বিশেষ সাক্ষাৎকার : হারুনুর রশীদ
দলীয় সরকারের অধীনে আর নির্বাচনে যাব না
সরকারি দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণাধীন একাদশ জাতীয় সংসদকে যে মুষ্টিমেয় বিরোধীদলীয় সাংসদ প্রাণবন্ত রাখছেন এবং জনগুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে আলোচনা করে সবার দৃষ্টি আকর্ষণ করছেন, তাঁদের মধ্যে বিএনপিদলীয় সাংসদ হারুনুর রশীদ অন্যতম। তিনি দলটির অন্যতম যুগ্ম মহাসচিব। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদে বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা, দলের চলমান আন্দোলন ও নেতৃত্ব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা চিকিৎসার জন্য দলীয় প্রধান খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। আন্দোলন করছেন। কিন্তু সরকার তো দাবি মানছে না। এরপর আপনারা কী করবেন?
হারুনুর রশীদ: বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া অন্যায় ও অমানবিক, বিদ্বেষমূলক ও প্রতিহিংসাপরায়ণ। বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকেই নিতে হবে। আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: জাতীয় সংসদের সামনে বিএনপিদলীয় সাংসদেরা মানববন্ধন করেছিলেন। আপনারা বলেছিলেন, সরকার দাবি না মানলে সংসদ থেকে পদত্যাগ করবেন। এটি কি নিছক কথার কথা, না সত্যি সত্যি পদত্যাগ করবেন?
হারুনুর রশীদ: এটি নিছক কথার কথা নয়। সংসদে ও সংসদের বাইরে আমাদের যতটুকু ভূমিকা রাখা সম্ভব, রাখার চেষ্টা করছি। সরকার ন্যায়সংগত দাবি না মানলে দলের সঙ্গে ও সব সাংসদ নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।
প্রশ্ন :
প্রথম আলো: পাকিস্তানি ক্রিকেট টিমের প্রশংসা করতে গিয়ে আপনি সংসদে তোপের মুখে পড়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তান ক্রিকেট টিমের স্তব গাওয়ার কি কোনো প্রয়োজন ছিল? তাহলে কি এটাই কি মেনে নিলেন আওয়ামী লীগ ভারতপন্থী ও বিএনপি পাকিস্তানপন্থী দল?
হারুনুর রশীদ: ব্যাপারটা সে রকম নয়। বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলা হচ্ছে। পাকিস্তান বাংলাদেশে আমন্ত্রিত দল। খেলার মাঠে বিদ্বেষপূর্ণ আচরণ আমার দৃষ্টিতে অশোভনীয়। বিশ্বকাপ ফুটবলে, বিশেষ করে আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা যখন অনুষ্ঠিত হয়, তখন উভয় দলের ভক্ত–সমর্থকেরা উভয় দেশের পতাকা ও জার্সিতে গোটা দেশ ছেয়ে ফেলে। তখন তো এ ধরনের কোনো প্রসঙ্গ আসে না।
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা বলেছেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে ভোট হয়েছে। তাহলে আপনিও কি রাতের ভোটে নির্বাচিত সাংসদ?
হারুনুর রশীদ: ২০১৮ সালের নির্বাচন নিয়ে সব (প্রিন্ট ও ইলেকট্রনিক) গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন রয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। নির্বাচনের নামে ভোট ডাকাতির প্রহসন অনুষ্ঠিত হয়েছে। যে ছয়টি আসনে বিএনপি নির্বাচিত, সেই সব নির্বাচনী আসনে রাতে ভোট বা ব্যালট বাক্স ভর্তি হয়নি। এটি ছিল আওয়ামী লীগের কৌশল। কর্তৃত্ববাদী শাসনের কবলে দেশ। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে একধরনের অলিখিত বিধিনিষেধ বিদ্যমান। দেশে ভীতিকর শাসন চলছে।
প্রশ্ন :
প্রথম আলো: জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির এখনকার অবস্থান কী? খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ২০ দলের অপর জোটসঙ্গীর তৎপরতা দেখা গেলেও জামায়াত নীরব। এর অর্থ কি জামায়াত বিএনপির ওপর থেকে আস্থা হারিয়েছে?
হারুনুর রশীদ: ২০–দলীয় জোট নির্বাচনী জোট। নির্বাচন নেই, সভা–সমাবেশ নেই, সে কারণে জোটে তৎপরতাও নেই। বিরোধী দলগুলোর প্রতি বিদ্বেষমূলক, নিপীড়নমূলক আচরণ, স্বৈরতান্ত্রিক আচরণ অতীতের সব স্বৈরশাসককে হার মানিয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: আওয়ামী লীগের নেতারা বলছেন, আপনারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন। তাঁরা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। কিন্তু আপনারা আনছেন না কেন?
হারুনুর রশীদ: বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ যা করছে, তা মোটেও ভালো নয়। চিকিৎসা নিয়ে বিএনপি কেন রাজনীতি করবে, বেগম খালেদা জিয়া কি ভীষণ অসুস্থ নন? বিদেশ থেকে চিকিৎসক এনে যদি চিকিৎসা করা যেত, তাহলে আমাদের সাংসদ, মন্ত্রীরা ঠান্ডা, সর্দি–কাশি হলেই বিদেশ যান কেন? সরকারের এ ধরনের প্রস্তাব দেওয়া মানে বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা।
প্রশ্ন :
প্রথম আলো: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে নির্বাচনে (২০১৪) আপনাদের অংশ নেওয়া উচিত ছিল, সেই নির্বাচনে অংশ নেননি। আর যে নির্বাচন (২০১৮) বর্জন করার কথা, সেই নির্বাচনে অংশ নিয়েছেন। দুই সিদ্ধান্তই কি ভুল ছিল বলে মনে করেন? আর যদি ভুল না করে থাকেন, আপনার ব্যাখ্যা কী?
হারুনুর রশীদ: বিষয়টি সে রকম মনে করি না। সরকার ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ক্ষমতা কুক্ষিগত করেছে। ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করায় দেশে কোনো নির্বাচন হয়নি। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি, বাকি
সব আসনে নামমাত্র ভোট। ২০১৮ সালের দিনের ভোট রাতেই ব্যালট বাক্স ভরে গেছে। নির্বাচনের নামে দেশে প্রহসন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন মারাত্মকভাবে সংকটাপন্ন। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনসাধারণের বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে, যা দেশের জন্য মোটেই কল্যাণকর নয়।
প্রশ্ন :
প্রথম আলো: ২০১৮ সালের নির্বাচন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। তারপরও এ নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্য হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই অভিযোগ করেছেন। গণমাধ্যমে খবর এসেছে। এ পরিস্থিতি কেন হলো?
হারুনুর রশীদ: অত্যন্ত বৈরী পরিবেশে বিএনপি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রতি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল। এর একটাই কারণ, সরকার ছোটখাটো ত্রুটি দেখিয়ে বিভিন্ন কারণে যদি যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করে, সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর সুযোগ রাখা। এটিকে অনেকে মনোনয়ন–বাণিজ্য হিসেবে অভিযোগ করলেও বাস্তবে মনোনয়ন–বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।
প্রশ্ন :
প্রথম আলো: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ ও দুর্নীতির মামলায় দণ্ডিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যঁাকে করা হয়েছে, তিনিও দণ্ডিত এবং দেশের বাইরে। এ অবস্থায় কে দল চালাচ্ছেন?
হারুনুর রশীদ: দল পরিচালনায় কোনো সমস্যা নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থায়ী কমিটি, সিনিয়র নেতারা যৌথ আলাপ–আলোচনার মধ্য দিয়ে দল পরিচালিত হচ্ছে।
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা সরকারের বিরুদ্ধে হামলা, মামলা, জেল–জুলুমের অভিযোগ করে থাকেন। কিন্তু বিএনপি ২০০১-২০০৬ মেয়াদে যখন ক্ষমতায় ছিল, তারাও কি একই কাজ করেনি? বিএনপির ওই মেয়াদের শাসন নিয়ে আপনারা কি আত্মসমালোচনা করেছেন?
হারুনুর রশীদ: আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করি না। বর্তমানে দেশে একটি ভয়াবহ শাসন বিদ্যমান। যেখানে গণতন্ত্র, আইনের শাসন, নির্বাচনব্যবস্থা সবগুলোই গভীর সংকটের মধ্যে পতিত। বিভিন্ন সরকারের আমলে জেল–জুলুমের অভিযোগ থাকলেও বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপহরণ, দুর্নীতি, মাদকের ভয়াবহ বিস্তার এবং রাজনীতি ভয়াবহভাবে দুর্বৃত্তায়িত। এ অবস্থা থেকে মুক্তির জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: ২০২৩ সালের নির্বাচন নিয়ে বিএনপি কতটা প্রস্তুত? আপনারা বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। সরকার দাবি না মানলে আপনারা কী করবেন? ২০১৪ সালের মতো নির্বাচন বর্জন, না ২০১৮ সালের মতো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন?
হারুনুর রশীদ: ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের বর্তমান যে অবস্থা, তাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এ নির্বাচন কমিশন ও বর্তমান দলীয় সরকারের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই। দলীয় সরকারের অধীনে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না, এটা আমার ব্যক্তিগত অভিমত।
প্রশ্ন :
প্রথম আলো: শুল্কমুক্ত গাড়ি এনে অন্যের কাছে বিক্রি করে দেওয়ায় নিম্ন আদালতে আপনার শাস্তি হয়েছিল। আরও অনেক সাংসদ এ কাজ করেছেন। কতজন শাস্তি পেয়েছেন? আপনি আপিল করে জামিন পেয়েছেন। অথচ দুর্নীতির মামলায় আপনার দলের প্রধান জামিন পেলেন না। তাঁর ক্ষেত্রে আপনারা বলছেন, সরকার জামিন আটকে দিয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে সরকারই কি জামিন ও সাংসদ হিসেবে আপনার কার্যক্রম চালানোর ব্যবস্থা করে দিয়েছে? কী বলবেন?
হারুনুর রশীদ: গাড়ি আমদানি পরিপত্রে শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানির পর নির্ধারিত মেয়াদের আগে মাননীয় কোনো সংসদ সদস্য হস্তান্তর বা বিক্রি করলে জেল দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর আদায় করতে পারে। আমি ছাড়া অন্য কোনো সাংসদের জেল হয়েছে বলে আমার জানা নেই। আমার সাজা ও জামিন উভয়ই সরকারের ইচ্ছায় হয়েছে। বেগম খালেদা জিয়ার সাজা ও জামিন না হওয়াও সরকারের ইচ্ছায়ই।
প্রশ্ন :
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
হারুনুর রশীদ: আপনাকেও ধন্যবাদ।