তৃতীয় শক্তি দৃশ্যমান হচ্ছে: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) দুই দফায় নির্বাচিত সহসভাপতি ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও একসময় দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগ ছেড়ে গঠন করেছেন নাগরিক ঐক্য। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের নানা দিক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

প্রথম আলো: আপনারা যাঁরা জাতীয় ঐক্যের কথা বলেন, সেই যুক্তফ্রন্ট ও গণফোরামের মধ্যে সম্প্রতি একটি বৈঠক হয়েছে এবং সেই সূত্রে দুই পক্ষের মধ্যে ঐক্যের কথা আমরা জানলাম। এই বৈঠকের বাড়তি গুরুত্ব কী?

মাহমুদুর রহমান মান্না: আমরা জাতীয় ঐক্যের কথা বলছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় ঐক্য বলতে যা বোঝায়, তার সঙ্গে এর কিছু পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে গিয়ে স্বৈরাচারী আচরণ করলেও তারা দেশের একটি বড় দল। তাদের সমর্থক রয়েছে। এই দল আমাদের ঐক্য থেকে দূরে থাকছে। জামায়াতকেও আমাদের সঙ্গে নিচ্ছি না। সামরিক স্বৈরশাসক এরশাদ বা তাঁর দলকেও আমরা চাই না। আমাদের উদ্যোগকে আসলে বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য বলা যায়। আমরা যুক্তফ্রন্টের চারটি দল ও গণফোরাম পাঁচ বছর ধরেই বিকল্প একটি রাজনৈতিক ধারা গড়ে তোলার জন্য কাজ করছি। কিন্তু ঐক্য গড়ে ওঠেনি। ড. কামাল হোসেন দলের ঐক্যের চেয়ে জনগণের ঐক্যের ওপর জোর দিয়ে আসছেন। এদিকে খালেদা জিয়ার কারাদণ্ড ও কারাগারে যাওয়ার পর পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষে আওয়ামী লীগের এই স্বেচ্ছাচারকে মোকাবিলা করা সম্ভব নয়। কোটা সংস্কার আন্দোলন ও কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ জনগোষ্ঠী দেশের মূলধারার দলগুলোর কাছে যাবে না। ভয়ের পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকারি দল মনে করেছিল, সবকিছুই নিজেদের জন্য নিরাপদ। এসব আন্দোলন সেই পরিস্থিতিকে নাড়া দিয়েছে। এ রকম পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছেন। ড. কামাল হোসেনও করেছেন। তিনি আলোচনায় বসেছেন।