জঙ্গি হামলার আন্তর্জাতিক মানের তদন্ত দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়েরে মায়াদু
পিয়েরে মায়াদু
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর জন্ম ১৯৫৯ সালে প্যারিসের উপকণ্ঠের শহর বুলঁন–বিয়াঁকুতে। তিনি পড়াশোনা করেছেন প্যারিসের স্কুল অব পলিটিক্যাল স্টাডিজ ও ন্যাশনাল স্কুল অব অ্যাডমিনিস্ট্রেশনে। ১৯৮৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর সরকারি চাকরির শুরু। ২০১৪ সালের জুনে তিনি বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১১ সাল থেকে তিনি পাকিস্তানে ইইউ দূতাবাসের উপ-মিশনপ্রধান হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গে গত বৃহস্পতিবার তাঁর সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন আয়েশা কবীর ও রাহীদ এজাজ

প্রথম আলো : সন্ত্রাসবাদ দমনে ইইউ বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কিংবা আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা কি শুরু হয়েছে?

পিয়েরে মায়াদু : সহিংস উগ্রপন্থা দমনে এরই মধ্যে বাংলাদেশে ইইউর একটি প্রকল্প রয়েছে। তবে সন্ত্রাসবাদের সমস্যাটা বেশ জটিল। আর ১ জুলাইয়ের পর থেকে এই সমস্যা মোকাবিলার বিষয়টি আমাদের ব্যাপকতর প্রেক্ষাপট থেকে বিবেচনা করতে হচ্ছে। ২ জুলাই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থভাবে বলেছেন, তরুণদের মধ্যে মূল্যবোধের বার্তা তুলে ধরতে পরিবার ও শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণে অগ্রণী অংশীদার হিসেবে কাজ করছে ইইউ। এসব ক্ষেত্রে ভবিষ্যতেও ইইউর সহায়তা অব্যাহত থাকবে। খাতভিত্তিক সহায়তা কর্মসূচির আওতায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ দিয়ে থাকি।

প্রথম আলো : বর্তমান পরিস্থিতিতে বিশেষ কোনো উদ্যোগ?

পিয়েরে মায়াদু : আমরা শিগগিরই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সংলাপ শুরু করছি। যেহেতু সন্ত্রাসবাদ দমনে আমাদের অবস্থান অভিন্ন, এই সহায়তা যাতে স্কুল পর্যায় থেকে উগ্রপন্থা দমন নিশ্চিত করে, সে জন্য এর লক্ষ্য ঠিক করে এগোতে চাই। এ ধরনের কর্মসূচির মধ্যে নাগরিকদের শিক্ষাদানের বিষয়টিও আছে।

প্রথম আলো : বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সহায়তার কর্মসূচিতে মাদ্রাসাগুলোও কি যুক্ত আছে?

পিয়েরে মায়াদু : এই পর্যায়ে মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ এখানে শিক্ষার একটি বিন্যাস রয়েছে। আমরা যেই খাতে আর্থিক সহায়তা দিয়ে আসছি, তাতে উপকৃত হবে প্রাথমিক শিক্ষা। কিন্তু ওই মন্ত্রণালয় মাদ্রাসার জন্য কোনো তহবিল বরাদ্দ করে না। তবে সহিংস উগ্রপন্থা দমনের কর্মসূচির আওতায় স্থানীয় পর্যায়ে বেশ কিছু কর্মশালার আয়োজন করা হয়। শান্তি, সহাবস্থান ও স্থিতিশীলতার ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে তরুণদের ভূমিকার বিষয়টি ওই কর্মশালাগুলোতে তুলে ধরেন আমাদের স্থানীয় অংশীদারেরা। ওই কর্মশালায় সদ্য মাদ্রাসা শিক্ষা শেষ করেছেন এমন তরুণেরা অংশ নেন। কাজেই ব্যাপকভাবে দেখলে আমাদের কর্মসূচিতে মাদ্রাসার অংশগ্রহণ রয়েছে, তবে এখনো তা খুবই সীমিত পর্যায়ে। এ বিষয়ে আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সময় এসেছে।

প্রথম আলো : ১ জুলাইয়ের ঘটনায় আইএসের দাবি এবং জড়িত ব্যক্তিদের অধিকাংশই সমাজের উচ্চবিত্ত শ্রেণির প্রতিনিধি ও ইংরেজি মাধ্যমে​ শিক্ষিত হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন?

পিয়েরে মায়াদু : আমি তো মনে করি, এ ঘটনা অতীতের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা। পাশাপাশি আগের যে ঘটনাগুলো দেখেছি, তা থেকে এটি যে আলাদা, সেটাও ঠিক। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। গত দুই বছরে ৫০টির বেশি হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী, সেটি এখনো স্পষ্ট হয়নি। তবে এখন পর্যন্ত গুলশানের হামলায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আর চিহ্নিত এসব হামলাকারীর পরিচয় অনেককে অবাকও করেছে। এটাও বলে রাখা ভালো, বঞ্চিত লোকজনই সব সময় হামলাকারী হয় না। ৯/১১-এর হামলাকারীদের দিকেই তাকাই না কেন! হামলাকারীদের বেশির ভাগ উচ্চশিক্ষিত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন। কাজেই বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপট থেকে দেখলে এটি অভিনব নয়। কারণ উচ্চবিত্তের ঘরে জন্মানো, উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বেড়ে ওঠা কিছু তরুণের সন্ত্রাসবাদে জড়িয়ে পড়াটা নতুন নয়। তবে বাংলাদেশের জন্য এটি যে নজিরবিহীন ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই।

প্রথম আলো : এই প্রেক্ষাপটে উগ্রপন্থা দমনের কর্মসূচি কিংবা উগ্রপন্থার বিপরীত মতাদর্শ প্রচারের বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি সমাজের অন্য অংশের কাছে পৌঁছানোর কি সময় এসেছে?

পিয়েরে মায়াদু : অবশ্যই। বিশেষ কোনো শ্রেণির মধ্যে আমরা নিজেদের আটকে রাখতে পারি না। কারণ সন্ত্রাসবাদের প্রভাব ব্যাপকতর। জঙ্গিদের কর্মসূচিতে তরুণদের জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। শিক্ষা ও আর্থিক সুবিধাবঞ্চিত তরুণেরাই শুধু ঝুঁকিতে আছেন, এমনটা ভাবার সুযোগ নেই। কাজেই কাউকেই বাদ দেওয়াটা ঠিক হবে না। সমস্যাটা যেহেতু বৈশ্বিক, এই প্রক্রিয়ায় যত বেশি সম্ভব তরুণকে যুক্ত করা সম্ভব, তাদের সবাইকে নেওয়া উচিত।

প্রথম আলো : এই পরিস্থিতিতে বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে ইইউর পক্ষ থেকে কোনো বিশেষজ্ঞ আনার সম্ভাবনা কতটুকু?

পিয়েরে মায়াদু : সেই অর্থে বিশেষজ্ঞ বলা যাবে না। সম্ভাব্য ঝুঁকির বিষয়টি যাচাই করে ঢাকায় ইইউ দূতাবাসের নিরাপত্তা জোরদারের জন্য আগামী সপ্তাহে ব্রাসেলসের সদর দপ্তর থেকে একজন নিরাপত্তা বিশেষজ্ঞের আসার কথা রয়েছে।

প্রথম আলো : সাম্প্রতিক জঙ্গি হামলার পর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশির চলে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে...

পিয়েরে মায়াদু : বাংলাদেশে ইইউ দূতাবাসের কর্মকর্তারা পরিবার নিয়ে এখন যেখানে থাকছেন, ভবিষ্যতেও তাঁরা সেভাবে থাকবেন কি না, ব্রাসেলস থেকে আগামী সপ্তাহে নিরাপত্তা বিশেষজ্ঞ আসার পর প্রশ্নটি অবধারিতভাবেই আসবে। আমাদের সহকর্মীদের কেউ কেউ স্কুলগামী সন্তানদের নিয়ে থাকছেন। অন্য অনেক কূটনীতিক মিশনের মতো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেভাবেই আছি সেভাবেই থাকব নাকি অন্যভাবে অবস্থান করব। এই সিদ্ধান্ত রাতারাতি নেওয়া যায় না। ঢাকায় কিছু কূটনৈতিক মিশন এখনো তাদের কর্মীদের পরিবারের সদস্য ছাড়া আসার ঘোষণা দেয়নি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় পরিবারের সদস্যদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কোনো কোনো মিশন ছয় মাস কিংবা তারও আগেই এই প্রস্তাব দিয়েছে। কেউ কেউ ১ জুলাইয়ের হামলার পর এই প্রস্তাব দিয়েছে। আমাদেরও এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।

প্রথম আলো : ১ ও ৭ জুলাইয়ের জঙ্গি হামলা বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে কি না?

পিয়েরে মায়াদু : প্রশ্নটি যেমন জটিল, এ সম্পর্কে ধারণাও জটিল। এর সহজ উত্তর নেই। পৃথিবী যখন একটি অভিন্ন গ্রামে পরিণত হয়েছে। সবচেয়ে বাজে ঘটনাপ্রবাহের কারণে বাংলাদেশের ওপর সবার দৃষ্টি রয়েছে। এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের দেখতে হবে বিষয়টিকে আমরা কীভাবে দেখছি। সবাই যে নিজেদের দায়িত্বের ব্যাপারে সজাগ, এটি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। এ থেকে প্রমাণিত হয়, বাংলাদেশ পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করতে আগ্রহী।

প্রথম আলো : তার মানে সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

পিয়েরে মায়াদু : অবশ্যই। সন্ত্রাসবাদের মতো অপশক্তিকে রুখতে সবার ভূমিকা রাখতে হবে। গণমাধ্যম ও নাগরিক সমাজেরও ভূমিকা আছে। সক্রিয় বেসরকারি সাহায্য সংস্থা ও বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সাহায্য সংস্থার জন্য বাংলাদেশ গর্ব করতে পারে। সন্ত্রাসবাদ দমন রোধে নাগরিক সমাজকে বড় ভূমিকা নিতে হবে। এ বিষয়ে জাতীয় ঐক্য দরকার, তার মানে ১৬ কোটি মানুষকে এক কাতারে সমবেত হতে হবে।

প্রথম আলো : আপনি বলেছেন ১ ও ৭ জুলাইয়ের হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ওই দুই হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগসূত্র থাকার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। এ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

পিয়েরে মায়াদু : আমি হয়তো একটি সাধারণ মূল্যায়ন করতে পারি। তবে এ নিয়ে ইইউর কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। এখন পর্যন্ত মনে হয়েছে, হামলাকারীদের মধ্যে বাংলাদেশের ভেতর বেড়ে ওঠাদের সঙ্গে বাইরের পক্ষের যোগসাজশ রয়েছে। বাইরের কোনো ঘটনা এতে মদদ দিয়েছে কি না কিংবা বাইরে থেকে এর পরিকল্পনা হয়েছে কি না, এ ব্যাপারে কোনো সঠিক উত্তর নেই। আইএস সরাসরি জড়িত কি জড়িত নয়, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এখন এবং অতীতের যে হামলাগুলোর মুখোমুখি হয়েছি, তাকে সন্ত্রাসবাদ ছাড়া অন্য কোনোভাবে অভিহিত করার সুযোগ নেই। এর হয়তো নানা মাত্রা রয়েছে। প্যারিস ও ব্রাসেলসে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। দুই শহরের হামলাকারীরা ইউরোপের বাইরের গোষ্ঠী, প্রধানত ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচারকারীদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন। কাজেই নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং তদন্ত সব প্রেক্ষিত থেকে দেখলে আন্তর্জাতিক যোগসূত্রের বিষয়টি কি স্পষ্ট হয়ে উঠছে না?

প্রথম আলো : এ ঘটনা তদন্তের ব্যাপারে আপনাদের অবস্থান কী?

পিয়েরে মায়াদু : এই ঘটনার আগে ও পরে পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের অনেকের সঙ্গে আলোচনায় আমরা তদন্তে আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সহায়তা করতে পারে। বাংলাদেশের সামর্থ্য আছে, তবে সবকিছু নেই। কাজেই আমরা চাইব, ১ জুলাইয়ের হামলার তদন্তে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে। তদন্তের আন্তর্জাতিক মান নিশ্চিতের প্রত্যাশাটি ১ জুলাইয়ের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি হামলার ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।

পিয়েরে মায়াদু : আপনাদেরও ধন্যবাদ।