ডিজিটাল নিরাপত্তা আইন অপ্রয়োজনীয়

মো. আব্দুল মতিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তঁার সঙ্গে কথা হয় অফিশিয়াল সিক্রেটস আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, নাগরিকের মৌলিক অধিকার, সংবাদমাধ্যমে স্বাধীনতা ইত্যাদি নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আব্দুল মতিন

প্রশ্ন :

প্রথম আলো: সম্প্রতি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম খবরের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিগৃহীত হলেন। আইনের দৃষ্টিতে ঘটনাটিকে কীভাবে দেখছেন?

বিচারপতি মতিন: আমি যখন টেলিভিশনে এই খবরটি দেখি, তখন আমার যে প্রতিক্রিয়া হয়েছিল তা হলো ‘অবনকশাস’, বাংলা করলে হবে জঘন্য বা যাচ্ছেতাই। আমি পুরো খবরটি দেখতে পারিনি। আইনের কথা তখন চিন্তায় আসেনি। কারণ, এমন কোনো আইন, কোনো দেশে হতে পারে না, যা এমন আচরণকে সমর্থন করবে। সারা জাতি এ জঘন্য ঘটনায় লজ্জিত, দুঃখিত ও সোচ্চার।

প্রশ্ন :

প্রথম আলো: তাঁর বিরুদ্ধে মামলা হলো ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস আইনে। এই আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার দ্বিতীয় নজির বাংলাদেশে নেই। একজন সাংবাদিকের তথ্য সংগ্রহের ঘটনা নিয়ে কি এই আইনে মামলা হতে পারে?

বিচারপতি মতিন: মামলা হতে পারে কি না, তা অবান্তর। কারণ, মামলা তো ইতিমধ্যে হয়েই গেছে। যদিও আপনার মতে এটাই বাংলাদেশের প্রথম এমন মামলা। প্রশ্ন হতে পারে, মামলা চলতে পারে কি না? এটাও আদালতের বিষয়। মামলার দ্বারা যদি তিনি বিক্ষুব্ধ হন, তবে বিচার শেষ হওয়ার অপেক্ষা না করে, তিনি এখনই এ মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে ব্যবস্থা নিতে পারেন। যেহেতু এটি একটি ফৌজদারি মামলা, হয়তোবা পুলিশ চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে পারে। যদি চার্জশিট দেয় এবং আদালত তা আমলে নেন, তখন ফৌজদারি বিধানমতে আসল কার্যধারা চালু হবে। সেই কার্যধারার বিরুদ্ধে তিনি ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারামতে তা বাতিল করার জন্য মামলা করতে পারবেন। আর এখনই যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে তাঁকে রিট মামলা করতে হবে। তার কারণ হচ্ছে, এই আইন ১৯২৩ সালের একটি নিবর্তনমূলক আইন। এই আইন বাংলাদেশে সংবিধান গৃহীত হওয়ার পর থেকে সাংবিধানিক পূর্ণগ্রাসে আচ্ছন্ন। অর্থাৎ সারা বিশ্বে স্বীকৃত ডকট্রিন অব ইকলিপস এই আইনকে গ্রহণের মধ্যে ফেলে দিয়েছে। যেহেতু সংবিধানে তৃতীয় ভাগের মৌলিক অধিকারের সঙ্গে এই আইনের বিধানগুলো সাংঘর্ষিক, তাই আমাদের সংবিধানের ২৬ ধারামতে, এ আইন অবৈধ। কিন্তু যেহেতু আমরা এই আইনটাকে আত্মীকরণ করেছি, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর রাষ্ট্রপতির একটি আদেশ দ্বারা, তাই এই আইনটিকে কিতাব থেকে মুছে দেওয়া যাবে না, যতক্ষণ না এই আইন সংসদ দ্বারা বাতিল হবে অথবা সুপ্রিম কোর্ট এটাকে অবৈধ বলে ঘোষণা করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কিতাবে এই আইন থাকলেও এই আইনের কোনো কার্যকারিতা নেই, কারণ ওপরে উল্লিখিত আইনের বিধান অর্থাৎ ডকট্রিন অব ইকলিপস দ্বারা এর প্রয়োগ বারিত হয়েছে। তাই সচেতনভাবেই এত দিন এই আইনটাকে অন্তত বাংলাদেশে কার্পেটের নিচেই রেখে দেওয়া হয়েছে। এই মামলা আবার এই আইনকে কুড়িয়ে এনে জাতির বিবেককে ধাক্কা দিচ্ছে। সুতরাং আদালত অবশ্যই বলতে পারবেন যে মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এই আইন অবশ্যই অকার্যকর। তখন আদালতের উচিত হবে এর কার্যকারিতা বন্ধ রাখা অথবা এটাকে বাতিল ঘোষণা করা। তবে সরকার চাইলে এই আইনকে নিজেই বাতিল করতে পারে, অথবা আইন যতটুকু মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক, ততটুকু আইন সংশোধনের মাধ্যমে দূর করে দিতে পারে। ইতিমধ্যে ভারতে দণ্ডবিধির ৩০৩
এবং ১০৯ ধারা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় এবং ডকট্রিন অব ইকলিপস যথার্থ প্রয়োগে বাতিল করা হয়েছে।

প্রশ্ন :

প্রথম আলো: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক আছে। সরকার বলছে, ডিজিটাল মাধ্যমে মানুষের মর্যাদা হরণকারীদের বিরুদ্ধে এই আইন করা হয়েছে। সাংবাদিকেরা বলছেন, সাংবাদিকদের হয়রানি ও নিগ্রহ করা এই আইনের উদ্দেশ্য। মানুষের মৌলিক অধিকারের দৃষ্টিকোণ থেকে আইনটিকে কীভাবে দেখছেন?

বিচারপতি মতিন: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ইতিমধ্যে মোশতাক আহমেদের মতো মানুষের মৃত্যুর কারণ হয়েছে। কার্টুনিস্ট কিশোরের মৌলিক অধিকার হরণের কারণ হয়েছে এবং অসংখ্য মামলা দ্বারা নিরপরাধ মানুষ কারাগারে অন্তরীণ রয়েছেন। সুতরাং এটি একটি নিবর্তনমূলক আইন, যার বিধানগুলো অস্পষ্ট ও অসংজ্ঞায়িত। যেমন ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বলতে একেকজন নাগরিক একেক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এবং এই অসংজ্ঞায়িত ধারণার যাঁরা খেলাপ করবেন, তাঁদের স্বাধীনতা হারাতে হচ্ছে শাসন বিভাগের সাবজেক্টিভ স্যাটিসফেকশনের ওপর নির্ভর করে। বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার আমরা ইতিমধ্যে দেখেছি। উচ্চতর আদালতের বলিষ্ঠ ভূমিকায় তা প্রায় অকার্যকর। বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনটি অপ্রয়োজনীয়। এই আইনে এমন কোনো অপরাধ নেই, যা দণ্ডবিধি দ্বারা বিচার করা সম্ভব নয়। প্রয়োজনে দণ্ডবিধি আইনকেই সংশোধন করা যেতে পারে। সরকার যেমন জনগণের সম্পদ রক্ষা করবে, ঠিক তেমনিভাবে ডিজিটাল ডিভাইসগুলোর অপব্যবহার থেকে সরকার মানুষকে রক্ষাও করবে। তবে তা এমন আইন দ্বারা নয়, যা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। যদি সম্পূর্ণ বাতিল না-ও করা যায়, তাহলে সাংবাদিকদের এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য আইন করা যেতে পারে।

প্রশ্ন :

প্রথম আলো: সংবিধানের মূলনীতিতে নাগরিকদের মৌলিক অধিকার ও সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে। সে ক্ষেত্রে সংবাদক্ষেত্রের স্বাধীনতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল হওয়া উচিত বলে মনে করেন?

বিচারপতি মতিন: শুধু ধারা নয়, সম্পূর্ণ আইনটি বাতিল হওয়ার যোগ্য। তার কারণ, আমাদের সংবিধানের ২৬(২) ধারার বলে এই আইন করার কোনো অধিকার সংসদের ছিল না। যেহেতু এটি সংবিধান গ্রহণ করার পরে পাস করা আইন পোস্ট কনস্টিটিউশন ল, সেহেতু এটি একটি এখতিয়ারবিহীন আইন। উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলে এই আইন টিকে থাকার কোনো কারণ নেই।

প্রশ্ন :

প্রথম আলো: আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন করেছিল মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে। কিন্তু আমরা দেখলাম ডিজিটাল নিরাপত্তা আইনে সেই তথ্য পাওয়ার অধিকারকেই খর্ব করা হয়েছে। এ ক্ষেত্রে কোন আইনটি অগ্রাধিকার পাবে?

বিচারপতি মতিন: ২০০৯ সালের তথ্য অধিকার আইন একটি উল্লেখযোগ্য ইতিবাচক আইন। এ আইনের ভূমিকায় যে উদ্দেশ্য বলা হয়েছে, তা প্রশংসার যোগ্য। আইনটির ইতিহাস হচ্ছে, জাতিসংঘের ১৯৪৬ সালের ৫৬ নম্বর রেজল্যুশন এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণা, ১৯৪৮-এর ১৯ ধারার বাস্তবায়ন করার বাধ্যবাধকতায় বাংলাদেশ এই তথ্য অধিকার আইনটি করেছে। এ ছাড়া বাংলাদেশ যেহেতু আইসিসিপিআরের ( ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস) অনুস্বাক্ষরকারী দেশ, তাই এই সনদের অবশ্যকর্তব্য হিসেবে এই আইন আমরা করেছিলাম। এই আইন করার ফলে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট আপনা থেকেই তার কার্যকারিতা হারিয়েছে। কিন্তু আমরা এই আইনের প্রায়োগিক সাফল্য দেখতে চাই। এই আইন এবং ভারতের ২০০৫ সালের রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট অনেকাংশেই একই ধরনের।

প্রশ্ন :

প্রথম আলো: অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানে আর্টিকেল ৩৯–কে কীভাবে দেখছেন?

বিচারপতি মতিন: যে আইনই হোক না কেন, আর্টিকেল ৩৯ যেহেতু সর্বোচ্চ আইন। অন্য সব আইন তার অধীনে থাকবে এবং যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলে গণ্য হবে। ৩৯(১) হচ্ছে অ্যাবসলিউট অর্থাৎ শর্তবিহীন নিরঙ্কুশ আইন, যা চিন্তা ও বিবেকের স্বাধীনতা সুরক্ষা করবে। ৩৯ (২) যদিও কিছু শর্তাধীন তবু শর্তগুলো ন্যায়সংগত কি না, তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত। সে আদালতে সাবজেক্টিভ নয়, অবজেকটিভ স্যাটিসফেকশনই হবে সিদ্ধান্তের প্রধান উপাদান। ৩৯-ই হচ্ছে সেই হজরত মুসা (আ.)–এর লাঠি, যা ফেরাউনের সব অপকৌশলকে খেয়ে ফেলেছিল। এই দুই নিবর্তনমূলক আইন ও ৩৯-এর পূর্ণগ্রাসে নিষ্ক্রিয় এবং নির্জীব। ৩৯–কে বুঝতে হলে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ইতিহাস বুঝতে হবে। গণতন্ত্র যা আমাদের সংবিধানে বেসিক ফিচার, তা অপরিবর্তনযোগ্য বিধান।

ইতিহাসের দিকে তাকালে আমাদের চলে যেতে হবে ১৬৪৪ সালে, যখন মহাকবি মিল্টন বলেছিলেন, ‘গিভ দ্য লিবার্টি টু নো, টু আটার অ্যান্ড টু আরগু ফ্রিলি অ্যাকর্ডিং টু কনশাস, অ্যাভোব অল লিবার্টিজ’। এই অধিকারের প্রয়োজনের পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন দার্শনিক জন লক, ভলতেয়ার, জন স্টুয়ার্ট মিল, এর স্বীকৃতি পাওয়া যাবে ১৬৮৯ বিল অব রাইটসে। একই জয়গান গাইছে ফ্রেঞ্চ ডিক্লারেশন অব রাইটস অব ম্যান, ১৭৮৯ এবং ইউএস বিল অব রাইটস ১৭৯১, যেখানে বলা হচ্ছে কংগ্রেস এমন কোনো আইনই করতে পারবে না, যা বাক্‌স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন করবে। এই অধিকার সংরক্ষিত করেছে ১৯৪৮-এর সর্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা ১৯, যার মাধ্যমে আমরা তথ্য অধিকার আইন ২০০৯ করেছিলাম। সংবাদপত্রের স্বাধীনতার রক্ষাকবচ হচ্ছে ৩৯(২)। থমাস জেফারসনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সংবাদপত্রবিহীন সরকার আর সরকারবিহীন সংবাদপত্র—এই দুয়ের মধ্যে থেকে একটি বেছে নিতে হলে তিনি কোনটি নেবেন? তিনি বলেছিলেন, অবশ্যই দ্বিতীয়টি। তাই সংবাদপত্র যথার্থই সরকারের চতুর্থ স্তম্ভ। তবে হলুদ সাংবাদিকতা এবং ‘এমবেডেড’ সাংবাদিকতা মোটেই কাম্য নয়। কোরআনের সুরা ৫৫ আর রাহমান বলছে, তিনি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছেন। তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে এবং স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন (৫৫:৩, ৪)। কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে বয়ান।

১৯৫২ সালে এই বয়ানের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে ’৫২-এর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের সূতিকাগারে বাংলাদেশের জন্ম। অর্থাৎ ৩৯ হচ্ছে এক দীর্ঘ ইতিহাসের ফসল, যা সব কালাকানুনকে তার পূর্ণগ্রাসে নির্জীব করে রাখবে।

প্রশ্ন :

প্রথম আলো: গঠনমূলক সমালোচনাকে আপনি কীভাবে দেখেন?

বিচারপতি মতিন: আমি বরং রবীন্দ্রনাথ কীভাবে দেখছেন তাই বলছি,

দুর্যোধন:

নিন্দা! আর নাহি ডরি,

নিন্দারে করিব ধ্বংস কণ্ঠরুদ্ধ করি।

নিস্তব্ধ করিয়া দিব মুখরা নগরী

স্পর্ধিত রসনা তার দৃঢ় বলে চাপি

মোর পাদপীঠতলে।

ধৃতরাষ্ট্র:

ওরে বৎস, শোন্‌,

নিন্দারে রসনা হতে দিলে নির্বাসন

নিম্নমুখে অন্তরের গূঢ় অন্ধকারে

গভীর জটিল মূল সুদূরে প্রসারে,

নিত্য বিষতিক্ত করি রাখে চিত্ততল।

রসনা নিত্য করি চপল চঞ্চল

নিন্দা শ্রান্ত হয়ে পড়ে; দিয়ো না তাহারে

নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে

গোপন হৃদয়দুর্গে। প্রীতি মন্ত্রবলে

শান্ত করো, বন্দী করো নিন্দা সর্প দলে

বংশীরবে হাস্যমুখে।

৩৯–কে বুঝতে হলে জাতির পিতার আত্মজীবনী পড়তে হবে অলিখিত সংবিধান হিসেবে। ১৪ মাস জেল খাটার পর ১৯৫৮ সালে মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার পরম লগ্নে যখন তাঁকে জেলগেটে আবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়, তখন তাঁর মনের অবস্থা বুঝতে হবে। বুঝতে হবে টাঙ্গাইলের উদীয়মান নেতা, যিনি মুসলিম লীগের প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন, তিনি কীভাবে বিনা বিচারে দীর্ঘদিন কারারুদ্ধ থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। আমাদের ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিলেন। এ জন্যই সংবিধানে যখন মৌলিক অধিকারের অধ্যায়ে প্রথম ধারা ২৬ জাতির পিতার সম্মুখে দেখানো হলো, তখন অতি আনন্দে এবং আর কখনো নিবর্তনমূলক আইন হবে না, এই আশায় তিনি সংবিধানে প্রথম স্বাক্ষরটি করেছিলেন, যা আজও জ্বলজ্বল করছে। এটাই আমাদের অলিখিত সংবিধান, যা ২৯ অথবা ২৬ আর্টিকেলের সঙ্গে সঙ্গে পড়তে হবে। এটাই আমাদের অলিখিত সংবিধানের অংশ।

প্রশ্ন :

প্রথম আলো: উচ্চ আদালতকে এখনো মানুষ শেষ ভরসাস্থল বলে মনে করেন। এই ভরসার জায়গাটি ধরে রাখতে কী করণীয়।

বিচারপতি মতিন: উচ্চ আদালত যে মানুষের শেষ ভরসার স্থল, এই ধারণার জন্য আপনাকে ধন্যবাদ। এই ধারণা ধরে রাখার একমাত্র কৌশল ইটারনাল ভিজিলেন্স (eternal vigilance) এবং মানুষকে আইন এবং অধিকারসচেতন করা, যা সংবাদপত্র নিরলসভাবে করে যাচ্ছে।

প্রশ্ন :

প্রথম আলো: বহুল আলোচিত মাসদার হোসেন মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ পৃথক করা হয়েছে। কিন্তু জুডিশিয়াল সার্ভিস রুল কি অধস্তন আদালতের স্বাধীনতা নিশ্চিত করতে পেরেছে? নির্বাহী বিভাগ অধস্তন আদালতের ওপর এখনো খবরদারি করছে বলে অভিযোগ আছে।

বিচারপতি মতিন: বিধিমালা কখনো মূল আইনের ঊর্ধ্বে যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত ’৭২-এর সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ পুনঃস্থাপিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিচার বিভাগের পৃথক্‌করণ দূরের বাদ্যই থেকে যাবে।

প্রশ্ন :

প্রথম আলো: সম্প্রতি প্রধান বিচারপতি অধস্তন আদালতের অবকাঠামোগত সমস্যা নিয়ে আক্ষেপ করেছেন। বিচার বিভাগের বাজেট অপ্রতুল বলে অভিযোগ আছে। বিচার বিভাগের জন্য কম বরাদ্দও কি নির্বাহী বিভাগের পরোক্ষ হস্তক্ষেপ নয়?

বিচারপতি মতিন: শুধু আক্ষেপ যথেষ্ট নয়। আক্ষেপের কারণ দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়।

প্রশ্ন :

প্রথম আলো: আদালতে মামলার জট সব সময়ই ছিল। আপনাদের সময় থেকে এখন জট কমেছে না বেড়েছে?

বিচারপতি মতিন: জট তো অবশ্যই বেড়েছে। তবে বিচারক এবং জনগণের অনুপাত অন্যান্য দেশের তুলনায় আমাদেরটি অনাকাঙ্ক্ষিত। এত বড় জনবহুল দেশে এই অল্পসংখ্যক বিচারক দিয়ে চলতে থাকলে জট আরও বাড়বে বৈ কমবে না।

প্রশ্ন :

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

বিচারপতি মতিন: আপনাকেও ধন্যবাদ।