>

ড. সেলিম জাহান নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের মূল লেখক টিমের অন্যতম সদস্য তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক ঢাকায় এসেছিলেন চলতি মাসেই। ১২ জানুয়ারি প্রথম আলো কার্যালয়ে তাঁর এই সাক্ষাৎকারটি নেওয়া হয়।
প্রথম আলো : অর্থনীতির কড়চা নামে আপনার বেশ পুরোনো একটা বই আছে। সেখানে আপনি বাংলাদেশের অর্থনীতির ২৫ বছরের একটি মূল্যায়ন করেছিলেন। সেখানে খুব বেশি অর্জনের কথা ছিল না। ছিল কেবল আশাবাদের কথা। সেই লেখার ২০ বছর পর এসে বাংলাদেশ নিয়ে আপনার এখন কী মূল্যায়ন?
সেলিম জাহান : ৪৫ বছরে এসে আমার মূল্যায়ন হচ্ছে, যে আশাবাদের কথা আমি বলেছিলাম তা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আমি উন্নয়নকে একটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখি। আমার আশাবাদের একটি বড় জায়গা হচ্ছে আমাদের জনগোষ্ঠী। আমাদের মানুষের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা ও কর্মকুশলতা। প্রত্যেকেই কিছু না কিছু করছে। নিজের উদ্যোগে, নিজের উদ্ভাবনে, কখনো কখনো গোষ্ঠীগত প্রচেষ্টায় নানা ধরনের কাজ এখানে চলছে। এই যে নিজের ও পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা করার ইচ্ছা, এটাই কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা চালিকাশক্তি। এ ধরনের গতিময়তা আমি অন্য জায়গায় লক্ষ করি না। বিশেষত আফ্রিকার বিভিন্ন শহরে বা দেশে গেলে দেখা যায় একধরনের নৈরাশ্য। লোকজন বসে আছে কী করবে, তার কোনো ধারণা নেই। বাংলাদেশে এটা বলা যাবে না।
দ্বিতীয় অর্জন আমি বলব নারীর ক্ষমতায়নের কথা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও। যদিও আরও অনেক পথ পাড়ি দিতে হবে। নারী যখন কাজ করতে শুরু করেছেন, সেটা পোশাক খাতে বা নিজের উদ্যোগে কিছু হোক, তাঁর বিনিয়োগ কিন্তু পুরুষের চেয়ে ভালো। আমরা সবাই জানি অতিরিক্ত ১০০ টাকা কোনো পুরুষকে দেওয়া হলে তিনি হয়তো মুঠোফোন কিনবেন বা অন্য কোনো কাজে ব্যয় করবেন। কিন্তু একজন নারীকে ওই টাকা দেওয়া হলে তিনি পরিবারের জন্য পুষ্টিকর খাবার কিনবেন বা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন।
বাংলাদেশের জন্য এর পরের বড় অর্জন হচ্ছে সুশীল সমাজের বিস্তার। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এটা শুধু যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অগ্রগতি তা নয়, আরও বড় কিছু। যেমন প্রচারমাধ্যমের ভূমিকা ও কর্মকাণ্ড। আমরা বিদেশ থেকেও দেখি যে বাংলাদেশ নিয়ে বাইরেরও একটি প্রত্যাশা আছে। তারা চায় বাংলাদেশের যে গতিময়তা, তা বজায় থাকবে। উন্নয়নের নামে যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তা স্বেচ্ছাসেবীদের উদ্যোগেই হোক, তার দিকেও বিশ্ব তাকিয়ে আছে। আবার জলবায়ু পরিবর্তনের বিষয়ে বা স্বল্পোন্নত দেশের বাণিজ্য সুবিধাই হোক, সেখানেও বাংলাদেশ নেতৃত্বেই থাকবে।
প্রথম আলো : গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের সম্পর্কটা আপনি কীভাবে দেখছেন?
সেলিম জাহান : গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের সম্পর্কটা আমি দুভাবে দেখি। গণতন্ত্রের একটি অন্তর্নিহিত মূল্য আছে। গণতন্ত্র গণতন্ত্রের জন্যই মূল্যবান। গণতন্ত্র উন্নয়নে ভূমিকা রাখছে কি না বা দারিদ্র্য বিমোচনে কী ভূমিকা, সেই প্রশ্ন আমার কাছে গৌণ। যদি মনে করি মানবাধিকার প্রতিটি মানুষের জন্য মূল্যবান, স্বাধীনতা প্রত্যেকের জন্য মূল্যবান, তাহলে গণতন্ত্র তার নিজস্ব শক্তিতেই আমাদের জন্য একটি মূল্যবান বিষয়। তবে তার ওপর যদি গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও নারীর ক্ষমতায়নকে সাহায্য করে, সেটা একটা বাড়তি ব্যাপার। যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে গণতন্ত্র সব সময়ই এমন একটা জায়গা করে দেয় যেখানে আলাপ-আলোচনার সুযোগ আছে, মত প্রকাশের সুযোগ আছে। দ্বিতীয় কথা হচ্ছে, গণতন্ত্রকে আমি কেবল একটা ভোট বা নির্বাচনে সীমাবদ্ধ দেখতে চাই না। গণতন্ত্র হচ্ছে একটি সংস্কৃতি। ব্যক্তিগত জীবনে যে গণতান্ত্রিক মূল্যবোধ আছে, তার চর্চাটা একটা সংস্কৃতি, দলগত বা গোষ্ঠীগত জীবনেও তা একটি সংস্কৃতি। আর এই সংস্কৃতির বিস্তারটাই হচ্ছে গণতন্ত্র। মানুষের নিজস্ব যে জীবন, সেই জীবনকে প্রভাবিত করার যে বিষয়গুলো আছে, সেই ব্যাপারে নিজস্ব মত প্রকাশ করা এবং প্রভাব ফেলার মতো শক্তি ও ক্ষমতা আছে কি না, সেটাই আমার কাছে গণতন্ত্র।
প্রথম আলো : এখন যদি প্রশ্ন করি গণতন্ত্র আগে না উন্নয়ন আগে?
সেলিম জাহান : কোনটি আগে আর কোনটি পরে, সেই বিতর্কে না যাওয়াই ভালো। আমি মনে করি দুটোই একসঙ্গে চলতে পারে। একটা অপরের পূর্বশর্ত নয়। তবে মনে করি আমাদের উন্নয়নের জন্য গণতন্ত্রকে একই সঙ্গে নিয়ে যেতে হবে। উন্নয়নের জন্য যেমন গণতন্ত্র প্রয়োজন আছে, গণতন্ত্রের জন্যও উন্নয়নের প্রয়োজন আছে। এ ক্ষেত্রে অমর্ত্য সেনের একটি লেখার শিরোনাম উল্লেখ করি, উন্নয়ন হচ্ছে স্বাধীনতা। সেখানেও এই কথা বলা হচ্ছে। উন্নয়ন হচ্ছে মানুষের যে স্বাধীনতা, চয়নের যে স্বাধীনতা, বাছাইয়ের যে স্বাধীনতা, সিদ্ধান্তের যে স্বাধীনতা—তার বিস্তার। অর্থাৎ পুরো ব্যবস্থাটাকেই এমনভাবে নিয়ে যেতে হবে যাতে উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে।
প্রথম আলো : আমরা উন্নয়ন বলতে তো বারবার ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির কথা বলি। এটাই কি ঠিক?
সেলিম জাহান : আমি মানব উন্নয়ন নিয়ে কাজ করি। তাই বিষয়টি একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখি। গত ৩০ বছরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুলনা করতে পারি। প্রবৃদ্ধির হার বাংলাদেশে সন্তোষজনক হলেও ভারত ও পাকিস্তানের তুলনায় কিন্তু পিছিয়ে। মাথাপিছু আয় বাড়লেও ওই দুই দেশের তুলনায় কম। আবার যদি মানব উন্নয়ন সূচকগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাব বাংলাদেশে যেখানে গড় প্রত্যাশিত আয়ু ৭১ বছর, ভারতে ৬৫ বছর, পাকিস্তানেও তাই। শিশুমৃত্যুর হার বাংলাদেশে যেখানে প্রতি হাজারে ৪১ জন, ভারতে তা ৫২ জন, পাকিস্তানে ৮৫। এর অর্থ হচ্ছে বাংলাদেশ তার আয় ও প্রবৃদ্ধিকে অনেক সফলভাবে মানব উন্নয়নে রূপান্তরিত করতে পেরেছে। গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সন্তোষজনক। তবে প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। সুতরাং আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত দারিদ্র্য বিমোচন, মৌলিক সেবাগুলোকে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিকে কর্ম নিয়োজন সৃষ্টিতে এই প্রবৃদ্ধিকে কীভাবে ব্যবহার করব, সেটি ঠিক করা।
প্রথম আলো : আপনি তো মানব উন্নয়ন নিয়ে কাজ করেন। এখন সারা বিশ্বে মৌলবাদের বিস্তার নিয়ে সবাই উদ্বিগ্ন। সন্ত্রাস ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। কীভাবে এর মোকাবিলা করা যাবে?
সেলিম জাহান : সংঘাত-সংঘর্ষ এখন একটি বৈশ্বিক রূপ নিয়েছে। এটা এখন আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও বিরূপ প্রভাব ফেলছে। মৌলবাদ যদি বিস্তার লাভ করে তাহলে তাদের প্রথম কাজ হয় নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা। এর অর্থ মোট জনসংখ্যার অর্ধেককেই আমরা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বাইরে রেখে দিলাম। আমার সবচেয়ে ভয় হচ্ছে এতে যুবসমাজ বিভ্রান্ত হতে পারে এবং যা অনেক জায়গায় দেখতেও পাচ্ছি। আগে আমরা মনে করতাম মৌলবাদ সেখানেই বিস্তার করে যেখানে দারিদ্র্য বেশি, শিক্ষা কম, অসমতা প্রকট। অথচ এখন দেখতে পাচ্ছি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণির ছেলেমেয়েরা মৌলবাদের দিকে ঝুঁকছে। এর সমাজতাত্ত্বিক বা অর্থনৈতিক কারণ কী, রাজনৈতিক কারণ কী, কোথা থেকে এর উৎপত্তি—তা এখন বিশ্লেষণ করে দেখার খুব প্রয়োজন আছে।
প্রথম আলো : মানবসম্পদে কোথায় আমাদের গুরুত্ব বেশি দিতে হবে?
সেলিম জাহান : আমাদের এখন শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। ভবিষ্যতের সঙ্গে সংগতিপূর্ণ একটা শিক্ষাব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। আমরা যখন দক্ষতা বাড়ানোর কথা বলি, তখন অনেকে মনে করেন তা তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। তা কিন্তু নয়। কথাটা হচ্ছে মৌলিক জ্ঞান। আমাদের এখানে মৌলিক শিক্ষার মান, মৌলিক দক্ষতার মান, সেটা প্রথমে বাড়াতে হবে। অর্থাৎ আজ যারা শিশু আছে, তারা যাতে আগামী ১৫-২০ বছরে এমন শিক্ষা পায়, তা নিয়ে কেবল দেশের ভেতরে নয়, বিশ্বে প্রতিযোগিতায় যেন টিকে থাকতে পারে। মানবসম্পদ উন্নয়ন কেবল বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে প্রশিক্ষণকেও গুরুত্ব দিতে হবে। অথচ এখানে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ নেই বললেই চলে। আবার ব্যক্তি পর্যায়ে যে কেউ শেখাবেন সে রকম মানুষেরও অভাব। আমরা এগিয়ে গেছি, তবে এখন তৈরি হতে হবে আগামীর জন্য। আমরা একটা বিশ্বায়িত জগতে বাস করি। আগামী দিনে যখন আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের কথা বলব, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিযোগী কেবল দেশের ভেতরে নয়। সে জন্য আমরা প্রস্তুত কি না, সেটাই এখন প্রশ্ন।
প্রথম আলো : প্রথম প্রশ্নের রেশ ধরে জানতে চাই, ২০২১ সালে ৫০ বছরের বাংলাদেশকে কোথায় দেখতে চান, বিশ্বকেই বা কীভাবে দেখতে চান?
সেলিম জাহান : আমি যে কথাটা বলতে চাই সেটা রাজনৈতিক অগ্রগতি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়। আমি ২০২১ সালে একটি শঙ্কা ও সন্ত্রাসমুক্ত বিশ্ব দেখতে চাই। আর এটার জন্য সারা বিশ্বেরই প্রচেষ্টা থাকতে হবে। এটা করতে গিয়ে যদি আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধি কম হয়, অর্থনৈতিক অগ্রগতি যদি অতটা না-ও হয়, তারপরেও যদি প্রতিহত করতে পারি, আমাদের জন্য সেটাই মঙ্গল। এখন সারা বিশ্বে যে অভিবাসন হচ্ছে এটা তো সাধারণ অভিবাসন নয়। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একজন সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি তাঁর পুরো পরিবার নিয়ে ছোট একটা ডিঙিতে সাগর পাড়ি দিয়ে আরেক দেশে চলে যাবেন। এর চেয়ে শক্ত সিদ্ধান্ত তো আর হয় না। এটা হচ্ছে সন্ত্রাস ও সহিংসতার কারণে। এর সমাধান যদি আমরা না করতে পারি তাহলে বিশ্বে অস্থিতিশীলতা আরও বাড়বে, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মানব উন্নয়ন অর্থহীন হয়ে পড়বে। আমাকে যদি কেউ এখন প্রশ্ন করে সিরিয়ার মতো দেশে মানব উন্নয়নের মানে কী? সিরিয়ায় এখন মানব উন্নয়নের মানে হচ্ছে জীবনটাকে বাঁচিয়ে রাখা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যে অর্জন আমাদের হয়েছে সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সেই সঙ্গে আগামী বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, সেগুলো যাতে অর্জন করতে পারি। বৈশ্বিক সূত্রে বলতে চাই আমরা যাতে মৌলবাদ, সহিংসতা থেকে দূরে থাকতে পারি। কারণ, ২০ বছর আগে সিরিয়ার যে অগ্রগতি এবং বর্তমানে সিরিয়ার যে অবস্থা, সেটা তুলনা করলেই বুঝতে পারব সন্ত্রাস ও সহিংসতা একটি দেশকে কোথায় নিয়ে যায়। আশা করব রাষ্ট্রে, সমাজে ও ব্যক্তিগত জীবনে যেন এই সতর্কতা থাকে আমাদের সবার।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
সেলিম জাহান : আপনাকেও ধন্যবাদ।