ঘৃণা-জিঘাংসার পরিবেশে গণতন্ত্রের চর্চা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ সাক্ষাৎকার: দেশজুড়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক জোটের ঘোষিত অবরোধ চলছে, জাতীয় রাজনৈতিক জীবনে চলছে অচলাবস্থা। এই পরিস্থিতিতে দেশের রাজনীতি ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের দুই শিক্ষক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন–অর–রশিদ।
হারুন-অর-রশিদ
হারুন-অর-রশিদ

প্রথম আলো : ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে গত এক বছর দেশ যেভাবে চলেছে, সে সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
হারুন-অর-রশিদ : বিএনপি ও তার নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে দেশজুড়ে সহিংস আন্দোলন করেছে। রাজনৈতিক সহিংসতায় ১৪৮ জন মানুষ প্রাণ হারিয়েছে, দেশজুড়ে সহিংস নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই প্রেক্ষাপট মনে রাখলে নিঃসন্দেহে বলা যায়, নির্বাচনের পরবর্তী এক বছর দেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করেছে। নির্বাচনের পর সহিংসতার অবসান ঘটলে জনজীবনে স্বস্তি ফিরে আসে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসে, শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর হয়।
প্রথম আলো : কিন্তু নির্বাচনটি যেভাবে অনুষ্ঠিত হয়েছে, সেটাকে কি স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচন বলা যেতে পারে? ওই নির্বাচনের মাধ্যমে সরকার কি জনগণের পর্যাপ্ত ম্যান্ডেট পেয়েছে?
হারুন-অর-রশিদ : বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে ১৫৩টি আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কাজেই সেটাকে স্বাভাবিক নির্বাচন বলা যাবে না। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রের অব্যাহত চর্চা বজায় রাখার স্বার্থে নির্বাচনটি করতে হয়েছে। সরকারের কাছে আর বিকল্প কী ছিল? যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাই একতরফাভাবে হলেও সরকারকে নির্বাচন করতে হয়েছে।
প্রথম আলো : কিন্তু এই এক বছরে সুশাসনের অন্যান্য দিকের চিত্র তো ভালো নয়। যেমন, গত এক বছরে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি বেড়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপহরণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে দেখা গেছে। সরকারের জনগণের ম্যান্ডেট না থাকার সঙ্গে কি এসবের কোনো সম্পর্ক থেকে থাকতে পারে?

হারুন-অর-রশিদ : অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে, সে ব্যবস্থায় দায়িত্বশীল বিরোধী দল সক্রিয় থাকলে সেটাই অনেক নেতিবাচক বিষয়ের প্রতিষেধক হিসেবে কাজ করে। এখানে প্রধান বিরোধী দল নির্বাচনেই অংশ নেয়নি, তারা সংসদে নেই, রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই তারা অনুপস্থিত; ফলে একটা বিশেষ অবস্থা সৃষ্টি হয়েছে। এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে সমাজে; অপরাধপ্রবণ শক্তিগুলো এ ধরনের পরিবেশে উৎসাহিত হয়, একধরনের আশ্রয়-প্রশ্রয়ও তারা পায়। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা সত্ত্বেও একধরনের সমঝোতা যদি থাকে তাহলে সমাজের অপশক্তিগুলো, সন্ত্রাসী-অপরাধীরা বেশি জায়গা পায় না। কিন্তু সেটা যখন থাকে না, যখন ক্ষমতাসীন পক্ষ ও বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব ও বিরোধ বেড়ে যায়, তখন ওই ধরনের শক্তিগুলো উভয় পক্ষের আশ্রয়-প্রশ্রয় পায়। এ কারণে এ ধরনের পরিস্থিতিতে আমরা এসব উপসর্গ লক্ষ করি। কিন্তু এসবের বিপরীতে গত এক বছরে অনেক উন্নয়নমূলক কাজও হয়েছে।
প্রথম আলো : যেমন?
হারুন-অর-রশিদ : একটি জাতির উন্নয়নের যেসব সূচক থাকে, সেসব আর্থসামাজিক সূচকে বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য, শিক্ষা, বিশেষত নারীশিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। এমনকি এত চ্যালেঞ্জের মুখেও পদ্মা সেতু নির্মিত হতে যাচ্ছে ২০১৮ সালের মধ্যে। কাজেই গত এক বছরে শুধু নেতিবাচক ব্যাপারই ঘটেনি, অনেক ইতিবাচক অগ্রগতিও ঘটেছে।
প্রথম আলো : কিন্তু এ ধরনের অবস্থাকে কি প্রকৃতপক্ষে স্থিতিশীল ও টেকসই বলা যেতে পারে? এই আপাত-স্থিতিশীলতা কত দিন টিকবে? সমাজ ও রাজনীতিতে একধরনের গুমোট অবস্থা কি টের পাওয়া যাচ্ছে না?
হারুন-অর-রশিদ : এটা একটা বড় প্রশ্ন। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি সাধন করে চলেছে। নিয়মিতভাবে ৬ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা মডেল। এ দেশের মানুষ অনেক পরিশ্রমী, অনেক মেধাবী বলেই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে।
প্রথম আলো : তাহলে যদি একটা মোটামুটি ক্রিয়াশীল গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত, তাহলে আমরা কোথায় যেতাম?
হারুন-অর-রশিদ : এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো বুঝতেই পারছেন। এত প্রতিকূল অবস্থা, এত প্রতিবন্ধকতার মধ্যেও যদি বাংলাদেশ এগিয়ে যেতে পারে, তাহলে যদি একটা সুস্থ, স্থিতিশীল, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ও প্রক্রিয়া অব্যাহত থাকত, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হাতবদল হতো, সবার অংশগ্রহণে নির্বাচন হতো, তাহলে আমরা আরও দ্রুত ও বেশি মাত্রায় অগ্রগতি অর্জন করতে পারতাম।
প্রথম আলো l সব দলের অংশগ্রহণের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হাতবদলের একটা ব্যবস্থা তো আমাদের ছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার আওতায় তিনবার সবার অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। সেই ব্যবস্থা বাতিল করার ফলেই তো রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।
হারুন-অর-রশিদ : একটা মৌলিক প্রশ্ন তুলেছেন আপনি। এ বিষয়টি ভাসা ভাসাভাবে দেখলে বোঝা যাবে না। এটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির গতিধারার গভীরে যেতে হবে। বাংলাদেশের রাজনীতির প্রধান দুটি বিভক্তি ১৯৭১ ও ১৯৭৫ সালকে কেন্দ্র করে।
প্রথম আলো : একাত্তরে তো গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। তখন তো কোনো বিভক্তি ছিল না।
হারুন-অর-রশিদ : একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি হিসেবে কাজ করেছে। একাত্তরে জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানকে সমর্থন করেছে। তারা গণহত্যায় পাকিস্তানিদের সহযোগিতা করে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। আজকের বাংলাদেশে এটার বিরুদ্ধে একটা প্রবল ক্ষোভ আছে। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, এই যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আর বিএনপি-জামায়াত এর বিরুদ্ধে। বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং আজকেও তারা জামায়াতের সঙ্গে জোট বেঁধে আন্দোলন করছে। দ্বিতীয়ত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদের বিচার যাতে না হয় সে জন্য আইন পাস করা হয়েছে। এটা আরেকটি বিভক্তি। এই দুই বড় বিভক্তির সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তি, দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন, বিকৃত ও অশ্লীল বক্তব্য।
প্রথম আলো : এগুলোর সঙ্গে ৫ জানুয়ারির নির্বাচনের কি কোনো সম্পর্ক ছিল? এসব কারণে কি আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে?
হারুন-অর-রশিদ : বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচন চেয়েছিল, হয়নি। তারপর প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দিয়েছিলেন, বিএনপির উচিত ছিল সেই ফর্মুলায় নির্বাচনে অংশ নেওয়া। সেটা না করে বিএনপি বিরাট ভুল করেছে। এটা বিএনপির জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। কারণ, বিএনপি ওই নির্বাচনে অংশ নিলে তাদের ক্ষমতায় চলে আসার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু বিএনপি সেটা না করে নির্বাচন প্রতিহত করতে চাইল। কিন্তু প্রতিহত করতে পারল না, যেভাবেই হোক নির্বাচন তো হয়েছে।
প্রথম আলো : কিন্তু রাজনীতিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা অবসানের পথ কী?
হারুন-অর-রশিদ : এই অচলাবস্থা, দুই প্রতিপক্ষ দলের মুখোমুখি অবস্থান গত ৪৪ বছরের রাজনৈতিক গতিধারার একটা বহিঃপ্রকাশ। এটা আসলে দুই রাজনৈতিক শিবিরের আন্তসম্পর্কের রূপ। সেটা কী? সেটা হলো পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ, জিঘাংসা আর চরম ক্ষমতার দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়।
প্রথম আলো : তাহলে সমাধান কী?
হারুন-অর-রশিদ: যুদ্ধাপরাধীদের বিচার একটা মৌলিক বিষয়। এই বিচার সম্পন্ন করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াত জোট যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বিচার সম্পন্ন হবে না। আরেকটা হলো, তারা ক্ষমতায় এসে তাদের জিঘাংসা চরিতার্থ করতে চাইবে। তাই বর্তমানের ক্ষমতাসীনেরা স্বাভাবিকভাবেই চাইবেন বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় আসতে না পারে। আসতে হলে স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়েই আসতে হবে। আমি এমন কোনো অবস্থা দেখছি না, যেখানে একটা গণ-অভ্যুত্থান হয়ে যেতে পারে।
প্রথম আলো : তাহলে যেভাবে চলছে, সেভাবেই চলবে? কিন্তু আর কত দিন?
হারুন-অর-রশিদ : আমার মনে হয়, এই প্রক্রিয়া আরও অনেক দিন চলবে।
প্রথম আলো : কিন্তু বিরোধী দলের যে অবরোধ শুরু হয়েছে, এভাবে তো বেশি দিন চলতে পারে না।
হারুন-অর-রশিদ : যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাস্তবতার বিচারে আমি আপাতত এর কোনো সমাধান দেখি না। তবে রাজনীতিবিদেরাই রাষ্ট্র পরিচালনা করেন, জাতিকে দিকনির্দেশনা দেন। তাই সরকারে ও সরকারের বাইরে যে রাজনীতিবিদেরা রয়েছেন, তাঁরা একসঙ্গে বসে আলাপ-আলোচনা করলে সমাধানের একটা জায়গা বেরোলেও বেরোতে পারে।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
হারুন-অর-রশিদ : ধন্যবাদ।