জীবন ও ব্যবসা-বাণিজ্য থেমে থাকে না : রূপালী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট রূপালী চৌধুরী ২০১৩ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। ২০১৫ সালে তিনি দ্বিতীয় দফায় আরও দুই বছরের জন্য এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৪ সালে তিনি কর্মজীবন শুরু করেন একটি বহুজাতিক ওষুধ ও কেমিক্যাল কোম্পানিতে যোগ দেওয়ার মাধ্যমে। ১৯৯০ সালে তিনি যোগ দেন বার্জার পেইন্টস বাংলাদেশে। ২০০৮ সাল থেকে তিনি এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

প্রথম আলো : গুলশান হামলার পর বিদেশিদের মধ্যে খুব স্বাভাবিক কারণেই ভীতি ছড়িয়েছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ রয়েছে, বাইরের অনেক প্রতিষ্ঠান এখানে ব্যবসা করছে। বিষয়টি তাদের ওপর কোন ধরনের প্রভাব ফেলেছে?

রূপালী চৌধুরী : এই ঘটনা বিদেশিদের হতবাক করেছে। তাঁরা খুবই শক্‌ড। তবে এর বাইরে বলা যায় যে যাঁরা নানা ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, তাঁরা সবাই তাঁদের বর্তমান কাজ ধরে রাখছেন। এই সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেরই সমস্যা। যাঁরা বিনিয়োগ করেন ও দেশ-বিদেশে ব্যবসা-বাণিজ্য করেন, তাঁরা বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছেন। এফআইসিসিআইয়ের পক্ষ থেকে আমরা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি। বর্তমানে যে ব্যবসা-বাণিজ্য চলছে, তা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

প্রথম আলো : বর্তমানব্যবসা-বাণিজ্যের কথা বললেন। কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা বাংলাদেশে নতুন নতুন বিদেশি প্রতিষ্ঠানের কাজ করতে আসার বিষয়টি কি ক্ষতিগ্রস্ত হতে পারে?

রূপালী চৌধুরী : দেখুন, এমনিতেই বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এ অঞ্চলের অন্য দেশের তুলনায় খুব ভালো নয়। কয়েক বছর ধরে তা ১ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে আটকে রয়েছে। ভিয়েতনামে এর পরিমাণ প্রায় ৩৫ বিলিয়ন ডলার, পাকিস্তানে তা ১৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ফলে সামগ্রিকভাবেই আমাদের ভাবতে হবে যে আমাদের দেশে বিনিয়োগ কেন কম হচ্ছে। তবেগুলশানের ঘটনা বাংলাদেশের জন্য একটা ওয়েকআপ কল। এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া এবং সে অনুযায়ী কাজ করার বিষয়টি খুবই জরুরি। আমরা দেখছি সরকার বিষয়টিতে গুরুত্ব দিয়েছে এবং নানা উদ্যোগ নিচ্ছে। যদি সরকার সফলভাবে কাজটি করতে পারে তবে সমস্যা কেটে যেতে সময় লাগবে না।

প্রথম আলো : গুলশানের ঘটনাকে কেন ওয়েকআপ কল বলছেন? জঙ্গিবাদের এই সমস্যা তো শুধু বাংলাদেশের সমস্যা নয়। কোনো দেশই তো নিজেদের নিরাপদ বলতে পারে না।

রূপালী চৌধুরী : দেখুন, বিশ্বের অন্য স্থানের সন্ত্রাসী ঘটনাগুলো আর আমাদের গুলশান ঘটনার মধ্যে একটি পার্থক্য রয়েছে। ওই সব স্থানে এ ধরনের ঘটনায় নির্বিচারে মানুষ এর শিকারে পরিণত হয়। কোনো বাছবিচার থাকে না। কিন্তু গুলশানের ঘটনায় আমরা দেখলাম বিদেশিদের বেছে বেছে হত্যা করা হয়েছে। এর বার্তাটি কিন্তু বিপজ্জনক। এই ঘটনাটির মধ্য দিয়ে যে গল্পটি বলার চেষ্টা হয়েছে, তা খুবই পরিষ্কার। ফলে বিদেশিরা এখানে বিনিয়োগ বা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে চিন্তাভাবনা করবেন, তাতে কোনো সন্দেহ নেই। ফলেআমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করা। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে আমাদের সত্যিই সমস্যায় পড়তে হবে।

প্রথম আলো : এফআইসিসিআইয়ের পক্ষ থেকে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কি?

রূপালী চৌধুরী : সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে এবং দেশের একজন নাগরিক হিসেবে এ ব্যাপারে আমরা আমাদের বিদেশি সহযোগীদের কাছে আমাদের দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছি। এটা আমাদের বুঝতে হবে যে, যারা গুলশানে হামলা বা এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা চায় বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা চলে যাক। আমরা যদি তা হতে দিই তবে এই অশুভ শক্তিই বিজয়ী হবে। আমরা তা হতে দিতে পারি না। আমাদের তাই ঘুরে দাঁড়াতে হবে।

প্রথম আলো : এসব বিষয়ে কি সরকারের সঙ্গে কথা বলেছেন?

রূপালী চৌধুরী : আমরা আমাদের উদ্বেগের বিষয় সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছি। তাঁরা আমাদের নানাভাবে আশ্বস্ত করেছেন।সরকারের যেসব উদ্যোগ আমরা দেখছি তা অব্যাহত থাকলে বিদেশিরা আশ্বস্ত হবেন, আস্থা ফিরে পাবেন।

প্রথম আলো : আপনি শুরুতে বলেছেন, বিদেশিদের যেসব ব্যবসা-বাণিজ্য বর্তমানে রয়েছে, তা আগের মতোই কাজ করছে। কিন্তু গুলশান ঘটনার কোনো দৃশ্যমান প্রভাব কি বিদেশিদের ওপর পড়েনি?

রূপালী চৌধুরী : তা তো নিশ্চয়ই পড়েছে। ব্যবসা-বাণিজ্যের কারণে যেসব বিদেশি এখানে থাকেন, তাঁদের চলাফেরা সীমিত হয়ে গেছে। নতুন কেউ আসার ক্ষেত্রে বাড়তি চিন্তাভাবনা হচ্ছে। অনেকে ব্যবসায়িক বৈঠক বা কাজের জন্য বাংলাদেশে আসার পরিকল্পনা আপাতত বাদ দিয়ে আশপাশের কোনো দেশে বৈঠক সারছেন বা সে ধরনের চিন্তাভাবনা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের অনেকে তাঁদের পরিবার-পরিজনকে আর এখানে না রাখার চিন্তাভাবনা করছেন। অনেকে পাঠিয়েও দিয়েছেন। এর একটা অর্থনৈতিক প্রভাবও পড়বে আমাদের দেশে। এ ধরনের বিষয়গুলো খুব স্বাভাবিক কারণেই ঘটছে। তবে এই পরিস্থিতিকে আমি সাময়িক বিষয় হিসেবেই বিবেচনা করতে চাই। ব্যবসা-বাণিজ্য বা মানুষের জীবনযাপন কখনো থেমে থাকে না। সামনে যদি এ ধরনের ভয়ংকর ঘটনা ঠেকানো যায় তবে পরিস্থিতি আগের জায়গায় ফিরে আসবে। সময়ই সবকিছুর নিরাময় ঘটাবে।

প্রথম আলো : এ অঞ্চলের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিস্থিতি হতাশাজনক। বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারছে না কেন?

রূপালী চৌধুরী : আমাদের দেশের জনসংখ্যা যথেষ্ট হলেও স্থানীয় পর্যায়ে জনগণের ক্রয়ক্ষমতা খুব বাড়েনি। আপনি দেখবেন যে আমাদের এখানে বিনিয়োগ হচ্ছে হালকা শিল্প খাতে। স্থানীয় বাজার যেহেতু ছোট, তাই এখন পর্যন্ত টিভি, ফ্রিজ বা এ ধরনের খাতেই বিনিয়োগ হচ্ছে। ফলে আমাদের এখানে বিনিয়োগের জন্য এমন খাত খুঁজতে হবে, যেখানে ৮০ শতাংশ রপ্তানি করা যায় এবং ২০ শতাংশ স্থানীয় বাজারে বিক্রি করা যায়। এখানকার উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগের বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে হবে। তবেবাস্তব কারণে ও দেশের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে অবকাঠামো ও জ্বালানি-গ্যাস খাতের মতো ক্ষেত্রে সামনের দিনগুলোতে বিনিয়োগ বাড়বে। দেশীয়ভাবে আমরা দেখছি যে লেদার ও ফার্মাসিউটিক্যালের মতো খাতগুলো ভালো করছে। এ খাতগুলোও বিকশিত হবে।

প্রথম আলো : বাংলাদেশে এখন কোন কোন খাতকে বেশি সম্ভাবনাময় বলে মনে করছেন?

রূপালী চৌধুরী : তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনা রয়েছে। কলসেন্টার ও আউটসোর্সিং—এসব খুবই সম্ভাবনাময়। তবে এ জন্য দক্ষ ও
যোগ্য মানবসম্পদ দরকার। এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হচ্ছে, তারা ঠিক কাজ করার জন্য যোগ্য ও দক্ষ হয়ে বের হচ্ছে না। এমপ্লয়ারদের সঙ্গে আলোচনা করে তাঁদের চাহিদা বিবেচনায় নিয়ে কোর্স ম্যাটেরিয়াল ঠিক করা যায় কি না, তা ভেবে দেখতে হবে।

প্রথম আলো : বিদেশি বিনিয়োগ বাড়ানো ও আকৃষ্ট করার ক্ষেত্রে সরকারের কোনো নীতি গ্রহণ বা পরিবর্তন জরুরি বলে মনে করেন কি?

রূপালী চৌধুরী : আমি মনে করি ট্যাক্স পলিসি একটা বড় সমস্যা। এখানে করপোরেট ট্যাক্স অনেক বেশি। আমাদের আশপাশের দেশগুলোর তুলনায় এই ট্যাক্স বেশি হওয়ায় এখানে ব্যবসা করে মুনাফা করা কঠিন। ফলে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। সমস্যা হচ্ছে, আমাদের দেশে করের আওতা খুব কম, আয়করের ক্ষেত্রে তো খুবই কম। ফলে সরকার সহজে যেখান থেকে কর আদায় করতে পারে, সেখানেই করের চাপ চাপিয়ে দিচ্ছে। এই নীতির পরিবর্তন করতে হবে। এই কাজটি সময়সাপেক্ষ হলেও কাজটি এখন থেকেই শুরু করা উচিত। করপোরেট ট্যাক্সের বিষয়টিও পর্যায়ক্রমে কমানোর উদ্যোগ নিতে হবে।

প্রথম আলো : গুলশান ঘটনার পরে সরকার জঙ্গিবিরোধী অবস্থান জোরদার করছে। ফলে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?

রূপালী চৌধুরী : সামগ্রিকভাবে সরকারকে নিরাপত্তা পরিস্থিতির এমন দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে, যাতে আস্থার পরিস্থিতি তৈরি হয়। সরকার তখন জোরালোভাবে দাবি করতে পারবে যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আমি আশাবাদী যে সরকার কাজটি পারবে। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের জনগণ সব সময়ই বিদেশিদের ব্যাপারে বন্ধুভাবাপন্ন ও জাতি হিসেবে আমরা অতিথিপরায়ণ। সবাই মিলে আমাদের এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে গুলশানে যা ঘটেছে, তা আমাদের জাতীয় চরিত্রের প্রতিফলন নয়। সেখানে যে বর্বরতা ঘটেছে তার উল্টো দিকে বিশ্ববাসী এটাও দেখছে যে বাংলাদেশে ফারাজের মতো ছেলেরাও রয়েছে। এখানকার জনগণ বিদেশিদের সব ক্ষেত্রেই স্বাগত জানায়।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

রূপালী চৌধুরী : আপনাকেও ধন্যবাদ।