের সঙ্গে স্কুলে এ ধরনের কাজ করতে পারলে অনেক ফল দেয়। অন্যত্র কিছু কিছু ভালো কর্মসূচিও আছে।

প্রশ্ন :

যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য কী করা দরকার? তাঁকে একটু শক্তি দিলে, তিনি ঘুরে দাঁড়াতে পারলে কি প্রতিরোধের কাজে সাহায্য হবে?

রুচিরা: যৌন সহিংসতার শিকার যারা হচ্ছেন, তাঁদের জন্য, তাঁদের নিয়ে কাজ তো করতেই হবে। কিন্তু সেখানেও ঘুরেফিরে খুব বেশি দূর আপনি যেতে পারবেন না, যত দিন না সমাজের ধারণা-মূল্যবোধ বদল করছেন। আশপাশের মানুষজন তাঁকে মাথা উঁচু করে চলার মতো অবস্থায় থাকতে দেবে না।

আমি মনে করি, প্রতিরোধমূলক কাজ অনেক বেশি ফলদায়ী। পাশাপাশি যাঁরা ঘটনার পরবর্তী ব্যবস্থা নিয়ে প্রতিকারমূলক কাজ করছেন, তাঁদের জোরালোভাবে সেটা করতে হবে। আন্দোলন গড়ে তুলতে হবে একেবারে তৃণমূল থেকে। শহরে দু-একটা মানববন্ধন করে লাভ হবে না। সরকারকে তৎপর হতে বাধ্য করতে হবে।

প্রথম আলো: অনেক ধন্যবাদ

রুচিরা: আপনাকেও ধন্যবাদ

সংশোধনী: ৮ অক্টোবর প্রকাশিত এই সাক্ষাৎকারে উদ্ধৃত ২০১৭ সালের গবেষণাটি বিশ্বব্যাংকের সঙ্গে করা বলে লেখা হয়েছিল। এটা আসলে যুক্তরাজ্যভিত্তিক ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের সঙ্গে করা। (https://www.odi.org/sites/odi.org.uk/files/resource-documents/11397.pdf)। সাক্ষাৎকারগ্রহীতার অমনোযোগী ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স.