>

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিভক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি। একদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরীন আখতার। অন্যদিকে মঈন উদ্দীন খান বাদল, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান। দুই পক্ষের দুই নেতা শিরীন আখতার ও নাজমুল হক প্রধান–এর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মিজানুর রহমান খান
প্রথম আলো : মতাদর্শগত দ্বন্দ্ব নয়, মনে হচ্ছে আপনিই বাধা। সাধারণ সম্পাদকের পদ থেকে সরে গেলে ঐক্য হতে পারে?
শিরীন আখতার : এটা কি কোনো ভালো কথা হলো? এটা ভীষণ রকম রাজনৈতিক প্রশ্ন। তাঁরা ভেবেছিলেন হাউস বুঝি সভাপতি ও মন্ত্রী—এই দুই পদে হাসানুল হক ইনুকে চাইবে না। এটা তাঁদের একটা ধারণা ছিল। কিন্তু কাউন্সিলররা ভেবেছেন, এখন যেহেতু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের একটা লড়াই চলছে, তখন সরকারের ভেতরে ও বাইরে জাসদ একযোগে লড়বে, দুই পদে থাকায় কোনো সমস্যা নেই। অবশ্য তাঁরা পরে এ বিষয়টি মেনে নিয়েছেন। এরপর যখন সাধারণ সম্পাদক পদে আমার নাম এল, অনেকে তা সমর্থন করলেন, তখন নাজমুল হক প্রধানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও উঠল।
প্রথম আলো : ব্যালট পেপারে প্রধানের নাম কখন এল? ভোট ডাকাতির অভিযোগ আছে?
শিরীন আখতার : ওই দিনই ব্যালট পেপার ছাপানো হলো। তাঁরা হার বুঝতে পেরে চলে গেছেন। কণ্ঠভোটের বিষয়টি অনেকে বলেছিলেন। কিন্তু পরে তা হয়নি। রাত ১০টা থেকে ১টা ৪৫ পর্যন্ত ভোটের প্রক্রিয়া চলে। ৭৪৭ ভোট পড়ে। ১৩৭টি পান
প্রধান, ৬০৩টি পাই আমি, আর ৭টি ভোট বাতিল হয়। আমরা এসব নির্বাচন কমিশনে জমা দিচ্ছি।
প্রথম আলো : সভাপতি দুবার হবেন না, এই বিধান থাকতে আপনারা ভাঙলেন? কারা বৈধ, কারা নয়?
শিরীন আখতার : সভাপতি ও সম্পাদকেরা এক মেয়াদের বেশি পদে থাকবেন না, এই উদ্ভট বিধান যিনি এনেছিলেন, তিনিই সংকট পাকালেন। এটা আমরা স্থগিত করে সারা দেশে কাউন্সিল করেছিলাম, অন্যথায় তো আমাদের কাউন্সিল অবৈধ হয়ে যেত।
প্রথম আলো : জাসদ অবিভক্ত, নাকি বিভক্ত? আর আপনার কারণেই কি জাসদ ভাঙল?
শিরীন আখতার : সংবাদ সম্মেলনে সবই বলা হয়েছে। তাঁরা আমাদের কমিটিতে আছেন। তাঁরা ভুল বুঝে ফিরবেন আশা করি। সভাপতি ২০ তারিখে আসছেন। আর আমি মনে করি না, একটিমাত্র বিষয়ের কারণে চারজন গুরুত্বপূর্ণ নেতা নাটকীয়ভাবে বেরিয়ে গিয়ে কমিটি করে দেবেন, এটা কখনো হয় না। এর আগের নির্বাচনে ৩৪ ভোটে শরীফ নূরুল আম্বিয়ার সঙ্গে আমি হেরেছি। আমি তো অর্ধেক কাউন্সিলর নিয়ে চলে যেতে পারতাম, আমি তো সেটা করিনি।
প্রথম আলো : আপনাদের সভাপতি ইনু সাহেব ইঙ্গিত দিয়েছেন যে, জঙ্গিবাদকে মদদ দিতেই তারা দল ছেড়েছে।
শিরীন আখতার : না, কথাটি এভাবে নয়। এখানে বোঝার ভুল হয়েছে। কথাটা হলো আজকে যখন জঙ্গিবাদবিরোধী লড়াই চলছে, তখন এই জাতীয় যেকোনো ধরনের পদক্ষেপ তাদেরই সহায়তা করে। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লড়াই আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবেই করছি।
প্রথম আলো : বৈধতা নিয়ে শেষ প্রশ্ন। তারা যে আসল জাসদের কমিটি করেছে, তাকে আপনারা অবৈধ বলছেন না?
শিরীন আখতার : অবশ্যই তাদের কমিটি অবৈধ। শুধু আমি নই, এটা যে কেউ বলবে।
প্রথম আলো : আপনার দাবি সত্য হলে ৭০ অনুচ্ছেদের কারণে নাজমুল হকের সাংসদ পদ থাকে না।
শিরীন আখতার : ওটা তো আরেকটি সংকট। ওটা নিয়ে পরে আলোচনা হবে।