দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ম. তামিম
ম. তামিম
সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোয় প্রতিক্রিয়া হয়েছে ভোক্তা ও বিশেষজ্ঞ মহলে। এ পরিপ্রেক্ষিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম. তামিমের সাক্ষাৎকার প্রকাশ করা হলো।

প্রথম আলো : সরকার কোন বিবেচনা থেকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াল?
ম. তামিম : এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বা সরকার কেউই গ্যাস ও বিদ্যুতের এই দাম বাড়ানোকে যৌক্তিক হিসেবে প্রমাণ করতে পারেনি। আমি মনে করি, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। কোনো কারণে দাম বাড়ানোর প্রয়োজন পড়লে কেন তা বাড়ানো দরকার, তা জনগণের সামনে যৌক্তিকভাবে তুলে ধরতে হবে। স্বচ্ছতার সঙ্গে ও যৌক্তিকভাবে তুলে ধরা গেলে জনগণ তা মেনে নেয়।
প্রথম আলো : দাম বাড়ানো কি জরুরি ছিল না?
ম. তামিম : দেখুন, গ্যাসে দাম বাড়ানোর বিষয়টি অনেক দিন আগে থেকেই জরুরি ছিল। আমি ২০ বছর ধরে গ্যাসের দাম বাড়ানোর কথা বলে আসছি। আমরা আমাদের গ্যাসসম্পদের দামকে কার্যত শূন্য ধরে এত দিন হিসাব করে আসছি। আমরা গ্যাসের দাম ধরেছি এর উৎপাদন খরচ আর কর্মকর্তা-কর্মচারীদের বেতনের খরচকে। গ্যাসের যে একটা দাম রয়েছে, তা বিবেচনায় নিইনি। ’৭২ সাল থেকেই এভাবে চলছে। আমরা মনে করেছি, আমাদের গ্যাস কোনো দিন শেষ হবে না।
প্রথম আলো : এত দিন গ্যাসের দাম না বাড়ানোর কারণ কী? আর এখন কেন জরুরি হয়ে পড়েছে?
ম. তামিম : বিভিন্ন সরকার মূলত রাজনৈতিক বিবেচনায় যৌক্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। কিন্তু কাজটি খুবই খারাপ হয়েছে। গ্যাস খাতে আজ যে অদক্ষতা, দুর্নীতি ও অপচয় দেখছেন, এর মূল কারণ কিন্তু এটা। যদি মনে করা হতো নিজস্ব সম্পদ হলেও এর একটি দাম আছে, তাহলে এমনটি হতো না। পর্যায়ক্রমে দাম বাড়ানো উচিত ছিল আরও আগে থেকেই। এখন গ্যাসের দাম না বাড়িয়ে সরকার পারছে না। কারণ, এখন আইএসও বা বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আর এখন আমরা যে দামে গ্যাস কিনছি, তা আরও না বাড়ালে সামনে কোনো বিদেশি কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধান করতে আসবে না।
প্রথম আলো : বাসাবাড়ির গ্যাস ও শিল্প গ্যাসের দাম বাড়ানোর ফলে এই দুই ক্ষেত্রের প্রভাব তো ভিন্ন ভিন্ন হবে।
ম. তামিম : দেখুন, বাসায় গ্যাস ব্যবহারের সুযোগ পায় মাত্র ৭ শতাংশ জনগণ। এরা সমাজের সম্পদশালী অংশ। অথচ রান্নাবান্নার কাজে বাকি ৯৩ শতাংশ জনগণকে নির্ভর করতে হয় এলপিজি, কেরোসিন বা লাকড়ির ওপর। এলপিজির জন্য পরিবারপ্রতি খরচ হয় কমপক্ষে আড়াই হাজার টাকা। লাকড়ি বা কেরোসিনের সমন্বয়ে যাঁরা রান্না করেন, তাঁদের খরচ পড়ে ১ হাজার ৫০০ টাকার মতো। এটা অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক। গ্যাসের দাম এমন হওয়া উচিত, যাতে গৃহস্থালির কাজে ব্যবহার হয় এমন অন্য জ্বালানিগুলোর দামের কাছাকাছি হয়। ফলে বাসাবাড়ির গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি খুবই যৌক্তিক।
প্রথম আলো : শিল্পকারখানার গ্যাসের দাম?
ম. তামিম : সেটাও বাড়ানো দরকারি হয়ে পড়েছে। ব্যবসায়ীরাও সেটা বোঝেন। কিন্তু এভাবে দাম বাড়ানোর ফলে হঠাৎ করে ব্যবসায়ীরা চাপে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। অনেক শিল্পে হয়তো অগ্রিম অর্ডার নেওয়া আছে। দাম বাড়ানোর ফলে গ্যাসের খরচ যে হারে বাড়বে, সেটা হুট করে সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। আমি মনে করি, এ ক্ষেত্রে যা করা উচিত তা হলো ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে গ্যাসের দাম কত বাড়ানো হবে বা সরকারের প্রাইস টার্গেটটা কত, সেটা আগেভাগেই জানিয়ে দেওয়া উচিত। একই সঙ্গে একটি সময় নির্ধারণ করে দাম বাড়ানো হলে ব্যবসায়ীদের পক্ষে সামাল দেওয়া সহজ।
প্রথম আলো : বিশ্ববাজারে তেলের দাম কমার কারণে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ কমার বদলে বাড়ানোকে অযৌক্তিক বলছেন অনেকে।
ম. তামিম : বিদ্যুতের দাম বাড়ানোর পরও কিন্তু সরকারকে এই খাতে ভর্তুকি দিয়ে যেতে হবে। তবে আমি মনে করি, যেভাবে এই ৩ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হলো, তাতে সরকারের ইমেজের ক্ষতি ছাড়া আর তেমন লাভ হবে না। সরকারের উচিত ছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য তেলের দাম কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানো। এখন বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে, তা সরকারের রাজস্বে খুব প্রভাব ফেলবে না। আর আগেই বলেছি যে বিইআরসি দাম বাড়ানোর যৌক্তিকতা জনগণের সামনে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
প্রথম আলো : বিদ্যুৎ উৎপাদনের জন্য তেলের দাম কমানোর কথা বললেন কিন্তু সামগ্রিকভাবে জ্বালানি তেলের দাম কমানোর একটা দাবিও উঠেছে।
ম. তামিম : আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল। প্রায় ৪০ লাখ টন, ফার্নেস অয়েল ১০ লাখ টন, যা মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আর পেট্রল-অকটেন মিলিয়ে ২ লাখ টনের মতো। ডিজেলের শতকরা ৬৫ ভাগ ব্যবহৃত হয় পরিবহন ও যানবাহনে, ২০ ভাগ সেচের কাছে। বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিলে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ১৮ টাকা কমানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এতে গণপরিবহনের ভাড়া কমবে, এমন মনে করার কোনো কারণ নেই। মানে জনগণ এর কোনো সুবিধা ভোগ করবে না। অন্যদিকে কৃষক নিজে ডিজেল কেনেন না, কেনেন পানি। সেচের জন্য ডিজেল কেনেন পাম্প ব্যবসায়ীরা, যাঁরা প্রভাবশালী ও ক্ষমতাবান। ফলে ডিজেলের দাম কমালেও যে কৃষক কম দামে পানি পাবেন, তা নিশ্চিত করা কঠিন। বরং এখন দামের ক্ষেত্রে যে স্থিতিশীলতা বাজায় রয়েছে, সেটা বজায় রাখাই ভালো। অন্যদিকে ফার্নেস অয়েলের ক্ষেত্রে যেহেতু জনগণের সরাসরি সম্পৃক্ততা নেই, সেখানে দাম কমালে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে।
প্রথম আলো : পেট্রল-অকটেন?
ম. তামিম : অকটেন-পেট্রল সব সময়ই আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এর লাভ ডিজেলে ভর্তুকি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি এখন নেই। ধনী লোকেরাও এখন সিএনজি দিয়ে গাড়ি চালায়। পেট্রল বিক্রি কমে গেছে এবং বাংলাদেশে কনডেনসেট থেকে ও রিফাইনারিতে যে পেট্রল উৎপাদিত হচ্ছে, তা এখন উদ্বৃত্ত। ফলে ব্যবহার বাড়াতে এখন পেট্রল-অকটেনের দাম কমানো উচিত। পরিবহনে ব্যবহার হয় এমন জ্বালানিগুলোর দামের মধ্যে সামঞ্জস্য থাকা দরকার। অকটেন-পেট্রল যদি ৬৫ টাকার কাছাকাছি হয়, ডিজেল হতে পারে ৬০ আর গ্যাস ৩৫–৪০ টাকা। এ রকম একটি ব্যবস্থা হলে বড়লোকের সিএনজি ব্যবহার কমবে। উদ্বৃত্ত পেট্রল কাজে লাগানো যাবে।
প্রথম আলো : বর্তমানে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ব্যয়বহুল জ্বালানি তেল দিয়ে। সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে অগ্রগতি কোন পর্যায়ে?
ম. তামিম : অগ্রগতি কার্যত শূন্য। বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে সাশ্রয়ী প্রাথমিক জ্বালানি হচ্ছে কয়লা। কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদনের যতগুলো প্রকল্প রয়েছে, তাতে কোনো অগ্রগতি নেই। একমাত্র রামপাল কিছুটা এগিয়ে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও সেই বিদ্যুৎ নেটওয়ার্কে আসতে খরচ হবে প্রায় তিন বিলিয়ন ডলার। সেই অর্থ কোথা থেকে আসবে, তার কিছু এখনো ঠিক হয়নি। কয়লা আসবে কোথা থেকে, সেটাও ঠিক হয়নি। আর যেগুলোর এখনো ডিজাইন হয়নি, কোদালের কোপও পড়েনি, সেগুলো থেকেও বলা হচ্ছে ২০১৯ সালের মধ্যে উৎপাদন হবে। কীভাবে আমি জানি না।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
ম. তামিম : ধন্যবাদ।

আরও পড়ুন: