বন কর্মকর্তার সাক্ষাৎকার
গবেষণার জন্য ট্রান্সমিটারযুক্ত কচ্ছপ ছাড়া হয়েছিল
এক সপ্তাহের মধ্যে খুলনা ও বরগুনায় জেলেদের জালে পিঠে যন্ত্র লাগানো দুটি কচ্ছপ ধরা পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কচ্ছপ দুটি বর্তমানে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে রাখা হয়েছে। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের সঙ্গে।
প্রশ্ন :
এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের দুই স্থান থেকে পিঠে যন্ত্র বসানো দুটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যন্ত্র দুটি আসলে কী?
নির্মল কুমার পাল: কচ্ছপ দুটি বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রজাতির। আর পিঠে লাগানো যন্ত্র দুটি ট্রান্সমিটার। গবেষণার জন্য ওই ট্রান্সমিটার লাগানো হয়েছে। ট্রান্সমিটার দুটি জিপিআরএসের মাধ্যমে কচ্ছপগুলোর গতিপ্রকৃতি নির্ণয় করে গবেষকদের কাছে পাঠাত। ওই প্রজাতির কচ্ছপ রক্ষায় ভারত ও বাংলাদেশের বন বিভাগ এবং অস্ট্রিয়ার ভিয়েনাজুভিত্তিক একটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। ওই কাজের অংশ হিসেবে গত বছর ভারত থেকে ১০টি বাটাগুর বাসকা কচ্ছপের পিঠে ট্রান্সমিটার লাগিয়ে সাগরে ছেড়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে উদ্ধার করা দুটি কচ্ছপের ট্রান্সমিটারই সক্রিয় আছে।
প্রশ্ন :
বাংলাদেশে কি এ ধরনের গবেষণা হয়েছে?
নির্মল কুমার পাল: বাংলাদেশেও এ ধরনের গবেষণা অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ওই গবেষণার আওতায় তিনটি বাটাগুর বাসকা কচ্ছপের পিঠে ট্রান্সমিটার লাগিয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। স্যাটেলাইট কোম্পানির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি ছিল কচ্ছপ তিনটির তথ্য প্রদানের। কিন্তু পানিতে ছেড়ে দেওয়ার পর দেখা যায়, দুটি ট্রান্সমিটার কোনো তথ্য দিচ্ছে না। ট্রান্সমিটার নষ্ট বা কচ্ছপ মারা যাওয়ার কারণে এমনটা হতে পারে। তবে একটি ট্রান্সমিটার থেকে নিয়মিত তথ্য পাওয়া যেত। পরবর্তীকালে স্যাটেলাইট কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর তা নবায়ন করা হয়নি। এ কারণে ওই কচ্ছপের তথ্য আর পাওয়া যাচ্ছে না। আবার চুক্তি নবায়ন করা যায় কি না, সে ব্যাপারে চেষ্টা চলছে।
প্রশ্ন :
কচ্ছপ দুটি উদ্ধারের পর ভারত থেকে কোনো যোগাযোগ করা হয়েছে?
নির্মল কুমার পাল: প্রথম কচ্ছপটি উদ্ধারের পর ভারতের গবেষকেরা যোগাযোগ করে কচ্ছপটি ফেরত চেয়েছেন। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দুটি কচ্ছপই এখন বাগেরহাটের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে আছে। কচ্ছপ দুটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশ্ন :
কচ্ছপের পিঠে ট্রান্সমিটার বসানোর কারণ কী?
নির্মল কুমার পাল: বাটাগুর বাসকা বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। এর জীবনপ্রকৃতি, প্রজনন, বিচরণক্ষেত্র নির্ণয়ের জন্য ট্রান্সমিটার লাগিয়ে ওই গবেষণা করা হচ্ছে। একটি প্রাণী কত দূর যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটি নির্ণয় করা যাচ্ছে। গতিপ্রকৃতি ও প্রজননের স্থান সম্পর্কে সঠিকভাবে জানতে পারলে হয়তো প্রজাতিটি রক্ষা করা সম্ভব হবে।
প্রশ্ন :
কেন কচ্ছপ দুটি বাংলাদেশে এসেছে বলে মনে করছেন?
নির্মল কুমার পাল: গবেষণার পুরোপুরি তথ্য না পেলে কেন কচ্ছপ দুটি বাংলাদেশে এসেছে, তা বলা যাবে না। তবে এটা অনেকটা প্রমাণিত যে বাংলাদেশ ওই কচ্ছপের বিচরণক্ষেত্র। বিশেষ করে উপকূলীয় অঞ্চল। এ কারণেই দুটি কচ্ছপ বাংলাদেশে চলে এসেছে। হয়তো পরবর্তীকালে আরও পাওয়া যেতে পারে।
প্রশ্ন :
এ প্রজাতির কচ্ছপ কেন বিলুপ্ত হচ্ছে?
নির্মল কুমার পাল: বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রজনন হচ্ছে না বললেই চলে। ওই প্রজাতির কচ্ছপের প্রজননের জন্য যে ধরনের শান্ত পরিবেশ দরকার, তা কমে এসেছে। অনেক সময় দেখা যাচ্ছে, বালুতে ডিম পাড়ার পর অন্য প্রাণী তা নষ্ট করে ফেলছে। এ কারণে বিশেষ নজর না দিলে এটা ধীরে ধীরে একসময় প্রকৃতি থেকে হারিয়ে যাবে। ট্রান্সমিটার আছে বলেই হয়তো কচ্ছপ দুটি আমাদের পর্যন্ত পৌঁছেছে বা মানুষ জানতে পেরেছে। আর তা না হলে জেলেরাই হয়তো কচ্ছপ দুটি মেরে ফেলতেন।