বাংলাদেশে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত লি ইয়ুন–ইয়াংয়ের জন্ম ১৯৫৯ সালের ৮ ফেব্রুয়ারি। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ১৯৮৭ সালে দক্ষিণ কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০১২ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

প্রথম আলো l গত চার দশকের নিরিখে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে কীভাবে মূল্যায়ন করেন?
লি ইয়ুন–ইয়াং l স্বাধীনতার পরপরই যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, দক্ষিণ কোরিয়া তার মধ্যে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে বৈদেশিক উন্নয়ন সহায়তা পাওয়া দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশকে বৈদেশিক উন্নয়ন সহায়তা দেওয়ার পাশাপাশি এ দেশে প্রথম বিদেশি বিনিয়োগকারী হিসেবে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া দক্ষিণ কোরিয়া বিশেষায়িত কর্মসংস্থান কর্মসূচি ইমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশের লোকজনের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছে। কাজেই বৈদেশিক উন্নয়ন সহায়তা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্ত রয়েছে দক্ষিণ কোরিয়া।
প্রথম আলো l বাংলাদেশের বিদেশি বিনিয়োগ-প্রক্রিয়ার শুরু থেকেই যুক্ত আছে দক্ষিণ কোরিয়া। শুরুটা কীভাবে হয়েছিল?
লি ইয়ুন–ইয়াং l বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ যখন সমাদৃত হয়, তাতে দক্ষিণ কোরিয়াও গর্বিত হয়। কারণ, ১৯৭৯ সালে দেশ গার্মেন্টসের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে বিদেশি বিনিয়োগকারী হিসেবে দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্প গ্রুপ দাইয়ু যুক্ত হয়েছিল। দাইয়ু শুরুতে দেশ গার্মেন্টসের ১৩৫ জন শ্রমিককে প্রশিক্ষণ দিতে বুসান শহরে পাঠিয়েছিল। বাংলাদেশে ফিরে কিছুদিন পর ওই শ্রমিকেরা পর্যায়ক্রমে দেশ গার্মেন্টস ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কাজ শুরু করে। বর্তমানে বাংলাদেশের তৈরি রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএর অনেক নেতাসহ তৈরি পোশাক রপ্তানিকারকদের অনেকেই দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। কাজেই বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বীজটা আমরাই বুনে দিয়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের শুরুর দিকে যুক্ত থাকতে পেরে আমরা গর্ব বোধ করি।
প্রথম আলো l বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ কোন পর্যায়ে রয়েছে?
লি ইয়ুন–ইয়াং l এখনো বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানে দক্ষিণ কোরিয়ার ২২০টি প্রতিষ্ঠানে ১৬০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। এতে ১ লাখ ৬০ হাজার লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিবছর এসব প্রতিষ্ঠান ১ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করছে। কাজেই এ খাতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে পুরোনো ও টেকসই অংশীদার।
প্রথম আলো l বাণিজ্য ও বিনিয়োগের সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে কীভাবে দেখছেন?
লি ইয়ুন–ইয়াং l ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ লক্ষ্য অর্জন করতে হলে কিছু বিষয়ের সমাধান করতে হবে। এ মুহূর্তে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প। বিজিএমইএ ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য ঠিক করেছে, যা এখনকার চেয়ে দ্বিগুণ। রপ্তানির এ লক্ষ্য হয়তো অর্জন করা সম্ভব। শুধু একটি পণ্যের ওপর নির্ভর করে ভারসাম্যমূলক উন্নয়ন কতটা সম্ভব হবে, সে প্রশ্ন থেকেই যায়। তাই টেকসই উন্নয়নের স্বার্থেই রপ্তানির জন্য বিকাশমান বিভিন্ন খাত ও পণ্যের পাশাপাশি বিকল্প বাজারের কথাটাও এখন থেকেই ভাবা উচিত।
প্রথম আলো l মধ্য আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশকে কীভাবে সাহায্য করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া?
লি ইয়ুন–ইয়াং l এ জন্য বাংলাদেশকে নিজস্ব ব্র্যান্ডের বিকাশ ঘটাতে হবে। ভাবমূর্তি উজ্জ্বল করাটাও এ জন্য জরুরি। বন্ধু হিসেবে দক্ষিণ কোরিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী। বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতের পাশাপাশি মুঠোফোন ও এলসিডি টিভি উৎপাদনের শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। আমি মনে করি, বাংলাদেশ অর্থনৈতিক লক্ষ্য পূরণের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।
প্রথম আলো l নিজস্ব ব্র্যান্ড ও ভাবমূর্তির উন্নয়নের কথা বলে কি আপনি বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলতে চাইছেন?
লি ইয়ুন–ইয়াং l দেখুন, ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়াকে কেইপিজেড প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। এটির বাস্তবায়ন এখন কী অবস্থায় রয়েছে, সেটি দেখতে ঢাকায় কর্মরত বেশ কয়েকটি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা আমার সঙ্গে সম্প্রতি কেইপিজেড সফর করেন। ওই এলাকা সফরের পর সেখানকার পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা, উন্নত কর্মপরিবেশ ও বৃহদায়তন জমিতে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা তাঁদের মুগ্ধ করেছে। বেশ কয়েকজন কূটনীতিক আমাকে বলেছেন, কেইপিজেডের বাস্তবায়ন সফল হলেই অন্য দেশের বিনিয়োগকারীরা তাঁদের টাকা বিনিয়োগে আস্থা পাবেন। বিনিয়োগকারীদের মনের কথাটাই তাঁরা তুলে ধরেছেন। বাংলাদেশের পোশাকশিল্প রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের দুর্ঘটনার কারণে ভাবমূর্তির সংকটে ভুগছে। এটি ভাবমূর্তির সংকট কাটাতে সহায়ক হবে। আর ভাবমূর্তির সংকট কাটানোর ক্ষেত্রে দৃশ্যমান উদাহরণ হতে পারে কেইপিজেড।
প্রথম আলো l দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। কিন্তু সেভাবে উৎসাহ না পেয়ে অন্য দেশে চলে গেছে বলে শোনা যায়। এটা কতটা সত্য?
লি ইয়ুন–ইয়াং l মুঠোফোন নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেভাবে এখানে সাড়া না
পেয়ে ভিয়েতনামে চলে গেছে। গত বছর শুধু তারা সেখান থেকে ২১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এ সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি এ বছর ভিয়েতনামে নতুন করে অতিরিক্ত পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
প্রথম আলো l বিশেষায়িত কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাংলাদেশের লোকজন দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পেয়েছে। এটি এখন কী পর্যায়ে আছে?
লি ইয়ুন–ইয়াং l ইপিএসের আওতায় বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে জনশক্তি নিয়োগ করা হয়। এ কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় এ মুহূর্তে ১৪ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। আশাব্যঞ্জক দিক হচ্ছে, বাংলাদেশের লোকজনের জন্য এতে কোটার সংখ্যা বাড়ছে। এ বছর বাংলাদেশের জন্য কোটার সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ৭০০, যা গত বছর ছিল দুই হাজার। এ মুহূর্তে আমি বিপুলসংখ্যক বাংলাদেশির মধ্যে কর্মসংস্থানের জন্য দক্ষিণ কোরিয়াকে বেছে নেওয়ার আগ্রহ দেখতে পেয়েছি। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম দেশ, যেখানে উন্নত কর্মপরিবেশে কাজ করার পাশাপাশি বিপুল পরিমাণ বেতন পান কর্মজীবীরা। বাংলাদেশের লোকজনের গড় মাসিক আয় দক্ষিণ কোরিয়ায় দুই হাজার মার্কিন ডলারের কাছাকাছি, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের তুলনায় সাত গুণ। দক্ষিণ কোরিয়ায় সব বিদেশি কর্মীর প্রতি একই ধরনের আচরণ করা হয়। ফলে বেতন, স্বাস্থ্যসেবা আর মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা নেই।
প্রথম আলো l দক্ষিণ কোরিয়ার মালিকেরা তাঁদের নিজেদের দেশের বাইরে বিশ্বের অন্য গন্তব্যেও কি বাংলাদেশের লোকজনের জন্য কাজের সুযোগ করে দিচ্ছেন?
লি ইয়ুন–ইয়াং l অবশ্যই। আমাদের ব্যবসায়ীরা দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশেও বাংলাদেশের লোকজনের জন্য কাজের সুযোগ সৃষ্টি করছেন। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা বুর্জ আল খলিফা নির্মাণের সময় স্যামসাং সি অ্যান্ড টি বাংলাদেশের প্রকৌশলী ও শ্রমিকদের নিয়োগ করেছে। সাংইয়াং বাংলাদেশের শ্রমিকদের দিয়ে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ড রিসোর্ট তৈরি করেছে।
প্রথম আলো l ভবিষ্যতে অন্য কোনো গন্তব্যে বাংলাদেশের লোকজনকে কাজের জন্য পাঠানোর সম্ভাবনা কতটুকু?
লি ইয়ুন–ইয়াং l হানওয়াহ নামের দক্ষিণ কোরিয়ার একটি বড় নির্মাতা প্রতিষ্ঠান ইরাকে এক লাখ গৃহায়ণ প্রকল্প নির্মাণের কাজ পেয়েছে। ব্যাপক নির্মাণকাজ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে ৫০ হাজার শ্রমিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই হানওয়াহর প্রকল্পে যোগ দিতে বাংলাদেশের শ্রমিকেরা ইরাক যেতে শুরু করেছেন। কাজেই শুধু দক্ষিণ কোরিয়াতেই নয়, গত ৩৫ বছরে আমরা বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মিসর, ইরাক, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রকল্পে নিয়োগ দিয়েছি। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন এসব প্রতিষ্ঠানে এ সময়ে বাংলাদেশের লাখ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।
প্রথম আলো l আপনাকে ধন্যবাদ।
লি ইয়ুন–ইয়াং l আপনাকেও।