
প্রথম আলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এলেন। বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া তিস্তা চুক্তি নিয়ে তো কিছুই হলো না।
আইনুন নিশাত : প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে যে তিস্তা চুক্তি সই হবে না, তা জানাই ছিল। ভারতের বিভিন্ন সূত্রে এটা আগেই নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এরপরও দুই দেশের গণমাধ্যমের তরফে একধরনের চাপ ছিল, যাতে চুক্তিটি হয়। লক্ষ করলে দেখবেন, পশ্চিমবঙ্গ তথা ভারতের অনেক পত্রপত্রিকায় তিস্তা চুক্তির পক্ষে লেখালেখি হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে দলনিরপেক্ষ বা কেন্দ্রীয় সরকারের প্রতি সহানুভূতিশীল অথবা পশ্চিমবঙ্গের মমতা সরকারের বিরোধী গণমাধ্যমগুলো চুক্তির পক্ষে কথা বলেছে। বোঝা যায়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে গণমাধ্যম একধরনের চাপ সৃষ্টি করেছিল। চুক্তি না হওয়ায় আমি দুঃখ পেয়েছি কিন্তু অবাক হইনি।
প্রথম আলো : তিস্তা চুক্তি কি তবে আটকে গেল?
আইনুন নিশাত : আমি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর আস্থা রাখতে চাই। আমি আশাবাদী যে তিস্তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জট খুব দ্রুতই খুলে যাবে। পাশাপাশি তিস্তাসহ বিভিন্ন অভিন্ন নদীর পানিবণ্টনে একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা গড়ে ওঠার পরিস্থিতি তৈরি হবে।
প্রথম আলো : তিস্তা নিয়ে কি ভারতের সঙ্গে নতুন করে কোনো আলাপ-আলোচনা শুরু করতে হবে?
আইনুন নিশাত : তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে অন্তর্বর্তী যে চুক্তি সই হওয়ার কথা ছিল, তা চূড়ান্ত হয়েছে ২০১১ সালে। চুক্তির কারিগরি দিক সম্পন্ন হয়েছে। বাকি আছে আনুষ্ঠানিকতা। মানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর করা এবং তা বাস্তবায়ন করা। তিস্তা নিয়ে নতুন করে আলোচনা শুরুর কোনো সুযোগ নেই।
প্রথম আলো : কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো এর বিরোধিতা করছেন। বলছেন, পানি দেওয়া যাবে না।
আইনুন নিশাত : বিষয়টি ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এটি তাদের হাতেই ছেড়ে দেওয়া ভালো। এ ব্যাপারে বাংলাদেশের কোনো বাড়তি ভূমিকা নেওয়া উচিত হবে না। দুই দেশের মধ্যে অনেক যৌথ নদী আছে। কোনোটি মেঘালয় থেকে, কোনোটি ত্রিপুরা থেকে, কোনোটি আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর ব্যাপারেও আমাদের সমঝোতা করতে হবে। এসব আলোচনা ঢাকা ও দিল্লির বিষয়। কোনোভাবেই আগরতলা, শিলং বা গুয়াহাটির সঙ্গে নয়। তিস্তা সিকিম থেকে দার্জিলিং হয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বাংলাদেশে এসেছে। তিস্তা নিয়ে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে বিরোধ আছে। আপনাদের কাগজে পড়লাম, তিস্তার পানির অবস্থা বুঝতে ভারতের একটি সংসদীয় প্রতিনিধিদল সিকিম গেছে। তিস্তার পানি নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হলে সিকিম থেকে প্রবাহিত পানির পরিমাণ বিবেচনায় নিতে হবে। কিন্তু আমাদের সিকিমের সঙ্গে সরাসরি আলোচনা সুযোগ নেই। মমতা যে বিরোধিতা করছেন, তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেটা দিল্লি দেখবে।
প্রথম আলো : তিস্তায় পানিপ্রবাহের অবস্থা কী? এই পানি কি দুই দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট?
আইনুন নিশাত : তিস্তা নদীর গতি-প্রকৃতি আমাদের বোঝা দরকার। এটা ফ্ল্যাশি রিভার। মানে, এই নদীতে হঠাৎ পানি বাড়ে ও নেমে যায়। তবে গড় হিসাবে, এই নদীতে শুকনো মৌসুমে পানি ৬ থেকে ৮ হাজার কিউসেকে নেমে যায়। বর্ষায় আড়াই থেকে তিন লাখ কিউসেক পানি থাকে। এর চেয়ে বেশি হলে লালমনিরহাটে তীব্র বন্যা হয় ও নদীভাঙন দেখা দেয়। মাঝেমধ্যে ৪ লাখ কিউসেক পানিও প্রবাহিত হয়। এই প্রবণতা ইদানীং বেড়েছে। শুকনো মৌসুমে তিস্তায় যে পানি থাকে, তা ভারত ও বাংলাদেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। দুই দেশের চাহিদা মেটাতে অন্তত ২৪ হাজার কিউসেক পানি দরকার। অর্থাৎ শুকনো মৌসুমে যে পরিমাণ পানি পাওয়া যাবে, তা কোনো একটি দেশের চাহিদার জন্য পর্যাপ্ত নয়। দুই দেশই ব্যারাজ বানিয়েছিল সম্পূরক সেচের জন্য। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমন ধানের জন্য সেচের চাহিদা মেটাতে। আমি মনে করি, এই সময়ের পানির চাহিদা পূরণ সম্ভব। সে জন্যই অন্তর্বর্তী চুক্তিটি প্রয়োজন। এরপর দেখতে হবে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে শুকনো মৌসুমে পানির চাহিদা মেটানো যায় কি না। এ জন্য উজানে জলাধার নির্মাণ করা প্রয়োজন হবে। তবে এর সম্ভাব্য সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধান সঠিকভাবে করার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
প্রথম আলো : উজানে জলাধার নির্মাণের পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা বা অগ্রগতি আছে কি?
আইনুন নিশাত : তিস্তার পানিবণ্টনের আলোচনায় সব সময়ই জলাধার বানিয়ে শুকনো মৌসুমে পানিপ্রবাহ বাড়ানোর বিষয়টি উঠে এসেছে। ধরলা ও দুধকুমার নদের ক্ষেত্রে বাংলাদেশ, ভুটান ও ভারত পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ ধরনের জলাধার নির্মাণে অর্থ লগ্নি করতে সম্মত হয়েছেন। এর মাধ্যমে যে পানিবিদ্যুৎ উৎপাদিত হবে, তা এ ধরনের প্রকল্পকে যৌক্তিকতা দেবে।
প্রথম আলো : মমতা যে বলেছেন তিস্তায় পানি নেই, এই দাবি কতটুকু সত্য?
আইনুন নিশাত : আশির দশকে পশ্চিমবঙ্গের গজলডোবায় ব্যারাজ নির্মাণের আগে শুকনো মৌসুমে তিস্তায় যে পানি প্রবাহিত হতো, তার সবটাই আমরা পেতাম। ব্যারাজ নির্মাণের পর ভারত পানি প্রত্যাহার শুরু করলেও পুরো পানি প্রত্যাহার করা হতো না। তখন তাদের হিসাবে বাংলাদেশের যতটুকু পানি পাওনা ছিল, তা তারা ছাড়ত। অর্থাৎ শুকনো মৌসুমে আমরা আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কিউসেক পানি পেতাম। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ২০১১ সালেই মমতা হুংকার দিয়েছেন যে তিনি বাংলাদেশকে পানি দেবেন না। দুঃখজনক বিষয় হচ্ছে, ২০১২ সাল থেকে ভারত পুরো পানি প্রত্যাহার করে চলেছে। ফলে গজলডোবায় পানি নেই, এটা পুরোপুরি অসত্য কথা।
প্রথম আলো : তিস্তার পানির বদলে মমতা অন্য তিন নদী থেকে পানি নেওয়ার যে বিকল্প প্রস্তাব দিলেন?
আইনুন নিশাত : এ ধরনের প্রস্তাব দেওয়াকে আমি সঠিক আচরণ বলে মনে করি না। প্রথমত, এই প্রস্তাবে নদীগুলোর নাম হেলাফেলা করে উচ্চারণ করা হয়েছে। ধানসিঁড়ি বরিশালের নদী, মানসিঁড়ি বলে কোনো নদী নেই। যেখানে ভারতে নদীকে মানুষের সম্মান দেওয়া হচ্ছে, নদীর নিজস্ব চাহিদাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে নদীর নাম নিয়ে তাচ্ছিল্য করা দুঃখজনক। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর যে যৌথ ইশতেহার প্রকাশিত হয়েছে, তার ৪০ নম্বর উপধারায় ধরলা ও দুধকুমার নদ নিয়ে ১৯৮৩ সালে শুরু হওয়া আলোচনা শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এই দুটি নদীর উৎপত্তি ভুটানে। বাংলাদেশের অবস্থান হচ্ছে তিস্তার মতো দুধকুমার ও ধরলা—এই দুটি নদী নিয়েও পৃথক চুক্তি হতে হবে। ভারতের অবস্থানও এমন বলেই আমার ধারণা।
প্রথম আলো : তিস্তার পানি ভাগাভাগি নিয়ে যে অন্তর্বর্তী চুক্তির কথা বলা হচ্ছে, তা সই হলে বাংলাদেশ প্রয়োজনীয় পানি পাবে তো?
আইনুন নিশাত : গঙ্গা চুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে চুক্তির পানিবণ্টনের অংশটি কার্যকর হচ্ছে। তবে গঙ্গায় পানি কীভাবে বাড়ানো যায়, সেই আলোচনায় কোনো অগ্রগতি নেই। এ ছাড়া দুই দেশের সীমান্ত এলাকায় নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং এবং নদীভাঙন রোধ করার জন্য নদীশাসন—এসব ক্ষেত্রেও যৌথভাবে কাজ হয়েছে। ফলে তিস্তার পানিবণ্টন চুক্তি হলে চুক্তি অনুযায়ী পানি পাব—সেটাই প্রত্যাশিত।
প্রথম আলো : কিন্তু এই চুক্তি তো কার্যত বাংলাদেশ-ভারত সীমান্তে তিস্তা নদীতে যে পরিমাণ পানি আসছে, তার ভাগাভাগি। বিশেষজ্ঞরা যৌথ নদীর ক্ষেত্রে অববাহিকাভিত্তিক যে পানি ব্যবস্থাপনার কথা বলেন, তা তো হচ্ছে না।
আইনুন নিশাত : পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় বিষয়টি পড়ানো হয়, সেখানেই অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়। একটি নদীর অববাহিকা এলাকা বিবেচনায় নিলে দেখা যাবে যে বছরের বিভিন্ন সময়ে পানিপ্রবাহে ভিন্নতা থাকে। বর্ষায় প্রচুর পানি থাকে, এ জন্য বন্যাও হয়। আবার শুষ্ক মৌসুমে পানির ঘাটতি। এ ধরনের ব্যবস্থাপনায় পুরো বছরের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এতে প্রাকৃতিক মাছের প্রজনন, পানিবিদ্যুৎ উৎপাদন, ট্যুরিজম—সবকিছুই ভাবা হয়। কৃষিক্ষেত্রে পানিনিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। অর্থাৎ একটি অববাহিকায় যেসব কারণে পানির সংকট দেখা দেয়, সেগুলোর সমাধান বের করতে হয়। দুই দেশের সীমান্তে কতটুকু পানি পাওয়া গেল, তা পানিবণ্টনের একমাত্র ভিত্তি হতে পারে না।
প্রথম আলো : এ অঞ্চলের যৌথ নদীগুলোর সঙ্গে ভারত, নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশের যুক্ততা রয়েছে। অববাহিকাভিত্তিক কিছু করতে গেলে তো সব দেশের যুক্ততা প্রয়োজন। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি চীনের তিব্বতে, সেখানে তারা ড্যাম নির্মাণ করছে। চীনসহ সব দেশকে এই আলোচনায় যুক্ত করার বাস্তবতা কতটুকু?
আইনুন নিশাত : চীনকে যুক্ত করার বিষয়টি কারিগরিভাবে যৌক্তিক এবং আদর্শিক হলেও এর পেছনে থাকা রাজনৈতিক সমস্যাটি মনে রাখতে হবে। চীন ও ভারতের সম্পর্কের মধ্যে অনেক জটিলতা রয়েছে। অদূর ভবিষ্যতে ভারত, বাংলাদেশ ও চীন একসঙ্গে আলোচনায় বসবে—এমন কিছু ঘটবে বলে মনে হয় না। তবে চীন যদি তিব্বত অঞ্চলে শুধু ড্যাম ও জলাধার নির্মাণ করে পানিবিদ্যুৎ উৎপাদন করে, তবে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপত্তির তেমন কোনো কারণ দেখি না। তবে পানি সরিয়ে নেওয়া হলে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে।
প্রথম আলো : নেপাল ও ভুটান?
আইনুন নিশাত : ইতিমধ্যে ভুটান ও ভারত সরকারকে সম্পৃক্ত করার ব্যাপারে আমরা আশার আলো দেখছি। ভারত ও বাংলাদেশে প্রধানমন্ত্রীদের মধ্যে আলোচনার পর যৌথ ঘোষণার ২৮ নম্বর অনুচ্ছেদে ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় পানি-ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে পদক্ষেপের আলোচনায় অগ্রগতির কথা বলা হয়েছে। এবং কিছুদিনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের কথা বলা হচ্ছে। ওই অনুচ্ছেদে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্মিলিতভাবে পানিসম্পদ উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখিত আছে।
প্রথম আলো : বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। দুই দেশের যৌথ নদী কমিশন তো সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকার কথা। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন বলে কিছু যে আছে, তা তো টের পাওয়া যায় না।
আইনুন নিশাত : দুই দেশের মধ্যে আলোচনার জন্য যৌথ নদী কমিশন কার্যকর আছে কি না, তা পর্যালোচনার সময় এসেছে। এটা ১৯৭২ সালে গঠিত হয়েছিল একটি কারিগরি কমিশন হিসেবে। আমি মনে করি, এই কমিশনকে গাইড করার জন্য একটি রাজনৈতিক কমিশন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে অভিন্ন নদীর জন্য যৌথ ব্যবস্থাপনা গড়ে উঠেছে, সেখানে রাজনৈতিক ও কারিগরি বিষয় আলাদা প্ল্যাটফর্মে আলোচিত হয় এবং কারিগরি আলোচনা পরিচালিত হয় রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। অন্যদিকে সঠিক কারিগরি তথ্য ছাড়া রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এই অঞ্চলে ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক আলোচনাগুলো প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি। এ জন্যই সরকারপ্রধানদের সফরের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
আইনুন নিশাত : আপনাকেও ধন্যবাদ।