জলাবদ্ধতা প্রতিকারের দায়িত্ব সিটি করপোরেশনের নেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিক ফিদা আবদুল্লাহ খান
মালিক ফিদা আবদুল্লাহ খান
মালিক ফিদা আবদুল্লাহ খান সিইজিআইএস (সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস) এর উপনির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। নেদারল্যান্ডস থেকে হাইড্রোফরম্যাটিকসে এমসএসসি অর্জনের পর দীর্ঘদিন ধরে তিনি পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা, সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে গবেষণা, পরিকল্পনা ও বাস্তায়নে জড়িত আছেন।

প্রথম আলো: ভারী বৃষ্টি হলেই ঢাকায় জলাবদ্ধতা হচ্ছে কেন?

মালিক ফিদা আবদুল্লাহ খান: প্রতিটি শহরেই প্রাকৃতিক ও কৃত্রিম, দুটো নিষ্কাশনব্যবস্থা থাকে। ঢাকায়ও তা বহুকাল ধরে ছিল। নদীমুখী অনেক খাল-নালা ও জলাধার ছিল। কিন্তু ঢাকার সেই প্রাকৃতিক ব্যবস্থা রক্ষা করা হয়নি। তার ওপর নতুন কোনো ব্যবস্থাও গড়ে তোলা হয়নি। বিশ্বের প্রায় সব শহরে বর্ষার পানি নিষ্কাশনের আলাদা ব্যবস্থা থাকে। আমাদেরটা সেভাবে নেই। নিষ্কাশনের পাইপ থেকে পানি যে খালে যাবে, সেই খালও ভরাট হয়ে গেছে। বর্তমান অবস্থার জন্য তাই একক কাউকে দোষ দিয়ে লাভ নেই। শুরু থেকেই ঢাকায় নিষ্কাশনব্যবস্থার জন্য কোনো পরিকল্পনা হয়নি। আর এখন দায়ও কেউ নিতে চায় না। এখানে কর্তৃপক্ষ অনেক, বাস্তবায়ন কম।

প্রথম আলো: কী ধরনের ব্যবস্থা থাকা উচিত ছিল বলে মনে করেন?
মালিক ফিদা: শুধু বর্ষার পানি নিষ্কাশনের আলাদা ব্যবস্থা রাখতে হবে। গুলশান-বনানীতে সেই ব্যবস্থা হওয়ায় সেখানে কিন্তু এখন জলাবদ্ধতা নেই। এই এলাকাগুলোয় শাহরিক পানি নিষ্কাশনের সঙ্গে প্রাকৃতিক পানি নিষ্কাশনের সংযোগ আছে। হাতিরঝিল করাটা খুবই ভালো উদ্যোগ হয়েছে। ঢাকার জলাবদ্ধতা কমানোয় তিনটি জিনিসের সংযোগ সবার আগে দরকার। নিষ্কাশন নালা তথা ড্রেনেজ, খাল ও নদীর সঙ্গে বাধাহীন সংযোগ থাকতে হবে। গত বছর আগস্টে আমরা সিইজিআইএস (সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস) থেকে ও আইডব্লিউএম (ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং) থেকে রাজউককে একটা প্রতিবেদন দিয়েছিলাম। সেখান থেকে কিছু কিছু কাজ হচ্ছে। এই জিনিসগুলো সেখানেও বলা হয়েছে। আমরা কিছু খাল চিহ্নিত করেছি, যেগুলোর সংস্কার দরকার—কাটাসুর খাল, রামচন্দ্রপুর খাল, ইব্রাহিমপুর খাল, কল্যাণপুর খাল, আবদুল্লাহপুর খাল, বাউনিয়া খাল, আলোকদির দ্বিগুণ খাল, দিয়াবাড়ি খাল, ধোলাই খাল ও হাজারীবাগ খাল। এগুলো মুক্ত ও খনন করলে আশি ভাগ সমস্যা কমে যাবে। আমরা বলছি না আশিটা খালই এখনই উদ্ধার করতে হবে। তবে ওপরে বলা খালগুলো প্রভাবশালীদের হাত থেকে মুক্ত করতেই হবে। এ রকম অনেক পরামর্শ, সুপারিশ দেওয়া হয়, সমীক্ষা হয়। একেকটি প্রতিবেদন বের হলে সেটা নিয়ে আলোচনা হয়, মানুষ বাহবাও দেয়, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় খুবই কম।

প্রথম আলো: এখন কী করণীয়?
মালিক ফিদা: খালগুলো পুনরুদ্ধারের বিকল্প নেই। যদি ক্ষতিপূরণ দিয়েও খালগুলো উদ্ধার করতে হয়, তাই করা লাগবে। সেগুলো খনন করতে হবে। খালগুলোর দুপাশে খুব বেশি জায়গা রাখার দরকার নেই। অন্তত হাঁটার জায়গাটুকু রাখা উচিত। যাতে মানুষ হাঁটতে পারে। কোথাও বেশি জায়গা থাকলে পার্ক বানানো যেতে পারে। এতে করে জলাবদ্ধতার সমস্যার দূর তো হবেই, মানুষের বিনোদনেরও ব্যবস্থা হবে। হাতিরঝিলের মতো আরও কিছু প্রাকৃতিক ওয়াটার বডি রাখা প্রয়োজন। পূর্বাচলের মতো যেসব উপশহর তৈরি হচ্ছে, সেখানে এই চিন্তা মাথায় রেখে এগোতে হবে।

প্রথম আলো: আর নদীগুলোর কী হবে?
মালিক ফিদা: ঢাকার চারপাশের নদীগুলোতেও আমরা আবর্জনা ফেলে ভরাট করে ফেলেছি। এগুলো পরিষ্কার করতে হবে। খনন লাগবে এখানেও। নদীগুলোর পাড়ে আবাসন প্রকল্প গড়ে উঠেছে, কিন্তু এখানে জায়গা রাখা প্রয়োজন। একেকটি নদীর প্রবাহের ওপর ভিত্তি করে নদীর দুই পাশে ১০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত জায়গা রাখতে হবে। বালু নদী আছে, সেটাও ভরাট হচ্ছে। নদীর শীতকালীন অবস্থা দেখে পাড় দখল হয়ে যায়। কিন্তু সেখানে জায়গা রাখতে হবে এই জলাবদ্ধতা দূর করার জন্যই। নদী নিয়ে অনেক পরিকল্পনাই হয়। কিন্তু বাংলাদেশে কাজের ফলোআপ হয় না। আমরা অনেক পরামর্শ দিই। পরামর্শ দিলেই তো হবে না। বাস্তবায়ন করতে হবে। নয়তো কিছুই হবে না।

প্রথম আলো: এ ধরনের কাজে স্থানীয়দের কীভাবে অন্তর্ভুক্ত করা যায়? অর্থাৎ নাগরিকদের কী করবার আছে? ভুগছেন তো বেশি তাঁরাই।
মালিক ফিদা: এখনকার ঢাকায় স্থানীয়দের অন্তর্ভুক্তির তেমন কিছু নেই। তবে ডেভেলপার যাঁরা আছেন, তাঁদের নিয়ে বসতে হবে। অন্তত নতুন আবাসনব্যবস্থা গড়ে উঠলে সেখানে যেন ভালো নিষ্কাশনব্যবস্থা থাকে, সেটা ডেভেলপারদের নিশ্চিত করতে হবে। তবে ড্যাপ (ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা) হলে তখন যে অঞ্চলগুলো ঢাকার মধ্যে ঢুকবে, সেখানকার স্থানীয়দের পরিকল্পনার সঙ্গে যুক্ত করা যেতে পারে। জলাবদ্ধতার সমস্যা আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখনই যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন না করা হয়, সমস্যা চলতেই থাকবে।

কাজটা করবে কে? রাজউক করবে, না ওয়াসা করবে। দ্বিতীয় হলো আর্থিক সামর্থ্য। চট্টগ্রামের বেলায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কতটা বৈজ্ঞানিক, কতটা দূরদর্শী। এ জন্যই বড় বড় প্রকল্পে সমস্যা হয়। এ কাজে সিটি করপোরেশনকে ক্ষমতায়িত করা উচিত। যখন নগর এলাকা গঠিত হয়ে যায়, তখন সব দেশেই এসব ব্যাপার সিটি করপোরেশন দেখে। এ জন্যই কেন্দ্রীভূত প্রতিষ্ঠান দরকার। পানি সরবরাহ এখন না হলেও অন্য বিষয়গুলো সিটি করপোরেশনের অধীনে থাকা দরকার। আমাদের দেশে একেকটা সেবা একেক সংস্থা দেয়। এ জন্য সদিচ্ছাটাও প্রয়োজন। এ মুহূর্তে পানি নিষ্কাশনের পুরো দায়িত্ব সিটি করপোরেশনের নেওয়া উচিত। আর আর্থিক বিষয়টা সরকারেরই দেখা উচিত।