
প্রথম আলো: চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা কীভাবে দেখছেন?
প্রকৌশলী আলী আশরাফ: এই জলজট, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের প্রাচীন এক সমস্যা। ষাটের দশকে চট্টগ্রামের জনসংখ্যা যখন তিন লাখের মতো ছিল, তখনো জলাবদ্ধতা হয়েছে। চট্টগ্রাম নগরের জলজট নিরসনের জন্য প্রথম ড্রেনেজ মহাপরিকল্পনা প্রণয়নকারী জন স্নেল অ্যান্ড কোম্পানি তাদের প্রতিবেদনে এ ধরনের এক ঘটনার উল্লেখ করেছে। ১৯৬৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে তিন-চার ফুট জল গড়িয়েছে। এই জলজট কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। অর্থাৎ পঞ্চাশ বছর আগেও চট্টগ্রামের জলজট অনেকের চোখে পড়েছিল।
প্রথম আলো: আগের চেয়ে কি এখন এই সমস্যা বেড়েছে বলে মনে করেন?
আলী আশরাফ: এখন এই সমস্যা আরও প্রকট হয়েছে। কারণ, খাল কোথাও দখল কোথাও ভরাট হয়েছে। খাল বিলুপ্ত হয়ে গেছে। পাশাপাশি কর্ণফুলী নদী ভরাট হয়ে গেছে। এ ছাড়া পাহাড় থেকে বালু মাটি নেমে ভরাট হচ্ছে খাল-নালা। আর আমাদের অভ্যাসগত কারণ, যেমন নালা-নর্দমায় ময়লা ফেলা, পলিথিন ইত্যাদি তো রয়েছেই।
নগরের মুরাদপুর, ষোলোশহর, মোহাম্মদপুর, শুলকবহর, চকবাজার, মোগলটুলী, পাথরঘাটা, আগ্রাবাদ কিংবা হালিশহরের বাসিন্দারা এখন আকাশে মেঘ দেখলেই আতঙ্কে ভোগেন। অতিসম্প্রতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামে বেশ কয়েক দিন ভারী বর্ষণ হয়েছে। এতে নগরের এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়।
প্রথম আলো: চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে কী কী পরিকল্পনা কিংবা প্রস্তাব ছিল?
আলী আশরাফ: সর্বশেষ ওয়াসা একটি মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে। এটিসহ মোট পাঁচটি মহাপরিকল্পনা হয়েছে। প্রতিটি মহাপরিকল্পনায় এর সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তা প্রয়োগ করিনি বরং নতুন করে আবার সমাধান প্রস্তাব দেওয়ার জন্য বিদেশি কনসালট্যান্ট নিয়োগ করেছি।
প্রথম আলো: ১৯৯৫ সালে ড্রেনেজ মহাপরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বাস্তবায়নে অগ্রগতি কতটুকু?
আলী আশরাফ: গত ২০-২২ বছরে এই মহাপরিকল্পনা অনুযায়ী খুব একটা কাজ হয়নি। কেউ কোনো প্রকল্প প্রস্তাবও পরিকল্পনা কমিশনে কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায়নি। ২০১৪ সালে প্রথমবারের মতো সিটি করপোরেশন বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন একটি খাল খননের প্রস্তাব পাঠায় এবং সেটি পরে একনেকের সভায় পাস হয়।
প্রথম আলো: ১৯৯৫ সালের মহাপরিকল্পনা কী কী নির্দেশনা ছিল?
আলী আশরাফ: ওই মহাপরিকল্পনায় সব কাজকে পাঁচটি (ফেজ) ভাগে বিভক্ত করা হয়। ফেজ-১ কাজের মধ্যে কিছু নতুন খাল এবং চাক্তাই খালের মুখে রেগুলেটরের প্রস্তাব ছিল। প্রথম ভাগের অগ্রাধিকারের তালিকার কাজগুলোর কিছুই হয়নি। ওই সময় ফেজ-১-এর কাজ করতে হয়তো খরচ হতো ৮৯ কোটি টাকা। আর এখন কয়েক হাজার কোটি টাকা লাগবে। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পন্ন করতে ১৯৯২-এর বাজারদর অনুয়ায়ী খরচ হতো প্রায় এক হাজার কোটি টাকা।
প্রথম আলো: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নগরের অনেক খাল দখল হয়ে গেছে। এসব উদ্ধারের বিষয়ে আপনি কী ভাবছেন?
আলী আশরাফ: ১৯৬৯ সালে চট্টগ্রামের জন্য ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়নকারী জন স্নেল অ্যান্ড কোম্পানি নগরে শাখা-প্রশাখাসহ খাল পেয়েছিল মোট ৭০টি। বর্তমানে সিটি করপোরেশন মাত্র ৩৪টি খালের ব্যবস্থাপনা করে থাকে। এ ছাড়া ১৯৬৯ সালের মাস্টারপ্ল্যানের সময় নেভাল বিচ থেকে কালুরঘাট পর্যন্ত নদী ও সমুদ্রের তীরবর্তী এলাকায় ৩৪টি খালের মুখে নগর থেকে নদী ও সমুদ্রে পড়েছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু সম্প্রতি ওয়াসার ড্রেনেজ ও স্যানিটেশন মহাপরিকল্পনার খসড়ায় দেখা গেছে কালুরঘাট থেকে নেভাল বিচ পর্যন্ত মাত্র ২২টি খাল বের হয়েছে। তার মধ্যে চারটি মৃতপ্রায়। তাহলে বাকি খালগুলো গেল কোথায়? কেউ বাড়ি করেছে। কেউ জমি করেছে। আমার কথা হলো আরএস জরিপ অনুযায়ী খালের জায়গা খালকে ফেরত দিতে হবে। উচ্ছেদ করতে হবে খালের জায়গায় গড়ে ওঠা এসব দালানকোঠা।
১৯৮৬ সালের পর আগ্রাবাদ এলাকায় বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। একই সঙ্গে চাক্তাই খাল উদ্ধারের চেষ্টা করা হয়। তখন অনেক বাসিন্দাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তখন যদি আরএস জরিপ অনুসরণ করা হতো, তাহলে দেখা যেত, যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তারা চাক্তাই খাল দখল করে বসতি করেছিল । আরএস জরিপ অনুযায়ী খালের জায়গা খালকে ফেরত দিতে হবে। তখন ওই এলাকার কিছু বাসিন্দাকে ক্ষতিপূরণও দিতে হয়েছিল। কিন্তু বিএস জরিপ অনুযায়ী দেখা যায়, সেখানে কোনো বসতি ছিল না। ওটা ছিল খাল। খালের জায়গা দখল করে বাড়িঘর তুলে ক্ষতিপূরণ নেওয়া হয়।
প্রথম আলো: পুরোনো খালগুলো খননের বিষয়ে কী বলবেন?
আলী আশরাফ: শুধু খাল নয়, কর্ণফুলীও ভরাট হয়ে গেছে। কর্ণফুলী ড্রেজিং করতে হবে। আর খাল খনন কেবল করার জন্য নয়, কার্যকরভাবেই করতে হবে। নিয়মিত ব্যবস্থাপনা দরকার। খাল খনন করলে হবে না কেবল, এগুলোকে নাব্য করে তুলতে হবে।
প্রথম আলো: ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান ও ওয়াসার বর্তমান মাস্টারপ্ল্যানের খসড়ার মধ্যে তফাত কী?
আলী আশরাফ: ১৯৯৫-এর মহাপরিকল্পনা মেয়াদোত্তীর্ণ হয়েছে দাবি করে এখন মাঠে নেমেছে চট্টগ্রাম ওয়াসা। তারাও আবার নতুন করে চট্টগ্রাম নগরের জন্য ড্রেনেজ মাস্টারপ্ল্যানের শুরু করেছে। তবে এখনো ১৯৯৫-এর মাস্টারপ্ল্যানের গুরুত্ব ফুরায়নি। ১৯৯৫ সালের মহাপরিকল্পনার পর ২০০৮ সালে ডিটেইল এরিয়া প্ল্যান হয়েছে। এসব ধরে কাজ করলেও জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি মিলবে। সম্প্রতি চাক্তাই থেকে কালুরঘাট সেতু পর্যন্ত ৮ দশমিক ৫৫ কিলোমিটার সড়ক বাঁধের প্রস্তাব ‘একনেকে’ অনুমোদিত হয়েছে। এই জুলাইতে কাজটি শুরু হয়ে তিন বছরে শেষ হওয়ার কথা। এই বাঁধ এবং রেগুলেটর নির্মাণ করা হলে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা বহুলাংশে কমবে।
প্রথম আলো: প্রকল্প কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক দীর্ঘসূত্রতা কিংবা সদিচ্ছার অভাব আমরা দেখি। আপনি কীভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন?
আলী আশরাফ: গত পঞ্চাশ বছরে ড্রেনেজ খাতে পাঁচটি মহাপরিকল্পনা প্রণীত হয়েছে। জনগণের টাকায় প্রণীত এই মহাপরিকল্পনা কেউ উল্টিয়ে দেখে বলে মনে হয় না। পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি অর্থাৎ মেয়র, সাংসদ, সিভিল ব্যুরোক্রেট (সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং টেকনিক্যাল ব্যুরোক্রেটদের (প্রকৌশলী) এই নিস্পৃহতা অমার্জনীয়। তাঁদের জবাবদিহির মধ্যে রাখতে হবে। তাঁরা চাইলে মহাপরিকল্পনার অনেক কিছু করা যেত। সরকারের কাছে চাইতে হবে। যেমন গত মেয়রের সময়ে আমি বলেছিলাম কয়েকটা নতুন খালের অনুমোদন চেয়ে চিঠি পাঠাতে। কিন্তু মেয়র সাহেব একটি খালের অনুমোদন চেয়েছিলেন। সরকার ওই খাল খননের অনুমোদনও দিয়েছিল। তাহলে সরকার দিচ্ছে না সেটা আমরা বলতে পারব না। চাইতে জানতে হয়।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
আলী আশরাফ: ধন্যবাদ।
অধ্যাপক এম আলী আশরাফ একজন বিশেষজ্ঞ প্রকৌশলী এবং নগর পরিকল্পনাবিদ। সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত সহ-উপাচার্য এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম নগরের মহাপরিকল্পনা এবং ২০০৮ সালে প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়নের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের বর্তমান সভাপতি এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি।