>

ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ মুখোমুখি হয়েছেন প্রথম আলোর। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও আরিফুল হক।
প্রথম আলো: আপনার সাফল্য ও ব্যর্থতা কীভাবে বিচার করবেন? এমন কোনো প্রতিশ্রুতি কি ছিল, যা পূরণ করতে পারেননি?
সরফুদ্দীন আহমেদ: আমার প্রধান প্রতিশ্রুতি ছিল রাস্তাঘাট নির্মাণ করা। সেটি আমি করেছি। শহরের সড়কগুলো প্রশস্ত হয়েছে। মানুষের চলাচল অনেক সহজতর হয়েছে। ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন করেছি। নতুন কালভার্ট হয়েছে। রংপুরে জলাবদ্ধতা নেই। নগরীর মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য করেছি। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে কষ্টে থাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে।
প্রথম আলো: অভিযোগ আছে, নির্বাচনে আপনি নাগরিকদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশির ভাগ অপূর্ণ রয়ে গেছে।
সরফুদ্দীন: অভিযোগ যে কেউ করতে পারেন। কিন্তু এটা সবাই স্বীকার করবেন, সীমিত সাধ্যের মধ্যে আমি নগরবাসীর উন্নয়নে অনেক কাজ করেছি। তবে পাঁচ বছরে সবটাই করে ফেলেছি, তা বলব না। সিটি করপোরেশনের অনেক কাজ হয় স্থানীয় সরকারের মাধ্যমে। তারা কম টাকা দেয়, বছরে মাত্র ৮ কোটি টাকা। আর ৪৫ কোটি টাকা আসে নিজস্ব আয় থেকে। এর বাইরে জাইকা ও এমজিএসপির সহায়তাও পেয়েছি। কিন্তু প্রথম দুই-আড়াই বছর গেছে এসব সংস্থার সঙ্গে চিঠি চালাচালি করতে। এসব সত্ত্বেও চলতি অর্থবছরে আমরা এক হাজার কোটি টাকার বাজেট দিতে পেরেছি।
প্রথম আলো: কিন্তু বাজেটের কত শতাংশ বাস্তবায়ন করতে পেরেছেন?
সরফুদ্দীন: ৭৫ শতাংশের কম হবে না।
প্রথম আলো: রংপুরবাসী যখন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তখন আপনি অনেক টাকা ব্যয় করে বিনোদন পার্ক করলেন কেন?
সরফুদ্দীন: দেখুন, সিটি করপোরেশনের আগের আয়তন ছিল ৫২ বর্গকিলোমিটার। বর্তমানে ২০৪ বর্গকিলোমিটার। সিটি করপোরেশন যখন বেড়েছে, নাগরিক সুবিধাও বাড়াতে হবে। আমি যে ৩০ বিঘা জমির ওপর বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেছি, সেই জমি বেদখল হয়ে যাচ্ছিল। তা ছাড়া শহরের মানুষের বিনোদনের জন্য তো জায়গা থাকা চাই।
প্রথম আলো: কিন্তু বর্ধিত এলাকার মানুষ তো নাগরিক সুবিধা পাচ্ছেন না?
সরফুদ্দীন: বর্ধিত এলাকায় রাস্তাঘাট তৈরি হয়েছে। বিদ্যুৎ গেছে। অন্যান্য নাগরিক সুবিধা নেই বলে সেখানে আমি হোল্ডিং ট্যাক্সও ধার্য করিনি।
প্রথম আলো: শ্যামাসুন্দরী খালটির কী অবস্থা? আপনি তো এর সংস্কারকাজের বিরোধিতা করেছিলেন?
সরফুদ্দীন: আমি খাল সংস্কারের বিরোধিতা করিনি। বিরোধিতা করেছি রংপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটিকে ড্রেনে পরিবর্তন করার। একজন সাবেক আমলা এ কাজ করেছিলেন। এখন আমি পরিকল্পনা নিয়েছি ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের ওপর দিয়ে উড়ালসড়ক তৈরি করার। তাতে শহরের যানজট যেমন কমবে, তেমনি খালটিও রক্ষা পাবে।
প্রথম আলো: এবার দলীয় মনোনয়নে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী? দলের অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন?
সরফুদ্দীন: আমি মনে করি, গত পাঁচ বছর সাফল্যের সঙ্গে কাজ করেছি বলে আগামী দিনেও দল আমাকে সমর্থন দেবে।
প্রথম আলো: এ ব্যাপারে কি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে?
সরফুদ্দীন: না, তাঁর সঙ্গে কথা হয়নি। তবে দলের অনেকের সঙ্গে কথা হয়েছে। ইনশা আল্লাহ আমি মনোনয়ন পাব।
প্রথম আলো: আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি বারবার দল বদল করেছেন।
সরফুদ্দীন: আমি বারবার দল বদল করিনি। আমি যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন ছাত্রলীগেরই কর্মী ছিলাম। পরে ছাত্রলীগ দুই ভাগ হয়ে যায়। ১৯৮৭ সালে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই। তখন কোনো দলে ছিলাম না। এরপর রংপুর পৌরসভার চেয়ারম্যান হলে বিএনপি আমাকে সমর্থন দেয়। ১৯৯৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাংসদ হয়েছি। কিন্তু আওয়ামী লীগে আসার পর কোনো দলে যাইনি।
প্রথম আলো: শহরে বেসরকারি সংস্থাগুলোর ক্ষুদ্রঋণ প্রকল্প আপনি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ আছে।
সরফুদ্দীন: আমি কোনো সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বন্ধ করিনি। তবে বলেছি ১৫ শতাংশের বেশি সুদ নেওয়া যাবে না। এখন যারা ঋণ দিচ্ছে, সেই শর্ত মেনেই দিচ্ছে। এতে গরিব মানুষ উপকৃত হয়েছে। আগে ২৫, ৩০ এমনকি ৪০ শতাংশ পর্যন্ত সুদ নেওয়া হতো।
প্রথম আলো: রংপুরবাসীর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কী আপনার?
সরফুদ্দীন: শহরের যানজট কমানো। বর্তমানে শহরে সাড়ে চার হাজার ইজিবাইকের অনুমোদন থাকলেও চলছে ৩০ হাজার। রিকশার লাইসেন্স আছে আড়াই হাজার। কিন্তু রিকশা চলছে অনেক বেশি। নগরের বিভিন্ন সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াব। তাতে নাগরিক সুবিধা আরও বাড়বে। বর্তমানে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে যে ১৫ শয্যার হাসপাতালটি আছে, সেটিকে আরও সম্প্রসারিত করব। রংপুরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলব।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
সরফুদ্দীন আহমেদ: আপনাকেও ধন্যবাদ।